কোভিড: একদিনে ৮২ জন মারা গেলেন, সবচেয়ে বেশি মৃত্যু খুলনায়

বাংলাদেশে প্রতিদিন কোভিড-১৯ এ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে প্রতিদিন কোভিড-১৯ এ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে
Published

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮২ জন মানুষ মারা গেছেন, গত ৫৫ দিনের মধ্যে প্রাণহানির হিসাবে এই সংখ্যা সর্বোচ্চ।

এর মধ্যে সর্বোচ্চ ৩২ জন মানুষ মারা গেছেন খুলনা বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত তিন হাজার ৬৪১ জন মানুষ শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন মোট ১৩ হাজার ৫৪৮ জন।

এর মধ্যে বিভাগওয়ারী হিসাবে খুলনায় ৩২ জন, ঢাকায় ২১ জন, রাজশাহীতে ১২ জন, চট্টগ্রামে নয়জন এবং ময়মনসিংহে চারজন মারা গেছেন।

এছাড়া সিলেটে দুইজন এবং রংপুর ও বরিশালে একজন করে মারা গেছেন।

দেশে মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো আট লাখ ৫১ হাজার ৬৬৮ জন।

নিয়মিত সংবাদ বুলেটিনে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক মোঃ নাজমুল ইসলাম বলেছেন, গত সাতদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ শতাংশে পৌঁছেছে।

আরো পড়তে পারেন:

এর আগের সাতদিনে এ হার ১২ শতাংশ ছিল।

তিনি বলেছেন, কেবল জুন মাসেই ৪৭ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যু দুইয়েরই হার গত কয়েক সপ্তাহ যাবত লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বিশেষ করে সীমান্ত-সংলগ্ন ১৫টি জেলায়।

জুন মাসের ৪ তারিখের পর থেকে দ্রুত সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।

সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে দেশে লকডাউন বা চলাচলে বিধিনিষেধ ১৫ই জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

হাসপাতালের বাইরে অপেক্ষমান মানুষ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নমুনা পরীক্ষা করাতে মুগদা জেনারেল হাসপাতালের বাইরে অপেক্ষমান মানুষ

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনার রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ।

এই মূহুর্তে সরকারি-বেসরকারি মিলে মোট ৫২৮টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

এর মধ্যে মোট ১২৬টি পরীক্ষাগারে আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

এছাড়া ৩৫৬টি সরকারি ল্যাবে র‍্যাপিড অ্যান্টিজেন এবং ৪৩টি পরীক্ষাগারে জিন এক্সপার্ট পদ্ধতিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা চলছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৫০৯ জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।

বিবিসি বাংলায় অন্যান্য খবর:

স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, ১৯শে জুন সকাল আটটা থেকে ২০শে জুন সকাল আটটা পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১ টি।

মারা যাওয়া ষাটোর্ধ আছেন ৩৮ জন, ৫১-৬০ বছরের মধ্যে আছেন ২১ জন, ৪১-৫০ বছরের মধ্যে আছেন ১১ জন, ৩১-৪০ বছরের মধ্যে আছেন নয়জন।

এছাড়া ২১-৩০ বছরের মধ্যে আছেন দুইজন এবং ১১-২০ বছরের মধ্যে মারা গেছেন একজন।

এর মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৭১ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন আটজন এবং বাড়িতে মারা গেছেন তিনজন।