আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সাময়িক যুদ্ধবিরতি পালন করা হচ্ছে না: ইউক্রেন

ইউক্রেনের উত্তর, পূর্ব, ও দক্ষিণ এলাকায় বড় ধরনের যুদ্ধ চলছে। বেসামরিক মানুষজনকে সরে যেতে সুযোগ করে দিতে মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। তবে মারিউপোলে তা মানা হচ্ছে না বলে অভিযোগ। কিয়েভ ও খারকিভে গোলাবষর্ণ চলছে।

সরাসরি কভারেজ

মাসুদ হাসান খান

  1. ব্রেকিং, ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া

    বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য ইউক্রেনের দুইট শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। একে 'হিউম্যানিটারিয়ান করিডোর' বলে তারা বর্ণনা করেছে।

    মারিওপোল এভং ভলনোভাখা শহরে মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে এই বিরতি কার্যকর হবে।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে।

    তবে এখনো ইউক্রেনের দিক থেকে এই বিষয়ে কোন তথ্য জানানো হয়নি।

    শহর অবরুদ্ধ করে রাখার প্রেক্ষাপটে এর আগে মারিওপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি 'হিউম্যানিটারিয়ান করিডোর' ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাশিয়ার সেনাদের হামলাকে তিনি 'নিষ্ঠুর হামলা' বলে বর্ণনা করেছিলেন।

  2. দশ দিন ধরে চলা যুদ্ধ: এখন পর্যন্ত যা ঘটেছে

    যুদ্ধে কতজন বেসামরিক মানুষ হতাহত হয়েছে, তা পরিষ্কার নয়, কিন্তু জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, ২৪শে ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরু হওয়ার পর প্রায় ১২ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে। আরও কয়েক লাখ মানুষ এখন আশ্রয়ের সন্ধান করছেন।

    রাশিয়ার দখলে যাওয়া প্রথম ইউক্রেনের শহর হচ্ছে খারসেন।

    কিয়েভ, খারকিভ লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চলছে। কিয়েভের দিকে এগিয়ে আসা বিশাল একটি রাশিয়ান সেনা বহর পথে থেমে রয়েছে।

    দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিওপোলে অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার সৈন্যরা এবং আরেকটি বন্দর নগরী ওডেসার দিকে এগোচ্ছে। রাশিয়া এই দুইটি শহর দখল করতে পারলে ইউক্রেন সমুদ্র যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

    শুক্রবার কয়েকঘণ্টা ধরে গোলাবর্ষণের পর জেপোরেঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে রাশিয়া। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিশ্ব নেতারা বলছেন, এই হামলা বিশ্বে একটি বড় বিপর্যয় তৈরি করতে পারে।

    বর্তমানে অকার্যকর চেরনোবিল পারমাণবিক কেন্দ্র এর আগে নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। এখানেই ১৯৮৬ সালে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল।

    ইউক্রেনের আকাশে বিমান চলাচল নিষিদ্ধ করতে নেটো রাজি না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদামির জলোনস্কি বলেছেন, ''এখানে যত মানুষ মারা যাবে, তাদের জন্য আপনারাই দায়ী হবেন''।

    যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক লক্ষ্য করে সম্পদ জব্দের একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। সেই সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে দেশটির বাণিজ্য, বিনিয়োগ ও ভ্রমণ বাধার মুখে পড়েছে।

    রাশিয়ায় যুদ্ধ সংবাদ প্রকাশে সেন্সরশীপ আরোপ করে একটি নতুন আইন জারি করায় বিবিসি-সহ একাধিক গণমাধ্যম সেদেশে কার্যক্রম স্থগিত করেছে।

    অ্যাপল, স্যামসাং, এয়ারবিএনবিসহ একাধিক কোম্পানি রাশিয়ায় ব্যবসা স্থগিত করেছে। সেই সঙ্গে রাশিয়ার বিমান চলাচল স্থগিত করেছে একাধিক দেশ।

  3. ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে ১২ লাখ মানুষ: জাতিসংঘ

    জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রায় ১২ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে।

    জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার সর্বশেষ পরিসংখ্যানের বরাত দিয়ে বলেছেন, ইউক্রেন ছেড়ে পালিয়ে আসা মানুষের অর্ধেকই প্রতিবেশি পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। দেশটিতে ৬ লাখ ৫০ হাজার ইউক্রেনে আশ্রয় নিয়েছেন।

    দেড় লাখ মানুষ হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছেন, বাকিরা ইউরোপের অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন।

    প্রতিবেশি মলদোভা, স্লোভাকিয়া, রোমানিয়ায় বিপুল শরণার্থী আশ্রয় নিয়েছে।

    ''ইউক্রেনের ভেতর ও বাইরে এখনো অনেক মানুষ আশ্রয়ের খোঁজ করছেন। তাদের সুরক্ষা ও সহায়তা দরকার। ইউক্রেনের পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে প্রায় ৪০ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হতে পারে,'' বলছেন ইউএনএইচসিআর।

    রাশিয়ার হামলার আগে ইউক্রেনে মোট জনসংখ্যা ছিল চার কোটি ৪০ লাখ।

  4. কোন তরফ থেকে আপোষের সম্ভাবনা দেখা যাচ্ছে কি?

    রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ দশম দিনে গড়িয়েছে এবং দু পক্ষের দ্বিতীয় দফা আলোচনাতেও কোন সমঝোতা হয়নি। আবার বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের দাবি জোরালো হলেও তার দিকে নজর নেই কোন পক্ষেরই।

    গত ২৪শে ফেব্রুয়ারি এ যুদ্ধের সূচনা করেছিলো রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনকে নেটোতে যোগদান থেকে বিরত রাখা ও দেশটিকে একটি নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করাই তার লক্ষ্য।

    বরং একদিকে কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী আবার অন্যদিকে নেটো ও যুক্তরাষ্ট্রের মিত্রদের ব্যাপক সহায়তায় তীব্র প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয়রা।

    কোন তরফ থেকে আপোষের সম্ভাবনা দেখা যাচ্ছে কি?

  5. মারিওপোল শহরে হেলিকপ্টার হামলার ভিডিও

    বন্দর নগরী মারিওপোলের ওপর হামলার একাধিক ভিডিও বস্তুনিষ্ঠতা সম্পর্কে নিশ্চিত হয়েছে বিবিসি। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, মারিওপোল শহরের ওপর রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার হামলা করছে।

    গত বৃহস্পতিবার থেকে এই শহরটি অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার সৈন্যরা।

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী এই শহরে চার লাখ মানুষ বসবাস করে। এই শহরটি দখল করা গেলে একটি করিডোর তৈরি হবে, যার মাধ্যমে বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্ক এবং দোনেৎস্ক থেকে ক্রাইমিয়ায় যাতায়াত করতে পারবে।

    মারিওপোলের কর্মকর্তারা বড় ধরনের মানবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

  6. রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরল পদক্ষেপ নিয়েছে সিঙ্গাপুর

    সিঙ্গাপুর জানিয়েছে, ইউক্রেনে হামলা করার কারণে রাশিয়ার বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।

    দেশটির জন্য এটি এক বিরল পদক্ষেপ।

    দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র সিঙ্গাপুর জানিয়েছে, তারা রপ্তানি নিয়ন্ত্রণ করবে এবং রাশিয়ার কয়েকটি ব্যাংকের লেনদেন সীমিত করার পদক্ষেপ নেবে।

    সেই সঙ্গে ক্রিপ্টোকারেন্সির লেনদেনে কড়াকড়ি আরোপ করবে এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করার ওপর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেবে।

  7. রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বোমা বর্ষণের অভিযোগ

  8. ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর নিয়ন্ত্রণ কেন রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ

    রাজধানী কিয়েভসহ পূর্ব ও উত্তর ইউক্রেনে রাশিয়া তাদের টার্গেটগুলো দখল করতে লড়াই করলেও তাদের অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ ইউক্রেনে সাফল্য পাওয়াটাই হবে গুরুত্বপূর্ণ।

    রাশিয়াও মনে করছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলই হবে বিশেষ গুরুত্বপূর্ণ এবং ইতোমধ্যেই কিছু শহর তারা দখল করেছে। সবশেষ তারা জেপোরেঝিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও দখল করে নিয়েছে।

    ক্রাইমিয়ার পূর্ব দিকে রুশ বাহিনী মারিয়োপলের দিকে যাচ্ছে। মারিয়োপলের পতন হলে এটি রাশিয়াকে ইউক্রেনের একটি বড় বন্দরের নিয়ন্ত্রণ পেতে সহায়তা করবে। একই সাথে এটি ক্রাইমিয়া ও রাশিয়া সমর্থিত লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলের সাথে একটি সড়ক করিডোর প্রতিষ্ঠা করবে।

  9. ইউক্রেনের জন্য বিশ্বজুড়ে সমাবেশ

    ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষে বিশ্বের বড় শহরগুলোয় সমাবেশ অব্যাহত রয়েছে।

    জর্জিয়ার রাজধানী তিবলিস, চেক রিপাবলিকের রাজধানী প্রাগে শুক্রবার রাতে বড় সমাবেশ হয়েছে। সেখানে মি. জেলেনস্কি ভিডিও লিংকে যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন।

    যুদ্ধবিরোধী সমাবেশ হয়েছে ফ্রাঙ্কফুর্ট, ভিলনিউস, লিওন এবং ব্রাতিস্লাভায়।

    গত কয়েকদিনে লিসবন, লুসার্ন, লন্ডন, সোল, জার্কাতা ও লা পাজে একই রকমের সমাবেশ হয়েছে।

  10. দুই ধনকুবেরের দুইটি প্রমোদতরী আটক করেছে ইতালি

    রাশিয়ার দুইজন শীর্ষ ওলিগার্ক বা ধনকুবেরের দুইটি ইয়ট বা প্রমোদতরী আটক করেছে ইতালির পুলিশ।

    ইউরোপীয় ইউনিয়নের জারি করা নিষেধাজ্ঞার কারণে ইতালির পুলিশ এই ব্যবস্থা নিয়েছে।

    আটক করা একটি প্রমোদতরীর মালিক আলেক্সি মোরদাশভ, যিনি ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এবং রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। ২১৩ ফুট লম্বা ইয়টের দাম ২ কোটি ৭০ লাখ ডলার।

    মি. মোরদাশভ রাশিয়ার প্রধান স্টিল উৎপাদক সের্ভাস্টল কোম্পানির মালিক, যিনি ২৯০০ কোটি ডলারের মালিক।

    অন্য প্রমোদতরীটির মালিক গেনডি টিমচেঙ্কোর সঙ্গেও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তেলের ব্যবসায়ী মি. টিমচেঙ্কো ১৭০০ কোটি ডলারের মালিক।

    এ সপ্তাহে জার্মানি ও ফ্রান্সেও কয়েকজন রাশিয়ান ওলিগার্ক বা ধনকুবেরের প্রমোদতরী আটক করেছে সেখানকার পুলিশ।

    রাশিয়ার ৬৮০ জন ব্যক্তি এবং ৫৩টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

  11. রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ হতে পারে? পাঁচটি সম্ভাব্য চিত্র

    বিশ্লেষকরা বুঝে ওঠার চেষ্টা করছেন যে আগামী দিনগুলোতে ইউক্রেনের এই সংঘাত ঠিক কোন দিকে যেতে পারে।

    রাজনীতিবিদ আর সামরিক নেতারা এর মধ্যেই সম্ভাব্য কিছু চিত্রকল্প পরীক্ষা করে দেখছেন। তবে যুদ্ধ এমনই একটা ব্যাপার যে ভবিষ্যতে কী হবে - তার পূর্বাভাস আস্থার সাথে দেয়া সহজ নয়।

    তবে কিছু সম্ভাব্য চিত্র এখানে তুলে ধরা হচ্ছে - যার কোনটিই খুব আশাব্যঞ্জক নয়।

  12. ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে

    • ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে নেটো মহাসচিব ইয়েন স্টলটেনবার্গ বলেছেন, দুঃখের সঙ্গে হলেও এই সামরিক জোট সিদ্ধান্ত নিয়েছে যে, ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন করার পদক্ষেপ তারা নেবে না
    • নেটোর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
    • ফেসবুক নিষিদ্ধ করেছে রাশিয়া, টুইটার ও ইউটিউবে প্রবেশ সীমিত করে দিয়েছে
    • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আইনে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে
    • মারিয়াপোল ঘিরে রেখেছে রাশিয়ার সৈন্যরা, কিয়েভ ও খারকিভের ওপর ব্যাপক গোলাবর্ষণ চলছে
    • যুক্তরাষ্ট্র জানিয়েছে, আরেকটি পারমাণবিক কেন্দ্র দখলের কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়া
    • ইউক্রেনে যুদ্ধে রাশিয়ার অন্তত তিনজন সেনা অধিনায়ক নিহত হয়েছে বলে পশ্চিমা দেশগুলো জানিয়েছে
  13. বিবিসি বাংলার লাইভ রিপোটিং-এ স্বাগত জানাচ্ছি সায়েদুল ইসলাম