করোনাভাইরাস ঠেকাতে মাস্ক পরা নিয়ে দেশে দেশে বিভক্তি

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মিজানুর রহমান খান

  1. বিবিসি বাংলার ওয়েবসাইটের লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতোক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। করোনাভাইরাসসহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন পড়তে ও ভিডিও দেখতে চাইলে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।

  2. করোনাভাইরাস: সেরে উঠেছেন মাশরাফী

    Mashrafi

    ছবির উৎস, CHRIS HYDE

    বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও এমপি মাশরাফী বিন মোর্ত্তজা কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠেছেন।

    তার করোনাভাইরাস টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

    দুই সপ্তাহ আগে তার টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছিল।

    তবে তার স্ত্রীর পরীক্ষার ফলাফল এবারও পজিটিভ এসেছে।

  3. পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ছে

    ভারতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের কনটেইনমেন্ট জোনগুলিতে কঠোর লকডাউন আরও দশদিন চলবে।

    একই সঙ্গে উত্তরবঙ্গে সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ আর মালদা শহরও লকডাউন করে দেওয়া হচ্ছে বুধবার থেকে।

    বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দৈনিক কোভিড বুলেটিনে জানানো হয়েছে বিগত ২৪ ঘন্টায় ১৩৯০ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে, মৃত্যু হয়েছে ২৪ জনের।

    কলকাতা এখনও সংক্রমণের হিসেবে শীর্ষে রয়েছে। সেখানে ১০,৫৫০ জনের দেহে সংক্রমণ পাওয়া গেছে।

    এর পরেই রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা আর হাওড়া - এই তিন জেলা।

  4. করোনাভাইরাস ঠেকাতে মাস্ক পরা নিয়ে দেশে দেশে বিভক্তি

    mask

    ছবির উৎস, ADA YOKOTA

    সারা বিশ্বে করোনাভাইরাসের বিধি-নিষেধ যতো শিথিল করা হচ্ছে, মুখে মাস্ক পরার উপর ততোই জোর দেওয়া হচ্ছে।

    কোনো কোনো দেশে এটা বাধ্যতামূলকও করা হয়েছে।

    মহামারির শুরুতে বিভিন্ন দেশের সরকার, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মাস্ক পরার ওপর খুব একটা জোর দেয় নি। কিন্তু এর কার্যকারিতা প্রমাণ হওয়ার সাথে সাথে এটি ব্যবহারের বিষয়েও জোর দেওয়া হচ্ছে।

    কোন দেশের মানুষ মাস্ক পরতে কতোটা আগ্রহী সেবিষয়ে ইউগভ একটি জরিপ চালিয়েছে।

    দেশে দেশে এই আগ্রহের তারতম্য সত্যিই বিস্ময়কর।

    ব্রিটেনে মাত্র ৩৬% মানুষ বলছে ঘরের বাইরে গেলে তারা মাস্ক পরেন। কিন্তু ফ্রান্সে তাদের সংখ্যা ৭৮%।

    মাস্ক পরতে সবচেয়ে কম আগ্রহী নরডিক দেশগুলোর লোকেরা।

    ডেনমার্কে ৪%, সুইডেনে ৬%, ফিনল্যান্ডে ৭%।

    কিন্তু এশিয়ার দেশগুলোতে মাস্ক পরার হার সবচেয়ে বেশি।

    ভিয়েতনামে ৭৪%, চীনে ৮২% এবং সিঙ্গাপুরে ৯০%।

  5. থাইল্যান্ডে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

    থাইল্যান্ডে মিশরের সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দলের সদস্যরা কোয়ারেন্টিনের শর্ত ভঙ্গ করার পর থাইল্যান্ড সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে দিয়েছে।

    প্রতিনিধি দলের একজন সদস্য পরে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

    একজন থাই কর্মকর্তা জানিয়েছেন, মিশরের ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল দুদিনের যাত্রাবিরতির সময় রেয়ং প্রদেশের একটি দোকানে গিয়েছিলেন।

    ওই সেন্টারে যারা ছিলেন এরকম প্রায় ১৯০০ লোককে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    করোনাভাইরাস মোকাবেলায় গঠিত থাই টিমের এই মুখপাত্র এজন্য মিশরীয় দূতাবাসকে দায়ী করেছেন।

    তিনি বলেছেন, দূতাবাস তাদের কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা না করে তাদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করেছিল।

    থাইল্যান্ডে ৩,২০০ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আর এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৬০ জনের।

  6. বেইজিং-এ আলোচিত রোগীর হাসপাতাল থেকে মুক্তি

    China patient

    ছবির উৎস, BTV

    চীনের রাজধানী বেইজিং-এ গত মাসে যে ব্যক্তির কাছ থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

    ৫২ বছর বয়সী এই ব্যক্তির নাম ট্যাং। তিনি পরিচিত হয়ে উঠেন “আংকেল শিচেং” নামে। তিনি যে এলাকায় থাকেন তার নাম শিচেং।

    তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন ১১ই জুন। বলা হচ্ছে, তার মাধ্যমেই শহরে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে যাতে ৩৩৫ জন কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত হন।

    হাসপাতালে ৩৩ দিন ধরে তার চিকিৎসা হয়েছে।

    এর আগে তিনি কোথায় কোথায় গিয়েছিলেন এবং কার কার সঙ্গে মেলামেশা করেছেন সেসব বিষয়ে কর্তৃপক্ষের কাছে পুরো তথ্য তুলে ধরেছেন। এজন্যে স্থানীয় সংবাদ মাধ্যমে তার প্রচুর প্রশংসাও হয়েছে। বলা হয়েছে এরকম পরিস্থিতিতে কী করতে হবে সেটা তার কাছ থেকে শেখার জন্য।

    এখনও ২০৫ জন চিকিৎসাধীন, তবে গত আটদিনে কেউ পজিটিভ হিসেবে শনাক্ত হয়নি।

    শহর কর্তৃপক্ষ বলছে, কঠোর লকডাউন ও প্রচুর পরীক্ষার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

  7. যুক্তরাষ্ট্রে ড. ফাউচির সমালোচনায় মুখর ট্রাম্প প্রশাসন

    Dr Fauci

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন সংক্রামক রোগ বিষয়ক প্রধান ড. অ্যান্থনি ফাউচির সমালোচনা অব্যাহত রেখেছে।

    ড. ফাউচি দেশটির করোনাভাইরাস মোকাবেলায় একসময় পুরোধা ব্যক্তি হয়ে উঠেছিলেন।

    কিন্তু হোয়াইট হাউজ দিনে দিনে তার সমালোচনায় মুখর হয়ে উঠেছে।

    হোয়াইট হাউজের একজন কর্মকর্তা রবিবার একটি তালিকা শেয়ার করে দেখাতে চেয়েছেন ড. ফাউচি অতীতে কী কী ভ্রান্ত মন্তব্য করেছেন।

    তার মধ্যে রয়েছে মাস্ক ও কোভিড-১৯ সম্পর্কে ড. ফাউচির উপদেশ ও মন্তব্য কীভাবে পরিবর্তিত হয়েছে।

    এর আগে করোনাভাইরাস মহামারি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ড. ফাউচির বেশ কয়েকবার মতবিরোধ হয়েছে।

    করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ড. ফাউচিকে আক্রমণ করে ট্রাম্প প্রশাসনের কথাবার্তাও তীব্র হচ্ছে।

  8. ব্রাজিলে নভোচারীর পোশাকে এক দম্পতি

    Brazil Streets

    ছবির উৎস, AFP

    করোনাভাইরাসে মৃত্যুর হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে থাকা ব্রাজিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

    দেশটির এক দম্পতি ভাইরাসটি থেকে নিজেদের রক্ষা করতে অভিনব ও চরম কিছু ব্যবস্থা নিয়েছে।

    স্বামী টেরসিও গালদিনোর বয়স ৬৬। ফুসফুসের অসুখে ভুগছেন তিনি। আর একারণে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি।

    ফলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রিও ডি জানেইরোর এই দম্পতি নভোচারীর পোশাকের মতো স্যুট ও হেলমেট পরে ঘরের বাইরে যান।

    এর মাধ্যমে তারা যেমন নিজেদের নিরাপদ রাখতে পারছেন, আবার একই সাথে স্বামী টেরসিও অনেক আনন্দ পাচ্ছেন, কারণ মহাকাশের ব্যাপারে তার প্রচণ্ড আগ্রহ।

  9. স্বাস্থ্যমন্ত্রী বলছেন, চুক্তি স্বাক্ষরের সময় ‘রিজেন্ট’ নিয়ে বেশি জানতেন না

    বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ সাংবাদিকদের বলেন, “মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে কোনো সমস্যা নেই। স্বাভাবিক একটা ভুল বোঝাবুঝি হতে পারে, সেজন্য স্বাস্থ্যসেবায় কোনো সমস্যা হচ্ছে না।”

    এসময় তিনি অভিযুক্ত যেই দুটি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদের নাম মনে করতে না পেরে উপস্থিত থাকা সাংবাদিকদের প্রশ্ন করেন, “কী নাম জানি।”

    তিনি বলেন, “দুটি সংস্থাকে করোনাভাইরাস টেস্টের দায়িত্ব দেয়া হয়েছিল। তারা বলেছে তারা কিছু স্যাম্পল কালেকশন করবেন।”

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা শুধু এতোটুকুই জানতেন।

    রিজেন্ট হাসপাতালের সাথে একটি চুক্তি সাক্ষরের ছবিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজের উপস্থিতি নিয়ে বলেন, “ওই অফিসে ডিজি অফিসের একটা মিটিংয়ে গিয়েছিলাম আমরা তখন ডিজির অনুরোধে গিয়েছিলাম। আমরাও খুশি ছিলাম নতুন হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসা হবে।”

  10. প্রেসিডেন্ট ট্রাম্প কি মাস্ক ঠিক মতো পরেছিলেন?

    President Trump

    ছবির উৎস, Twitter

    সোশাল মিডিয়াতে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ছবি ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে মি. ট্রাম্প মুখে একটি মাস্ক পরে আছেন কিন্তু সেটা তিনি ঠিক মতো পরেন নি।

    সামরিক একটি হাসপাতাল পরিদর্শনের সময় তার মুখে মাস্ক দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু তাতে তার নাক ঢাকা ছিল না।

    এই ছবিটি আসল কিনা তা নিয়েও বহু প্রশ্ন উঠেছে।

    এর সাথে মিল আছে এরকম আর কোন স্থির চিত্র বা ভিডিও ফুটেজও কোন সংবাদ মাধ্যমে চোখে পড়েনি।

    এমনও হতে পারে যে সেসময় হয়তো মাস্কটি নাকের উপর থেকে পিছলে পড়ে গিয়েছিল এবং কেউ একজন তখনই ছবিটি তুলেছিলেন। কিন্তু এসম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায় নি।

    ছবির রঙ ঠিক মনে হয় না, ছবির মানও খুব খারাপ, মাস্কের স্ট্র্যাপ মনে হচ্ছে প্রেসিডেন্টের কানের ভেতর দিয়ে চলে গেছে এবং তার মুখ ও চিবুকের গঠনও ঠিক মনে হচ্ছে না।

    ছবিটির উৎস কোথায় বিশেষ অনলাইন সার্চ টুল দিয়ে বিবিসি সেটা খুঁজে বের করার চেষ্টা করেছে কিন্তু সেটা কোন অনলাইন সংবাদ মাধ্যমে খুঁজে পাওয়া যায় নি।

    এখনও পর্যন্ত নিশ্চিত করে যা বলা যায় তা হচ্ছে এই ছবিটি সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।

  11. ব্রেকিং, ১৪ই জুলাই, কোভিড-১৯ আপডেট বাংলাদেশ

    ১৩৪৫৩ টি নমুনা পরীক্ষা করে বাংলাদেশে৩১৬৩জন নতুন ভাইরাস বহনকারী পাওয়া গেছে।

    বাংলাদেশে এখন পর্যন্ত মোট রোগী পাওয়া গেছে ১ লাখ ৯০ হাজার ৫৭ জন।

    গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৫১%।

    সামগ্রিকভাবে বাংলাদেশে পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে ১৯.৬৭%।

    এখন পর্যন্ত বাংলাদেশে টেস্ট করা হয়েছে ৯ লাখ ৬৬হাজার ৪০০টি নমুনা।

    ৪৯১০ জন নতুন করে সুস্থ হয়ে ওঠার পর মোট সুস্থ পাওয়া গেছে ১ লাখ ৩ হাজার ২২৭ জন।

    বাংলাদেশে রোগী বিবেচনায় সুস্থতার হার ৫৪.৩১%।

    বাংলাদেশে আরো ৩৩ জন মারা গেছেন। এনিয়ে কোভিড-১৯ সংক্রান্ত রোগে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ২৪২৪ জন।

    বাংলাদেশে মোট রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ১.২৮%।

    সর্বশেষ যারা মারা গেছেন তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১০ জন নারী।

    সামগ্রিকভাবে যারা মারা গেছেন তাদের মধ্যে ১৯১৩ জন পুরুষ এবং৫১১ জন নারী।

  12. করোনাভাইরাস: যেসব দেশের অবস্থা সবচেয়ে খারাপ

    সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক কোটি ৩০ লাখেরও বেশি মানুষ এবং এই সংখ্যা দ্রুত গতিতে বেড়েই চলেছে।

    যেসব দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে:

    যুক্তরাষ্ট্র: ৩,৩৬৩,০৫৬ জন

    ব্রাজিল: ১,৮৮৪,৯৬৭ জন

    ভারত: ৮৭৮,২৫৪ জন

    রাশিয়া: ৭৩২,৫৪৭ জন

    পেরু: ৩৩০,১২৩ জন

    যেসব দেশে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে:

    যুক্তরাষ্ট্র: ১২৫,৬০৫ জন

    ব্রাজিল: ৭২,৮৩৩ জন

    যুক্তরাজ্য: ৪৪,৯১৫ জন

    মেক্সিকো: ৩৫,৪৯১ জন

    ইতালি: ৩৪,৯৬৭ জন

    এই পরিসংখ্যান নেওয়া হয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে।

  13. বন্যা ও করোনা ভাইরাস মহামারির মধ্যেই চলছে যশোর ও বগুড়ার দুটি আসনে ভোটগ্রহণ

    করোনাভাইরাসের মহামারি ও বন্যার ভেতরেই আজ বাংলাদেশের দু'টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

    যশোর-৬ ও বগুড়া-১ আসনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে কর্মকর্তারা বলছেন।

    যশোরের কয়েকটি কেন্দ্র ঘুরে স্থানীয় সাংবাদিক সাজেদ রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, যেসব কেন্দ্র ঘুরে দেখেছেন সেসব কেন্দ্রে তিনি ভালো ভোটার উপস্থিতি দেখতে পেয়েছেন। বিশেষ করে মহিলা ভোটারদের অনেক উপস্থিতি রয়েছে।

    তিনি জানান, কেশবপুর শহর পাইলট বালিকা বিদ্যালয়ে ২২৯৪ জন ভোটারের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৩৫০ ভোট পড়েছে।

    এই আসনে ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটার রয়েছে।

    বগুড়া থেকে একজন সাংবাদিক জানিয়েছেন, সেখানকার কেন্দ্রগুলোয় সকাল ১১টা পর্যন্ত ১০ শতাংশের মতো ভোট পড়েছে।

    তিনি জানান, বন্যার কারণে ১৬টি ভোটকেন্দ্র স্থানান্তর করে অস্থায়ী কেন্দ্র স্থাপন করে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

    এই আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩০ হাজার ৮৯৩ জন।

  14. বিশ্বব্যাপী মাস্ক নিয়ে যেভাবে ধারণা বদলাচ্ছে

    গত কিছুদিন ধরে মাস্ক নিয়ে বিশ্ব নেতাদের আচরণে পরিবর্তন এসেছে।

    যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের বরিস জনসন জনসম্মুখে মাস্ক পরে এসেছেন।

    এর আগে মাস্ক নিয়ে নানা তাচ্ছিল্য করেছেন ট্রাম্প।

    শুরুতে ব্রিটেন সরকারও মাস্ক নিয়ে খুব একটা পরোয়া না করলেও এখন ব্রিটেন ঘোষণা দিয়েছে ২৪শে জুলাই থেকে সব দোকানে মাস্ক থাকা চাই।

  15. ব্যাঙ্গালোরে আবারো লকডাউন

    ভারতের দক্ষিণের শহর ব্যাঙ্গালোরে প্রায় আশি লাখ মানুষের বসবাস। এই শহরে আবারো লকডাউন দেয়া হয়েছে।

    সংক্রমণ বাড়ছে ভারতজুড়েই। আজও ২৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

    কর্ণটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোর, এখানে শনাক্ত হয়েছে আজকের তারিখ পর্যন্ত ৪০ হাজার রোগী।

    মঙ্গলবার অর্থাৎ আজ থেকে গণপরিবহন, ধর্মীয় জায়গা বন্ধ থাকবে।

  16. আরো ২৮ হাজার ভাইরাস বহনকারী শনাক্ত হয়েছে ভারতে

    নতুন করে দেশটিতে মারা গেছেন ৫৫৪ জন।

    এ নিয়ে নয় লাখ পার করেছে ভারতে মোট শনাক্তের সংখ্যা।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  17. আর্জেন্টিনার একটি জাহাজে রহস্যজনক করোনাভাইরাস সংক্রমণ

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  18. হংকংয়ে ডিজনিল্যান্ড খোলার এক মাসের মাথায় বন্ধ ঘোষণা

    হংকংয়ে নতুন করে সংক্রমণ দেখা গেছে।

    যার দরুণ এর থিম পার্ক ডিজনিল্যান্ড বন্ধ করে দেয়া হচ্ছে।

    এর আগে জানুয়ারি মাসে এটি বন্ধ করে দেয়া হয়েছিল।

    ১৮ই জুন এটি আবার খুলে দেয়া হয়।

    বুধবার থেকে এটি আবারও বন্ধ থাকবে।

    হংকংয়ে ডিজনিল্যান্ড খোলার এক মাসের মাথায় বন্ধ ঘোষণা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হংকংয়ে ডিজনিল্যান্ড খোলার এক মাসের মাথায় বন্ধ ঘোষণা
  19. হংকংয়ে কড়াকড়ি, নিয়ম না মানলে বড় জরিমানা

    আজ রাত থেকে হংকংয়ে নতুন করে কিছু নিয়মকানুন জারি করা হবে।

    যেমন গণপরিবহনে মাস্ক পরা এখন বাধ্যতামূলক, না পরলে ৫ হাজার হংকং ডলার জরিমানা।

    সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না।

    এর আগে নিয়মকানুন বা খুব একটা কড়াকড়ি হয়নি এই দেশে।

    সোমবার যে ৫২ জন রোগী পাওয়া গেছে তার মধ্যে ৪১ জনই স্থানীয়ভাবে সংক্রমিত।

    আজ রাত থেকে হংকংয়ে নতুন করে কিছু নিয়মকানুন জারি করা হবে

    ছবির উৎস, Getty Images

  20. কোভিড-১৯ নিয়ে ভুল পথে দেশগুলো- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    কোভিড-১৯ নিয়ে ভুল পথে দেশগুলো- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের একটি ঘনবসতিপূর্ণ এলাকার ছবি

    করোনাভাইরাস পরিস্থিতি খারাপ এবং আরো খারাপ দিকে যেতে পারে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    যদি না সঠিক সময়ে সঠিক কাজ করে তবে এর ভয়াবহ ফল দেখা দেবে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ড. টেড্রোস আধানম ঘেব্রেসুস বলেছেন, বেশ কয়েকটি দেশই ভুল পথে এখনো পর্যন্ত।

    যেসব দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত নীতিমালা মানতে ব্যর্থ হয়েছে সেখানেই বেড়েছে রোগীর সংখ্যা।

    করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে আমেরিকায়। যেখানে এই মুহূর্তে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রেসিডেন্টের মধ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে।

    এই একটি দেশেই রোগী শনাক্ত হয়েছে ৩৩ লাখ, মারা গেছেন ১ লাখ ৩৫ হাজারের বেশি।