আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রবিবার সন্ধ্যায় টেকনাফ -রাখাইন উপকূল দিয়ে মিয়ানমারে প্রবেশ করে দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

সরাসরি কভারেজ

  1. ঘূর্ণিঝড়টি কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করছে: আবহাওয়া অধিদপ্তর

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, ঘূর্ণিঝড়টি কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করছে। বিকাল ৩ টা নাগাদ উপকূল এবং সন্ধ্যা নাগাদ মিয়ানমারের সিতওয়ের নিকট দিয়ে কক্সবাজার ও উত্তর-মিয়ানমার উপকূল অতিক্রম শেষ করতে পারে।

    ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

    এছাড়া অতি ভারী বৃষ্টির প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হবার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

  2. কক্সবাজারের হোটেল, রিসোর্টেও আশ্রয় নিয়েছে মানুষ

    কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানিয়েছেন, সেখানকার আশ্রয়কেন্দ্র এবং হোটেল, রিসোর্টসহ সব জায়গায় অন্তত আড়াই লাখ মানুষকে আশ্রয় দেয়া হয়েছে। এই মানুষদের প্যাকেটজাত রান্না করা খাবারসরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

  3. সকাল থেকে বিদ্যুৎ নেই মিয়ানমারে

    মিয়ানমার আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘এক্সট্রিম সিভিয়ার সাইক্লোন স্টর্ম’ মোখা সিতওয়ে অতিক্রম করা শুরু করেছে। প্রতি ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১২০ মাইল, যা ১৩৭ মাইল পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

    বিভিন্ন জায়গায় সকাল থেকে বিদ্যুৎ নেই, ওয়াইফাই সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। ইন্টারনেট সংযোগের জন্য এখন শুধু মোবাইল ডাটাই কাজ করছে মিয়ানমারে।

  4. দুপুরের পর ঘূর্ণিঝড়টি রাখাইন উপকূলে আঘাত হানবে: মিয়ানমার আবহাওয়া অধিদপ্তর

    মিয়ানমার আবহাওয়া অধিদপ্তর বলছে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রাখাইন উপকূলে আঘাত হানবে। সংস্থাটি বলছে সিতওয়েতে ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে শুরু করেছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি সিতওয়ে অতিক্রম করবে।

    ইতোমধ্যে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।

    তবে সিতওয়ের পরিস্থিতি খারাপ বলে জানা যাচ্ছে। ঝড়ো হাওয়ায় সেখানে একটি টেলিকম টাওয়ার ভেঙে পড়েছে।

    মিয়ানমার আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র বিবিসি বার্মিজ সার্ভিসকে জানিয়েছেন- মিয়ানমার উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে এবং আগামী দুই ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টির কেন্দ্র সিতওয়ে অতিক্রম করবে।

  5. টেকনাফের আশ্রয়কেন্দ্রের পরিস্থিতি

  6. উপকূলীয় এলাকায় বইছে ঝড়ো হাওয়া

    ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে কয়েকটি উপকূলীয় এলাকায় বইছে ঝড়ো হাওয়া, বৃষ্টিও শুরু হয়েছে কয়েক জায়গায়।

  7. সেন্ট মার্টিন ও টেকনাফের সর্বশেষ পরিস্থিতি

  8. 'ঘূর্ণিঝড় মোখা অগ্রসর হচ্ছে মিয়ানমারের দিকে'

    বাংলাদে শআবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন, অতিপ্রবল ঘূর্ণিঝড়টি যে অঞ্চল দিয়ে অতিক্রম করছে সেটা টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দক্ষিণ দিকে।

    “মিয়ানমারের সিতওয়ে দিয়ে অতিক্রম করাতে বাংলাদেশে ঝুঁকির পরিমাণ কম। বিশেষ করে কক্সবাজার, টেকনাফ এসব অঞ্চলে ঝুঁকির পরিমাণ অনেকটা কম। বেশি ঝুঁকি হবে মিয়ানমার ও তার দক্ষিণের অঞ্চলে” সাংবাদিকদের বলেন মি. রহমান।

  9. কক্সবাজারের আশ্রয়কেন্দ্রগুলোতে ভিড় আরও বাড়ছে

    কক্সবাজারে আশ্রয়কেন্দ্রগুলোতে স্থানীয়রা জড়ো হয়েছেন।

    সেখান থেকে সংবাদদাতা শাহনেওয়াজ রকি জানাচ্ছেন, অনেকে আশ্রয়কেন্দ্রগুলোর বারান্দায় রাত কাটিয়েছেন। বাতাসের গতি বাড়ার সাথে সাথে এখনো অনেকে আসছেন আশ্রয়কেন্দ্রগুলোতে।

    অনেক শিশুকে অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে।

  10. বিকাল চারটার পর থেকে দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় মোখা: আবহাওয়া অধিদপ্তর

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় মোখার পিক আওয়ার হবে দুপুর ১২টা থেকে ৩টা, অর্থাৎ এই সময়ের মধ্যে ঘূর্ণিঝড় বাংলাদেশ অংশে আঘাত হবে।

    এর মধ্যে দুপুর ১২টা নাগাদ এটি সেন্ট মার্টিনে আঘাত হানবে।

    ইতোমধ্যে বঙ্গোপসাগর, নাফ নদী এবং সংলগ্ন নদীগুলোতে জোয়ার শুরু হয়েছে, এবং বিকাল চারটা নাগাদ জোয়ারের তীব্রতা বাড়বে।

    এ সময়ে আট থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। তবে জলাবদ্ধতা বা পানি জমে থাকবে না বলে জানিয়েছেন মি. রহমান।

    বিকাল চারটার পর থেকে মোখা দুর্বল হতে শুরু করবে এবং সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের তীব্রতা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  11. টেকনাফের শাহ পরীর দ্বীপের মানুষজন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছেন

  12. ঘূর্ণিঝড় মোখাকে 'এক্সট্রিম সিভিয়ার সাইক্লোন' বলছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর

  13. ব্রেকিং, ঘূর্ণিঝড় ১২টা থেকে ৩টা নাগাদ উপকূল অতিক্রম করবে: আবহাওয়া অধিদপ্তর

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, ঘূর্ণিঝড়টি ১২টা থেকে ৩টা নাগাদ উপকূল অতিক্রম করবে।বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ২১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

    কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে। এছাড়া চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

  14. 'কক্সবাজারের পাহাড়ি এলাকা থেকে স্থানীয়রা সরতে চাইছে না'

    কক্সবাজারের পাহাড়ি এলাকা থেকে স্থানীয়দের সরে যেতে প্রচারণা চালানো সত্ত্বেও সেখান থেকে তারা সরছে না বলে অভিযোগ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

    রবিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান-কক্সবাজারের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানিয়েছেন, বারবার তাদের পাহাড় ধসের ঝুঁকির কথা বলা হলেও তারা সেটা মানছে না।

    সাংবাদিকদের তিনি বলেন, তারা মানুষকে সচেতন করতে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দমকল কর্মীরা এখনও মাইকিং চালিয়ে যাচ্ছেন।

    ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকা ঝুঁকির মুখে রয়েছে বলে আবহাওয়াবিদরা আগে থেকেই জানিয়ে আসছেন।

  15. বাংলাদেশে ১৫ লাখের বেশি শিশু ঝুঁকির মধ্যে: সেভ দ্য চিলড্রেন

    আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন বলেছে, ঘূর্ণিঝড় মোখার কারণে বাংলাদেশে ১৫ লাখের বেশি শিশু ঝুঁকির মধ্যে রয়েছে।

    ঘূর্ণিঝড়ের ফলে কক্সবাজারে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় ঘটতে পারে এমন আশংকা করছে সংস্থাটি। বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের প্রধান ওনো ভন মানেন শনিবার ১৩ই মে এক বিবৃতিতে এসব কথা বলেছেন। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে প্রায় পাঁচ লাখ শিশু বাস করে, এবং ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসের ফলে শিশুরা ব্যাপকভাবে আক্রান্ত হতে পারে বলে আশংকা প্রকাশ করেছে সংস্থাটি।

  16. সেন্ট মার্টিনে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে

  17. সেন্ট মার্টিনের রিসোর্টগুলোতে আশ্রয় নিয়েছে বহু মানুষ

    সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, সেখানকার ৪০টিরও বেশি রিসোর্টে ছয় হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। ইতোমধ্যে সেন্টমার্টিনের বহুতল হাসপাতাল, সাইক্লোন সেন্টার ও গেস্ট হাউজের পাশাপাশি বহুতল রিসোর্টগুলোকেও আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

    সেখানকার আশ্রয়কেন্দ্রগুলোতে কী পরিস্থিতি এই নিয়ে বিস্তারিত জানতে পারবেন বিবিসি বাংলার এই প্রতিবেদনে- সেন্ট মার্টিনের সব হোটেল এখন আশ্রয়কেন্দ্র, তিল ধারণের জায়গা নেই

  18. জোয়ারের উচ্চতা ১২ ফুট অতিক্রম করতে পারে: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

    আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের পিক আওয়ার হবে দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রামে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট বেশি উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হতে পারে।

  19. ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ বাংলাদেশ উপকূল অতিক্রম করছে: আবহাওয়া অধিদপ্তর

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ বাংলাদেশ উপকূল অতিক্রম করছে। ঘূর্ণিঝড়টি সেন্টমার্টিনের পাশ ঘেঁষে বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমার অতিক্রম করছে।

  20. মিয়ানমারের সিতওয়ে থেকে বিবিসি সংবাদদাতার পাঠানো ছবি