আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

মারিউপোলে হাসপাতালের শিশু ও প্রসূতি ওয়ার্ডের ওপর বোমা হামলা

বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সুযোগ দেয়ার জন্য রাশিয়া আবার মানবিক করিডোর ঘোষণা করেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সর্বশেষ খবরাখবর:

সরাসরি কভারেজ

সায়েদুল ইসলাম and পুলক গুপ্ত

  1. 'যুদ্ধে জেতার জন্য যতক্ষণ থাকতে হয়, আমি থাকবো'

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সর্বশেষ একটি ভিডিও বার্তায় বলেছেন, ''আমি লুকাইনি...আমি কারও ভয়ে ভীত নই। (আমি থাকবো)... যুদ্ধে বিজয়ের জন্য যতক্ষণ থাকতে হয়।''

    সোমবার সন্ধ্যায় কিয়েভ থেকেই যে এই ভিডিও করা হয়েছে, সেটা প্রমাণ করতে ভিডিওতে তিনি নিজের অফিস থেকে রাতের কিয়েভের দৃশ্য দেখান।

  2. শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন ফ্রান্স ও জার্মানির সরকার প্রধান

    ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ মঙ্গলবার পরের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন।

    এর মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে চীনের ওপর ইউরোপীয় নেতাদের চাপ তৈরির নমুনা হিসাবে দেখা হচ্ছে।

    হামলা শুরু হওয়ার পর সোমবার দ্বিতীয় বারের মতো চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াঙ ইয়ির সঙ্গে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল।

    ওই বৈঠকে তিনি চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন আলোচনার মাধ্যমে বৈরিতার অবসান এবং বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে আসার সুযোগ দিতে চীন সমর্থন করে।

    হামলার ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছে চীন। কিন্তু এই হামলার নিন্দা জানাতে বা মস্কোর বিরোধিতার ক্ষেত্রে খুব কম ভূমিকা রেখেছে চীন।

  3. ইউক্রেন বলছে, যুদ্ধে রাশিয়ার জেনারেল নিহত হয়েছে

    ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা জানাচ্ছে, খারকিভের কাছাকাছি লড়াইয়ে রাশিয়ার একজন জেনারেল নিহত হয়েছে।

    বিবিসি নিরপেক্ষভাবে অবশ্য এই দাবি যাচাই করতে পারেনি। রাশিয়ার কর্মকর্তারা এই বিষয়ে কোন মন্তব্য করেনি।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা বলছে, ভিতালি গেরাসিমভ রাশিয়ান বাহিনীর একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা। তিনি রাশিয়ার কেন্দ্রীয় সামরিক অঞ্চলের ডেপুটি কমান্ডার এবং চীফ অফ স্টাফ।

    সেখানে আরও বলা হয়েছে, রাশিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত বা আহত হয়েছে।

    ইউক্রেনের গোয়েন্দা বিভাগ বলছে, গেরাসিমভ চেচনিয়ার যুদ্ধে এবং সিরিয়া রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। 'ক্রাইমিয়াকে সংযুক্ত করার জন্য' তিনি পদক পেয়েছিলেন।

    ইউক্রেনের গোয়েন্দারা টুইটারে একটি ছবি প্রকাশ করে দাবি করেছে, ইনিই মেজর জেনারেল ভিতালি গেরেসিমভ, যাকে 'লিকুইডিটেড' বা 'নিকেশ' করা হয়েছে।

    বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস এই বিষয়ে তার ভাবনা টুইটারে শেয়ার করেছেন।

    পল অ্যাডামস টুইটারে লিখেছেন, ''এই অপ্রয়োজনীয় যুদ্ধে যে ফলাফলই হোক না কেন, এর মধ্যেই এটা রাশিয়ার সামরিক বাহিনীর জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রথমবার তারা সত্যিকারের শত্রুর মুখোমুখি হয়েছে, তার ফলাফল তাদের জন্য ভয়াবহ হচ্ছে। তাদের বিজয় পাওয়া দিনে দিনে কঠিন হয়ে উঠছে।''

  4. নেটোর পূর্বাঞ্চলে মার্কিন যুদ্ধবিমান পাঠাতে চাপ আইনপ্রণেতাদের

    যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের ওপর সেদেশের আইনপ্রণেতারা চাপ তৈরি করছেন যেন পোল্যান্ড তাদের যুদ্ধবিমান ওয়ারশতে পাঠালে আমেরিকা যেন ফাইটার জেট পোল্যান্ডে পাঠায়।

    পূর্ব ইউরোপের যে কয়েকটি হাতেগোনা দেশ এখনো রাশিয়ার তৈরি বিমান ব্যবহার করে, তার মধ্যে পোল্যান্ড অন্যতম। ইউক্রেনের পাইলটরা রাশিয়ায় নির্মিত বিমান ব্যবহারে প্রশিক্ষিত। ইউক্রেনের প্রেসিডেন্ট এ ধরনের বিমান সরবরাহ করার জন্য আহ্বান জানিয়েছেন।

    নিজেদের বিমান ইউক্রেনে দেয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি পোল্যান্ড। যুক্তরাষ্ট্র বলেছে, 'এটা সার্বভৌম পোল্যান্ডের সিদ্ধান্তের বিষয়।'

    যুক্তরাষ্ট্র আরও বলেছে, এটা এমন নয় যে, চাইলের বিমানগুলো সেখানে পাঠিয়ে দেয়া যাবে। এক্ষেত্রে সরঞ্জামগত চ্যালেঞ্জ রয়েছে।

    তবে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির প্রধান বব মেনেন্দেজ তার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, পোল্যান্ড বিমান সরবরাহ করলে যুক্তরাষ্ট্র যেন মার্কিন বিমান দিয়ে সেই শূন্যতা পূরণ করে দেয়।

  5. সীমান্ত থেকে প্রায় তিনশো ইউক্রেনিয়ানকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্য

    ফ্রান্সের ক্যালে থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় প্রায় তিনশো ইউক্রেনিয়ানকে ফিরিয়ে দেয়া হয়েছে।

    যুক্তরাজ্য থেকে যতগুলো ভিসা ইস্যু করা হয়েছে, সেই সংখ্যাও প্রায় সমান।

    অনেক শরণার্থী ফ্রান্সের ক্যালে বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে।

    ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে ৫৮৯ জন ইউক্রেনিয়ান এই সীমান্তে এসেছেন বলে জানা যাচ্ছে। তাদের মধ্য থেকে ২৮৬ জনকে যুক্তরাজ্যে ঢুকতে দেয়া হয়নি।

    এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন, ব্রিটেন খুবই 'আন্তরিক দেশ' কিন্তু কারা প্রবেশে করার চেষ্টা করছে, তাদের যাচাইবাছাই করে দেখতে চায়।

  6. ইউক্রেনের জন্য ৭০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে বিশ্বব্যাংক

    ইউক্রেন সরকারের কর্মকাণ্ড পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন প্রদানে সহায়তা করতে দেশটির জন্য ৭০ কোটি ডলারের জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্ব ব্যাংক।

    বিশ্ব ব্যাংক জানিয়েছে, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড এই প্যাকেজে অর্থ যোগান দিচ্ছে।

    সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েকমাসের মধ্যে ইউক্রেন ও প্রতিবেশি দেশগুলোর জন্য তিনশো কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারে তারা কাজ করছে।

  7. রাশিয়ার জ্বালানির বিকল্প তৈরির প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের

    রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

    বর্তমানে রাশিয়া থেকে মোট চাহিদার প্রায় অর্ধেক গ্যাস ও কয়লা, তেলের এক তৃতীয়াংশ আমদানি করে থাকে ইইউর দেশগুলো।

    আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ফ্রান্সে একটি বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

    সেখানে ইউক্রেনে রাশিয়ার হামলাকে 'ইউরোপীয় ইতিহাসের বিশাল পালাবদল' বলে বর্ণনা করা হয়েছে।

    সেখানে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি জ্বালানির জন্য রাশিয়ার বদলে অন্য বিকল্প খোঁজার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে।

    রাশিয়া থেকে বর্তমানে আট শতাংশ তেল আমদানিকারক যুক্তরাষ্ট্র সৌদি আরব, ভেনেজুয়েলা এবং ইরানের মতো দেশের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছে।

  8. ইউক্রেনের কোথায় কী হচ্ছে

    রাজধানী কিয়েভের শহরতলি ইরপিনে রুশ সৈন্যরা ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু শহরের প্রশাসন জানিয়েছে নদীর ওপর বানানো অস্থায়ী সেতু দিয়ে ২০০০ মানুষ শহর ছেড়ে চলে যেতে পেরেছে।

    কিয়েভের কাছে আরেকটি ছোট শহর হোসটোমেলের স্থানীয় সরকার জানিয়েছে রুটি এবং ওষুধ বিতরণের সময় গুলিতে শহরের মেয়র ইউরি প্রাইলিপকো মারা গেছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হোসটোমেল এয়ারফিল্ডটি এই শহরের কাছে।

    ইউক্রেনের দক্ষিণে, মিকোলাইভ শহরটি নতুন করে রুশ হামলার মুখে পড়েছে। ইউক্রেন জানিয়েছে রাতে শহরের আবাসিক এলাকায় কামানের গোলা এসে পড়েছে। শহরটি ক্রাইমিয়া এবং ইউক্রেনের সবচেয়ে বড় বন্দর শহর ওডেসার মাঝামাঝি জায়গায়।

    অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলে বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন। আটকে পড়া হাজার হাজার মানুষ পানি ও খাদ্যের চরম সংকটে পড়েছে। শহর থেকে পালানো একটি পরিবারের সদস্যরা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন “শহরের সর্বত্র মৃতদেহ পড়ে রয়েছে।“

    মারিউপোলের নিয়ন্ত্রণ নিতে পারলে ক্রাইমিয়া এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া লুহানস্ক এবং দনিয়েৎস্কের মধ্যে সরাসরি স্থল যোগাযোগ তৈরি করতে সমর্থ হবে রাশিয়া।

    যুদ্ধবিরতির লক্ষ্যে তৃতীয়বারের মত বৈঠকে বসেছেন রুশ এবং ইউক্রেনের কর্মকর্তারা।

    বৈঠকের আগে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে দাবি মানা হলে মুহূর্তের মধ্যে সামরিক অভিযান বন্ধ করা হবে। অন্যদিকে, বৈঠকে ইউক্রেনের একজন প্রতিনিধি, মিখাইলো পোডোলিয়াক, বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

    এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তার দেশের “জনগণের হত্যাকারীদের কোনোদিন ক্ষমা করা হবে না, শাস্তি তাদের পেতেই হবে”

  9. বিবিসি বাংলার লাইভ রিপোটিং-এ স্বাগত জানাচ্ছি সায়েদুল ইসলাম