আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনাভাইরাস: কোভিড-১৯ এ টানা দ্বিতীয় দিনের মতো শতাধিক মৃত্যু হলো
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা দ্বিতীয় দিন একশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে।
এর আগের দিন বাংলাদেশে ১০১ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত হয়ে কারও মৃত্যুর কথা সর্বপ্রথম ঘোষণা করা হয়েছিল গত বছরের ১৮ই মার্চ। তবে গতকালের আগে পর্যন্ত এই ১৩ মাসে মৃতের সংখ্যা এর আগে কখনোই তিন অংক ছোঁয়নি।
মারা যাওয়াদের মধ্যে পুরুষ রয়েছেন ৬৯ জন আর নারী ৩২ জন।
এ পর্যন্ত বাংলাদেশে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ২৮৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে যে, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৩,৪৭৩ জন রোগী শনাক্ত হয়েছেন এবং এ নিয়ে দেশে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা হলো ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন।
১৬,১৮৫ জনের নমুনা পরীক্ষা করে এসব ফলাফল পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫,৯০৭ জন আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।
বাংলাদেশে এখন নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ২১.৪৬ শতাংশ বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা বেড়ে চলছে।
গত বছরের মার্চের ৮ তারিখে দেশটিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে কাউকে শনাক্ত করার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।
তবে এ বছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও।
যদিও গত কয়েকদিনে নমুনা পরীক্ষার সংখ্যা কমে এসেছে।
চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।