আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নিরাপদ করিডোরের প্রতিশ্রুতি সত্ত্বেও রুশ বোমাবর্ষণ চলছেই- ইউক্রেন

যুদ্ধবিরতের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে তৃতীয় দফা বৈঠকের দিন ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে দাবি মেনে নিলেই সাথে সাথে ইউক্রেনে সামরিক তৎপরতা বন্ধ করবে রাশিয়া। অন্যদিকে, ইউক্রেন অভিযোগ করছে কিয়েভ এবং খারকিভের মত শহর থেকে নিরাপদে সরে যাওয়ার পথগুলো রাশিয়া এবং বেলারুশমুখী।

সরাসরি কভারেজ

সায়েদুল ইসলাম

  1. তেল সংকট সামলাতে সৌদি আরব আর ভেনেজুয়েলার দিকে নজর যুক্তরাষ্ট্র

    আরও বেশি জ্বালানি তেল উত্তোলন করার জন্য সৌদি আরবকে অনুরোধ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেদেশে একটি সফরের পরিকল্পনা করছেন বলে জানা যাচ্ছে।

    যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানাচ্ছে, বসন্তে এই সফরটি হতে পারে। রাশিয়ার হামলা শুরুর পর বিশ্বে তৈরি হওয়া জ্বালানি সংকট সামলাতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন।

    তবে হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন, এরকম কোন সফরের পরিকল্পনা এখনো হয়নি। ''এখন অনেক বিষয়েই অপরিপক্ক জল্পনা-কল্পনা করা হচ্ছে'' বলে তিনি মন্তব্য করেছেন।

    ভেনেজুয়েলার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারেও যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন বলে জানা যাচ্ছে।

    যুক্তরাষ্ট্রের মোট জ্বালানি তেলের ১০ শতাংশ রাশিয়া থেকে আমদানি করা হয়।

    নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা পরামর্শ দিয়েছেন যে, রাশিয়ার তেলের বিকল্প হতে পারে ভেনেজুয়েলার তেল।

  2. চীনের ব্যাপারে 'পরিষ্কার সতর্কবার্তা' অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর, ফ্রান্সিস মাও, বিবিসি সংবাদদাতা

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এর আগেও রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে কথা বলেছেন। কিন্তু এবার তিনি বলছেন, এই যুদ্ধ অন্যান্য দেশের প্রতি চীনের হুমকির বিষয়টিকেও সামনে নিয়ে এসেছে।

    তিনি বলেছেন, রাশিয়ার আক্রমণ ইউরোপের জন্য একটি সতর্ক সংকেত, কিন্তু ''কতৃর্ত্ববাদী শাসকরা কীভাবে হুমকি এবং সহিংসতার মাধ্যমে গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করে, তার সর্বশেষ উদাহরণ।''

    স্কট মরিসন সরাসরি চীনের নাম উল্লেখ করেননি, কিন্তু বলেছেন, তার সরকার বহু বছর ধরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সতর্কবার্তা জানিয়ে আসছে।

    চীনের ক্ষেত্রে যেসব শব্দ ব্যবহার করেন, সেই একই শব্দ রাশিয়ার ক্ষেত্রেও ব্যবহার করেছেন।

    এসব দেশের ব্যাপারে চোখ খোলা রাখা এবং যৌথভাবে মোকাবেলা করার জন্য তিনি পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন।

    ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের অব্যাহত প্রভাব বৃদ্ধির ব্যাপারে ২০১৭ সাল থেকে উদ্বেগ জানিয়ে আসছে চীন।

  3. ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সম্পর্কে সর্বশেষ যেসব তথ্য জেনে রাখতে পারেন

    আপনি যদি কিছুক্ষণ আগে এই পাতায় যোগ দিয়ে থাকেন, তাহলে ইউক্রেনে রাশিয়ার হামলা সম্পর্কে সর্বশেষ যেসব তথ্য জেনে রাখতে পারেন:

    • ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, কিয়েভের ওপর সর্বাত্মক হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
    • যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, তাদের বিশ্বাস, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সৈন্যরা খুবই কম এগোতে পেরেছে। ইউক্রেনের যোদ্ধাদের শক্ত প্রতিরোধ আর দুর্বল সরঞ্জাম সহায়তার কারণে তারা ব্যাপক বাধার মুখে পড়েছে।
    • রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে, এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এই পর্যায়ে উঠেছিল।
    • ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে একটি টেলিফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলোচনা অথবা যুদ্ধ, যেভাবেই হোক রাশিয়া লক্ষ্য অর্জন করবে।
    • জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
    • রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে নেটফিক্স, আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টারকার্ড, কেপিএমজি এবং প্রাইসওয়াটারহাউজকুপার্স।
  4. ইউক্রেনে যুদ্ধ করতে সিরিয়ার ভাড়াটে যোদ্ধাদের নিয়োগ দিচ্ছে রাশিয়া

    ইউক্রেনের বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় লড়াই করার জন্য সিরিয়ার ভাড়াটে সৈন্যদের রাশিয়া নিয়োগ দিচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে।

    কতজন সৈনিককে এভাবে নিয়োগ দেয়া হয়েছে, তা জানাতে রাজি হননি গোয়েন্দা কর্মকর্তারা। তবে তারা বলেছেন, এর মধ্যেই অনেকে রাশিয়ায় চলে গেছেন এবং ইউক্রেনে যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

    সিরিয়ার ডেইর ইযর সংবাদপত্রের তথ্য অনুযায়ী, সিরিয়া থেকে যারা ইউক্রেনে যুদ্ধ করতে যেতে চান, এরকম স্বেচ্ছাসেবীদের ২০০ থেকে ৩০০ ডলার করে দেয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। একেকবারে তাদের অন্তত ছয়মাস সেখানে লড়াই করতে হবে।

    রাশিয়ার কর্মকর্তারা মনে করেন, সিরিয়ার বহু বছরের গৃহযুদ্ধে অভিজ্ঞ এই যোদ্ধারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বড় বড় শহরগুলো দখল করতে তাদের সহায়তা করবে।

    অন্যদিকে ইসরায়েলের সাবেক সেনা সদস্যরা ইউক্রেনের পক্ষে লড়াই রতে শুরু করেছে বলেও খবর প্রকাশিত হয়েছে।

  5. কিয়েভের ওপর সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত রাশিয়া: ইউক্রেন

    ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, কিয়েভের ওপর সর্বাত্মক হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

    ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ থেকে জানানো হয়েছে, শহরে হামলার জন্য সৈন্য ও সরঞ্জাম সমাবেশ করতে শুরু করেছে মস্কোর বাহিনী। তাদের ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কাছাকাছি শহর ইরপিনের দিকে এগিয়ে যাচ্ছে, যার মাধ্যমে হামলার প্রাথমিক কর্মকাণ্ড শুরু করা হচ্ছে।

    বেলারুশ থেকে চেরনোবিল হয়ে সৈন্যদের জ্বালানি তেল সরবরাহ করছে সেনা কমান্ডাররা।

    সেই সঙ্গে খারকিভ, চেরনিহিভ, সুমতি এবং মাইকোলাইভিভের দখলে আরও গুরুত্ব বাড়িয়েছে রাশিয়া।

  6. গত দুইদিনে রাশিয়ার সৈন্যদের অগ্রগতি কমে গেছে: যুক্তরাজ্য, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বেশ বড় আকারে রাশিয়ার বিমান হামলা এবং গোলাবর্ষণ বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

    যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, তাদের বিশ্বাস, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সৈন্যরা খুবই কম এগোতে পেরেছে। ইউক্রেনের যোদ্ধাদের শক্ত প্রতিরোধ আর দুর্বল সরঞ্জাম সহায়তার কারণে তারা ব্যাপক বাধার মুখে পড়েছে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেশটির প্রতিদিনের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ''রাশিয়া খুব তাড়াতাড়ি তাদের পরিকল্পিত লক্ষ্য অর্জন করতে পারবে, সেই সম্ভাবনা খুব কম।''

    তবে তারা দিয়েছে, ''গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের শহরগুলোর সামরিক ও বেসামরিক এলাকায় বেশ বড় আকারে রাশিয়ার বিমান হামলা এবং গোলাবর্ষণ বেড়েছে।''

    ''সাম্প্রতিক হামলায় খারকিভ, মাইকোলায়িভ, চেরনিহিভ এবং মারিউপোল লক্ষ্য করে হামলা বেড়েছে,'' প্রতিবেদনে বলা হয়েছে।

  7. তের বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে তেলের দাম

    রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে, এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এই পর্যায়ে উঠেছিল।

    অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি ১৩৯ ডলার ছুঁয়েছে।

    ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই জ্বালানি পণ্যের দাম বেড়েই চলেছে।

  8. ইউক্রেনে যুদ্ধে অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে: জাতিসংঘ

    জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।

    এদের মধ্যে অন্তত ২৫ টি শিশু রয়েছে।

    হামলায় আহত হয়েছে অন্তত ৭৫৯ জন।

    তবে জাতিসংঘ বলছে, বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ ভারী গোলাবর্ষণ, বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের এই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।'

  9. আলোচনা অথবা যুদ্ধ-যেভাবেই হোক লক্ষ্য অর্জন করতে চায় রাশিয়া

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে একটি টেলিফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলোচনা অথবা যুদ্ধ, যেভাবেই হোক রাশিয়া লক্ষ্য অর্জন করবে।

    ফরাসি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। সেই সঙ্গে ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাগিদ দেন। ইউক্রেনের দাবি, রুশ গোলাবর্ষণে জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে গিয়েছিল।

    তবে আগুনের ওই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে ক্রেমলিন।

    পুতিন আরও বলেছেন, রবিবার মারিউপোল এবং ভলনোভাখা শহরে 'যুদ্ধবিরতি' ভেস্তে যাওয়ার কারণ হলো, ইউক্রেনের জাতীয়তাবাদীরা বেসামরিক মানুষজনকে যেতে বাধা দিয়েছে, বরং এই সুযোগে তারা শক্তি বৃদ্ধি করার চেষ্টা চালিয়েছে।

    এর আগে রেডক্রস জানিয়েছিল, কীভাবে বেসামরিক মানুষজনকে সরিয়ে নেয়া হবে, তা নিয়ে দুই পক্ষ একমত হতে না পারায় তারা কাজ শুরু করতে পারেনি।

  10. ইউক্রেনে যুদ্ধে সর্বশেষ যা ঘটেছে

    ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে রাজধানী কিয়েভের উত্তরপশ্চিম দিকের তিনটি শহর বুচা, হোস্টোমেল এবং ইরপিনে অব্যাহতভাবে রুশ বোমাবর্ষণ চলছে। ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভে পরিখা খনন করে এবং রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সম্ভাব্য রুশ অগ্রাভিযান ঠেকিয়ে দেবার চেষ্টা করছে।

    কিয়েভ থেকে বিশ কিলোমিটার উত্তর-পশ্চিমের ছোট্ট শহর ইরপিনে আর্টিলারি এবং বোমা হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রাণভয়ে পালাচ্ছে মানুষ।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন যে, রুশ বাহিনী এখন দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসাতে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। এই শহরে বেশ কিছু সামরিক তল্লাশি চৌকি বসানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে রাস্তা একেবারে শান্ত এবং জন-মানবহীন। তবে ওডেসা শহরে এখনি হামলা হবে বলে যুক্তরাষ্ট্র মনে করে না।

    মারিউপোল থেকে বেসামরিক মানুষদের উদ্ধারে পরিকল্পনা আবারও ভেস্তে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই শহর থেকে দুই লাখ মানুষকে সরিয়ে আনা যাবে বলে আশা করছিল আন্তর্জাতিক রেডক্রস। মারিউপোল থেকে কিছু নিরাপদ পথ খোলার জন্য কাজও শুরু করেছিল কয়েকটি টিম। কিন্তু এরপরই আবার লড়াই শুরু হয়ে গেছে।

    ইউক্রেন সংকটে মধ্যস্থতার প্রয়াসের অংশ হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন। এর পর তিনি বার্লিনে গিয়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজের সাথেও কথা বলেন। দেশে ফেরার পর মিস্টার বেনেট বলছেন, তিনি তার প্রয়াস চালিয়ে যাবেন যদিও সাফল্যের সম্ভাবনা খুব বেশি নেই।

    অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানও রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন। তুরস্ক ইতোমধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার স্বাগতিক দেশ হবার প্রস্তাব দিয়েছে।

    ইউক্রেনে যুদ্ধের প্রতিক্রিয়ায় ব্রিটেন একটি ৬ দফা পরিকল্পনা প্রস্তাব করেছে এবং এতে যোগ দেবার জন্য অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, প্রেসিডেন্ট পুতিন এবং তার আগ্রাসন যে ব্যর্থ এটা অবশ্যই সবার চোখের সামনে তুলে ধরতে হবে। বলা হচ্ছে ব্রিটিশ পরিকল্পনাটিতে একটি মানবিক কোয়ালিশন গঠন, ইউক্রেনের আত্মরক্ষায় সমর্থন দেয়া এবং ক্রেমলিনের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের কথা আছে।

    ইউক্রেনে হামলা চালানোর কারণে রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে মাস্টার কার্ড, ভিসা, আমেরিকান এক্সপ্রেস, নেটফিক্সের মতো অনেকগুলো বহুজাতিক প্রতিষ্ঠান।

  11. বিবিসি বাংলার লাইভ রিপোটিং-এ স্বাগত জানাচ্ছি সায়েদুল ইসলাম