কিয়েভ টিভি টাওয়ারে হামলায় নিহত ৫, নগরবাসীদের সতর্ক করেছে রাশিয়া

রুশ সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিয়েছে বলে শহরের বাসিন্দাদের সতর্ক করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিয়েভের দিকে ৬৪ কিমি দীর্ঘ রুশ সেনাবহর। শহরে আতংক ছড়িয়ে পড়েছে।

সরাসরি কভারেজ

আকবর হোসেন and শাকিল আনোয়ার

  1. মিসাইল হামলায় ইউক্রেনের ৭০ জন সৈন্য নিহত

    ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের ৭০ জন সৈন্য নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা বলছেন।

    ইউক্রেনের সামি অঞ্চলের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা দিমিত্রো জাভায়েৎস্কি জানিয়েছেন, হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

    "অনেক মানুষ মারা গেছে। এখন ৭০জন ইউক্রেনিয় সৈন্যের জন্য কবরস্থান তৈরি করা হচ্ছে," টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন দিমিত্রো জাভায়েৎস্কি।

    "কিন্তু শত্রুরা যা পাবার তা পেয়ে গেছে। অনেক রুশের মৃতদেহও ছিল। তাদের মৃতদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করা হচ্ছে।"

    তবে দিমিত্রো জাভায়েৎস্কির দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

    ধ্বংসস্তুপ

    ছবির উৎস, Dmytro Zhyvytskyi/Telegram

    ছবির ক্যাপশান, রাশিয়ার আর্টিলারির আঘাতে ধ্বংসস্তুপ থেকে মৃতদের বের করার চেষ্টা হচ্ছে।
  2. দেশজুড়ে শোনা যাচ্ছে এয়ার সাইরেন

    ইউক্রেনে সকাল হওয়ার সাথে সাথে দেশজুড়ে শোনা যাচ্ছে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন।

    বিবিসির ইউক্রেনিয়ান সার্ভিস খবর দিচ্ছে, কিয়েভের পাশাপাশি সাইরেন বাজছে পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিল, ভিনিৎসিয়া, রিভনে এবং মধ্যাঞ্চলীয় শহর চেরকাসি ও ক্রোপিভনিৎস্কিতে।

  3. চীনা নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নেয়া হচ্ছে

    চীনা দূতাবাস ইউক্রেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেবার কাজ শুরু করেছে।

    দূতাবাস বলছে, চীনা নাগরিকদের প্রথম দলটি সোমবার ইউক্রেন ছেড়ে গেছে। চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম বলছে, এদের মধ্যে ইউক্রেনে অধ্যয়নরত চীনের শিক্ষার্থীরা ছিল। রাজধানী কিয়েভ থেকে সরিয়ে তাদের মলদোভায় নেয়া হয়েছে।

    বেইজিং থেকে বিবিসির সংবাদদাতা স্টেফান ম্যাকডনেল বলছেন, এখন চীনের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নেবার বাড়তি তাৎপর্য থাকতে পারে।

    এর একটি কারণ হতে পারে - শুরুতেই নিজ দেশের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে রাশিয়াকে হতাশ করতে চায়নি।

    দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে - চীন হয়তো ভেবেছিল যে রাশিয়া খুব দ্রুত ইউক্রেন নিয়ন্ত্রণে নেবে। ফলে চীনের নাগরিকদের সরিয়ে আনার প্রয়োজন হবে না।

    তৃতীয় কারণটি আরো বেশি উদ্বেগজনক। চীন হয়তো হিসেব করে দেখেছে যে আসছে দিনগুলোতে রাশিয়ার আক্রমণ আরো মারাত্মক হতে পারে।

    কিয়েভ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে গেছেন বহু মানুষ।
  4. ইউক্রেনকে অস্ত্র দেবে অস্ট্রেলিয়া

    অস্ট্রেলিয়া জানিয়েছে তারা ইউক্রেনে পঞ্চাশ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে। প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন অস্ত্র কেনার জন্য এ অর্থ দেয়া হবে।

    স্কট মরিসন বলেন, "আমরা মিসাইল এবং গোলাবারুদ নিয়ে কথা বলছি। ইউক্রেনের জনগন যাতে তাদের দেশকে রক্ষা করতে পারে সে বিষয় নিয়ে কথা বলছি।"

    মি. মরিসন জানিয়েছেন, সামরিক সহায়তার বাইরেও অস্ট্রেলিয়া মানবিক সহায়তার জন্য ৩৫মিলিয়ন অস্ট্রেলিয় ডলার দেবে।

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
  5. কিয়েভের দিকে এগুচ্ছে রাশিয়ার বিশাল সামরিক বহর

    রাশিয়ার একটি বিশাল সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, সামরিক বহর প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ। স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি এ ছবি প্রকাশ করেছে।

    স্যাটেলাইট ছবি বিশ্লেষন করে দেখা যাচ্ছে, স্থলবাহিনী এবং যুদ্ধ হেলিকপ্টার বেলারুশের দক্ষিনাঞ্চলে অবস্থান করছে, যেটি ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলের কম দূরত্বে।

    ইউক্রেনের সামরিক বাহিনী বলছে রাশিয়ার সেনাবাহিনী রাজধানী কিয়েভের উপর হামলা শুরু করেছে।

    রাশিয়ার সামরিক কনভয় ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রাশিয়ার সামরিক কনভয় ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে।