কোভিড: মৃত্যুর সংখ্যা আরও কমে ২৪ ঘণ্টায় ৩৭, নতুন শনাক্ত ১৬৮২

Published

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জন মানুষ মারা গেছেন। এই সময়ে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১৬৮২ জন।

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত মোট মৃত্যু হল ১১ হাজার ৮৩৩ জনের।

বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এর আগে বাংলাদেশে প্রায় এক মাস পর মৃত্যুর সংখ্যা ৫০ এর নীচে নেমে ৪১ জন বলা হয়েছিলো বৃহস্পতিবারের বুলেটিনে।

আজ শুক্রবার যে বিজ্ঞপ্তি স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া হয়েছে সে অনুযায়ী মৃত্যুর সংখ্যা আরও কমলো।

তবে গত ২৪ ঘণ্টার তথ্যে দেখা যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হ্রাস পেলেও শনাক্তের হার আগের দিনের তুলনায় বেড়েছে।

আগের দিন শনাক্তের হার ৮.৪৪ শতাংশে নেমে আসলেও গত চব্বিশ ঘণ্টায় সেটি বেড়ে ৯.৮৯ শতাংশ হয়েছে।

এ সময়ে ১৭ হাজার ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বাংলাদেশে এ বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা বাড়তে শুরু করে। এপ্রিল মাসে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ২৪ শতাংশে পৌঁছায়।

সেই পটভূমিতে সরকার এপ্রিলের পাঁচ তারিখ থেকে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়।

এরপর গত কয়েকদিন ধরে সংক্রমণ এবং মৃত্যুর হার কমতে শুরু করে।

এই মূহুর্তে দেশের ৪৪৩টা পরীক্ষাগারে করোনাভাইরাস নমুনা পরীক্ষা করা হচ্ছে।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩জন এবং নারী ১৪ জন।