ভোলার বোরহানউদ্দিনে সহিংসতা: আবারও কি ধর্মকে ব্যবহার করে ইস্যু তৈরি করা হচ্ছে?

ভোলা, তৌহিদী জনতা, নবীকে কটাক্ষ করার অভিযোগ

ছবির উৎস, ফেসবুক

ছবির ক্যাপশান, বোরহানউদ্দিনে রোববারে সহিংস বিক্ষোভের কথিত এই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়
    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

সামাজিক মাধ্যমে ইসলামের নবীকে হেয় করার অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশের ভোলায় সহিংস বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার পর ইসলামপন্থী বিভিন্ন দল এবং সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

দু'একটি সংগঠন বড় ধরনের কর্মসূচি নেয়ারও হুমকি দিয়েছে। বিরোধীদল বিএনপিও ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে।

তবে অভিযুক্তদের গ্রেফতারসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেয়ার পরও ধর্মকে ব্যবহার করে ইস্যু তৈরির চেষ্টা করা হচ্ছে কিনা- বিশ্লেষকদের অনেকে এমন প্রশ্ন তুলেছেন।

বিশ্লেষকরা বলেছেন, গণতন্ত্র অনুপস্থিত থাকায় এবং সরকার হেফাজতে ইসলামকে প্রশ্রয় দেয়ার কারণে ধর্মকে ব্যবহার করে 'পরিস্থিতি' সৃষ্টির সুযোগ অনেকে নিতে পারে।

ইসলামপন্থী বিভিন্ন দল এবং সংগঠন রবিবারের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ ও মিছিল করছে। এসব সমাবেশ থেকে 'ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার অভিযোগে' আরও কঠোর কর্মসূচি নেয়ার হুমকি দেয়া হয়েছে।

কিন্তু সরকার বলছে, পুলিশের গুলিতে হতাহতের ঘটনার ব্যাপারে যেসব দাবি তোলা হয়েছে, তার সবই মেনে নেয়া হয়েছে।

ভোলায় পুলিশের গুলির প্রতিবাদে গত সোমবার বরিশালে বিভিন্ন ইসলামপন্থী দলের সমাবেশ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ভোলায় পুলিশের গুলির প্রতিবাদে সোমবার বরিশালে বিভিন্ন ইসলামপন্থী দলের সমাবেশ

'শাপলা চত্বর' হুমকি

কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামও মঙ্গলবার একটি সমাবেশ করেছে। সেই সমাবেশে একজন বক্তা হুমকি দিয়েছেন যে, আবারও তারা ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে অবস্থানের কর্মসূচি নেবেন।

তবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আনাস মাদানী বলেছেন, তারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত চান। কিন্তু ভোলার ঘটনা নিয়ে আবার শাপলা চত্বরে অবস্থান নেয়ার মতো কোন হুমকি তাদের সংগঠন থেকে দেয়া হয়নি বলে তিনি দাবি করেছেন।

"আমাদের বক্তব্য পরিস্কার। হেফাজতে ইসলামের দাবি হচ্ছে, নবীকে কটাক্ষ করার ঘটনার অধিকতর তদন্ত করে আসল দোষীদের যেন শাস্তির আওতায় আনা হয়। এটাই আমাদের দাবি। অন্য কোন কিছু বা আবার শাপলা চত্বর কায়েম হোক-এগুলো আমাদের হেফাজতের দাবি নয়। এগুলো কারও ব্যক্তিগত বক্তব্য হতে পারে।"

আওয়ামী লীগ এবং সরকার মনে করে যে, এর আগে রামুতে এবং ব্রাম্মণবাড়িয়ায় অন্য ধর্মাবলম্বীর ফেসবুক আইডি হ্যাক করে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছিল এবং এখন ভোলাতেও ওই একই কায়দায় একটি ইস্যু তৈরির চেষ্টা করা হয়েছে।

ইস্যুটিকে স্পর্শকাতর হওয়ায় 'তৌহিদী জনতার' ব্যানারে ভোলায় আন্দোলনকারীদের দাবিগুলোও সরকার মেনে নিয়েছে।

এরপরও বিষয়টিকে বড় ইস্যু করার চেষ্টা করা হচ্ছে বলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন।

বিএনপিও মাঠে

আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপিও এনিয়ে কর্মসূচি পালন করেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছিলেন, ভোলায় পুলিশের গুলি চালানোর প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন।

"ভোলায় গুলি চালানো হয়েছে এবং চারজন মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। এই যে হত্যাকান্ড, এই যে রক্তপাত, মানুষ এটার কি প্রতিবাদ করবে না?"

রো পড়তে পারেন:

ভোলায় হামলা চালিয়ে হিন্দুদের দেব-দেবীর মূর্তিও ভেঙে ফেলা হয়েছে
ছবির ক্যাপশান, ভোলায় হামলা চালিয়ে হিন্দুদের দেব-দেবীর মূর্তিও ভেঙে ফেলা হয়েছে

বিশ্লেষকরা কিভাবে দেখছেন?

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলছেন, যেহেতু দেশে এখন গণতন্ত্র অনুপস্থিত এবং সরকার হেফজতে ইসলামের মতো কট্টরপন্থী সংগঠনকে প্রশ্রয় দিয়েছে, সেকারণে ধর্মকে ব্যবহার করে ইস্যু সৃষ্টির সুযোগ অনেকে নিচ্ছে।

"এটাকে নিয়ে যদি একটা ধর্মীয় উন্মাদনা হয়, তাহলে সরকার বেকায়দায় পড়তে পারে। আসলে যেখানে কোন গণতন্ত্র নেই, লোকের কথা বলার কোন স্বাধীনতা নাই, সেখানে তো অনেক ইস্যু তৈরি হয়। এবং হিন্দু-মুসলিম নিয়ে বাংলাদেশ এবং ভারতে উত্তেজনা সৃষ্টি করা বেশ সহজ কাজ।"

"এছাড়া হেফাজতের মতোর কট্টরপন্থীকে আপনি প্রশ্রয় দিয়েছেন। তাদেরকে আপনি কী দিয়ে নিয়ন্ত্রণ করবেন?"

আওয়ামী লীগের বক্তব্য

আওয়ামী লীগের নেতারা বলছেন, ভোলার ঘটনাকে কেন্দ্র করে অনেকে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে বলে তারা মনে করেন।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, "ধর্মভিত্তিক বা ভারত বিদ্বেষী রাজনীতি করে অনেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছেন। তাদের বিরুদ্ধে কথা না বলে, সরকারের দিকে আঙুল তুললে অপরাধীদেরই আড়াল করা হবে।"

আওয়ামী লীগের নেতারা অবশ্য মনে করছেন, ভোলার ঘটনার নিয়ে তারা পরিস্থিতি সামাল দিতে পেরেছেন।

রো পড়তে পারেন: