রুশ পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখতে প্রেসিডেন্ট পুতিনের আদেশ

ইউক্রেনের গুরুত্বপূর্ণ খারকিভ শহর আবার ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে কিয়েভ । কিয়েভে শনিবার বিকেল থেকে কারফিউ জারি করা হয়েছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বেলারুসে রাশিয়ার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সর্বশেষ কী জানা যাচ্ছে?

সরাসরি কভারেজ

  1. নানা দিক থেকে এগুচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনের 'শক্ত প্রতিরোধ', একাধিক দিক থেকে রুশ বাহিনী এগিয়ে আসতে থাকলেও তারা ইউক্রেনের বাহিনীর “শক্ত প্রতিরোধের” সম্মুখীন হচ্ছে

    ব্রিটিশ গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী রাজধানী কিয়েভে গত রাতেও লড়াই হয়েছে তবে শহরটির কেন্দ্রস্থল এখন শান্ত, তবে কারফিউ চলছে।

    ব্রিটেনের সূত্রগুলো বলছে, একাধিক দিক থেকে রুশ বাহিনী এগিয়ে আসতে থাকলেও তারা ইউক্রেনের বাহিনীর “শক্ত প্রতিরোধের” সম্মুখীন হচ্ছে

    ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেংকো বলছেন,রাজধানী কিয়েভ লক্ষ্য করে নিক্ষিপ্ত একটি রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তাদের বিমানবাহিনী

    সামাজিক মাধ্যমে পোস্ট করা খবর ও ভিডিওতে দেখা যাচ্ছে - কিয়েভ শহরের উত্তর-পশ্চিমে বুশা্ নামে একটি উপশহরে এখন যুদ্ধ চলছে। রাস্তায় রুশ সৈন্যদের দেখা যাচ্ছে, এব ভিডিওতে মেশিনগানের শব্দ পাওয়া যাচ্ছে। বিবিসি এর সত্যতা এখনো যাচাই করতে পারেনি।

    ইউক্রেনের আরো কিছু শহর ও অবকাঠামোর ওপর রাশিয়া আক্রমণ চালিয়েছে।

    খেরসন এবং বেরদিয়ানস্কশহর দুটি অবরোধ করে রুশ বাহিনী।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রইগর কোনাশেনকভ বলেছেন, খেরসন শহরের কাছে চরনোবাইভকা বিমানঘাঁটি এবং হেনিচেস্ক নামে আরেকটি শহর এখন রুশ নিয়ন্ত্রণে।

    তিনি আরো বলেন, রাশ বাহিনী শনিবার বিমান ও সাগর থেকে নিক্ষিপ্ত ক্রুজ মিসাইল দিয়ে ইউক্রেনের সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে।

    খারকিভ

    ছবির উৎস, Ukrainian Armed Forces/Getty

    ছবির ক্যাপশান, খারকিভ শহরে একটি রুশ সামরিক যানে আগুন জ্বলছে
  2. ইউক্রেনের সাথে আলোচনার জন্য মিনস্কে রুশ প্রতিনিধিদল, রাজি নন জেলেনস্কি, ইউক্রেনের সাথে আলোচনার লক্ষ্য নিয়ে একটি রুশ প্রতিনিধিদল বেলারুসের রাজধানী মিনস্ক এসে পৌঁছেছে।

    দৃশ্যতঃ ইউক্রেনের সাথে আলোচনার লক্ষ্য নিয়ে একটি রুশ প্রতিনিধিদল বেলারুসের রাজধানী মিনস্ক এসে পৌঁছেছে।

    কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

    তিনি বলেন – রাশিয়া যদি বেলারুসের ভূখন্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর আক্রমণ না চালাতো, তাহলে মিনস্কে বসে আলোচনা করা যেতো।

    তবে মি. জেলেনস্কি বলেছেন অন্য কোন জায়গায় এ আলোচনা হতে পারে।

    “অবশ্যই আমরা শান্তি চাই, বৈঠক চাই, যুদ্ধ শেষ হোক এটা চাই। ওয়ারস’, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকু – এসব জায়গার কথা আমরা রাশিয়ার কাছে প্রস্তাব করেছি” – বলেন তিনি।

    মি. জেলেনস্কি বলেন - “অন্য যে কোন শহরেও আলোচনা হতে – এমন কোন দেশ যেখান থেকে আমাদের ওপর মিসাইল ছোঁড়া হচ্ছেনা।“

  3. রাশিয়ার কিছু ব্যাংককে 'সুইফট' থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে, 'সুইফট' থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করতে একমত হয়েছে ইইউ, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো।

    আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা 'সুইফট' থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করার ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো।

    ইউরোপিয় ইউনিয়ন জানিয়েছে, পুতিন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিদেশে নাগরিকত্ব নেয়া ঠেকাতে তথাকথিত 'গোল্ডেন পাসপোর্টের' বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    একটি দেশ থেকে আরেকটি দেশের ব্যাংকে আর্থিক লেনদেন করতে সুইফট ব্যবস্থা ব্যবহার করা হয়।

    তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে রাশিয়া যে অর্থ আয় করে, সেই অর্থ আদায়ে দেশটি সুইফটের উপর ব্যাপকভাবে নির্ভরশীল।

    জার্মান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ান এসব ব্যাংকে বৈদেশিক অর্থ লেনদেন বন্ধ করাই তাদের এই উদ্যোগের মুল উদ্দেশ্য। কিন্তু রাশিয়ার সাথে ব্যবসা রয়েছে, এমন পশ্চিমা প্রতিষ্ঠানগুলোও এর ফলে ক্ষতির সম্মুখীন হতে পারে।

    বেলজিয়াম ভিত্তিক সুইফট বিশ্বের এগারো হাজার আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে।

    আন্তর্জাতিক ব্যাংকিংএ আর্থিক লেনদেন করতে সুইফট ব্যবস্থা ব্যবহার করা হয়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আন্তর্জাতিক ব্যাংকিংএ আর্থিক লেনদেন করতে সুইফট সিস্টেম ব্যবহার করা হয়
  4. ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ বাহিনী, শহরের প্রতিরোধ বেষ্টনী ভেদ করেছে এবং সেখানে তাদের সাথে ইউক্রেনের সেনাবাহিনীর লড়াই চলছে বলে খবর আসছে।

    দক্ষিণের মেলিতোপোল দখল করে নেবার পর এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রাশিয়ান সেনাবাহিনী, বলছে সেখানকার কর্তৃপক্ষ।

    রাশিয়ান সেনারা শহরের প্রতিরোধ বেষ্টনী ভেদ করেছে এবং সেখানে তাদের সাথে ইউক্রেনের সেনাবাহিনীর লড়াই চলছে বলে খবর আসছে।

    রাতভর মিসাইল হামলার পর রাশিয়ান বাহিনী শহরটিতে প্রবেশ করলো।

    মিসাইল হামলায় একটি নয় তলা আবাসিক ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে সেখানকার জরুরি বিভাগ। ভবনটির বেজমেন্টে আশ্রয় নেয়ার কারণে ৬০ জনের মতো বাসিন্দার প্রাণ রক্ষা হয়েছে। তবে বয়স্ক একজন নারী মারা গেছেন।

    রাশিয়ান সেনারা শহরের প্রতিরোধ বেষ্টনী ভেদ করেছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রাশিয়ান সেনারা খারকিভ শহরের প্রতিরোধ বেষ্টনী ভেদ করেছে
  5. ইউক্রেন-রাশিযা যুদ্ধের চতুর্থ দিনের সবশেষ আপডেট জানাতে বিবিসি বাংলার সরাসরি আয়োজনে আপনাকে স্বাগতম।। রিপোর্ট করছেন পুলক গুপ্ত ও মিজানুর রহমান খান।