ঈদুল আযহার আগের রাতে ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলায় বহু হতাহত

Published

ইরাকের নিরাপত্তা বাহিনী বলছে, দেশটির রাজধানী বাগদাদের একটি ব্যস্ত মার্কেটে বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

মঙ্গলবার ঈদুল আযহাকে সামনে রেখে ঈদের প্রস্তুতি নেয়ার সময়ই বাগদাদের উত্তরে সাদর শহরে এই হামলা চালানো হয়।

গত ছয় মাসের মধ্যে বাগদাদে এটি সবচেয়ে বেশি প্রাণঘাতী বোমা হামলা।

হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট জানিয়েছে তাদের একজন সদস্য বিস্ফোরক ভেস্টের মাধ্যমে এই হামলা চালিয়েছে।

২০১৭ সালের শেষ দিকে সুন্নি মুসলিমদের ওই জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে জয় পাওয়ার দাবি করেছিল ইরাকি সরকার।

তবে দেশটিতে থাকা গোষ্ঠীটির গোপন বা স্লিপার সেলের সদস্যরা ছোট আকারে এখনো সহিংসতা অব্যাহত রেখেছে।

ইসলামিক স্টেট-এর হাত

এর আগে আইএস দাবি করে যে, গত এপ্রিলে সাদর শহরে আরেকটি মার্কেটে একটি গাড়ি বোমা বিস্ফোরণের পেছনেও তাদের হাত ছিল।

ওই বিস্ফোরণে অন্তত চার জন নিহত হয়েছিল। সাদর শহরটি মূলত শিয়া অধ্যুষিত।

এছাড়া গত জানুয়ারিতে তায়ারান স্কয়ারে দুই দফা আত্মঘাতী বোমা হামলার দাও তারা স্বীকার করেছিল।

ওই ঘটনায় অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছিল।

ওই ঘটনা দেশটির রাজধানীতে এর আগের তিন বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল।

নিরাপত্তা বাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সোমবার আল-উহাইলাত মার্কেটে নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল।

হামলায় বেশ কয়েকটি দোকানপাটেও আগুন ধরে যায়।

ইরাকি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমি ওই বাজার এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা ফেডারেল পুলিশ রেজিমেন্টের কমান্ডারকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন এবং এ নিয়ে তদন্তও শুরু হয়েছিল।

বিবিসি বাংলার আরো খবর: