আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

আশরাফ গানি অজ্ঞাত স্থানে, প্রেসিডেন্টের প্রাসাদ দখলের দাবি করছে তালেবান

আফগানিস্তানের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেই কাবুল ছেড়ে চলে গেছেন । তালেবানের যোদ্ধারা কাবুল শহরে প্রবেশ করতে শুরু করেছে। কিছুক্ষণ আগে কাবুলের বিমানবন্দর এলাকায় গোলাগুলির খবর পাওয়া গেছে। সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিবিসির লাইভ সম্প্রচার।

সরাসরি কভারেজ

মানসী বড়ুয়া and পুলক গুপ্ত

  1. যোদ্ধাদের কাবুলে সহিংসতা পরিহারের নির্দেশ তালেবানের

    তালেবান তাদের যোদ্ধাদের কাবুলে সহিংসতা পরিহারের নির্দেশ দিয়েছে।

    যারা শহর ছেড়ে যেতে চায় তাদের নিরাপদে ও নির্বিঘ্নে শহর ত্যাগ করতে দেবার নির্দেশ দিয়েছে তালেবান।

    দোহায় একজন তালেবান নেতার উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স সংবাদ সংস্থা।

  2. 'তালেবান যোদ্ধারা সবদিক দিয়ে কাবুলে ঢুকছে'

    তালেবান যোদ্ধারা সবদিক দিয়ে কাবুলে প্রবেশ করছে বলে টু্‌ইটারে খবর দিয়েছে রয়টার্স সংস্থা

  3. 'শান্তিপূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে'

    আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ভিডিও স্থানীয় টোলো টিভিতে প্রচারিত হয়েছে।

    এতে তিনি বলছেন, একটি অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে।

    তিনি আরো বলেন, কাবুলের ওপর কোন আক্রমণ হবে না।

    বার্তা সংস্থা এপি – একজন আফগান কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে তালেবান আলোচকরা এখন প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছেন, এবং ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

    ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে- তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, “ইসলামিক আমিরাত তাদের সকল সৈন্যদেরকে নির্দেশ দিয়েছে যেন তারা কাবুলের প্রবেশদ্বারগুলোতে অবস্থান করে, এবং শহরে ঢোকার চেষ্টা না করে।“

    এ ব্যাপারে আফগান সরকারের কোন প্রকাশ্য প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

  4. মার্কিন দূত ও নেটোর সাথে জরুরি বৈঠকে প্রেসিডেন্ট আশরাফ গানি

    তালেবান যখন কাবুল শহরের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছে – সে সময় প্রেসিডেন্ট আশরাফ গানি এক জরুরি বৈঠক করছেন মার্কিন দূত জালমে খলিলজাদ এবং নেটো জোটের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে।

    এর আগে শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক টিভি ভাষণে প্রেসিডেন্ট গানি বলেছিলেন, দেশ এখন গুরুতর বিপদের সম্মুখীন, তবে আফগানিস্তানের নিরাপত্তা এবং প্রতিরক্ষা বাহিনীকে জোরদার করার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে।

    তবে এ পর্যন্ত পাওয়া খবরে দেখা যাচ্ছে যে কাবুলের দিকে তালেবানের অগ্রাভিযানে তারা খুব সামান্যই বাধার সম্মুখীন হয়েছে।

    খবরে বলা হয় – পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর জালালাবাদের পতনের কয়েক ঘন্টার পরই রাজধানী কাবুলের বাইরে তালেবানের উপস্থিতির কথা জানা যায়।

  5. তালেবান যোদ্ধারা কাবুলের চারদিক দিয়ে শহরে ঢুকছে

    আফগানিস্তানে রাজধানী কাবুলের পরিস্থিতি আজ দ্রুত বদলাচ্ছে। এ নিয়ে চলমান ঘটনার সব খবর জানতে পারবেন আমাদের এই লাইভ পেজে।

    তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকতে শুরু করেছে।

    প্রত্যক্ষদর্শীরা বলছে ঢোকার পথে তালেবানকে বড়ধরনের কোন বাধার মুখে পড়তে হয়নি।

    তালেবান এক বিবৃতি দিয়ে জানিয়েছে তারা তাদের যোদ্ধাদের রাজধানীর প্রত্যেকটা প্রবেশ মুখে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। কাবুল বেসামরিক মানুষের ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় এই শহরে লড়াইয়ের ঝুঁকি সম্পর্কে যোদ্ধাদের তালেবান সতর্ক করেছে।

    তালেবান এই বিবৃতিতে বলেছে তারা জোর করে কাবুল দখল করতে চায় না।

    এই বিবৃতিতে আফগান জনগণকে দেশে থাকার আহ্বান জানিয়েছে তালেবান। তারা জোর দিয়ে বলেছে তালেবান চায় দেশের “সর্ব স্তরের সব পেশার মানুষ দেশটির ভবিষ্যত ইসলামী শাসনপদ্ধতির সাথে যুক্ত হোক। দেশটিতে সকলের কাছে গ্রহণযোগ্য একটি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হোক।

    কাবুল থেকে অবশ্য গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে রিপোর্ট আসছে এবং খবর আসছে যে তালেবান যোদ্ধাদের পতাকা হাতে রাস্তায় দেখা যাচ্ছে।