বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ

ছবির উৎস, no credit

Published

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির একজন সাবেক এমপি এবং দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী মঙ্গলবার মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাঁর পরিবার।

ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী বিবিসিকে জানিয়েছেন, মধ্যরাতের পর ঢাকার বনানী থানা থেকে ফোন করে তাঁকে জানানো হয় মহাখালী থেকে একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

এরপর থেকে স্বামীর কোন খোঁজ তারা পাচ্ছেন না। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন গাড়ির চালক আনসার।

মিসেস আলী জানিয়েছেন, বিকেলে সিলেট থেকে ঢাকায় ফিরে সন্ধ্যায় আবার ঐ গাড়িতে করেই বাসা থেকে বেরিয়েছিলেন।

তিনি আরও জানান, পুলিশের কাছ থেকে জানতে পেরেছেন, মহাখালীতে সাউথ পয়েন্ট স্কুলের সামনে গাড়িটি পড়ে ছিল, গাড়ির দরোজা খোলা ছিল। ড্রাইভারের মোবাইল ফোন সামনের সীটে পড়েছিল।

তিনি বলেন, “সম্ভাব্য সব জায়গায় ফোন করে আমরা খোঁজ নিয়েছি। উনি সাধারণত কোন আত্মীয়-স্বজনের বাসায়ও যান না, বন্ধু-বান্ধবের বাসায়ও যান না।“

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশীদ জানান, মধ্যরাতে ঢাকার মহাখালী এলাকা থেকে তারা একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করেন। পরে থানায় এনে কাগজপত্র পরীক্ষা করে তারা দেখতে পান এটি বিএনপি নেতা ইলিয়াস আলীর গাড়ী।

তিনি জানান, ইলিয়াস আলীকে খুঁজে বের করার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন।

সিলেটে বিক্ষোভ

ইলিয়াস আলীর নিখোঁজ হবার খবর ছড়িয়ে পড়ার পর তার নিজের জেলা সিলেটে সমর্থকরা এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

ইলিয়াস আলীর গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার রশ্দিপুরের কাছে তার সমর্থকরা দীর্ঘসময় ঢাকা-সিলেট সড়ক অবরোধ করে রাখেন।

এখানে পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে পুলিশসহ ২০ জনেরও বেশি আহত হন এবং বেশ কিছু লোককে গ্রেফতার করা হয়।

সিলেট বিএনপি গোটা বিভাগ জুড়ে এর প্রতিবাদে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।