আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

রুশ সৈন্যরা কিয়েভের প্রান্তে; ইউক্রেনের সেনাঘাঁটি, বিমানবন্দরে ক্ষেপনাস্ত্র হামলা

রুশ প্যারাট্রুপাররা রাজধানী কিয়েভের প্রান্তে ইউক্রেনের একটি বিমান ঘাঁটি দখল করে নিয়েছে বলে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন লড়াইতে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি প্রাণহানি হচ্ছে যদিও নিরপেক্ষভাবে তা যাচাই করা যায়নি।

সরাসরি কভারেজ

  1. এখন পর্যন্ত রুশ সেনা অভিযান সম্পর্কে যা জানা যাচ্ছে

    বিবিসি’র কিয়েভ সংবাদদাতা জেমস ওয়াটারহাউজ জানিয়েছেন ইউক্রেনের একজন সরকারি কর্মকর্তা এখন পর্যন্ত হওয়া রুশ সেনা অভিযান সম্পর্কে তাদের ধারণা দিয়েছেন।

    ঐ কর্মকর্তা জানিয়েছেন, আজ সকালে কিয়েভে ক্রুজ মিসাইল আক্রমণ করা হয়েছে। দেশটির দক্ষিণে ওদেসা অঞ্চলে সেনা সদস্যদের আগ্রাসনের খবরও পাওয়া গেছে।

    রুশ সীমান্তের প্রায় ২৫ মাইল দূরের খারকিভ অঞ্চলেও সেনা সদস্যরা এগিয়ে আসছে, বলছেন সরকারি কর্মকর্তারা।

    বিবিসি সংবাদদাতা জেমস ওয়াটারহাউজের খবর অনুযায়ী, প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তারা মনে করছেন যে যথেষ্ট বড় পরিসরে এই সেনা অভিযান পরিচালিত হচ্ছে।

    ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম খবর প্রকাশ করছে যে, কিয়েভে দেশটির সেনাবাহিনী হেডকোয়ার্টারে এবং মিসাইল কমান্ড সেন্টারে মিসাইল হামলা চালানো হয়েছে।

  2. ব্রেকিং, রাশিয়া বলছে তারা সেনাবাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে

    ইউক্রেনের শহরে আক্রমণ চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    তারা বলছে, তারা দেশটির সেনা স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর ওপর ‘হাই প্রেসিশন ওয়েপন’ বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে – রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরআইএ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করছে।

  3. যুক্তরাষ্ট্র ও মিত্ররা কড়া নিষেধাজ্ঞা আরোপ করবে: বাইডেন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন।

    মি. বাইডেন বলেছেন: “প্রেসিডেন্ট পুতিনের অসৎ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বনেতাদের প্রতিবাদ জানানোর আহ্বান জানানোর জন্য এবং ইউক্রেনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলেনস্কি আমাকে অনুরোধ করেছে।”

    মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে তিনি বৃহস্পতিবার জি-সেভেন দেশগুলোর নেতাদের সাথে বৈঠক করবেন এবং যুক্তরাষ্ট্র ও মিত্ররা ‘রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।’

    এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে ‘প্ররোচণা ছাড়া ও অন্যায্য’ এই আক্রমণের নিন্দা জানিয়েছিলেন।

  4. ব্রেকিং, মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া: ইউক্রেনের প্রেসিডেন্ট

    সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিশ্চিত করেছেন যে ইউক্রেনে মিসাইল হামলা চালানো হয়েছে।

    তিন দাবি করেছেন ইউক্রেনের স্থাপনা ও সীমান্ত রক্ষীদের ওপর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।

  5. ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে

    ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছেন বিবিসি সংবাদদাতারা।

    তবে কিছু কিছু বিস্ফোরণের সংবাদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

    রাজধানী কিয়েভ সহ দনেৎস্ক অঞ্চলের ক্রামাতর্সকে বিস্ফোরণের খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

    তবে সোশ্যাল মিডিয়ায় উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ, দক্ষিণের ওদেসা এবং পূর্বাঞ্চলের দনেৎস্ক ওবলাস্ত এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

  6. ট্রাম্প: পুতিন যুক্তরাষ্ট্রের ‘দুর্বলতা’ দেখেছে

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের টেলিভিশন ফক্স নিউজের এক অনুষ্ঠানে ফোন করে রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে নিজের মন্তব্য দেন।

    বুধবার রাতে অনুষ্ঠিত হওয়া ঐ অনুষ্ঠানে ফোন করে মি. ট্রাম্প মত প্রকাশ করেন যে ‘তার প্রশাসনের সময়’ এই রুশ আগ্রাসন হত না।

    তিনি বলেন, “আমার মনে হয় তিনি (পুতিন) কিছু একটা করে দরকষাকষি করতে চেয়েছিলেন। তারপর এটা শুধু খারাপের দিকে গেছে এবং শেষপর্যন্ত তিনি দুর্বলতাটা দেখতে পেয়েছেন”।

    আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে যে 'দুর্বলতা' দেখা দিয়েছে, সেটিও এই রুশ আক্রমণের জন্য আংশিক দায়ী বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

  7. বাইডেন: বিশ্ব রাশিয়াকে দায়ী করবে

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাষায় রুশ সেনাবাহিনীর ‘প্ররোচনা ছাড়া', 'অন্যায্য’ হামলার প্রতিক্রিয়া বলেছেন যে এই যুদ্ধে হওয়া ‘মৃত্যু ও ধ্বংসযজ্ঞের জন্য রাশিয়া একা দায়ী’।

    তিনি বলেন, “প্রেসিডেন্ট পুতিন একটি পূর্ব পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন, যার কারনে বহু প্রাণহানি এবং মানুষের জীবনের ক্ষতি হবে।”

    “এই আক্রমণের ফলে যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ হবে তার জন্য রাশিয়া একাই দায়ী”।

    তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো একত্রিত হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিশ্ব রাশিয়াকে দায়ী করবে”।

  8. কিয়েভে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণ: বিবিসি প্রতিনিধি

    কিয়েভে থাকা বিবিসি’র প্রতিনিধি পল অ্যাডামস কিয়েভে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন।

    দেশটির অন্যান্য স্থান থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

  9. সেনাবাহিনীকে থামান: অ্যান্তনিও গুতেরেস

    জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন এবং তার উদ্দেশ্যে মন্তব্য করেছেন ‘শান্তিকে সুযোগ দিন’।

  10. পূর্ব ইউক্রেনে বিস্ফোরণের খবর

    দনেৎস্ক অঞ্চলে থাকা বিবিসি’র পূর্ব ইউক্রেন প্রতিনিধি সারাহ রেইনসফোর্ড ঐ অঞ্চলে বিস্ফোরণের শব্দ পাওয়ার খবর জানিয়েছেন।

  11. ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা পুতিনের

    রুশ প্রেসিডন্টে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দিয়েছেন।

    ইউক্রেনে যেন রাশিয়া আগ্রাসন না চালায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন সেই বিষয়ে বৈঠক করছিল, তখনই টেলিভিশনে প্রচারিত এক ভাষণে 'সেনা অভিযান' পরিচালনার ঘোষণা দেন মি. পুতিন।