মারিউপোল শহরে আবারও গোলাবর্ষণ শুরু

তুরস্কের আন্তালিয়ায় রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে বৈঠক হয়ে গেল তাতে যুদ্ধবিরতির ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সবশেষ খবর।

সরাসরি কভারেজ

  1. হাসপাতালে হামলা যুদ্ধাপরাধ: জেলেনস্কি

    মারিউপোলে শিশু হাসপাতালে বোমা হামলার নিন্দা জানিয়ে এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    কিয়েভ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন: “রাশিয়ান ফেডারেশন কেমন দেশ – যারা শিশু ও মাতৃত্বকালীন হাসপাতালকেও ভয় পায় এবং ধ্বংস করে?”

    “মাতৃসদন হাসপাতালের কেউ কি রুশ ভাষাভাষীদের ওপর অত্যাচার করেছিল?”

    “আজ আমাদের সবার একত্রিত হয়ে রাশিয়ার এই যুদ্ধাপরাধের নিন্দা জানাতে হবে”।

    হাসপাতালে আক্রমণ ‘ইউক্রেনে গণহত্যার চূড়ান্ত প্রমাণ’ বলেও মন্তব্য করেন তিনি।

    Zelensky

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মারিউপোলে শিশু হাসপাতালে বোমা হামলার নিন্দা জানিয়ে এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
  2. ছয় হাজার রুশ সেনা মারা গেছে: যুক্তরাষ্ট্রের অনুমান

    যুক্তরাষ্ট্রে বিবিসি এর সহযোগী সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা ধারণা প্রকাশ করেছেন যে যুদ্ধের প্রথম দুই সপ্তাহে পাঁচ থেকে ছয় হাজার রুশ সৈন্য মারা গেছে।

    সাধারণ হিসেবে মৃত্যুর সংখ্যার তিনগুণ সংখ্যক মানুষ আহত হয়ে থাকে – এমন একটি ধারণা থেকে বলা হচ্ছে যে অন্তত ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছেন।

    ইউক্রেন দাবি করেছে যে যুদ্ধে ১২ হাজার রুশ সৈন্য মারা গেছেন। গত সপ্তাহে রাশিয়া জানিয়েছিল যে ইউক্রেনে তাদের পাঁচশোরও কম সৈন্য মারা গেছে।

    Ukraine

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কিয়েভের কিছু অংশ, খারকিভ. চেরনিহিভ, সুমি ও মারিউপোলে বেসামরিক মানুষদের পালানোর সুযোগ দিতে ১২ ঘন্টার যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়া হয়
  3. হোয়াইট হাউজ: ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া

    রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।

    ইউক্রেনে যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র তৈরি করছে – এমন ‘মিথ্যা দাবি’ করার অভিযোগে এক টুইট বার্তায় মিজ সাকি রাশিয়ার সমালোচনা করেছেন।

    তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। যদিও তার এই দাবির বিপরীতে কোনো প্রমাণ তিনি দেননি।

    Psaki

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, জেন সাকি, হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি
  4. তুরস্কে পৌঁছেছেন রুশ ও ইউক্রেনীয় শাান্তি আলোচনার প্রতিনিধিরা

    ইউক্রেনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী দিমিত্র কুলেবা তুরস্কের শহর আন্তালায়ায় রাশিয়ার সাথে শান্তি আলোচনার জন্য পৌঁছেছেন।

    তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত চাভোসোগলুর আহ্বানে বৃহস্পতিবার শান্তি আলোচনায় অংশ নিতে আন্তালায়া শহরে পৌঁছান মি. কুলেবা।

    এর আগে বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভকেও তুরস্কে প্রবেশ করতে দেখা যায়। দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়া অভিযান শুরু করার পর এই প্রথম তিন পক্ষের কূটনীতিকদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

    Ukraine

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আন্তালায়া শহরে পৌঁছেছেন ইউক্রেনীয় কূটনীতিকদের বহর