আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরো ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে আরো ১,৩৮৬ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে টানা তিনদিন দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০ এর নিচে নেমে গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) প্রায় ১৭ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর ফলে শনাক্তের হার দাঁড়িয়েছে ৮.১৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ১৮ জন মহিলা।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুসারে এই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩,৩২৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১০ হাজার।
এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১ হাজার ৯৩৪ জন মারা গেছে। আর শনাক্ত হয়েছে মোট ৭ লাখ ৭৩ হাজার।
গতকাল ৮ই মে শনিবার ৪৫ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল।
- কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে
- নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে
- নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?
- করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন
- টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?
- বিশ্ব মহামারি শেষ হতে কতদিন লাগবে?
- কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়
- করোনাভাইরাস নিয়ে আপনার যা জানা প্রয়োজন
বাংলাদেশে এ বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়তে শুরু করে। সবচেয়ে বেশি মারা যায় ১৯শে এপ্রিল, ১১২ জন।
এপ্রিল মাসে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ২৪ শতাংশে পৌঁছায়।
সেই পটভূমিতে সরকার এপ্রিলের পাঁচ তারিখ থেকে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়।
এরপর গত কয়েকদিন ধরে সংক্রমণ এবং মৃত্যুর হার কমতে শুরু করে।