বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে ইমিগ্রশনের বাধা দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, দুবাইয়ে গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু
ছবির ক্যাপশান, ঢাকা শিশু হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ড
দেশে গত ২৪ ঘণ্টায়
হাম ও হামের উপসর্গে চারজন শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে
এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৬৫৬ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় যারা
মারা গেছে তাদের মধ্যে একজন শিশুর হাম শনাক্ত হয়েছিল, আর বাকি তিনজনের উপসর্গ ছিল। চার শিশুর সবাই ঢাকায় মারা গেছে।
সোমবার বিকেলে
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে
প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার
সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৭২ জন শিশুর
শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এসময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ৬৪ শিশুর। ২৪
ঘণ্টায় মোট ১০৩৬ শিশু আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ছবির ক্যাপশান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানে ও
যুক্তরাষ্ট্র মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতাকে স্বাগত জানিয়েছে
বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির
মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাত সমাধানের আহ্বান জানিয়ে আসছে এবং এই ইতিবাচক অগ্রগতিতে
অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করে।
বিবৃতিতে পররাষ্ট্র
মন্ত্রণালয় জানায়, ‘বাংলাদেশ
আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে মনে করে। সেই সঙ্গে বাংলাদেশ সব
পক্ষকে এই গতি কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো
সমাধানের জন্য উৎসাহিত করে এবং আঞ্চলিক শান্তি, সরবরাহ
শৃঙ্খল ও সহযোগিতার দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা করে’।
প্রধানমন্ত্রীর
তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে রোববার দিল্লির বিমানবন্দরে ইমিগ্রশনের বাধা দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ানকুমার
বঢ়েকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার বিকেলে
তিনটায় তাকে তলব করা হয় বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের
মুখপাত্র শহিদুল করিম।
সোমবার ভারতের ভারপ্রাপ্ত
হাই কমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদপত্র তার হাতে তুলে দিয়েছেন পররাষ্ট্র
মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্র মি. করিম জানান, "প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানের সাথে ঘটে যাওয়া
ঘটনার প্রেক্ষিতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে আমাদের অসন্তোষ ব্যক্ত করা
হয়েছে"।
এর আগে দুপুরে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বলেছেন,
দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা
হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত খবর নিচ্ছে সংশ্লিষ্ট উইং।
তারপরে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।
প্রসঙ্গত, জাহেদ উর রহমান একটি সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লিতে গেলেও ইমিগ্রেশনের বাধার মুখে অনেকটা সময় দিল্লি বিমানবন্দরে বসে থাকার পর শেষ পর্যন্ত সোমবার দুপুর নাগাদ ঢাকায় ফিরে এসেছেন।
১৬ এর কম বয়সীদের জন্য ফেইসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ১৬ বছরের কম বয়সীদের জন্য মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার
১৬ বছরের কম
বয়সীদের জন্য ফেইসবুক, টিকটক
ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা
দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
সরকার জানিয়েছে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক
যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে ‘হাইলি ইফেকটিভ এজ অ্যাশিওরেন্স’
বা কার্যকর বয়স যাচাই ব্যবস্থা ব্যবহার করা হবে।
এর মাধ্যমে কোনো
ব্যক্তির বয়স নির্ভুলভাবে অনুমান বা যাচাই করা হবে। এ জন্য মুখমণ্ডল স্ক্যান করা
বা পরিচয়পত্র জমা দেওয়ার মতো পদ্ধতি ব্যবহার করবে প্ল্যাটফর্মগুলো।
সরকার আরও জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা অফকম দ্রুতই একটি সমীক্ষা
চালিয়ে ১৬ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের যাচাইয়ের সবচেয়ে কার্যকর পদ্ধতি
নির্ধারণ করবে।
যুক্তরাজ্যে
শিশুদের প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্টে প্রবেশ ঠেকাতে পর্নোগ্রাফি
ওয়েবসাইটসহ কিছু প্ল্যাটফর্মকে ইতোমধ্যেই একই ধরনের বয়স যাচাই ব্যবস্থা চালু করতে
হয়।
যুক্তরাজ্য সরকার
জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক
এবং এক্স । তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল এই
নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।
টেলিভিশনে দেওয়া এক
বক্তব্যে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, “সম্পূর্ণ নিষেধাজ্ঞাই সঠিক
সিদ্ধান্ত। আমাদের শিশুদের নিরাপত্তার প্রশ্নে আমি কোনো ধরনের আপস করতে চাই না”।
বেনজীরের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা সরকারের কাছে পাঠিয়েছে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর
ছবির উৎস, SCREEN GRAB
ছবির ক্যাপশান, সোমবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট বা
গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর
মো. আমিনুল ইসলাম।
সোমবার আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালের সেমিনার কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান
তিনি।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন,
“আমাদের এখানে সাবেক আইজিপি
বেনজীর আহমেদের একটা মামলার বিচার চলছে। শাপলা চত্ত্বর মামলায় তদন্ত প্রায় শেষের
দিকে। এছাড়া কমিশনার একরাম হত্যা মামলায় ইতোমধ্যে তার বিরুদ্ধে ফরমাল চার্জ আমরা
রেডি করেছি। এটা সাবমিট করবো খুব শিগগিরই”।
চিফ প্রসিকিউটর
বলেন,
“প্রায় ছয় থেকে সাতটি মামলার
তদন্ত চলছে তার বিরুদ্ধে। অসংখ্য গুমের অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে। তার
বিরুদ্ধে আমাদের ট্রাইব্যুনালের বাইরেও ফিন্যান্সিয়াল ক্রাইমের অসংখ্য অভিযোগ
আছে”।
তিনি জানান,
“ইন্টারপোলের কাছে ওয়ারেন্টের
কপি যাবে। সেই কপি চেয়ে আমাদের পক্ষ থেকে সরকার ইতোমধ্যে আমার জানামতে তাকে
প্রত্যর্পণ চেয়ে, তাকে বিনিময় চেয়ে ইতোমধ্যে তাকে ফেরত চেয়ে আবেদন জানানো
হয়েছে”।
আমিনুল ইসলাম বলেন,
“কূটনৈতিক চ্যানেলে এই প্রক্রিয়া
শেষ হলে সেখানে আমরা যতটুকু জানি একমাস সময় লাগে। হয়তো একমাসের মধ্যেই সংযুক্ত আরব
আমিরাতে সরকার তাকে বাংলাদেশে ফেরত দিবে। তিনি ফেরত আসা সাপেক্ষে আমাদের এখানের
চলমান মামলাগুলোতে তাকে আদালতে আনা হবে”।
তিনি জানান,
বাংলাদেশে ফেরানোর পর বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য
তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে ট্রাইব্যুনাল।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তাকে গ্রেফতার করা হয়।
বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি সাবেক আইজিপির গ্রেফতারের বিষয়টি অবহিত করেন।
ঢাকায় পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট।
সম্প্রতি ইসলামী ছাত্রশিবিরের একজন কেন্দ্রীয় নেতার নিখোঁজ ও আত্মগোপনের অভিযোগ, পরবর্তীতে তাকে পুলিশের উদ্ধার, এবং সবশেষে ওই নেতার বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রুণ হত্যার মামলা দায়েরের ঘটনা নিয়ে আলোচনা সংসদ পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির পর তা নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামীর বিরোধিতায় এ সময় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়।
বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত ‘পুশ ইনের’ নামে ভারতীয়দেরই অনুপ্রবেশ ঘটিয়ে নজীরবিহীন নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা।
বাংলাদেশের এইচএসসি লেভেল সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমমানের বলে জাতীয় সংসদ অধিবেশনে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্য ঘিরে সংসদে হৈ চৈ ও উত্তেজনা হয়েছে। তখন বিরোধী দলের আপত্তির মুখে ওই সংক্রান্ত বক্তব্য এক্সপাঞ্জ করা হয়।