সমাবেশ ঘিরে দিনভর সংঘর্ষের পর রোববার বিএনপির হরতাল

ঢাকায় বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামীর কর্মসূচি নিয়ে সংঘর্ষ এবং সহিংসতায় একজন পুলিশ সদস্যসহ মোট দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে মহাসমাবেশে হামলার অভিযোগ তুলে রবিবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি। পাল্টা শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার সারাদিনের ঘটনা প্রবাহ নিয়ে ছিল বিবিসি বাংলার সরাসরি আয়োজন।

সরাসরি কভারেজ

  1. গত কয়েক দিন ধরেই সমাবেশের অনুমতি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল দুই দলেরই। বিএনপি নয়া পল্টনে তাদের দলীয় প্রধান কার্যালয়ের সামনেই সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিকে।

    অন্যদিকে আওয়ামী লীগও জানায় তারা শান্তি ও উন্নয়ন কর্মসূচি করবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে এ দুটি দলের কাছেই সমাবেশের বিকল্প ভেন্যুর প্রস্তাব চায় ডিএমপি। তবে দুটি দলই অনড় থাকে তাদের নিজেদের নির্ধারিত ভেন্যুতেই সমাবেশ করার ব্যাপারে। শেষ পর্যন্ত শুক্রবার দুপুরের পর দুটি দলকেই সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ।

    এই খবরটির বিস্তারিত পড়ুন এখানে।

  2. রাজধানীর আমিন বাজারে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করার কারণে সৃষ্টি হয়েছে যানজটের।

    ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে যানজট

    ছবির উৎস, নাগিব বাহার

    ছবির ক্যাপশান, ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে যানজট
  3. রাজধানীর আমিনবাজারে পুলিশের চেকপোস্ট

    ছবির উৎস, নাগিব বাহার

    ছবির ক্যাপশান, রাজধানীর আমিনবাজারে পুলিশের চেকপোস্ট
  4. আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ নিয়ে বিবিসি বাংলার লাইভ আয়োজন

    আজ ২৮শে অক্টোবর রাজধানীতে পাল্টাপাল্টি কর্মসূচি ডেকেছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দফা দাবিতে মহাসমাবেশ করছে প্রধান বিরোধী দল বিএনপি।

    অন্যদিকে বায়তুল মোকাররমের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

    এ নিয়ে রাজধানী ঢাকা জুড়ে গত কয়েকদিন ধরেই নানান শঙ্কা ও উত্তেজনা বিরাজ করছে।

    আজ রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে সারাদিনের আপডেটগুলো জানাবেন বিবিসি বাংলার সংবাদদাতারা। সেসব নিয়েই আমাদের আজকের এই লাইভ আয়োজন।