আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

'আবারো শিখলাম গণতন্ত্রই মহান' - জো বাইডেন

আমেরিকায় স্থানীয় সময় বুধবার সকালে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমালা হ্যারিস। উপস্থিত ছিলেন না সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় রাজধানীতে।

সরাসরি কভারেজ

  1. প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের লাইভ খবরাখবর দেখছেন বিবিসি বাংলার এই পাতায়। আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই শেষ করছি। আমার সহকর্মীরা পরের আপডেট জানাবেন। এতোক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিবিসি বাংলার ওয়েবসাইটে গিয়েও আপনারা অন্যান্য খবর পড়তে ও ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন।

  2. ...অবশেষে হোয়াইট হাউজে জো বাইডেন

    প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জো বাইডেন অবশেষে হোয়াইট হাউজে প্রবেশ করেছেন।

    তবে তার কাছে হোয়াইট হাউজ নতুন কিছু নয়। এর আগেও তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ভবনে চার বছর কাটিয়েছেন।

    এবার যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে ঢুকলেন তাকে স্বাগত জানাতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ছিলেন না। ইতোমধ্যেই তিনি ফ্লোরিডাতে চলে গেছেন।

    আমেরিকা থেকে বিবিসির একজন উপস্থাপক লরা ট্র্যাভেলিয়ন বলছেন হোয়াইট হাউজে জো বাইডেনের প্রবেশ একেটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কারণ দু'সপ্তাহ আগে ক্যাপিটল হিলে সহিংসতার পর আজকের দিনটিতে কী হয় তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

    শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ক্ষমতার হস্তান্তর হয়েছে।

  3. প্রথম দিনে কী করবেন জো বাইডেন?

    যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এক গুচ্ছ নির্বাহী আদেশের কথা বলেছেন। বুধবার শপথ নেওয়ার আগে দেওয়া এক বিবৃতিতে বলেছেন যে তিনি এরকম ১৫টি আদেশে সই করবেন। এগুলো হচ্ছে:

    • ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সেটা বাতিল করবেন।
    • প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নীতিমালা বাতিল করবেন
    • মেক্সিকোর সাথে সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য অর্থ সংগ্রহে মি. ট্রাম্পের দেওয়া জরুরি ঘোষণা প্রত্যাহার করবেন।
    • কেন্দ্রীয় সরকারের চাকুরিজীবীদের জন্য এবং ফেডারেল ভবন ও হোয়াইট হাউজে করোনাভাইরাস সংক্রান্ত নতুন অফিসে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেবেন।
    • কিছুদেশ, বিশেষ করে মুসলিম দেশ থেকে ভ্রমণের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তার অবসান ঘটাবেন।
    • কিস্টোন এক্সএল পাইপলাইন বিষয়ে দেওয়া প্রেসিডেন্টের অনুমোদন প্রত্যাহার করবেন। পরিবেশবাদীরা এবং ন্যাটিভ আমেরিকান গ্রুপ এই পাইপলাইনের বিরোধিতা করছে।
  4. সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কোথায়...

    জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডাতে গিয়ে পৌঁছান।

    সেসময় সেখানে তার প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তারা মি. ট্রাম্পের উদ্দেশ্যে “এখনও আমার প্রেসিডেন্ট” এবং “ট্রাম্প জিতেছেন” বলে স্লোগান দেন। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড।

    এর পর তিনি যেখানে গল্ফ খেলেন সেই পাম বিচ অবকাশ কেন্দ্রে প্রেসিডেন্ট হিসেবে ৩০ মিনিটের মতো সময় কাটান।

    এখন তিনি যুক্তরাষ্ট্রের একজন সাধারণ নাগরিক। সেনেটে খুব শীঘ্রই তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

  5. প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ। সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্ট তাকে শপথ-বাক্য পাঠ করিয়েছেন।

  6. প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে বড় চ্যালেঞ্জ

    বিবিসির উত্তর আমেরিকা সম্পাদক জন সোপেল লিখেছেন, শপথ নেওয়ার পর জো বাইডেন ভাষণ দেওয়ার সময় মনে হচ্ছিল তিনি যেন একটি দড়ির ওপর দিয়ে হাঁটছেন।

    তিনি ডোনাল্ড ট্রাম্প ও ট্রাম্পিজমকে অস্বীকার করতে চাইছিলেন- তবে তিনি একবারও তার নাম উল্লেখ করেন নি। তার বদলে তিনি যেন মি. ট্রাম্পের সমর্থকদের কাছে পৌঁছাতে চাইছিলেন। তাদেরকে বলছিলেন যে তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

    জো বাইডেন বলেছেন, “অভদ্র যুদ্ধের” অবসান চান তিনি।

    কিন্তু মি. বাইডেন যখন হোয়াইট হাউজে যাবেন তখন তাকে কী করতে হবে সেগুলো ভেবে দেখুন।

    তাকে দেশটির বিশাল এই সমস্যা মোকাবেলা করতে হবে যেখানে আমেরিকা তিক্ত-ভাবে বিভক্ত হয়ে পড়েছে, যেখানে সত্য ও মিথ্যার মধ্যে প্রতিযোগিতা হচ্ছে।

    পুরো দেশকে তিনি একতাবদ্ধ করবেন কীভাবে?

  7. প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ

    যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন।

    সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্ট তাকে শপথ-বাক্য পাঠ করিয়েছেন।

    শপথ নেওয়ার পর তিনি তার দেওয়া ভাষণে বলেছেন, “এই দিনটি গণতন্ত্রের। এই দিনটি আমেরিকার। এই দিনটি ইতিহাস ও আশার দিন।”

    তিনি বলেন, "বিভিন্ন সময়ে আমেরিকাকে পরীক্ষা দিতে হয়েছে, তার দেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজকে আমরা গণতন্ত্রের বিজয় উদযাপন করছি।”

    এই শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন না। যুক্তরাষ্ট্রের দেড়শো বছরের ইতিহাসে এই প্রথম কোন বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

    জো বাইডেন বলেন, "আমরা শিখেছি যে গণতন্ত্র অত্যন্ত মূল্যবান।"

    তিনি বলেন, যেখানে দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন সেখানে কয়েকদিন আগে সহিংসতা ঘটে গেছে যা ক্যাপিটল হিলের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। এখন তিনি সবাইকে একত্রিত হওয়ার আহবান জানাচ্ছেন।

  8. ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমালা হ্যারিসের শপথ

    এই মাত্র ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমালা হ্যারিস। সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র তাকে শপথ-বাক্য পাঠ করিয়েছেন।

    যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট।

    এটি এক ঐতিহাসিক ঘটনা। কারণ তিনি একজন কৃষ্ণাঙ্গ এবং এশীয় বংশোদ্ভূত।

    তার আগে আরো ৪৮ জন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাদের সবাই পুরুষ।

    “ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি হয়তো প্রথম নারী, তবে আমি শেষ নারী নই। যেসব ছোট্ট নারী শিশু এই অনুষ্ঠান দেখছে তারা দেখছে যে আমেরিকা হচ্ছে সম্ভাবনার এক দেশ,” নির্বাচনে বিজয়রে পর একথা বলেছিলেন কমালা হ্যারিস।

  9. শপথ অনুষ্ঠানের আগে ক্যাপিটল হিলের সামনে

  10. অতিথি হিসেবে আসছেন সাবেক প্রেসিডেন্টরাও

    সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামা নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ক্যাপিটল হিলে এসে পৌঁছেছেন।

    তাদের সঙ্গে রয়েছেন তাদের স্ত্রী মিশেল ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

  11. শপথ নিতে ক্যাপিটল হিলে পৌঁছেছেন জো বাইডেন

    আর কিছুক্ষণের মধ্যেই শপথ নেবেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

    এজন্যে মি. বাইডেন ক্যাপিটল হিলে এসে পৌঁছেছেন।

    এসময় তিনি তার স্ত্রী জিলের হাত ধরে ছিলেন।

    সেখানকার পরিবেশন এখন খুব শান্ত ও গম্ভীর। কিন্তু মাত্র দু’সপ্তাহ আগে সেখানে ট্রাম্প সমর্থকরা দাঙ্গা করেছে। ক্যাপিটল হিলের ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে যাতে পাঁচজন নিহত হয়।

  12. রাজধানীতে ট্রাম্প সমর্থকদের সমাবেশ প্রত্যাহার

    রাজধানী ওয়াশিংটন ডিসিতে বুধবার উৎসব করছে ডেমোক্র্যাটরা তবে প্রেসিডেন্ট জো বাইডেনের অনেক সমর্থক শহরটিকে এড়িয়ে চলছে।

    নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে প্রতিবাদের ডাক দিয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জরুরি অবস্থার কথা উল্লেখ করে সমাবেশ বাতিল করেছে পাবলিক এডভোকেট নামের একটি গ্রুপ।

    ট্রাম্প-পন্থী অন্যান্য গ্রুপের নেতারা বলছেন যে তারাও শহরে যাচ্ছেন না। তাদের একজন বলেছেন, “কংগ্রেস সদস্য, বাইডেনের কর্মকর্তা এবং ৬০,০০০ ন্যাশনাল গার্ড ছাড়া সেখানে আর কেউ থাকবে না।”

    তবে নিরাপত্তার জন্য সেখানে ২৫,০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

    ওয়াশিংটন ডিসি থেকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, সহিংসতা ঠেকানোর চেষ্টায় শহরটি এক ধরনের লক-ডাউনে রয়েছে। এর ফলে জো বাইডেনের বহু সমর্থক সেখানে যাবেন না। তবে সন্দেহ নেই যে এর মধ্যেও অনেকেই সেখানে উপস্থিত থাকবেন।

  13. শপথ নেওয়ার আগে গির্জায় সস্ত্রীক জো বাইডেন

    অভিষেক অনুষ্ঠানের আগে ওয়াশিংটন ডিসির একটি গির্জায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় সস্ত্রীক যোগ দিয়েছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

    সেখানে আরো উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সেনেটর মিচ ম্যাককনেল এবং প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

    যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেন দ্বিতীয় রোমান ক্যাথলিক প্রেসিডেন্ট। তার আগে ছিলেন ডেমোক্র্যাট জন এফ কেনেডি।

    ১৯৬৩ সালে আততায়ীদের গুলিতে কেনেডি নিহত হওয়ার পর এই গির্জাতেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল।

  14. জো বাইডেনের ভাষণের জন্য মঞ্চ প্রস্তুত

    শপথ নেওয়ার পর পরই উদ্বোধনী ভাষণ দেবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যাপিটল হিল প্রাঙ্গণে শেষ মুহূর্তে তার প্রস্তুতি চলছে। এজন্য কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা।

    বিবিসির একজন প্রযোজক রন ব্রাউন সেখান থেকে এই ছবিটি পাঠিয়েছেন। ধারণা করা হচ্ছে জো বাইডেন ২০ মিনিট সময় ধরে ভাষণ দেবেন।

  15. পূর্বসূরি নারীদের প্রতি কমালা হ্যারিসের শ্রদ্ধা নিবেদন

    আর কিছুক্ষণ পরেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমালা হ্যারিস।

    যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম একজন কৃষ্ণাঙ্গ ও এশীয় ভাইস প্রেসিডেন্ট।

    শপথ নেওয়ার আগে তিনি একটি টুইট করেছেন যেখানে তিনি বলেছেন যে তার আগে যেসব নারী এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

    বলেছেন: “আমি তাদের কাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি।”

  16. জো বাইডেনের জন্য নোট রেখে গেছেন ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে তিনি জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তবে হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন যে মি. ট্রাম্প জো বাইডেনকে লেখা একটি চিঠি রেখে গেছেন।

    তেসরা নভেম্বরের নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি হোয়াইট হাউজ থেকে বিদায় নেওয়ার সময় তিনি যে বক্তব্য দিয়েছেন তাতেও তিনি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ করেন নি।

  17. বিদায় নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

    কিছুক্ষণ আগে বিদায় ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, প্রেসিডেন্ট হওয়া ছিল “অনেক সম্মানের” বিষয়। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি সবসময় আপনাদের জন্য লড়বো।”

    ট্রাম্প বলেন, “কোন না কোন কাঠামোতে আমরা আবার ফিরে আসবো”

    ভাষণে জো বাইডেন ও কমালা হ্যারিসের নাম উল্লেখ করেননি তিনি। তবে তাদের সাফল্য কামনা করেছেন।

  18. জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও কমালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন আজ বুধবার। এবিষয়ে সবশেষ খবর জানাচ্ছি আমি মিজানুর রহমান খান। বিবিসি বাংলার লাইভ পেজে আপনাদের স্বাগত।