অনলাইনে মেসি-রোনাল্ডো ভক্তদের 'বিদ্রূপ-যুদ্ধ'

বিশ্বকাপ ফুটবল ২০১৮
ছবির ক্যাপশান, মেসির পেনাল্টি মিস অনলাইনে ব্যাপক বিতর্ক আর রগড়ের বিষয়বস্তু হয়েছে
Published

বিশ্বকাপ ফুটবলে একটি একটি করে দিন যাচ্ছে - আর একটি করে 'বড় দলের' পা হড়কাচ্ছে।

তাদের ভক্ত-সমর্থকরা একদিন প্রতিপক্ষের খারাপ ফলে উল্লাস করছেন, আর তার পরদিনই হতাশ হচ্ছেন নিজের পছন্দের দলের খেলা দেখে।

অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ভক্তদের নানা শিবিরের বাকযুদ্ধ।

শুরুটা হয়েছিল যখন স্পেন রোনাল্ডোর দুরন্ত নৈপুণ্যে পর্তুগালের কাছে পয়েন্ট খোয়ালো।

তার পরদিনই আরো বড় নাটক। আর্জেন্টিনার লিওনেল মেসি'র পেনাল্টি মিস করলেন - ফল: আইসল্যান্ডের সাথে ড্র।

তার পর এলো এবারের সবচেয়ে বড় দুই ফেভারিট ব্রাজিল আর জার্মানির পালা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি তো মেক্সিকোর কাছে হেরেই গেল, আর ব্রাজিল ড্র করে বসলো সুইৎজারল্যান্ডের কাছে।

ফলে ইন্টারনেটে বাংলাদেশে ও তার বাইরে ফুটবল ভক্তদের প্রতিযোগিতা চলছে কে কত সৃষ্টিশীল ভাবে অপরকে ব্যঙ্গবিদ্রুপ করতে পারেন, নিজেদের মূল্যায়ন তুলে ধরতে পারেন।

যেমন টুইটারে মেসিকে একজন চিত্রিত করেছেন 'মিস পেনাল্টি' নামে।

বিশ্বকাপ ফুটবল
ছবির ক্যাপশান, মেসে এখানে মিস পেনাল্টি

এফো ডেলা একজন সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগীর দেহে মেসির মাথা বসিয়ে দিয়েছেন।

লিখেছেন '২০১৮-র মিস পেনাল্টি পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি।'

মেসির পেনাল্টি যেন আর কখনো না মিস না হয় তার উপায় বাতলে দিয়েছেন ফেসবুকে একজন।

সমাধান আর কিছুই নয় - একটি অতিকায় গোলপোস্ট।

বিশ্বকাপ ফুটবল ২০১৮
ছবির ক্যাপশান, মেসির জন্য বিশেষ গোলপোস্ট তৈরির প্রস্তাব করেছেন একজন

অবশ্য তার নিচেই আবার একজন লিখেছেন - যতই পেনাল্টি মিস করুক - মেসি এখনো রোনাল্ডোর চেয়ে 'হাজার গুণ ভালো।'

টুইটারেই একজন প্রকাশ করেছেন 'মেসির পেনাল্টি মিসের খবরে রোনাল্ডোর (অবশ্যই কাল্পনিক) প্রতিক্রিয়া।'

স্পোর্টস ইলাসট্রেটেড নামে একজন একটি ছোট ভিডিও দিয়েছেন।

এতে রোনাল্ডোকে হো হো করে হাসতে দেখা যাচ্ছে।

ভিডিওটি অবশ্য রেয়াল মাদ্রিদ আর ভ্যালেন্সিয়ার একটি খেলার।

বিশ্বকাপ ফুটবল ২০১৮
ছবির ক্যাপশান, রেয়ালমাদ্রিদ-ভ্যালেন্সিয়ার একটি ম্যাচ থেকে এই ছবিটিকে চালানো হয়েছে রোনাল্ডোর 'প্রতিক্রিয়া' হিসেবে

টুইটারে একজন একটি ভিডিও পোস্ট করেছেন - একটি ছ'সাত বছরের ছেলের হাতে অনেকগুলো ফোলানো বেলুন।

সে বেলুনগুলো একসঙ্গে করে বহন করার চেষ্টা করছে।

আর বার বার তার হাত ফসকে দু'একটা করে বেলুন পড়ে যাচ্ছে।

ক্রিস্টিয়াএন নামে একজন তার নিচে মন্তব্য লিখেছেন।

তিনি লিখেছেন: 'মেসি তার অস্তিত্বহীন দলকে বহন করার চেষ্টা করছেন।'

বিশ্বকাপ ফুটবল ২০১৮
ছবির ক্যাপশান, আর্জেন্টিনা দলের ভার বহন করছেন মেসি

কিনিহুন ডুডু নামে একজন দুটি ছবি পাশাপাশি দিয়েছেন।

একটি রোনাল্ডোর গোল করা এবং অপরটি মেসির গোল মিস করার।

তিনি নিচে মন্তব্য করেছেন "ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি'র মধ্যে পার্থক্য। "

বিশ্বকাপ ফুটবল ২০১৮
ছবির ক্যাপশান, টুইটারে একজনের চোখে মেসি আর রোনাল্ডোর পার্থক্য

মেসি আর নেইমার - দুই তারকার ভক্তরাই এখন স্তব্ধ।

শুধু রোনাল্ডোর সমর্থকরাই উল্লাস করছেন।

কারণ তারকাসমৃদ্ধ স্পেনের কাছ থেকে এক-তারকার দল পর্তুগালের পক্ষে পয়েন্ট ছিনিয়ে নেয়া কম কৃতিত্ব নয়।