রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিবিসি বাংলার আজকের লাইভ আপডেট এখানেই শেষ হচ্ছে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ইউক্রেনে উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম দিনিপ্রো আর লুৎস্ক শহরে বোমাবর্ষণ শুরু করেছে রুশ সেনাবাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবশেষ খবর।
সরাসরি কভারেজ
নাগিব বাহার and পুলক গুপ্ত
ইউক্রেন সংকট: আজকের দিনের প্রধান খবরগুলো
ইউক্রেনে অভিযানের আওতা বাড়াচ্ছে রাশিয়া। লুটস্ক, ইভানো-ফ্রাংকিভস্ক এবং দনিপ্রোর ওপর রুশ আক্রমণ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে রুশ ভদকা, সামুদ্রিক খাদ্য এবং হীরা আমদানিনিষিদ্ধ করেছেন।
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ-সমর্থিত সৈন্যদের পাশাপাশি লড়াই করতে স্বেচ্ছাসেবী যোদ্ধা পাঠানোর পরিকল্পনাকে সমর্থন করেছেন।
ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি ‘মেটা’কে একটি উগ্রপন্থী সংস্থা হিসেবে ঘোষণা এবং রাশিয়ায় এর কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দফতর।
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেছেন যে মস্কোর বাহিনী ইউক্রেনে জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলার তথ্যপ্রমাণ পেয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভাষণে তার দেশে জীবাণু অস্ত্র তৈরি করছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে তা জোর দিয়ে অস্বীকার করেছেন।
ইউক্রেনে 'জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলার প্রমাণ' পাবার দাবি রাশিয়ার
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেছেন যে মস্কোর বাহিনী ইউক্রেনে জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলার তথ্যপ্রমাণ পেয়েছে।
নিরাপত্তা পরিষদের এক বিশেষ বৈঠকে ভাসিলি নেবেনজিয়া দাবি করেন, রুশ বাহিনী ইউক্রেনে কমপক্ষে ৩০টি গবেষণাগারের তথ্যপ্রমাণ পেয়েছে - যেখানে যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে অত্যন্ত বিপজ্জনক জীবাণু নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছিল।
মি. নেবেনজিয়া তার দাবির পক্ষে কোন প্রমাণ দেননি।
জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংক্রান্ত প্রধান ইজুমি নাকামিৎসু বলেন, ইউক্রেনে কোন জীবাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে জাতিসংঘ সচেতন নয়।
রুশ ভদকা, সীফুড ও হীরা আমদানি নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে রুশ ভদকা, সামুদ্রিক খাদ্য এবং হীরা আমদানি নিষিদ্ধ করেছেন।
ইউক্রেনে রুশ অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে মি. বাইডেন এ ছাড়াও রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে “স্থায়ী স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক” আছে তাও প্রত্যাহার করার কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যেসব রুশ ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই তালিকায় আরো নাম যোগ করা হবে।
মেটা-কে উগ্রপন্থী সংস্থা বলে ঘোষণা করতে পারে রাশিয়া
ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি ‘মেটা’কে একটি উগ্রপন্থী সংস্থা হিসেবে ঘোষণা এবং রাশিয়ায় এর কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দফতর।
এর আগে মেটা বলেছিল যে তারা সহিংস বক্তব্যের ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন আনছে – যাতে কিছু দেশের লোকদেরকে রুশ বাহিনীর প্রতি সহিংস মনোভাব প্রকাশের সুযোগ দেয়া যায় – তবে তা রুশ বেসামরিক জনগণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
রাশিয়া এ ছাড়াও নিশ্চিত করেছে যে তারা রাশিয়ায় ইনস্টাগ্রামে ঢোকার ওপরও বিধিনেষেধ আরোপ করেছে।
রাশিয়ায় ফেসবুক ও টুইটারে ঢোকার ওপর ইতিমধ্যেই বিধিনিষেধ আরোপিত হয়েছে।
দনিপ্রোয় রুশ ক্ষেপণাস্ত্রে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর কিছু ছবি
মথ্য ইউক্রেনের দনিপ্রো শহরে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় একটি জুতার কারখানা ও অ্যাপার্টমেন্ট ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতির কিছু ছবি। তুলেছেন বিবিসি'র সংবাদদাতা সারাহ রেইন্সফোর্ড।
ইউক্রেনের যুদ্ধে উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কম্যান্ডার।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা এ খবর জানান।
ঠিক কি পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি এবং রুশ পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। ইউক্রেনে রুশ অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত অন্তত আরো দুজন এই স্তরের সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
পশ্চিমা কর্মকর্তারা এর আগে বলেছেন, এত উচ্চস্তরের রুশ কর্মকর্তার বিপদের মুখে পড়ার অর্থ হয়তো এই যে তাদের অভিযান থমকে যাওয়ায় হতাশা তৈরি হচ্ছে।
ইউক্রেনে যুদ্ধের ফলে খাদ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যেতে পারে
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, ইউক্রেনে যুদ্ধের কারণে আন্তর্জাতিকভাবে খাদ্যের দাম ৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
সংস্থাটি বলছে, এটা স্পষ্ট নয় যে যুদ্ধের কারণে ইউক্রেনএবার ফসল তুলতে পারবে কিনা, তা ছাড়া রুশ খাদ্য রপ্তানি নিয়েও উদ্বেগ আছে।
তাদের মতে, শীতকালীন শস্য, ভুট্টা এবং সূর্যমুখীর বীজের মত ফসলের ২০-৩০% হয়তো এবার বপন করাই হবে না - অথবা ফসল তোলা যাবে না।
রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গম রপ্তানিকারক, অন্যদিকে ইউক্রেন হচ্ছে এক্ষেত্রে পঞ্চম বৃহত্তম।
সব মিলিয়ে এ দুটি দেশ বিশ্বের যবের সরবরাহের ১৯ শতাংশ, গমের ১৪ শতাংশ, এবং ভুট্টার ৪ শতাংশ যোগান দেয়।
সংস্থাটি বলছে, ইউক্রেনে সংঘাতের কারণে পৃথিবীতে অপুষ্টিতে ভোগা লোকের সংখ্যা ৮০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ পর্যন্ত বেড়ে যেতে পারে।
'ইউক্রেনে জীবাণু অস্ত্র' প্রসঙ্গে আজই জাতিসংঘে আলোচনা
"ইউক্রেনে একটি জীবাণু অস্ত্র কর্মসূচিতে ওয়াশিংটন জড়িত" বলে রাশিয়া যে অভিযোগ করছে - তা নিয়ে আজ আর কিছু পরে জাতিসংঘে একটি বৈঠকে আলোচনা হতে যাচ্ছে।
রাশিয়ার অনুরোধেই এ বৈঠকটি হচ্ছে।
রাশিয়া এখনো ওই অভিযোগের পক্ষে কোন তথ্যপ্রমাণ দেয়নি।
তবে তারা কয়েকবছর ধরেই বলে আসছে যে সোভিয়েত যুগের গবেষণা ল্যাবরেটরিগুলো বিপদমুক্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে সহায়তা দিচ্ছে – তা আসলে জীবাণু অস্ত্র তৈরির একটা আড়ালমাত্র।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন সংকট শুরু হবার পরই হঠাৎ করে এসব অভিযোগ উঠতে শুরু করেছে।
তবে যুক্তরাষ্ট্র এসব অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে।
জাতিসংঘে মার্কিন মিশন বলছে, তারা অনেক আগে থেকেই এই সতর্কবাণী উচ্চারণ করে আসছেন যে রাশিয়া ঠিক এ ধরনেরই একটা 'ফলস ফ্ল্যাগ' বা ভুয়া কারণ দেখিয়ে ইউক্রেনে জীবাণু অস্ত্র বা রাসায়নিক অস্ত্রের হামলা চালানোকে যৌক্তিকতা দেবার চেষ্টা করতে পারে।
ইউক্রেনে রুশ-সমর্থক ভাড়াটে যোদ্ধা আনার পক্ষে প্রেসিডেন্ট পুতিন
ইউক্রেনে রুশ-সমর্থিত বাহিনীর হয়ে লড়াই করতে বিদেশী ভাড়াটে যোদ্ধা আনাকে সমর্থন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মার্কিন কর্মকর্তারা মনে করেন, এসব ভাড়াটে যোদ্ধার মধ্যে শহর-এলাকায় লড়াইয়ে দক্ষ সিরিয়ান যোদ্ধা থাকতে পারে।
মি. পুতিনের কাছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু এরকম একটা প্রস্তাব দেন।
মি. শোইগু বলেন, ইউক্রেনে যুদ্ধ করার জন্য মধ্যপ্রাচ্য থেকে তার ভাষায় 'স্বেচ্ছাসেবক সৈন্য' আনা যেতে পারে। তিনি বলেন, রুশ-সমর্থিত সৈন্যদের সাথে মিলে যুদ্ধ করার জন্য মধ্যপ্রাচ্যে ১৬,০০০ স্বেচ্ছাসেবক তৈরি আছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের একটি ভিডিও-কনফারেন্সিং বৈঠকে মি পুতিন একে সমর্থন দেন এবং বলেন, রাশিয়ার উচিত এধরনের যোদ্ধাদের নিয়ে আসার পথ সুগম করা। তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি অভিযোগ আনেন যে তারা ইউক্রেনে যুদ্ধ করার জন্য ভাড়াটে সৈন্য নিয়ে আসার আয়োজন করছে।
এর আগে পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা অভিযোগ করেন যে রাশিয়া - ইউক্রেনে লড়াই করার জন্য সিরিয়ানদের নিয়ে আসার চেষ্টা করছে। ওয়াল স্ট্রিট জার্নালও এক রিপোর্টে জানায় যে রাশিয়া সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ করছে।
সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া প্রেসিডেন্ট বাশার আসাদের পক্ষে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিল। মনে করা হচ্ছে, যুদ্ধে অভিজ্ঞ সিরিয়ান যোদ্ধারা ইউক্রেনের শহর এলাকায় রাস্তায় রাস্তায় যুদ্ধে অত্যন্ত কার্যকর হতে পারে।
বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনের পক্ষেও এখন কিছু ভাড়াটে যোদ্ধা আসতে শুরু করেছে। কিছু মার্কিন ও ব্রিটিশ সাবেক সেনা ইউক্রেনে যুদ্ধ করতে আসছে বলে জানা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ১৬ হাজার বিদেশী যোদ্ধা তাদের পক্ষ হয়ে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিচ্ছে।
ইউক্রেন-রাশিয়া আলোচনায় ‘ইতিবাচক’ অগ্রগতি হয়েছে: ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য অনুযায়ী রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।
মস্কোতে রাশিয়ার মিত্র দেশ বেলারুসের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠকে মি. পুতিন বলেছেন, “আমাদের পক্ষের আলোচনাকারীরা আমাকে জানিয়েছেন যে কয়েকটি ইতিবাচক পরিবর্তনের বিষয়ে কথা হয়েছে।”
এখন পর্যন্ত দুই দেশের সীমান্তে দুই পক্ষের মধ্যে মধ্যে তিন দফায় বৈঠক হয়েছে – এবং বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী তুরস্কে বৈঠক করেছেন।
তবে এখন পর্যন্ত এই আলোচনায় কোনো সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি।
রাশিয়ার ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশের জন্য ইতিবাচক হতে পারে – এমন মন্তব্যও করেন মি. পুতিন।
তিনি বলেন, “এরকম সময়ে সুযোগ পাওয়া যায় অর্থনীতি শক্তিশালী করা ও প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার।”
বাংলাদেশের মানুষ কীভাবে প্রভাবিত হতে পারে
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে রাশিয়ার ওপর বিবিধ নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ওপরও এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে পারে।
পড়ুন ...-> বাংলাদেশে বসে আপনি কী প্রভাবের শিকার হতে পারেন?
ইউক্রেনকে কেন কেউ যুদ্ধ বিমান দিচ্ছে না?
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা ও নেটো সদস্যভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধ বিমান পাঠানোর জন্য অনুরোধ করছেন।
এমনকি তিনি ইউক্রেনের আকাশকে 'নো-ফ্লাই' জোন ঘোষণা করারও আহ্বান জানিয়েছেন।
কিন্তু কেন পশ্চিমা দেশগুলো তার এই অনুরোধে সাড়া দিচ্ছে না?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তুরস্কের ভূমিকা আসলে কী
রাশিয়া আর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৃহস্পতিবার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় তুরস্কের শহর আন্তালিয়ায়।
বৈঠক থেকে কোন সিদ্ধান্ত না এলেও তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলু এই বৈঠকটিকে "গুরুত্বপূর্ণ সূচনা" বলে উল্লেখ করেছেন।
কিন্তু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে চলমান সংকটে তুরস্কের ভূমিকা আসলে কী?
কোন দিকে যাচ্ছে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ?
স্নায়ু যুদ্ধের পর থেকেই বিশ্বে একক সুপার পাওয়ার হিসেবে প্রভাব বিস্তার করছে আমেরিকা। গত তিন দশক ধরে বিশ্বকে সামরিক, বাণিজ্যিক এবং প্রযুক্তিতে নেতৃত্ব দিয়ে এসেছে দেশটি।
তবে গত কয়েক বছরে বিশ্ব রাজনীতি এবং বাণিজ্যে আমেরিকার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে রাশিয়া এবং চীনের নাম।
চীন-রাশিয়ার গভীর সম্পর্ক এবং ইউক্রেনে রুশ সামরিক হামলার পর একে আমেরিকার বিশ্বনেতৃত্বের ধারণায় সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।
কিন্তু আমেরিকার নেতৃত্ব আসলেই কতটা চ্যালেঞ্জের মুখে? আর বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণই বা তাহলে কোন দিকে যাচ্ছে?
ইউক্রেনের শরণার্থী ২৫ লাখ ছাড়িয়েছে
রাশিয়া ইউক্রেনের সংঘাতের ফলে ইউক্রেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া শরনার্থীর সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে বলে বলছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি।
ইউক্রেনের ভেতরে আরো বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।
নিষেধাজ্ঞার কী অর্থনৈতিক প্রভাব পড়েছে রাশিয়ার ওপর?
রাশিয়ার বিরুদ্ধে জারি করা নানা নিষেধাজ্ঞায় এরই মধ্যে রুশ অর্থনীতি প্রভাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন লন্ডন বিজনেস স্কুলের অধ্যাপক ও অর্থনীতিবিদ লিন্ডা ইউয়েহ।
তিনি বলেন, রাশিয়ায় সুদের হার বেড়ে এর মধ্যে ২০% এ উন্নীত হয়েছে, যার ফলে ঋণ পাওয়া কঠিন হয়ে পড়বে।
মিজ ইউয়েহ বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা বন্ধ করার যে পরিকল্পনা করছে, তা বাস্তবায়িত হলেও রুশ অর্থনীতিতে প্রভাব পড়বে।
রুশ অর্থনীতি ১২% সঙ্কুচিত হওয়ার সম্ভাবনার আশঙ্কা করা হচ্ছে, যা রাশিয়ার মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলবে, বলছেন অর্থনীতিবিদ মিজ. ইউয়েহ।
সৈন্যের চেয়ে বেসামরিক নাগরিক বেশি মারা গেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী
ইউক্রেনের রুশ সেনা অভিযানের দুই সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের চেয়ে বেশি সংখ্যক বেসামরিক নাগরিক হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ।
তিনি বলেন, “আমি চাই এই বার্তা শুধু কিয়েভ নয়, সারা বিশ্বের কাছে যেন পৌঁছায়।”
এমন সময় তিনি এই মন্তব্য করলেন, যখন রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা প্রসারিত করছে বলে খবর পাওয়া যাচ্ছে।
এখানে কোনো শহর নিরাপদ নয়: ইউক্রেনের সাংসদ
ইউক্রেনের একজন সাংসদ, ইনা সভসুন, আজ সকালে বিভিন্ন শহরে হামলার উল্লেখ করে টুইটারে মন্তব্য করেছেন যে ইউক্রেনে এখন ‘কোনো নিরাপদ শহর নেই।’
এর আগে বিবিসি’র সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত দুই সপ্তাহে আমরা দৈনিক সর্বোচ্চ তিন ঘণ্টা করে ঘুমাতে পেরেছি।”
“আমরা অবর্শই আমাদের শিশুদের জীবন নিয়ে আতঙ্কিত, কিন্তু আমাদের করার তেমন কিছু নেই। আমরা আত্মসমর্পণ করতে পারি না, আমরা তাদেরকে দখলও করতে দিতে পারি না।”
“আমাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আমাদের তেমন কিছু করার নেই, তা যতই আতঙ্কের হোক না কেন।”
রাশিয়া ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত কী হতে পারে?
রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে সামনে কী ঘটতে পারে – তা নিয়ে রাজনৈতিক ও সামরিক নেতা আর বিশ্লেষকরা কিছু সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেছেন।