কোভিড: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছে বাংলাদেশে।

ছবির উৎস, NURPHOTO/Getty
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে আরো ১,৫১৪ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৪৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর ফলে শনাক্তের হার দাঁড়িয়েছে ৮.৯৯ শতাংশ।
আরো পড়ুন:
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৩ জন মহিলা।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুসারে এই সময়ে ২১১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১২ হাজার ২৭৭জন।
এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১ হাজার ৯৭২ জন মারা গেছে। আর শনাক্ত হয়েছে মোট ৭ লাখ ৭৫ হাজার ২৭জন।
বাংলাদেশে এ বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়তে শুরু করে। সবচেয়ে বেশি মারা যায় ১৯শে এপ্রিল, ১১২ জন।
এপ্রিল মাসে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ২৪ শতাংশে পৌঁছায়।
সেই পটভূমিতে সরকার এপ্রিলের পাঁচ তারিখ থেকে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়।
এরপর গত কয়েকদিন ধরে সংক্রমণ এবং মৃত্যুর হার কমতে শুরু করে।








