আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কোভিড: 'মহামারির বিধিনিষেধ এড়াতে' মাঝ আকাশে বিয়ে করলেন যে ভারতীয় দম্পতি
খবরে জানা গেছে এক ভারতীয় দম্পতি তাদের বিয়ের জন্য একটি বিমান ভাড়া করেন এবং করোনাভাইরাসের কারণে জারি করা বিধিনিষেধ এড়াতে ১৬০জনের বেশি অতিথিকে আমন্ত্রণ করে মাঝ আকাশে বিমানের ভেতরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায় ভাড়া করা জেট বিমানটি বিবাহিত দম্পতি এবং তাদের প্রচুর অতিথিতে ঠাসা।
জানা গেছে বিমানটি আকাশে ওড়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্য থেকে। ওই রাজ্যে সম্প্রতি জারি করা কঠোর বিধিনিষেধে বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা ৫০এ সীমিত রাখার নির্দেশ দেয়া হয়।
ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে খবরে জানা যাচ্ছে।
বেসামরিক বিমান চলাচল সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশেনের একজন কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্রকে বলেছেন স্পাইজ জেট বিমান সংস্থার ওই বিমানের উড়ানে যেসব কর্মী ছিলেন তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
স্পাইস জেট বিমান কোম্পানির একজন মুখপাত্র ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেছেন ওই বোয়িং ৭৩৭ বিমানটি বিবাহ পরবর্তী এক যাত্রার জন্য বুক করা হয়েছিল একজন ট্রাভেল এজেন্টের মাধ্যমে এবং দক্ষিণের মাদুরাই থেকে বাঙ্গালোর পর্যন্ত বিমান যাত্রার জন্য সেটি ভাড়া নেয়া হয়।
ওই মুখপাত্র বলেন যিনি বিমান ভাড়া নিয়েছিলেন তাকে "কোভিড সংক্রান্ত যেসব নির্দেশাবলী মানা বাধ্যতামূলক সে সম্পর্কে স্পষ্টভাবে অবহিত করা হয়েছিল, এবং বিমানের ভেতর কোন ধরনের অনুষ্ঠান করার অনুমতি প্রত্যাখান করা হয়েছিল।"
আরও পড়ুন:
মাদুরাইয়ের বাসিন্দা রাকেশ দকশিনা দু ঘন্টার জন্য স্পাইস জেটের বিমানট ভাড়া করেছিলেন। নিচের টুইটে সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজ:
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে ভারত হিমশিম খাচ্ছে। দেশটি সঙ্গীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।
বিপর্যয়কারী এই দ্বিতীয় ঢেউয়ে অন্তত তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছে, যেটা সরকারি হিসাব। বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত মত্যুর সংখ্যা আরও অনেক বেশি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাসপাতালগুলো উপচে পড়া রোগীর ভিড় সামাল দিতে হিমশিম খেয়েছে। দেশের প্রায় সর্বত্র অক্সিজেনের তীব্র সঙ্কট তৈরি হয়েছে।
শ্মশানগুলো মৃতদেহের চাপে উপচে পড়েছে। মৃত্যুর মিছিল, একের পর এক শেষকৃত্যের জন্য আনা লাশের পাহাড়, শেষ কৃত্যের জন্য জায়গার অভাব নজিরবিহীন সঙ্কট তৈরি করেছে।
অনেক পরিবার শেষকৃত্যের খরচ যোগাতে না পেরে গঙ্গার পাড়ে অবৈধভাবে প্রিয়জনের মৃতদেহ কবর দিয়েছে, অনেকে স্বজনের লাশ ভাসিয়ে দিয়েছ নদীতে।
এর মধ্যে এভাবে আইন এড়াতে বিয়ের এই ঘটনা স্বাভাবিকভাবেই বিরাট একটা আলোচনার বিষয় হয়ে উঠেছে।