যৌন হয়রানি: রাজশাহীতে এক নারীর সাথে 'অশালীন আচরণ' করার অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় তদন্ত হচ্ছে

বাংলাদেশের রাজশাহীতে এক নারীর সাথে 'অশালীন আচরণ' করার অভিযোগে এক পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে ফেরত পাঠানো হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিবিসি'কে জানান বৃহস্পতিবার রাতে এক নারীর সাথে অশালীন ব্যবহার করায় স্থানীয়রা ঐ পুলিশ সদস্যকে আটক করে রেখে থানায় খবর দেয়।
"অভিযুক্ত পুলিশ সদস্য একজন মহিলার সাথে অশালীন আচরণ করেছিল। তার বিরুদ্ধে যারা অভিযোগ দিয়েছিল, তারা তাকে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয়।"
'অশালীন আচরণ'এর অভিযোগের বিষয়টি 'তদন্ত করে দেখা হবে' বলে জানিয়েছেন মি. কুদ্দুস।
যেই এলাকায় ঘটনাটি ঘটে অতীতে সে এলাকার বাসিন্দা ছিলেন অভিযুক্ত পুলিশ সদস্য, যেকারণে স্থানীয় লোকজন তাকে আগে থেকে চিনতেন, বলছেন তিনি।
"ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্ত সদস্যকে নিয়ে আসে এবং উর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে রাখার সিদ্ধান্ত দেয়।"
মি. কুদ্দুস জানান, স্থানীয় লোকজন বৃহস্পতিবার রাতের ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশের কাছে।
অভিযুক্ত সদস্যকে 'ক্লোজড' করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান মি. কুদ্দুস।
কী ঘটেছিল সেখানে: প্রত্যক্ষদর্শীর বর্ণনা
অভিযুক্ত পুলিশ সদস্য বৃহস্পতিবার রাতে রাজশাহী শহরের একটি এলাকায় এক নারীর সাথে অশালীন আচরণ করলে ঐ নারী চিৎকার করা শুরু করেন - নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে এ কথা বলেন এক প্রত্যক্ষদর্শী।
ঐ প্রত্যক্ষদর্শী বলেন, "ঐ নারী চিৎকার শুরু করার কিছুক্ষণের মধ্যেই আশেপাশের কয়েকটি বাসা থেকে নারীরা বের হয়ে আসেন এবং ঐ পুলিশ সদস্যকে তিরস্কার করতে থাকেন। একপর্যায়ে অভিযুক্ত পুলিশ সদস্য এলাকার একটি বাড়িতে আশ্রয় নেয়।"
এরপর স্থানীয় থানায় বিষয়টি জানালে থানা থেকে পুলিশ এসে অভিযুক্ত পুলিশ সদস্যকে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।








