করোনাভাইরাস: বন্ধ হয়ে গেল ভারতে যাওয়া

ছবির উৎস, Getty Images
আজ (১৩ই মার্চ) বিকাল থেকে বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশী নাগরিকদের যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে।
তবে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরা বন্দরগুলো দিয়ে ভারতে যেতে পারবেন। ভারতে থাকা বাংলাদেশী ও ভারতীয় নাগরিকরাও বন্দর ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।
বুধবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কূটনৈতিক কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা, কর্মসংস্থান বা প্রজেক্ট ভিসা বাদে ভারতে প্রবেশ ভারতের সব ধরণের ভিসা স্থগিত করার সিদ্ধান্ত জানায় ভারতের কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ই মার্চ) থেকে কার্যকর হয়ে ১৫ই এপ্রিল পর্যন্ত বলবত থাকবে এই স্থগিতাদেশ।
বাংলাদেশের ও ভারতের মধ্যে চালু স্থলবন্দরের সংখ্যা ১২টি। এর মধ্যে ১টি বন্দর শুধুমাত্র পণ্য পারাপারের জন্য ব্যবহার হয়।
অন্য স্থলবন্দরগুলো আজ থেকে যাতায়াতে নিষেধাজ্ঞা দিলেও আখাউড়া স্থলবন্দরটি একদিন আগেই কার্যক্রম বন্ধ করে দেয়।
কয়েকটি বন্দরে কথা বলে জানা যায় অন্যান্য দিনের চেয়ে এদিন স্থলবন্দরগুলো দিয়ে ভারতে প্রবেশ করা মানুষের পরিমাণ বেশি ছিল। বিশেষ করে যারা চিকিৎসার উদ্দেশ্যে বা বিশেষ প্রয়োজনে ভারত যাওয়ার ভিসা করিয়েছিলেন, সেরকম মানুষের সংখ্যা ছিল বেশি।
বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ভারতে প্রবেশ করার হারও ছিল স্বাভাবিক সময়ের চেয়ে বেশি।
যদিও ভারতের এই ভ্রমণ নিষেধাজ্ঞা ভারতীয় নাগরিকদের জন্য কার্যকর হবে না, অর্থাৎ ভারতীয় যেসব নাগরিক বাংলাদেশ থেকে ভারতে যেতে চান তারা এই সময়ের মধ্যে যেতে পারবেন।
তবে ভারতের কর্তৃপক্ষ চাইলে সেসব নাগরিকদের ১৪দিন কোয়ারেন্টিনে রাখতে পারে।
আর এসময়ের মধ্যে ভারতে থাকা বাংলাদেশী নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।










