বাংলাদেশে করোনাভাইরাস টেস্টের প্রতি অনাগ্রহ বাড়ছে কেন?, মুন্নী আক্তারের প্রতিবেদন থেকে
বাংলাদেশে সম্প্রতি করা এক জরিপ বলছে, কোভিড আক্রান্ত রোগীদের মধ্যে শতকরা ৯০ ভাগের বেশি করোনাভাইরাস টেস্ট করাতে অনাগ্রহী।
এই জরিপটি পরিচালনা করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও রিসার্চ সেন্টারের প্রধান অধ্যাপক ডা. রিদওয়ান-উর রহমান।
এতে অংশ নেয়া ১২০২ জন ব্যক্তির মধ্যে ৮৫ শতাংশই চিকিৎসক যারা কোভিড রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তারা জানান, তাদের কাছে আসা রোগীদের মধ্যে শতকরা ৯০ ভাগের বেশি করোনা পরীক্ষা করাতে অনাগ্রহ দেখিয়েছে।
এর কারণ হিসেবে উত্তরদাতাদের ৫৩ শতাংশের বেশি বলেছে যে, টেস্ট করানোর সুযোগের অভাব এই অনাগ্রহ তৈরি করেছে।
এছাড়া পরীক্ষার ফল দেরী করে আসা ও ভুল রিপোর্ট আসার কারণে পরীক্ষা করার আগ্রহ হারিয়েছে ১৬ শতাংশ রোগী।
তৃতীয় বড় কারণ হচ্ছে সামাজিকভাবে হেয় হওয়ার ভয়। এই হারটিও শতকরা ১৬ ভাগ।