করোনা ভাইরাস: একদিনে সর্বোচ্চ মৃত্যু ৮৩জন

Published

বাংলাদেশে গত কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সোমবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন, যা এখন পর্যন্ত বাংলাদেশে একদিনে মৃত্যুর ক্ষেত্রে একটি রেকর্ড।

এর আগে গতকাল ছিল ৭৮জন। ১০ এপ্রিল মৃত্যু হয়েছিল ৭৭ জনের, যা ছিল সেদিন পর্যন্ত সর্বোচ্চ।

এর আগে ৯ এপ্রিল মৃত্যু হয়েছিল ৬৩ জনের, ৮ এপ্রিল মৃত্যু হয় ৭৪ জনের।

এ পর্যন্ত বাংলাদেশে মোট মৃত্যু হয়েছে ৯,৮২২জন।

মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যাও আবার সাত হাজার ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭,২০১ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট শনাক্ত হলেন ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় বাংলাদেশে সুস্থ হয়েছেন ৪,৫২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২০.৫৯ শতাংশ। আর মৃত্যুর হার ১.৪২ শতাংশ। সেই সঙ্গে সুস্থতার হার বেড়েছে ৮৩.৯৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪,৫২৩ জন আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হলেন ৫ লাখ ৮১ হাজার ১১৩ জন।

আরও পড়ুন:

গত কয়েক দিন যাবত বেশ কয়েকবার করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা রেকর্ড অতিক্রম করেছে।

বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।

এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।

তবে এবছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।

চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

বিবিসি বাংলার অন্যান্য খবর: