আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ওডেসা শহরে যে কোন সময় হামলা হতে পারে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন যে, রুশ বাহিনী এখন দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসাতে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। কৃষ্ণসাগরের তীরের এই ঐতিহাসিক শহরে প্রায় দশ লাখ মানুষ থাকে।

সরাসরি কভারেজ

সায়েদুল ইসলাম and মোয়াজ্জেম হোসেন

  1. কিয়েভের কাছের তিনটি শহরে অব্যাহত বোমাবর্ষণ

    ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে রাজধানী কিয়েভের উত্তরপশ্চিম দিকের তিনটি শহর বুচা, হোস্টোমেল এবং ইরপিনে অব্যাহতভাবে রুশ বোমাবর্ষণ চলছে। ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভে পরিখা খনন করে এবং রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সম্ভাব্য রুশ অগ্রাভিযান ঠেকিয়ে দেবার চেষ্টা করছে।

    প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, রুশ সৈন্যরা পশ্চিম ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তিনি আরো হুঁশিয়ার করে দেন যে রুশবাহিনী কৃষ্ণসাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসাতে বোমাবর্ষণের প্রস্তুতি নিচ্ছে। বেশ কিছুদিন ধরে অবরুদ্ধ হয়ে থাকা খারকিভ শহরে আবারও বেসামরিক অবকাঠামোর ওপর গোলাবর্ষণ করা হয়েছে বলে খবর আসছে।

  2. ওডেসা শহরে যে কোন সময় হামলা হতে পারে: জেলেনস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন যে, রুশ বাহিনী এখন দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসাতে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে।

    এই শহরে বেশ কিছু সামরিক তল্লাশি চৌকি বসানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে রাস্তা একেবারে শান্ত এবং জন-মানবহীন।

    কৃষ্ণসাগরের তীরের এই ঐতিহাসিক শহরে প্রায় দশ লাখ মানুষ থাকে। ওডেসা বন্দর মলদোভা সীমান্তের বেশ কাছে। শহরের একজন কর্মকর্তা মাইখাইলো শুমুশকোভিচ বলছেন, এর মধ্যে প্রায় এক লাখ মানুষ শহর ছেড়ে পালিয়েছে। তবে তিনি বলছেন, তারা লড়াইয়ের জন্যও প্রস্তুত।

    ‘যে কোন সময় এটা ঘটতে পারে’, বলছেন তিনি।

  3. আবার ভেস্তে গেছে মারিউপোল থেকে উদ্ধার পরিকল্পনা

    মারিউপোল থেকে বেসামরিক মানুষদের উদ্ধারে পরিকল্পনা আবারও ভেস্তে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

    এই শহর থেকে দুই লাখ মানুষকে সরিয়ে আনা যাবে বলে আশা করছিল আন্তর্জাতিক রেডক্রস। মারিউপোল থেকে কিছু নিরাপদ পথ খোলার জন্য কাজও শুরু করেছিল কয়েকটি টিম। কিন্তু এরপরই আবার লড়াই শুরু হয়ে গেছে।

    আন্তর্জাতিক রেডক্রস বলছে, রাশিয়া এবং ইউক্রেন বেসামরিক মানুষদের উদ্ধারের ব্যাপারে নীতিগতভাবে একমত হলেও কীভাবে এটা করা হবে, সে বিষয়ে তারা একমত হতে পারেনি। রেডক্রস বলছে, তারা এই আলোচনায় সহযোগিতা করছে, কিন্তু দুই পক্ষের মধ্যে কোন যুদ্ধবিরতি বা এর বাস্তবায়নের ব্যাপারে কোন নিশ্চয়তা দিতে পারছে না।

  4. ইউক্রেন যুদ্ধ নিয়ে বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা

    ইউক্রেন সংকটে মধ্যস্থতার প্রয়াসের অংশ হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত দুদিনে এ নিয়ে তৃতীয়বারের মত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন। শনিবার মিস্টার বেনেট এক অনির্ধারিত সফরে মস্কো যান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ৩ ঘণ্টা ধরে বৈঠক করেন। এর পর তিনি বার্লিনে গিয়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজের সাথেও কথা বলেন। দেশে ফেরার পর মিস্টার বেনেট বলছেন, তিনি তার প্রয়াস চালিয়ে যাবেন যদিও সাফল্যের সম্ভাবনা খুব বেশি নেই।

    অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানও রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন। তুরস্ক ইতোমধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার স্বাগতিক দেশ হবার প্রস্তাব দিয়েছে।

    এদিকে ইউক্রেনে যুদ্ধের প্রতিক্রিয়ায় ব্রিটেন একটি ৬ দফা পরিকল্পনা প্রস্তাব করেছে এবং এতে যোগ দেবার জন্য অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, প্রেসিডেন্ট পুতিন এবং তার আগ্রাসন যে ব্যর্থ এটা অবশ্যই সবার চোখের সামনে তুলে ধরতে হবে। বলা হচ্ছে ব্রিটিশ পরিকল্পনাটিতে একটি মানবিক কোয়ালিশন গঠন, ইউক্রেনের আত্মরক্ষায় সমর্থন দেয়া এবং ক্রেমলিনের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের কথা আছে।

  5. কিয়েভের নিকটবর্তী শহরে চরম বিশৃঙ্খলা, পালাচ্ছে মানুষ

    কিয়েভ থেকে বিশ কিলোমিটার উত্তর-পশ্চিমের ছোট্ট শহর ইরপিনে আর্টিলারি এবং বোমা হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রাণভয়ে পালাচ্ছে মানুষ।

    শহরে এখন যে চরম অরাজক পরিস্থিতি, তার চিত্র নীচের কিছু ছবিতে:

  6. আপনি যদি মাত্রই আমাদের সঙ্গে যোগ দিয়ে থাকেন, তাহলে আজ যুদ্ধের ১১তম দিনে কী ঘটছে এক নজরে দেখে নিতে পারেন:

    ·দক্ষিণাঞ্চলের অবরুদ্ধ শহর মারিউপোল শহর থেকে আটকে পড়া বেসামরিক মানুষকে নিরাপদে সরিয়ে আনার জন্য দ্বিতীয় দিনের মতো চেষ্টা চলছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রুশ বাহিনীর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নতুন রুট ঠিক করা হয়েছে। স্থানীয় সময় দুপুর বারোটায় এটি খোলার কথা। তবে বাস্তবে সেখানে কী ঘটছে তা পরিস্কার নয়।

    ·গতকাল রুশ বাহিনীর হামলার মুখে এরকম একটি উদ্ধার অভিযানের পরিকল্পনা ভেস্তে গিয়েছিল।

    ·ইউক্রেনের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, রুশ বাহিনী এখন বন্দর শহর ওডেসায় গোলাবর্ষণের প্রস্তুতি নিচ্ছে। তিনি আশংকা করছেন সেখানে এক ‘ঐতিহাসিক অপরাধ’ সংঘটিত হতে যাচ্ছে।

    ·রাশিয়ার যুদ্ধ কমান্ড যে এখন দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রুশদের লক্ষ্য ইউক্রেনকে কৃষ্ণসাগর থেকে বিচ্ছিন্ন করে ফেলা।

    ·তবে রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমেও তীব্র লড়াই চলছে। ইরপিন নামের একটি ছোট শহর তীব্র আক্রমণের মুখে পড়েছে। রাশিয়ার যে বিশাল সামরিক কনভয় কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে, সেটির সামনের অংশ এই শহরের কাছে। শহরটির ওপর তীব্র গোলাবর্ষণ করা হচ্ছে, বিমান হামলা চলছে।

    ·পূর্বদিকে খারকিভ এবং সুমি শহরেও নতুন করে বোমা হামলা চলছে।

    ·ইউক্রেন থেকে এপর্যন্ত পনের লাখের বেশি মানুষ পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত দশ দিনে এরা সীমান্ত অতিক্রম করে প্রতিবেশি বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

    ·যুক্তরাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, এই সংঘাত বহু বছর ধরে না হলেও বহু মাস ধরে চলতে পারে বলে আশংকা আছে।

  7. লাভিভের ক্যাফেতে রুশ ক্ষয়-ক্ষতির হিসেব, ইয়ালদা হাকিম, বিবিসি ওয়ার্ল্ড নিউজ, লাভিভ থেকে,

    বাইরে থেকে দেখলে মনে হবে ইউক্রেনের লাভিভ শহরের জীবনযাত্রা স্বাভাবিকভাবেই চলছে। যুদ্ধ থেকে পালানো শরণার্থীরা পোল্যান্ড সীমান্তের কাছে পশ্চিম ইউক্রেনের এই শহরটিতে এসেই জড়ো হচ্ছে।

    শহরের ক্যাফেতে লোকজন কফি আর কেক খাচ্ছে, পাথর বাঁধানো রাস্তায় ট্রাম চলছে, দোকানপাটে হরেক রকমের পণ্য সাজানো।

    কিন্তু শহরের পরিস্থিতি থমথমে। লোকজনের পরিচয়পত্র এবং পাসপোর্ট পরীক্ষা করে দেখা হচ্ছে, আর দোকান বা ক্যাফের কাঁচের জানালায় অনেকে সেঁটে রেখেছে রুশ বাহিনীর কত ক্ষয়ক্ষতি এপর্যন্ত হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনীর দেয়া সেই হিসেব।

    প্রতিদিনই মাঝেমধ্যে বেজে উঠছে সাইরেন, হঠাৎ করেই কোথাও হতে উদয় হচ্ছে সৈন্যরা, আর লোকজন বোমা হামলা থেকে বাঁচতে লাইন ধরে আশ্রয় নিচ্ছে মাটির নীচের শেল্টারে। এই দেশটি যে এখন যুদ্ধে লিপ্ত, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই।

  8. ইলন মাস্ককে আমন্ত্রণ জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

    ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ধনকুবের এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে যুদ্ধ থামলে তাঁর দেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

    স্পেস এক্স এর প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, তিনি এই সফরের অপেক্ষায় আছেন।

    ইলন মাস্ক ইউক্রেনের জন্য ট্রাকভর্তি স্টারলিংক ইন্টারনেট টার্মিনাল পাঠিয়েছেন এবং আরও পাঠাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই টার্মিনালের মাধ্যমে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংযোগ পাওয়া যায়।

    রাশিয়া যেভাবে ইউক্রেনের যোগাযোগ অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করেছে, তার ফলে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হচ্ছে। ইউক্রেনের সরকার তাই ইন্টারনেট সেবার জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা করছে।

  9. রাশিয়ায় শত শত যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারী গ্রেফতার

    রাশিয়ার ২১টি শহরে ছয়শোর বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছে ওভিডি-ইনফো নামের একটি মনিটরিং গ্রুপ।রাশিয়ার বন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।

    মনিটরিং গ্রুপটি স্থানীয় গণমাধ্যমের খবরের ভিত্তিতে বলছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরে দুশোর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

    রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের গণহারে গ্রেফতারের ঘটনা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ওভিডি-ইনফো মনিটরিং গ্রুপ বলছে, ১১ দিন আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এপর্যন্ত ৮ হাজারের বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে রাশিয়ায় গ্রেফতার করা হয়েছে।

  10. 'তিন হাজার আমেরিকান ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে'

    প্রায় তিন হাজার আমেরিকান ইউক্রেনের পক্ষ হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুুদ্ধে অংশ নিয়েছে বলে ওয়াশিংটনে ইউক্রেনের দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন। ভয়েজ অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য দিয়েছেন।

    পশ্চিমা দেশগুলো ইউক্রেনে সৈন্য পাঠায়নি। তবে অস্ত্র ও আর্থিক সহায়তা দিচ্ছে।

    রাশিয়া ও দেশটির ধনকুবেরদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে একাধিক দেশ।

    এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি বিদেশি যোদ্ধাদের তার দেশের জন্য লড়াই করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছেন, এই যুদ্ধে প্রায় ১৬ হাজার বিদেশি স্বেচ্ছাসেবক হিসাবে অংশ নিয়েছে।

  11. ইউক্রেনের যুদ্ধ বছর না হলেও কয়েক মাস ধরে চলবে: যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী

    যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বছর না হলেও অন্তত কয়েক মাস ধরে চলবে। স্কাই নিউজে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন যাতে ব্যর্থ হন, সেজন্য বন্ধু দেশগুলোর কৌশলগত মনোভাব দেখানো উচিত।

  12. রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ হতে পারে? পাঁচটি সম্ভাব্য চিত্র

    যুদ্ধের ঘনঘটার মধ্যে সামনে কী ঘটতে যাচ্ছে তা অনুমান করা সত্যিই কঠিন।

    যুদ্ধক্ষেত্রের নানা খবর, কূটনৈতিক দৌড়ঝাঁপ, হতাহতদের স্বজনদের বিলাপ আর বাস্তচ্যুতদের দুর্ভোগ - এগুলোর মধ্যে মানসিকভাবে দিশেহারা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক।

    কিন্তু তার মধ্যেও বিশ্লেষকরা বুঝে ওঠার চেষ্টা করছেন যে আগামী দিনগুলোতে ইউক্রেনের এই সংঘাত ঠিক কোন দিকে যেতে পারে।

  13. রাশিয়ার সঙ্গে আমরা যুদ্ধ এড়াতে চাই: যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান

    যুক্তরাজ্যের চীফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাডকিন বিবিসিকে বলেছেন, ইউক্রেন, ইউরোপ এবং সারা বিশ্বের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে যুক্তরাজ্য মনে করে যেন, কোনভাবেই ইউক্রেনের যুদ্ধ আর না বাড়ে।

    তিনি বলেছেন, ''আমরা কোনভাবেই চাই না নেটো আর রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ বেধে যাক। তবে ইউক্রেনের মানুষ খুবই বিপর্যয়কর অবস্থায় আছে বলে তিনি স্বীকার করেছেন।

    ইউক্রেনের আকাশসীমায় 'নো-ফ্লাই জোন' ঘোষণা করতে রাজি না হওয়ায় নেটোর ওপর ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি। সেটি করা হলে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে নেটো।

    স্যার রাডকিন বলেছেন, ইউক্রেনে হামলা রাশিয়ার জন্যও ভালো হয়নি। তিনি বিশ্বাস করেন, যুক্তরাজ্য এর জবাবে সঠিক পদক্ষেপ নিয়েছে।

    তিনি বলেন, রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাজ্য এবং তাদের মিত্রদের খুবই হুঁশিয়ার থাকতে হবে।

    যুক্তরাজ্য এখনো রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে কীনা জানতে চাইলে স্যার টনি বলেন, মস্কোর অপারেশনাল হেডকোয়ার্টার্সের সঙ্গে তাদের একটি সরাসরি লাইন আছে, যেটি প্রতিদিন পরীক্ষা করে দেখা হয়।

    তিনি জানান, সম্প্রতি তিনি এই লাইন ব্যবহার করে তার রুশ প্রতিপক্ষ সেনা প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে একটি বৈঠকের অনুরোধ জানিয়েছেন, তবে এখনো তাঁর উত্তরের প্রতীক্ষায় আছেন।

  14. ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সামিল

    ইউক্রেনে হামলার চালানোর জেরে রাশিয়ার ওপরে পশ্চিমা নানা দেশ যে নিষোধাজ্ঞা আরোপ করেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করছেন তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল।

    মি পুতিন হুশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের আকাশসীমার উপরে বিমান চলাচল বন্ধ বা 'নো ফ্লাই জোন' ঘোষণা দিলে সেটিকে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করা হবে। কেউ যদি এমন করে তবে তাকে শত্রু হিসেবেই জবাব দেয়া হবে।

  15. ব্রেকিং, যুদ্ধের কারণে ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হয়েছে ১৫ লাখের বেশি মানুষ: জাতিসংঘ

    জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটি থেকে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

    এদের মধ্যে ছয় লাখ মানুষ প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। এর বাইরে হাঙ্গেরি, রোমানিয়া, মলদোভা, শ্লোভাকিয়াসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোয় আশ্রয় নিয়েছে বাকিরা।

    ১১দিন আগে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া।

    দ্বিতীয় বিশ্বযুুদ্ধের পর ইউরোপে এই প্রথম এত তাড়াতাড়ি এত বেশি শরণার্থীর সংখ্যা বাড়ছে।

  16. ব্রেকিং, মারিউপোলে নতুন করে আবার যুদ্ধবিরতি

    মারিউপোলের শহর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে নতুন করে আরেকটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

    স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা (বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে রাত একটা) পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

    বেসামরিক বাসিন্দারা এই সময় শহর ছেড়ে যাওয়ার সুযোগ পাবেন।

    শনিবার এরকম একটি পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল, যদিও তা শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছিল।

    মারিউপোলের শহর কর্তৃপক্ষ অনুরোধ করেছে, যারা ব্যক্তিগত গাড়ীতে যাবেন, তারা যেন রেডক্রসের বাসের পেছনে পেছনে থাকেন। সব গাড়ির সব আসনে যাত্রীপূর্ণ করে নেয়ার অনুরোধ করা হয়েছে।

  17. যুদ্ধে ৮৮ বিমান-হেলিকপ্টার হারিয়েছে রাশিয়া

    ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত রাশিয়া বিমান ও হেলিকপ্টার মিলিয়ে ৮৮টি এয়ারক্রাফট হারিয়েছে।

    বেশ কয়েকজন রাশিয়ান পাইলটকে আটক করা হয়েছে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার সৈন্যদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে।

    মাইকোলিয়াভ অঞ্চলে রাশিয়ার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। ইউক্রেনের সৈন্যদের প্রতিরোধ দেখে মনোবল হারিয়ে ফেলছে রাশিয়ার বাহিনী।

    তবে ইউক্রেনের এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করে দেখতে পারেনি বিবিসি।

  18. নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন বাংলার সমৃদ্ধির নাবিকরা

    বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ জন নাবিককে নিরাপদে রোমানিয়ায় নিয়ে আসা হয়েছে।

    রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী এই তথ্য নিশ্চিত করেছে।

    তিনি জানিয়েছেন, নাবিকদের এখন তাদের দেশে ফেরানো হবে।

    গত বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে থাকার সময় গোলার আঘাতের শিকার হয় এমভি বাংলার সমৃদ্ধি। সেই আঘাতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।

    এরপর জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় নাবিকদের জাহাজের বাইরে নিয়ে যাওয়া হয়।

    পরবর্তীতে তারা প্রতিবেশী মলদোভা হয়ে রোমানিয়ায় প্রবেশ করেন।

  19. 'নো-ফ্লাই জোন' আসলে কী?

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি বারবার ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন জারি করার জন্য অনুরোধ জানিয়ে আসছেন। যদিও তা বারবার প্রত্যাখান করেছে নেটো।

    কিন্তু নো-ফ্লাই জোন আসলে কী?

    কোন যুদ্ধ চলার সময় যখন কোন নির্দিষ্ট আকাশ সীমায় নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়, তার মানে হলো সেখানে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করা হয়। এর ফলে কোন বিমান হামলা চালাতে বা নজরদারি করতে পারে না।

    কিন্তু এ ধরনের এলাকা ঘোষণা করা হলে সেটি সামরিকভাবেই কার্যকর করা হয়ে থাকে।

    ইউক্রেনের আকাশসীমায় যদি নেটো 'নো-ফ্লাই জোন' ঘোষণা করে, তার মানে হলো, সেখানকার আকাশে রাশিয়ার কোন বিমান দেখা গেলে গুলি করে ভূপাতিত করতে হবে। এরপর ফলে রাশিয়ার সৈন্যদের সঙ্গে পশ্চিমা দেশগুলোর যুদ্ধ শুরু হয়ে যাবে।

  20. ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সর্বশেষ যেসব তথ্য জানা যাচ্ছে

    আপনি যদি কিছুক্ষণ আগে এই পাতায় যোগ দিয়ে থাকেন, তাহলে ইউক্রেনে রাশিয়ার হামলার ব্যাপারে সর্বশেষ যেসব তথ্য জেনে রাখতে পারেন:

    • ইউক্রেনের আকাশে 'নো ফ্লাই জোন' ঘোষণা করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের ৩০০ আইন প্রণেতা এবং প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপের সময়েও তিনি এই দাবি তুলেছেন।
    • নেটো আবারও 'নো ফ্লাই জোন' তৈরির প্রস্তাব নাকচ করে দিয়েছে, কারণ এর ফলে পশ্চিমা দেশগুলো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।
    • রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করা হলে তাকে তিনি যুদ্ধ ঘোষণার সামিল বলে মনে করবেন।
    • মারিউপোলে যুদ্ধ বিরতি ভেস্তে যাওয়ার পর শহরটির ওপর অব্যাহত গোলাবর্ষণ করে যাচ্ছে রাশিয়ার সৈন্যরা।
    • ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মারিউপোল এবং সুমি শহরে মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। সুমি অঞ্চলে কোন বিদ্যুৎ নেই।
    • রাশিয়ায় সব ধরণের কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ভিসা এবং মাস্টারকার্ড।
    • সোমবার আরেকদফা আলোচনায় বসবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।