মোহাম্মদপুরের বাদশা ফয়সাল ইনস্টিটিউট ভোট পড়েছে ৩৭৮টি
রাজধানীর মোহাম্মদপুরের বাদশা ফয়সাল ইনস্টিটিউট ভোটকেন্দ্রে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭৮টি।
কেন্দ্রটিতে মোট ভোটার আছে ৩ হাজার ২৫৯জন।



কম ভোটারের উপস্থিতি ও নানা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর বেশিরভাগ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে একে 'ডামি নির্বাচন' বলে অভিযোগ করেছে বিএনপি।
রাজধানীর মোহাম্মদপুরের বাদশা ফয়সাল ইনস্টিটিউট ভোটকেন্দ্রে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭৮টি।
কেন্দ্রটিতে মোট ভোটার আছে ৩ হাজার ২৫৯জন।



নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভোট শুরুর পর সাড়ে তিন ঘণ্টায় ২ হাজার ৪০০ ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা। নারী ও পুরুষ মিলিয়ে কেন্দ্রটিতে মোট ভোটার আছে ৪ হাজার ২২০ টি।



মুন্সিগঞ্জের মিরকাদিমে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে বলে বিবিসিকে নিশ্চিত করেছে পুলিশ। মুন্সিগঞ্জ সদর থানার ইন্সপেক্টর আনছার উজ জামান জানান, নিহতের নাম জিল্লুর রহমান, তার বয়স ৪৫ বছর, তিনি শ্রমিক লীগের একজন কর্মী।
জানা যায় মিরকাদিম পৌরসভার টেঙ্গর তিন রাস্তার মোড়ে ঐ ব্যক্তি হেঁটে যাবার সময় তার উপর কে বা কারা হামলা করে। পুলিশ বলছে নিহত ব্যক্তিও একটি হত্যা মামলার আসামী, পূর্বশত্রুতার জেরে তার উপর হামলা হয়ে থাকতে পারে।
চট্টগ্রামে পাহাড়তলী কলেজে দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে।
এটি চট্টগ্রাম-১০ আসনের এলাকা। হালিশহর-পাহাড়তলী-খুলশী এলাকা নিয়ে গঠিত এই এলাকায় নৌকার প্রাথী মোঃ মহিউদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।
গুলিবিদ্ধ হওয়ার এই ঘটনা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি উত্তর।

বাংলাদেশে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভোট সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন তথ্য। এরই মধ্যে দেখে নেওয়া যাক ভারতের কয়েকটি বাছাই করা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর-
এই সময়- বন্ধ আর বয়কটের আবহেই আজ ভোট বাংলাদেশে
ট্রেন পোড়ানর পরদিনই একাধিক নির্বাচনি বুথে আগুন। বন্ধের ডাক, সঙ্গে বিক্ষোভ। এই অশান্ত পরিস্থিতির মধ্যেই আজ, রবিবার সাধারণ নির্বাচন বাংলাদেশে। ভোট বয়কটের ডাক আগেই দিয়েছিল বাংলাদেশের বিরোধী দল বিএনপি। শনিবার ভোর ছ’টা থেকে ৪৮ ঘণ্টা বন্ধের ডাকও দেয় তারা। তারই মধ্যে একাধিক জায়গায় অগ্নি সংযোগের খবর। অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশে শান্তিপূর্ণ ভোট করানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আনন্দবাজার পত্রিকা- পঞ্চায়েত ভোটকে ‘ঠেস’, আজ পরীক্ষায় বাংলাদেশ
এবার নির্বাচন নিয়ে বেশ একটা বৈঠকি মেজাজে অনেকে। দেশ জুড়ে এই মেজাজের কথা বলছে সরকারও। ঢাকার গোপীবাগ স্টেশনে শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনা নিশ্চিত ভাবেই তাতে টোল ফেলেছে। কিন্তু জনজীবনে এই ঘটনার খুব যে প্রভাব পড়েছে তা হয়, বরং এক ভারতীয় সাংবাদিক নাশকতার প্রেক্ষিতে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তোলায়, পঞ্চায়েত নির্বাচনকে উল্লেখ করে পশ্চিমবঙ্গকেই ঠেস দিলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার। কাজি হাবিবুল আউয়াল বলেন, “পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে তো ৪২ জন মারা গিয়েছিলেন, তাহলে কি বলতে হবে ভারতে গণতান্ত্রিক পরিবেশ নেই?”
দ্য টাইমস অফ ইন্ডিয়া- বাংলাদেশ ভোটস টুডেঃ ফোরথ টার্ম লাইকলি ফর হাসিনা
প্রধান বিরোধী দল বিএনপি ভোট বয়কটের কারণে টানা চতুর্থ বার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং বিক্ষিপ্ত হিংসার ঘটনার মাঝেই রবিবার বাংলাদেশে নির্বাচন। তিনশো টি সিটের নির্বাচনের ফলাফল সোমবার জানা যাবে বলে অনুমান করা হচ্ছে। যেহেতু ভারত যৌথভাবে উগ্র চরমপন্থা এবং মৌলবাদ দমন করতে চায় তাই ওই অঞ্চলে হাসিনার ক্ষমতায় আসা শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
হিন্দুস্তান টাইমস- টেনশনস হাই ইন বাংলাদেশ আহেড অফ ক্রুশিয়াল ইলেকশনস- বাংলাদেশে পোলিং বুথে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যা ঘটেছে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৪ জনের মৃত্যুর ঠিক পরদিনই। গণতান্ত্রিক পরিবেশকে নিশানা করতে ট্রেনের ওই অগ্নিসংযোগের ঘটনা, এমনটাই দাবি করেছে সরকার। সাধারণ নির্বাচনের ঠিক আগে শনিবার ৪৮ ঘণ্টার বন্ধ ডেকেছে প্রধান বিরোধীদল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য টানা চতুর্থবার ক্ষমতায় আসা। এই সব মিলিয়ে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে তীব্র উত্তেজনা।

ছবির উৎস, EI SAMAY
নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাচ্ছে, সারাদেশে ভোটে ৩৭টি স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনা পাওয়া গেছে।
জাল ভোটের অভিযোগে আটক করা হয়েছে ৬ জনকে।
বরগুনায় একজনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।।
অন্যদিকে চট্টগ্রামের এক মহিলা চেয়ারম্যান আটক করা হয়েছে।
বিবিসি বাংলায় নির্বাচন নিয়ে প্রতি ঘণ্টার বিশেষ আয়োজনে যোগ দেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এবং রাজনৈতিক লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ।
আলোচনার এক পর্যায়ে মহিউদ্দিন আহমদ মন্তব্য করেন আওয়ামী লীগ ও শেখ হাসিনা এবারের নির্বাচনে ভিন্ন কৌশল নিয়ে এগুচ্ছে।
তিনি বলেন, "আমি জানিনা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটা ঠিক কীভাবে বলা হবে, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, মার্কা আলাদা কিন্তু একই দলের। এই কৌশলটা বাংলাদেশের প্রেক্ষিতে নতুন।" তবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি-না সেটা ভোটার উপস্থিতির উপর নির্ভর করবে বলে মনে করেন তিনি।
আর এখন পর্যন্ত ভোটার উপস্থিতি খুব একটা আশাব্যঞ্জক নয় বলে মনে করেন এম সাখাওয়াত হোসেন। সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, "যদি ৫০-৬০ শতাংশ ভোট পড়তে হয় তাহলে সকালের আড়াই ঘণ্টায় অন্তত ১০ শতাংশ ভোট সম্পন্ন হবার কথা। কিন্তু সেটা হয়নি।"
গাজীপুর ২ আসনের টঙ্গীতে পলাগাছ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মাসুদুর রহমান জানিয়েছেন, ভোট শুরুর পর দুই ঘণ্টায় ২১৭ ভোট পড়েছে এ কেন্দ্রে। এখানে মোট ভোটার ৩২০১ জন। সে হিসেবে দুই ঘণ্টায় মাত্র ছয় দশমিক ছয় সাত শতাংশ ভোট পড়েছে।
বিবিসি বাংলার প্রতি ঘণ্টার লাইভ আয়োজন সরাসরি দেখতে পারেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে নরসিংদী-৪ আসনের একটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করেছে নির্বাচন কমিশন।
“অভিযোগটির সত্যতা পাওয়ায় সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছি। আর সব জায়গায় ভালোভাবে ভোট হচ্ছে,” বিবিসি বাংলাকে বলছিলেন নরসিংদীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডঃ বদিউল আলম।
ওই আসনে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার দলেই নেতা সাইফুল ইসলাম খাঁন বীরু। তিনি সেখানকার একটি উপজেলার পাঁচবারের চেয়ারম্যান।
স্থানীয়রা বলছেন ভোট শুরুর সঙ্গে সঙ্গেই সেখানে ব্যাপক হৈ চৈ শুরু হয় এবং একজন প্রার্থীর ছেলের বিরুদ্ধে ব্যালটে সিল মারার অভিযোগ ওঠে।
খবর পেয়ে প্রশাসনের লোকজন সেখানে পৌঁছায় ও প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়।
সকাল সোয়া দশটা পর্যন্ত মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রের পুরুষদের জন্য নির্ধারিত চারটি বুথে মোট ভোট পড়েছে ১০৭টি।
কেন্দ্রটিতে মোট ভোটার আছেন ১ হাজার ৯৯১জন। অর্থাৎ দুই ঘণ্টায় ভোট পড়েছে পাঁচ শতাংশ।
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের নারী ভোটকেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮৪৯জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৪০টি।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমান বিবিসিকে জানিয়েছেন, সকাল ১১টা থেকে দুপুর দুইটা ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ সময়। শীতের সকালে ভোট শুরু হওয়ায় ভোটার উপস্থিতি এই সময়ে বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে খা খা করছে। সাড়ে নয়টা থেকে মাত্র দুইজন ভোটার দেখা গেছে।
কোন কোন বুথে ভোটই পড়েনি। কয়েকটা বুথে ১০-১২টা ভোট পড়েছে।
সকাল পৌনে ১০টার দিকে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজেও একই চিত্র দেখা গেছে, যেখানে ভোটার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য।
কেন্দ্রের বেশিরভাগ বুথেই কোন ভোট পড়েনি। এরমধ্যে কয়েকটা বুথে ১০ থেকে ১২ টা করে ভোট পড়েছে।
সকাল ১০টায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ৮টি বুথে ভোট গ্রহণ চলছে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬৫১। সকাল ১০টায় ভোট দিয়েছেন ৩১ জন।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে কেন্দ্রে মোট ৩টা বুথে ভোট গ্রহণ চলছে। এখানে মোট ভোটার ১৯১০। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে আনুমানিক ১৫০টি।
এই কেন্দ্রগুলোর বুথে গিয়ে দেখে গেছে সহকারী প্রিজাইডিং অফিসার ও এজেন্টরা নিজেদের মধ্যে গল্প করে অলস সময়য় কাটাচ্ছেন। কারণ ভোটার আসছে না।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন প্রতিটি কেন্দ্রে সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে।
“আমরা ভোট দিলাম। কোন অসুবিধা হয়নি। এ পর্যন্ত যত জায়গায় খোঁজ পেয়েছি, প্রতিটি কেন্দ্রে সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে,” ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন সেনাবাহিনীর প্রতিটি স্তরের সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।
“রিটার্নিং অফিসাররা যেভাবে চাইছেন বা নির্বাচন কমিশন যেভাবে চাইছে আমরা কাজ করছি। গভীর রাত থেকে ব্যালট পেপার সরবরাহ শুরুর পর যখনি বলা হয়েছে আমরা দায়িত্ব পালন করেছি,” বলছিলেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের পর সহিংসতা হলে বেসামরিক প্রশাসনের সহায়তায় যে দায়িত্ব দেয়া হবে সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে ও নিরপেক্ষতার সাথে আমরা সেই দায়িত্ব পালন করবো” ।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছে এবং সামনে উপস্থিতি আরও বাড়বে।
“শীতের সকাল। ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন। রংপুরের পরিস্থিতি ভালো। এখন পর্যন্ত উপস্থিতি স্বাভাবিক। সামনের দিকে আরও বাড়বে। ভোটার আরও বাড়বে,” রংপুরে সাংবাদিকদের বলছিলেন মি.কাদের।
তিনি রংপুর -৩ আসন থেকে এবার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার স্ত্রী শেরিফা কাদের ঢাকার একটি আসনে দলীয় প্রার্থী হয়েছে।

নোয়াখালীর কোম্পানিগঞ্জে ভোট দেয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যারা ভোট বর্জনের আহবান জানিয়েছিলো ভোটাররা তাদেরই বর্জন করেছে।
“শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট হচ্ছে। ভোটারদের স্বত:স্ফূর্ত সমর্থন ও উপস্থিতি প্রমাণ করে যে যারা ভোট বর্জন করার জন্য নাশকতা ও সহিংসতার আশ্রয় নিয়েছে তারা আবারো পরাজিত হলো,” সাংবাদকিদের বলছিলেন মি. কাদের।

অনিয়মের কারণে দুই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। একটি হল কিশোরগঞ্জ ৬ আসনের ৩৯ নম্বর কেন্দ্র, আর আরেকটি হয় নরসিংদী ৪ আসনের ১৩৪ নম্বর কেন্দ্র।
নির্বাচন কমিশন জানায় এই দুটি কেন্দ্রে সকাল থেকেই অনিয়ম আর কারচুপির অভিযোগ আসছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় সকাল ৯টা ৫০ মিনিটে নরসিংদী ৪ এর ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিশোরগঞ্জ-৬ এর বধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ সাময়িক স্থগিত করে।


নারায়ণগঞ্জের-১ আসনের রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পর্যবেক্ষণে এসে নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলেছেন তৃণমূল বিএনপির সদস্য সচিব তৈমুর আলম খন্দকার।
নারায়ণগঞ্জের-১ আসনের চনপাড়ার ভোটকেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না বলে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন।
কেন্দ্রটিতে ১৮ হাজার ভোটার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমে ছবি এলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
এ সময় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা।
"বিরোধী দলের শঙ্কা সত্যি হয়েছে, নির্বাচন সুষ্ঠু হবে না", বলেন তিনি।
তবে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন বলেও জানান তিনি।
"আমরা নির্বাচন চালিয়ে যাব। শেষ অব্দি দেখবো।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কমিটমেন্ট কতটা রক্ষা করতে পারেন আমরা দেখবো", বলেন তিনি।
ফরিদপুরের গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ২৫টি।
এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২,৭৯২ জন। প্রথম দুই ঘণ্টায় গড়ে ৩০টি ভোট পড়েছে বলে জানাচ্ছেন বিবিসি বাংলার সংবাদদাতা তাফসীর বাবু।
ফরিদপুর-৩ আসনে লড়ছেন ছয়জন প্রার্থী। এই আসনে মোট চার লাখ ২ হাজার ভোটার আছেন।


নির্বাচনের দিন সকালে হরতালের সমর্থনে চট্টগ্রাম-৮ আসনে মিছিল করতে দেখা যায় বিএনপির কিছু সমর্থককে। পুরাতন চাঁদগাও থানার সামনে আরাকান রোডে তাদের বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় স্ট্রাইকিং ফোর্স।
সেখান থেকে বিবিসির শাহনেওয়াজ রকি জানান শহরের খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে সকাল ৯টার দিকে বিএনপি সমর্থক কিছু তরুণ হরতালের সমর্থনের বিক্ষোভ মিছিল বের করে। এসময় লাঠি হাতে ভোট বর্জনের জন্য শ্লোগান দেয় তারা।
এসময় একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতেও দেখা যায় তাদের। পুলিশ ভ্যানটি চলে যাবার মিনিট দশেক পর স্ট্রাইকিং ফোর্স এসে মিছিলকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তার দুই পাশে আটকা পড়েন অনেক সাধারণ ভোটারও।

গাজীপুরের টঙ্গি এলাকা থেকে বিবিসির সংবাদদাতা জান্নাতুল তানভী জানাচ্ছেন, গাজীপুর-২ আসনের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর ভোটারের উপস্থিতি অনেক কম। ১০ মিনিট পরে প্রথম ভোট পড়েছে।
গাজীপুর দুই আসনে যে নয়জন প্রাথী রয়েছেন, তাদের মধ্যে আওয়ামী লীগের প্রাথীর এজেন্টদের দেখা গেছে। অন্য প্রাথীদের কোন এজেন্টকে সকাল ৯টা পর্যন্ত দেখা যায়নি।
তবে কেন্দ্রে সকালের দিকে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
নারায়ণগঞ্জ-১ আসনের রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণের সার্বিক দিক জানাচ্ছেন বিবিসি বাংলার সংবাদদাতা আবুল কালাম আজাদ।
কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কম। প্রথম ভোটটি পড়েছে ভোট গ্রহণ শুরু হবার ২০ মিনিট পর এবং প্রথম ৪৫ মিনিটে মোট ৬৬টি ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার।
নারায়ণগঞ্জ-১ আসনে মোট ৯জন প্রার্থী আছেন। আর আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজারের বেশি।
বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্রবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি কাজ করছে বিজিবি, র্যাব ও পুলিশসহ সব বাহিনীর সদস্যই।
এদিকে নির্বাচন কেন্দ্র করে দেশজুড়ে নানা সহিংসতার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে ঢাকায় ট্রেনে আগুন দেয়া ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে হামলাসহ বিভিন্ন ধরনের সহিংসতার খবর পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে ১৮ই ডিসেম্বর নির্বাচনি প্রচার শুরুর পর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত ১৮ দিনে ১৫৬ টি জায়গায় নির্বাচনি সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে।
আর এতে মৃত্যু হয়েছে তিনজনের।
সকালেই নিজের ভোট প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি রাজশাহী ৬ আসনে টানা চতুর্থবার সংসদ সদস্য হওয়ার জন্য লড়ছেন।
নিজের নির্বাচনি এলাকা বাঘা-চারঘাটের রুস্তমপুর প্রাথমিক বিদ্যালয়, আড়ানীর ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। এ আসনে এবার আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হানের সাথে তার কঠোর প্রতিদ্বন্দ্বীতার আভাস মিলেছে।

ছবির উৎস, শাহরিয়ার আলম