আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি ফলকার টুর্ক

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। এদিকে, মিরপুরে যে রাসায়নিকের গুদামে আগুন লেগেছিলো সেই ভবনটির অনেক জায়গায় ফাটল ধরেছে এবং তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আজ বুধবার যা যা হলো:

    • বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। বাংলাদেশের বিগত সরকারের সময়ে জোরপূর্বক গুম ও নির্যাতনের জন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার সূচনাকে জবাবদিহিতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
    • পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোশালমিডিয়া এক্সে-এক পোস্টে লিখেছেন যে পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হচ্ছে।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি মাসেই সংসদ নির্বাচন হবে এবং সেটি উৎসবমুখর হবে। সেজন্য যা যা করা দরকার সেটি সরকার করবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক জরুরি বৈঠকে মি. ইউনূস বলেন, জুলাই সনদ স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবে। যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটা জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবিসহ।
    • মিরপুরে যে রাসায়নিকের গুদামে আগুন লেগেছিলো সেই ভবনটির অনেক জায়গায় ফাটল ধরেছে এবং এই বিষয়টির যথাযথ যাচাই ছাড়া তল্লাশি অভিযান চালানো কঠিন হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটি বলছে, যে ৬/৭ ধরনের ক্যামিকেল ওই ভবনে ছিল তা থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে এবং এই তেজস্ক্রিয়তা ৪০০/৫০০ গজ পর্যন্ত থাকবে।
    • ইসরায়েল বলছে, হামাস জিম্মি হিসেবে যে চার জনের মৃতদেহ ফেরত দিয়েছে তার মধ্যে একটি জিম্মি কারও নয়। দেহটি কোনো জিম্মির সাথে মেলেনি।
    • যুক্তরাষ্ট্র সরকার ১৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিটকয়েন জব্দ করার তথ্য জানিয়েছে। কম্বোডিয়ার ব্যবসায়িক গ্রুপ- দ্য প্রিন্স গ্রুপের বিরুদ্ধে বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

    লাইভ পেজটি এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

  2. প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক তা চাই না: প্রধান উপদেষ্টাকে বিএনপি

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারা চান না যে প্রতিরক্ষাবাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক এবং তারা চান প্রধান উপদেষ্টার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক।

    “রাষ্ট্রকে ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে। নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকিতে যেতে চাই না। পতিত স্বৈরাচার ও তাদের দোসর একটি দেশ সুযোগ নিতে বসে থাকবে,” রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

    শুক্রবার জুলাই সনদে তারাও স্বাক্ষর করবেন জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর হবে নোট অব ডিসেন্টসহ।

    “যেসব বিষয়ে ভিন্নমত আছে সেগুলো স্পষ্ট উল্লেখসহ। সেভাবে হলে গণভোটে একটাই প্রশ্ন হবে জনগণ জুলাই সনদের পক্ষে আছে কি-না। গণভোটের বিষয়ে সংসদ নির্বাচনের একই দিন হতে পারে। ভিন্নমত আছে, নোট অব ডিসেন্ট আছে- সেগুলো দফাওয়ারি লেখা থাকবে। না হলে সবাই সব বিষয়ে একমত হলে তো আলোচনার দরকার হতো না,” বলেছেন মি. আহমেদ।

    তিনি বলেন, যেভাবেই হোক দীর্ঘদিন অনির্বাচিত সরকার পরচালিত হলে যেসব সমস্যা হয় সেটা এখনো হয়েছে।

    “১৭ তারিখ ৪টায় জুলাই সনদের ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান হবে। উনি (প্রধান উপদেষ্টা) আহ্বান জানিয়েছেন যাতে এটাকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ করি, স্বাক্ষর করি। আমরা রাজি হয়েছি,” বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন মি. আহমদ।

  3. মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে: অন্তর্বর্তী সরকারের প্রতি ফলকার টুর্ক

    বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

    বাংলাদেশের বিগত সরকারের সময়ে জোরপূর্বক গুম ও নির্যাতনের জন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার সূচনাকে জবাবদিহিতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

    “দেশটিতে জোরপূর্বক গুমের জন্য এই প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এটা ভিকটিম ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত,” সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশনারকে উদ্ধৃত করে বলা হয়েছে।

    গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল সাবেক ও বর্তমান সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর মধ্যে ডিজিএফআই-এর কয়েকজন মহাপরিচালক এবং র‍্যাবের সাবেক কয়েকজন কর্মকর্তাও আছেন।

    শনিবার বাংলাদেশ সেনাবাহিনী এক ডজনেরও বেশি কর্মকর্তাকে 'হেফাজতে' নেওয়ার ঘোষণা দেয় যারা গত সরকারের সময়ে মারাত্মক অপরাধের দায়ে অভিযুক্ত।

    মানবাধিকার বিষয়ক হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে ফৌজদারি মামলা পরিচালনার জন্য সেনাবাহিনীর স্বতঃস্ফূর্তভাবে আটক এই কর্মকর্তাদের দ্রুত একটি উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ।

    “আন্তর্জাতিক আইনে ন্যায়বিচারের কঠোর মানদণ্ডের গ্যারান্টি দেওয়া হয়েছে, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানোর আহ্বান জানাচ্ছি আমি। এসব স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলার ভিকটিম ও সাক্ষীর সুরক্ষা নিশ্চিত করতে হবে,” হাইকমিশনার বলেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভর সময় যারা মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ করা হয়েছিলো জাতিসংঘের তথ্যানুসন্ধান রিপোর্টে। হাইকমিশনার বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

    এর মধ্যে কিছু মামলা আগের প্রশাসনের সময় দায়ের করা। তিনি বলেছেন, প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও ন্যায্য নিষ্পত্তি এবং নির্বিচারে আটক থাকা ব্যক্তির মুক্তি গুরুত্বপূর্ণ।

    এর মধ্যে জোরপূর্বক গুম থেকে বেঁচে আসা এবং ভিত্তিহীন অভিযোগের শিকার ব্যক্তিরাও আছেন, যার মধ্যে বিগত সরকারের সমর্থক ও সাংবাদিকরাও আছেন। তাদের অনেকের ফৌজদারি অপরাধের অভিযোগ মোকাবিলা করছেন এবং এর মধ্যে কঠোর সন্ত্রাসবিরোধী আইনও আছে, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

    হাইকমিশনার কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন, অভিযোগের গুরুত্ব যাই হোক না কেন তারা যেন আদালতে চলমান কোনো মামলায় মৃত্যুদণ্ডের রায় না দেয়।

    “ব্যক্তিগত জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়াও বাংলাদেশের এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো পথ হলো সত্য বলা, ক্ষতিপূরণ, নিরাময় ও ন্যায়বিচারের একটি সমন্বিত প্রক্রিয়া। মারাত্মক মানবাধিকার লঙ্ঘন ও এ ধরনের নিপীড়ন যেন আর না ঘটে সেটা নিশ্চিত করতে হবে। আমি এখনকার উদ্বেগগুলোকে আন্তর্জাতিক আইনের নিরিখে মোকাবিলার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি,” হাইকমিশনার বলেছেন।

  4. পাকিস্তান ও আফগান তালেবান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত

    পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

    তবে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোশালমিডিয়া এক্সে-এক পোস্টে লিখেছেন যে পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হচ্ছে।

    পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে, তালেবান সরকার আলোচনার অনুরোধও করেছে।

    এদিকে তালেবান সরকারের মুখপাত্র জানান, তিনি তাদের নিরাপত্তা বাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলতে বলেছেন যতক্ষণ না অন্য পক্ষ থেকে কোনো লঙ্ঘন হয়।

    প্রসঙ্গত, গত সপ্তাহে আফগানিস্তানেবেশ কয়েকটি বিস্ফোরণের পর প্রতিবেশী দেশপাকিস্তানের সঙ্গে তাদের সহিংসতা তৈরি হয়। কাবুল ওই বিস্ফোরণগুলোর জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। তালেবান পাকিস্তানকে লক্ষ্য করে জঙ্গিদের আশ্রয় দেওয়ার দাবিও অস্বীকার করেছে।

    দুই পক্ষ কেবল সীমান্তে আধিপত্য বিস্তারের জন্য লড়াই করছে না, বরং সোশ্যাল মিডিয়াতেও জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে তারা অপরপক্ষের তুলনামূলক বেশি ক্ষতি করছে।

    এই সপ্তাহের শুরুতে তালেবান দাবি করেছিল, তারা পাকিস্তানি সেনাবাহিনীর ৫৮ জন সদস্যকে হত্যা করেছে। তবে ইসলামাবাদ বলে, তারা ২০০ জন "তালেবান এবং সহযোগী সন্ত্রাসী"কে হত্যা করেছে।

    বুধবারও দুই পক্ষের মধ্যে সহিংসতার খবর পাওয়া যাচ্ছিল।

  5. জুলাই সনদ মস্ত বড় সম্পদ, কলম ও ছবি জাদুঘরে থাকবে: প্রধান উপদেষ্টা

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি মাসেই সংসদ নির্বাচন হবে এবং সেটি উৎসবমুখর হবে। সেজন্য যা যা করা দরকার সেটি সরকার করবে বলে জানিয়েছেন তিনি।

    তিনি সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক জরুরি বৈঠকে এ মন্তব্য করেছেন।

    শুক্রবার ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান হবে এবং তাতে সবাই (বিভিন্ন রাজনৈতিক দল) উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর করবে উল্লেখ করে তিনি বলেন, এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছাত্র জনতার যে অভ্যুত্থান তার পরবর্তী অধ্যায় হিসেবে এটা সঠিকভাবে রচিত হলো।

    “জুলাই সনদ স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবে। যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটা জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবিসহ। এটা জাতির জন্য মস্ত বড় সম্পদ হয়ে রইলো। যে দলিল তৈরি করেছেন তা হারিয়ে যাবে না। এগুলো প্রত্যেকের কাছে যেন যায়,” বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলছিলেন তিনি।

    মি. ইউনূস বলেন, এখানে (কমিশনের বৈঠকগুলোতে) যে বিতর্কগুলো করেছেন সেগুলো অমূল্য সম্পদ। এগুলো স্কুল কলেজে ও জনসাধারণের জন্য সহজ করে প্রচার করতে হবে।

    “এটা গুটিকতক রাজনৈতিক নেতার বিষয় না, গোটা জাতির বিষয়। আমরা সবাই উৎসবমুখর হয়ে যাবো। সই করবো। জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে,” বলছিলেন তিনি।

  6. মসজিদ ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে চলতি মাসেই: ধর্ম উপদেষ্টা

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সকল অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য একটি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যাতে ইমাম মুয়াজ্জিনদের স্বার্থ সংরক্ষিত থাকবে।

    “এ লক্ষ্যে গঠিত কমিটি একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে। দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতে এটিকে চূড়ান্ত করা হবে। এ মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট হবে,” ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনের এক কর্মশালায় বলেছেন তিনি।

    বাংলাদেশে ২০২৪ সালে সংসদে তখনকার ধর্মমন্ত্রীর দেওয়া এক তথ্য অনুযায়ী, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে এবং এসব মসজিদে প্রায় ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন কর্মরত আছেন।

  7. 'তিন গোয়েন্দা' সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন

    বাংলাদেশের সুপরিচিত কিশোর গোয়েন্দা সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মাইমুর বিবিসি বাংলার কাছে মি. হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পাশাপাশি নিজের ফেসবুক পাতায় তিনি লিখেছেন, “ডায়ালিসিস চলার সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওনার জীবনাবসান ঘটে।”

    সেবা প্রকাশনী থেকে প্রকাশিত মি. হাসানের লেখা ‘তিন গোয়েন্দা’ সিরিজ একসময় কিশোর বয়সীদের মধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছিলো।

    ১৯৫০ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেছিলেন রকিব হাসান।

    মূলত অনুবাদ দিয়ে লেখালেখির জীবন শুরু করেছিলেন। তিন গোয়েন্দা, টারজান ও গোয়েন্দা রাজুর মতো অনেক গোয়েন্দা সিরিজ তিনি লিখেছিলেন যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো কিশোর ও তরুণ বয়সীদের মধ্যে।

  8. মিরপুরে রাসায়নিক গুদামের ভবনটিতে ফাটল দেখা দিয়েছে ও তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে, বলছে ফায়ার সার্ভিস

    মিরপুরে যে রাসায়নিকের গুদামে আগুন লেগেছিলো সেই ভবনটির অনেক জায়গায় ফাটল ধরেছে এবং এই বিষয়টির যথাযথ যাচাই ছাড়া তল্লাশি অভিযান চালানো কঠিন হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

    “ভবনটির ড্যামেজ হয়েছে। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশঙ্কা করছি। অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। কলামে ফাটল ধরেছে। এটা ঝুঁকিপূর্ণ ভবন। এগুলো যাচাই না করে সার্চ অপারেশন চালানো কঠিন হবে,” প্রেস ব্রিফিংয়ে বলেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

    দুর্ঘটনাকবলিত রাসায়নিক গুদামটির নাম আলম এন্টারপ্রাইজ। ফায়ার সার্ভিস বলছে, আলম ট্রেডার্সের মূল দরজা তালাবদ্ধ ছিলো এবং সেটি কাটার দিয়ে কেটে খুলতে হয়েছে।

    “যেহেতু তালাবদ্ধ ছিল সেহেতু ধারণা করা হচ্ছে এখানে মানুষ ছিল না। তারপরেও সার্চ অপারেশন না চালানো পর্যন্ত বলা যাবে না যে মানুষ ছিল কি-না। সার্চ অপারেশন করতে সময় লাগবে,” বলছিলেন মি. চৌধুরী।

    তিনি বলেন, “ভবনের স্ট্রাকচারাল ইস্যুটি আগে দেখতে হবে। আমরা এখন প্রগ্রেসিভ ওয়েতে যতটা সম্ভব কেমিক্যাল ড্রেন আউট করছি। এটা করে কুলিং প্রসেস চালাচ্ছি। ক্যামিকেলের ড্রেন আউটের জন্য আরও সময় দরকার হবে। ৩৬ ঘণ্টাও লাগতে পারে, ৭২ ঘণ্টাও লাগতে পারে”।

    মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, যে ৬/৭ ধরনের ক্যামিকেল ওই ভবনে ছিল তা থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে এবং এই তেজস্ক্রিয়তা ৪০০/৫০০ গজ পর্যন্ত থাকবে।

    “এখান থেকে দূরে চলে যাওয়াই শ্রেয়। এখানে না থাকাই ভালো। এই তেজস্ক্রিয়তার কারণে মানুষের শরীরে ক্ষতি হবে, কারণ এটি রক্তে মিশে যাচ্ছে। এ এলাকা এখন নিরাপদ নয়,” ব্রিফিংয়ে বলেছেন তিনি।

  9. ভুল মৃতদেহ ফেরত দিয়েছে হামাস, বলছে ইসরায়েল

    ইসরায়েল বলছে, হামাস জিম্মি হিসেবে যে চার জনের মৃতদেহ ফেরত দিয়েছে তার মধ্যে একটি জিম্মি কারও নয়।

    দেশটির সামরিক বাহিনী জানিয়েছে রাতে যেসব মরদেহ এসেছে তার মধ্যে একটি কোনো জিম্মির সাথে মেলেনি।

    “সব মৃত জিম্মিকে ফেরত দেওয়ার জন্য হামাসকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে,” বলছে তারা।

    যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে গাজায় মোট ৪৮ জন ইসরায়েলি জিম্মি ছিলেন। এর মধ্যে ২৮ জনই মৃত বলে ধারণা করা হয়।

    হামাস সোমবার জীবিত ২০ জনকেই ফেরত দিয়েছে। এরপর পর্যায়ক্রমে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দিচ্ছিলো।

    সোমবার চার জনের দেহাবশেষ ফেরত দেয় তারা।

    এরপর মঙ্গলবার আরও চারজনের দেহাবশেষ ফেরত দেওয়া হয়, তবে এর মধ্যে একজন জিম্মি নয় বলে ইসরায়েল দাবি করছে।

    এখন পর্যন্ত সাত জিম্মির দেহাবশেষ পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েল।

  10. জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে ঐকমত্য কমিশন

    জাতীয় ঐকমত্য কমিশন আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে। এ বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও যোগ দেবেন বলে তার প্রেস উইং জানিয়েছে।

    শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এর আগে এই জরুরি বৈঠকের খবর রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতুহল তৈরি করেছে।

    প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে অবশ্য বলা হয়েছে, সনদ স্বাক্ষরকে সামনে রেখে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    এই অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠেয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।

    বিকেলের বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজসহ কমিশন সদস্য ও অন্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

    পাশাপাশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে উপস্থিত ছিলেন।

  11. ১৪ বিলিয়ন ডলারের বিটকয়েন জব্দ করেছে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্র সরকার ১৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিটকয়েন জব্দ করার তথ্য জানিয়েছে। কম্বোডিয়ার ব্যবসায়িক গ্রুপ- দ্য প্রিন্স গ্রুপের বিরুদ্ধে বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

    এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেন ঝি যুক্তরাজ্য ও কম্বোডিয়ার নাগরিক। মঙ্গলবার তার বিরুদ্ধে জালিয়াতির ষড়যন্ত্র ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

    অভিযানের অংশ হিসেবে মি. চেনের ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

    যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা চেন ঝির মালিকানাধীন নেটওয়ার্কের সম্পদ জব্দ করেছে। এর মধ্যে লন্ডনে ১৯টি সম্পদ জব্দ হয়েছে, যার মধ্যে একটির মূল্য প্রায় ১৩৩ মিলিয়ন ডলার।

    বিবিসি এ বিষয়ে মন্তব্য পেতে প্রিন্স গ্রুপের সাথে যোগাযোগ করেছে। মি. চেন এখন পলাতক।

    যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের মতে, এটিই ইতিহাসের সবচেয়ে বড় বিটকয়েন জব্দের ঘটনা। এতে ১ লাখ ২৭ হাজার ২৭১টি বিটকয়েন জব্দ করা হয়েছে।

    প্রসঙ্গত, বিটকয়েন একধরনের ক্রিপ্টো-কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। বাস্তবে এর অস্তিত্ব নেই। ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে প্রোগ্রামিং করা আছে যেটি চাইলে কেনা যায়।

    ২০০৮ সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক সাতোশি নাকামোতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ‘ক্রিপ্টোকারেন্সির’ উদ্ভাবন করেন। যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনো জানা যায়নি। এই ভার্চুয়াল মুদ্রাকে বলা হয় বিটকয়েন।

  12. মিরপুরে গার্মেন্ট কারখানা ও রাসায়নিক গুদামের মালিকেরা ‘নিখোঁজ’

    ঢাকার মিরপুরে একটি গার্মেন্ট কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের পর থেকে প্রতিষ্ঠান দুটির মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গার্মেন্ট কারখানাটির নাম 'আনোয়ার ফ্যাশন'। এখানে যেসব পোশাক তৈরি হয় সেগুলো স্থানীয় বাজারে বিক্রি হয়। প্রতিষ্ঠানটি বিজিএমইএ’র তালিকাভুক্ত নয়।

    মূলত কারখানাটির দ্বিতীয় ও তৃতীয় তলায় পোশাক তৈরি হতো উল্লেখ করে তিনি বলেন, এখানে সেফটি-সিকিউরিটি কিছুই ছিল না। অগ্নিকাণ্ডের পর থেকে এর মালিক আনোয়ারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

    পাশের রাসায়নিক গুদামটির নাম আলম এন্টারপ্রাইজ এবং এর মালিক আলমেরও খোঁজ নেই বলে জানিয়েছেন মি. তাজুল।

    তিনি জানান, দুটি প্রতিষ্ঠানের কোনোটিরই লাইসেন্স ছিল কি না তাও নিশ্চিত করা যায়নি।

  13. স্ত্রীকে খুন করে ডিপ ফ্রিজে রাখার মামলায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ

    ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি জানিয়েছে তারা এক ব্যক্তিকে ঢাকার বংশাল থেকে আটক করেছে, যিনি তার স্ত্রীকে খুন করে ডিপ ফ্রিজে রেখে পালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

    এ বিষয়ে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, দাম্পত্য কলহের জের ধরে হত্যাকাণ্ডটি হয়েছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে।

    কলাবাগান থানার উদ্ধৃতি দিয়ে পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গত ১২ই অক্টোবর রাতে কলাবাগানের একটি ফ্ল্যাটে ওই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

    “ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মৃতদেহটি বেঁধে বিছানার চাদর ও ওড়না দিয়ে মুড়িয়ে ফ্রিজে লুকিয়ে রাখেন ওই ব্যক্তি। এরপর তিনি সব আলামত মুছে ফেলার চেষ্টা করেছেন,” প্রেস ব্রিফিংয়ে বলেছেন ঢাকার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

    তার বর্ণনা অনুযায়ী, পরদিন ওই ব্যক্তি তার দুই মেয়েকে আদাবরে তাদের ফুফুর বাসায় রেখে নিজের গাড়ি নিয়ে চলে যান।

    এ নিয়ে সন্দেহ হওয়ায় হত্যাকাণ্ডের শিকার নারীর ভাই ও দুই কন্যা কলাবাগান থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ফ্রিজের মধ্য থেকে মৃতদেহ উদ্ধার করে।

    সেদিন এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন ভিকটিমের ভাই।

    পুলিশ বলছে, মামলা হওয়ার পর মঙ্গলবার রাতে ঢাকার বংশাল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

  14. মিরপুরে রাসায়নিকের গুদাম থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে, সবাইকে দূরে থাকতে বলছে ফায়ার সার্ভিস

    ঢাকার মিরপুরে যে রাসায়নিক গুদামটিতে গতকাল আগুন লাগে সেটি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি, বরং রাসায়নিকের আগুন থেকে টক্সিস গ্যাস বা বিষাক্ত গ্যাস তৈরি হয়ে বাতাসে মিশে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেছেন, এছাড়া আরও এক ধরনের গ্যাস বের হচ্ছে যা মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য ক্ষতিকর।

    “আমরা সবাইকে সতর্ক করছি। সবাই দূরত্ব বজায় রাখুন। যেহেতু ক্যামিকাল সেহেতু অনেক সময় লাগতে পারে। কারণ কেমিক্যালের বিষয়টি ডিফিকাল্ট। নীতিমালা অনুযায়ী গুদামজাত না হলে বড় বিস্ফোরণ বা বিক্রিয়া হতে পারে। যে কারণে এটা নিয়ন্ত্রণে সময় লাগবে,” ব্রিফিংয়ে বলেছেন তিনি।

  15. মিরপুরে রাসায়নিক গুদাম 'নিরাপদ নয়', অগ্নি নির্বাপনে সময় লাগবে বলছে ফায়ার সার্ভিস

    ঢাকার মিরপুর এলাকার গার্মেন্টসের আগুন নির্বাপন সম্ভব হলেও পাশেই রাসায়নিক গুদামটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ ও নির্বাপন করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে, এতে "দীর্ঘ সময় লাগবে"।

    সকালে রাসায়নিক গুদামের মেইন গেট খুলে দেখেছি। প্রচণ্ড ধোঁয়া আছে ভেতরে। সাদা ধোঁয়ার জন্য ভেতরে ঢোকা যাচ্ছে না। অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ নয়। দীর্ঘ সময় লাগবে অপারেশন শেষ করতে হবে। আমাদের কার্যক্রম চলমান আছে,” ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংকালে বলছিলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

    তিনি বলেন, বিশেষজ্ঞরা জায়গাটি পরিদর্শন করেছে এবং তাদের পরামর্শ অনুযায়ী সব প্রস্তুতি নিয়ে সেখানে উদ্ধার কাজ চালানো হবে।

    ফায়ার সার্ভিস জানিয়েছে তাদের একটি হ্যাজমেট টিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া অধ্যাপক ইয়াসির আরাফাতের নেতৃত্বে বুয়েটের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    প্রসঙ্গত, হ্যাজমেট টিম ফায়ার সার্ভিসের একটি বিশেষায়িত টিম, যারা রাসায়নিক বা বিপজ্জনক পদার্থের কারণে সংঘটিত অগ্নিকান্ডের ক্ষেত্রে উদ্ধার কাজ পরিচালনা করে থাকে।

  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে