আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানে ইসরায়েলের 'মিসাইল' হামলা

ইরানের ভূ-খণ্ডে ইসরায়েলি 'মিসাইল' আঘাত করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ইসফাহান প্রদেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে ইরান বলছে, দেশের বাইরে থেকে হামলার বিষয়ে তারা নিশ্চিত নয়।

সরাসরি কভারেজ

  1. ইরানের ইস্ফাহানে হামলার ভিডিও ফুটেজ

    ইস্ফাহানে হওয়া হামলার সমযকার এই ভিডিও ফুটেজ সেখানকার একজন বাসিন্দার মোবাইল ফোনে ভিডিও করা।

    শুক্রবার ভোরে এই ভিডিওটি করা হয়েছে।

  2. ইরানে কোনো মিসাইল হামলা হয়নি: কর্তৃপক্ষ

    ইরানের ‘ন্যাশনাল সেন্টার ফর সাইবারস্পেস’ এর পক্ষ থেকে ইরানে মিসাইল হামলার বিষয়টি সরাসরি অস্বীকার করা হয়েছে।

    সামাজিক মাধ্যম এক্সে সংস্থাটির মুখপাত্র হোসেইন দালিরিয়ান মন্তব্য করেছেন: “ইস্ফাহান বা দেশের অন্য কোনো জায়গায় সীমান্তের বাইরে থেকে কোনো হামলা হয়নি।”

    তিনি আরো লিখেছেন যে ইসরায়েল ‘কোয়াডকপ্টার (ড্রোন) পাঠানোর ব্যর্থ ও বিব্রতকর একটি প্রয়াস করেছে এবং সেসব কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে।’

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও একই ধরনের রিপোর্ট করেছে। তারা জানিয়েছে রাতে দেশের ভেতরের একাধিক অঞ্চলে ডিফেন্স সিস্টেম কার্যকর করা হলেও কোনো সংঘাত বা বিস্ফোরণের খবর পাওয়া যায়নি।

  3. ইরানের পরমাণু কর্মসূচির 'কেন্দ্র' ইস্ফাহান - সাবেক মার্কিন কর্মকর্তা

    সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিটের সাথে কথা হয় বিবিসির।

    ইস্ফাহানের গুরুত্ব এবং কেন ইসরায়েল বিমান হামলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে স্থানটিকে বেছে নিতে পারে, সেই সম্পর্কে জানান তিনি।

    “ইস্ফাহান একরকম ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল। প্রশিক্ষণ, গবেষণা থেকে শুরু করে দেশটির পারমাণবিক সামর্থ্য বাড়ানোর সব কার্যক্রম পরিচালিত হয় এখানে।”

    "সুতরাং, এটি ইসরায়েলের হামলার একটি সম্ভাব্য জায়গা। কারণ ইসরায়েলিদের সবচেয়ে বড় ভয় ইরানের বর্তমানের ক্ষেপণাস্ত্র হামলা নয়, ভবিষ্যতে পারমাণবিক হামলার আশঙ্কা।

  4. ইরানের পরমাণু কার্যক্রম নিরাপদ – ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইবি ‘নির্ভরযোগ্য সূত্রের’ বরাত দিয়ে জানাচ্ছে যে ইস্ফাহানের পারমাণবিক কার্যক্রমের কেন্দ্রগুলো ‘সম্পূর্ণ নিরাপদ’ রয়েছে।

  5. তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরের ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে।

    দেশটির বার্তা সংস্থা আইআরএনএ জনিয়েছে, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

    ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার দেশটির বেশিরভাগ অঞ্চলের ফ্লাইট স্থগিত করা হয়েছিল।

  6. উত্তর ইসরায়েলে সাইরেন শোনা গেছে – ইসরায়েলি সেনাবাহিনী

    বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে জানাচ্ছে যেেউত্তর ইসরায়েলে সাইরেনের শব্দ শোনা গেছে।

    তবে এ সম্পর্কে এখনই বিস্তারিত জানা যাচ্ছে না, কারণ ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে ‘এই মুহুর্তে’ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করবে না বলে জানিয়েছে।

  7. ‘মিনি-ড্রোন’কে প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়

    ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি 'নির্ভরযোগ্য' সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কয়েকটি মিনি ড্রোনকে প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়।

    প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার ফলেই দেশটির বেশ কয়েকটি প্রদেশে প্রচণ্ড শব্দ শোনা গেছে।

    খবরে বলা হচ্ছে, রানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু অজ্ঞাত মিনি ড্রোনকে প্রতিহত করেছে।

  8. ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় - রাষ্ট্রীয় গণমাধ্যম

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, দেশটির কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

    ইরনা তাদের খবরে বলছে, ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত করেছে।

  9. হামলা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

    শুক্রবার ভোরে ইস্ফাহানে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে। রাজধানী তেহরান থেকে প্রদেশটির দূরত্ব সাড়ে তিনশো কিলোমিটার। ইস্ফাহানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত। দেশটির অন্যতম বড় সামরিক বিমান ঘাঁটিও রয়েছে এখানে।

    ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইস্ফাহান শহর নিরাপদ অবস্থায়ই আছে। বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন করছেন।

    রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়, কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।

    “প্রতিরক্ষা কাঠামো থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে,”বলে জানাচ্ছে আইআরএনএ।

  10. ইস্ফাহান শহরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে

    শুক্রবার ভোরে ইরানের ইস্ফাহান শহরের উত্তর-পশ্চিম অঞ্চলে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স।

    ফার্স তাদের খবরে জানিয়েছে বিস্ফোরণটি শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হয়েছে। তবে এই বিস্ফোরণের কারণ কী তা সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি তারা।

    ইস্ফাহান প্রদেশে ইরানের বড় বিমান ঘাঁটি আছে। এছাড়াও সেখানে মিসাইল উৎপাদন কেন্দ্র ও একাধিক নিউক্লিয়ার সাইট রয়েছে।

  11. ইরানে ইসরায়েলি মিসাইলের আঘাত

    ইসরায়েলের একটি মিসাইল ইরানে আঘাত করেছে বলেছে বিবিসিকে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রে বিবিসি'র সহযোগী সংবাদ মাধ্যম সিবিএস নিউজ।

    বার্তা সংস্থা এপি'র বরাত দিয়ে ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে যে ইরানের বিভিন্ন শহরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

    ইসরায়েলের মাটিতে ইরান হামলা করার পর থেকে ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েলও কয়েকদিন আগে হুমকি দিয়েছিল যে তারা শনিবার রাতে ইরানে হামলা করবে।