রোববার সারাদিন যা যা হলো
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগ করতে যাচ্ছেন বলে একটি স্ট্যাটাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও, এই সপ্তাহ শেষে তার সাথে কোনো কথা হয়নি বলে জানিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বোরবার প্রথমবারের মতো বিদেশ সফর করছেন তারেক রহমান। রোববার দুপুরে মালয়েশিয়া উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। পরে সন্ধ্যায় মালয়েশিয়া পৌছান প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফর শেষে তার চীনে যাওয়ার কথা রয়েছে।
- গাইবান্ধার সাঘাটায় একটি বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে সাইফুল্লাহ বারী নামে এক শিবির নেতা নিহত হয়েছে। এই ঘটনায় যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী।
- ফরিদপুরে পুলিশ হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একজন কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলেও জানায় পুলিশ।
- ইরান যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক। সুইজারল্যান্ডের এই আলোচনাকে একটি "ঐতিহাসিক বৈঠক" বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নোয়াখালী-৬ আসনের এমপি এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের একটি বক্তব্য ঘিরে রোববার জাতীয় সংসদে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে দেওয়া বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছে জাতীয় সংসদ। একই সাথে সেই সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার প্রসঙ্গে যে একটি শব্দ ব্যবহার করেছিলেন সেটিও এক্সপাঞ্জ করা হয়েছে।
- সিলেটের শাহজালাল বাজারের দানবাক্স ব্যবস্থাপনা নিয়ে কিছু উদ্যোগ গ্রহণ ঘিরে আলোচনার মধ্যে সিলেটের জেলা প্রশাসক বা ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।