লাইভ, কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় প্রকাশ

কলকাতায় হোটেলে আগুন লেগে নিহতদের মধ্যে অন্তত পাঁচ জন বাংলাদেশি এবং তাদের চারজন একই পরিবারের বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে, ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন সজল দাস, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. যুদ্ধে ইরানে ঘরবাড়ির ক্ষতির হিসাব প্রকাশ

    হামলায় ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে একটি খুঁটিতে ইরানের পতাকা লাগানো

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামো খাতের ক্ষতির হিসাব জানিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশান হাউজিং ফাউন্ডেশন।

    ফাউন্ডেশনের উপপরিচালক মাজিদ জৌদি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে আবাসিক, বাণিজ্যিক এবং মৌলিক অবকাঠামো খাতে যে ক্ষতি হয়েছে, তার পরিমাণ প্রায় ৩৭ ট্রিলিয়ন তুমান বলে হিসাব করা হয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত মোট ৪০৭টি জনবসতির মধ্যে ২২২টি শহর এবং ১৮৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গ্রামীণ ও শহুরে এলাকায় ক্ষয়ক্ষতির ব্যাপকতা নির্দেশ করে।”

    মি. জৌদি বলেন, “দুই সপ্তাহ আগে সংঘটিত যুদ্ধের তৃতীয় পর্যায়ে (দক্ষিণ ইরানে হামলা) কানাম ও চাবাহারে মানুষের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকায় ২৫তম প্রদেশ যুক্ত হয়েছে।”

  2. বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন ও গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার

    প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন সেটি জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। একাধিক প্রার্থী থাকায় এবার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে।

    বুধবার দুপুরে নির্বাচনের একদিন আগে, পুরো প্রক্রিয়া নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    তিনি জানান, ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন এবং বিধিমালা অনুযায়ীই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি।

    “আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে জন্য সংসদ অধিবেশন থাকলে এক ব্যবস্থা, আর অধিবেশন না থাকলে ভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। এখন আমাদের পার্লামেন্ট সেশনে নাই, সেশন যে ডাকতেই হবে এমন নয়। শুধু নির্বাচনের জন্য একটা বৈঠক আহ্বান করলেই চলে এবং সেটা আইনের মধ্যে দেওয়া আছে,” বলেন তিনি।

    সিইসি বলেন, দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন। এরপর সেখানেই গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচনী কর্মকর্তা।

    “ভোটের পরপরই কাউন্টিং করে ওখানেই আমরা ফলাফল ঘোষণা করে দেব, পরে আমরা এখানে আইসা হয়তো ওই দিনই গেজেট করে দেব, আমাদের প্ল্যান ওইটাই,” গণমাধ্যমকে জানান তিনি।

    রাষ্ট্রপতি নির্বাচনের দিন প্রচারণা চালানো যাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলন, “বাইরে যদি ওনারা প্রচারণা চালান, আইনে তো কোনো নিষেধ নাই, কিন্তু ভোটের দিন হাউজের মধ্যে কোনো প্রচার প্রচারণা করতে পারবে না।”

  3. ইরানের সঙ্গে সব বাণিজ্য স্থগিতের ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

    সংযুক্ত আরব আমিরাত ও ইরানের পতাকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের পতাকা

    সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য এবং আর্থিক লেনদেন স্থগিত রাখবে।

    সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ভাষ্যে, এই উত্তেজনা শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করছে।

    মঙ্গলবার রাতে ইউএই’র প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান দেশটির দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ইউএইর আঞ্চলিক জলসীমার বাইরে পড়ে এবং দ্বিতীয়টি দেশটির জলসীমার ভেতরে আঘাত হানে।

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর অঞ্চলটির অন্য যেকোনো দেশের তুলনায় ইউএই ইরানের হামলার বেশি শিকার হয়েছিল। তবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করার পর পরিচালিত অভিযানে ইরান ইউএইর ওপর কোনো হামলা চালায়নি।

    তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সংযুক্ত আরব আমিরাতের ওই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, “ইউএইর অভিযোগ ভিত্তিহীন।”

    “ইউএইর আচরণ সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা জোরদার ও অঞ্চলে নিরাপত্তাহীনতার বিস্তার ঠেকানোর চলমান প্রচেষ্টাকে ব্যাহত করে,” বলেন তিনি।

  4. কলকাতায় আগুনে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় প্রকাশ

    কলকাতায় হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন দুর্ঘটনার শিকার ব্যক্তির স্বজন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, কলকাতায় হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন দুর্ঘটনার শিকার ব্যক্তির স্বজন

    কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুনে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করেছে কলকাতা পুলিশ।

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিহতদের মধ্যে শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত এবং মো. আকরাম আলী বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা।

    আর আহমেদ বাবু নামে পঞ্চম যে ব্যক্তিকে শনাক্ত করা গেছে, তার ঠিকানা সাভারের আমিনবাজার।

    পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিন বছরের শিশু শর্ণশিষ দত্ত এবং তার বাবা দেবাশিস দত্ত কুষ্টিয়ার আরুয়াপাড়া, মোহিনী মিল এলাকার বাসিন্দা।

    এই ঘটনায় নিহত বাকিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ।

    এদিকে, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ খালেদ বুধবার বিকেলে বিবিসি বাংলাকে জানান, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন যে বাংলাদেশি নাগরিক - তাদের পরিচয় শনাক্ত করে সেই তথ্য পুলিশ ও এফআরআরও সূত্রে উপদূতাবাসকে জানানো হয়েছে।

    ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভাগ ভারতে আসা বিদেশি নাগরিকদের সব ডেটা ও গতিবিধির রেকর্ড রাখে।

  5. কলকাতায় আগুনে নিহতদের চারজন একই পরিবারের

    ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

    কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন লেগে নারী ও শিশুসহ যে নয়জনের মৃত্যু হয়েছে তাদের চারজন একই পরিবারের সদস্য।

    বুধবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে স্থানীয় পুলিশের বরাত দিয়ে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে যে, নিহতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে চিহ্নিত করা গেছে, যার মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

    নিহতদের পরিবারের সঙ্গে উপ-হাইকমিশনের কর্মকর্তারা যোগাযোগ করেছেন বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    এই ঘটনায় আহত ছয় জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

    বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা কলকাতার স্থানীয় হাসপাতাল এবং পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এছাড়া এই ঘটনায় উপ-হাইকমিশনের পক্ষ থেকে একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করা হয়েছে বলেও জানানো হয়েছে।

    কলকাতা পুলিশ জানিয়েছে যে, কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে শিখা ইন হোটেলে রাত ২টার দিকে আগুন লাগে।

  6. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে ঢাকা থেকে যেসব অনুরোধ জানানো হয়েছে, তার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এখনো পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
    • মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা বাঙালি, শনিবার মিয়ানমারের দেওয়া এমন বিবৃতির সাথে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একইসঙ্গে, রোহিঙ্গাদের প্রত্যর্পণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
    • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলো হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তির ঘোষণা প্রকাশ করতে যাচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না এবং বৈঠকের কোনো সময়সূচিও নির্ধারিত নেই।
    • পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। পরে দেশটির পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেছেন, “এই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করা হবে।”
    • যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের নির্ধারিত শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে না বলে আবারো জানিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
    • তেরো বছর আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।
    • বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন।
    • বাংলাদেশে শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।
    • জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
    • বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিনকে পরবর্তী ১৫টি ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টে মারামারির ঘটনায় এই শাস্তি পেলেন তিনি।
  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে