আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ঈদে ঢাকা চট্টগ্রামসহ চারটি শহর থেকে চলাচল বন্ধের অনুরোধ
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।
সরাসরি কভারেজ
রায়হান মাসুদ
চীন নিয়ে আলোচনা করতে লন্ডনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ব্রিটেনের নেতাদের সঙ্গে আলোচনার জন্য লন্ডনে এসেছেন। চীনের সঙ্গে সম্পর্কের বিষয়টি তাদের আলোচনায় গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী বরিস জনসন এবং পররাষ্ট্র মন্ত্রী ডোমিনিক রাবের সঙ্গে সাক্ষাৎ করবেন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির যেসব এমপি চীনের বিরুদ্ধে শক্ত নীতির পক্ষে, তিনি তাদের সঙ্গেও কথা বলবেন।
, সুদানের সাবেক প্রেসিডেন্টের বিচার শুরু
সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিচার আজ রাজধানী খার্তুমে শুরু হয়েছে। ১৯৮৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যদি দোষী প্রমাণিত হন, এই অভিযোগে তাঁর মৃত্যুদন্ড হতে পারে। ওমর আল বশির প্রায় ৩০ বছর সুদানের ক্ষমতায় ছিলেন। গত বছর গণআন্দোলনের মুখে তার পতন ঘটে।
বিতর্কের মুখে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে।
তার পদত্যাগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে বলে বিবিসি বাংলার কাদির কল্লোলের কাছে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান।
করোনাভাইরাস পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেয়ার পর থেকেই মন্ত্রণালয় ও অধিদফতরের পরস্পরকে দোষারোপের মধ্যেই পদত্যাগ করলেন আবুল কালাম আজাদ।
বিস্তারিত পড়তে ক্লিক করুন নীচের লিংকে:
ঈদে ঢাকা চট্টগ্রামসহ চারটি শহর থেকে চলাচল বন্ধের অনুরোধ
ঈদের ছুটিতে ঢাকা এবং চট্টগ্রামসহ বাংলাদেশের চারটি জেলা থেকে অন্যান্য জেলায় মানুষের যাতায়ত বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি এরকম একটি সুপারিশ পাঠিয়েছিল। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে যেহেতু সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়িয়েছে, তাই এসব জেলা থেকে ঈদের ছুটিতে যাতায়ত বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরিনের স্বাক্ষরে এরকম নির্দেশ জারির অনুরোধ জানিয়ে একটি চিঠি দেয়া হয়েছে।
ব্রিটেনে মন্ত্রিসভার প্রথম মুখোমুখি বৈঠক
গত চার মাসের মধ্যে এই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে বৈঠক করেছেন। তবে ডাউনিং স্ট্রীটের পরিবর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বরিস জনসনের এই বৈঠক আয়োজন করা হয়।
ডাউনিং স্ট্রীটের কেবিনেট রুমটি ছোট হওয়ায় সেখানে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে এই বৈঠক করা সম্ভব ছিল না। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি হয়।
বরিস জনসন বৈঠকে এই বলে সতর্ক করে দেন যে, সামনে অনেক বন্ধুর পথ।
“সামনের কয়েক মাসে আমাদের বেশ ভারসাম্য রেখে চলতে হবে। এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, এটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে একই সঙ্গে সোশ্যাল ডিসট্যান্সিং এর নিয়ম-নীতি মেনে আমাদের অর্থনীতিকেও আবার সচল করতে হবে।”
করোনাভাইরাস ঠেকাতে কঠোর লকডাউন জারির পর ব্রিটেনে মন্ত্রিপরিষদের বৈঠকগুলো অনলাইনেই হচ্ছিল।
ইরানের করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু
ইরানে গত ২৪ ঘন্টায় ২২৯ জন করোনাভাইরাসে মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানে করোনাভাইরাসে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সিমা সাদাত লারি বলেন, ইরানে এপর্যন্ত করোনাভাইরাসে মোট ১৪ হাজার ৬শ ৩৪ জন মারা গেছে। আর মোট সংক্রমণের সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৮শ ২৭।
এপ্রিলের মাঝামাঝি থেকে ইরানে লকডাউন শিথিল করার পর নতুন করে সংক্রমণ বাড়তে থাকে। অর্থনীতিকে চাঙ্গা করতে ইরান লকডাউন শিথিল করতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান এমনিতেই বেশ চাপে আছে।
প্রেসিডেন্ট হাসান রুহানি এমাসের শুরুতে বলেছিলেন, ইরানের পক্ষে আবারও পুরো অর্থনীতি অচল করে লকডাউন করা সম্ভব নয়। তিনি ইরানিদের ফেস মাস্ক পরা এবং বড় বড় সমাবেশে যোগ দেয়া পরিহারের আহ্বান জানিয়েছিলেন।
‘দিল্লিতে প্রতি চারজনের একজনের করোনাভাইরাস’
একটি এন্টিবডি টেস্টের জরিপের ভিত্তিতে বলা হচ্ছে, ভারতের রাজধানী দিল্লিতে প্রতি চারজনের একজন হয়তো কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন।
সরকার পরিচালিত এই জরিপে ২১ হাজার ৩৮৭ জনের রক্তের নমূনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৩ দশমিক ৪৪ শতাংশের কোভিড-১৯ এন্টবডি টেস্টের ফল পজিটিভ এসেছে।
এই জরিপের ফল দেখে মনে হচ্ছে, ভারতের রাজধানীতে আগে যা ধারণা করা হয়েছিল, করোনাভাইরাস সংক্রমণের হার তার তুলনায় বহুগুন বেশি।
দিল্লিতে এ পর্যন্ত পরীক্ষা করে ১ লাখ ২৩ হাজার ৭৪৭ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। যা আসলে দিল্লির ১ কোটি ৯৮ লাখ মানুষের মাত্র ১ শতাংশ।
কিন্তু সংক্রমণের হার যদি সত্যি ২৩ দশমিক ৪৪ শতাংশ হয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে সেখানে ৪৬ লাখ ৫০ হাজার মানুষের করোনাভাইরাস হয়েছে।
বুয়েন্স আয়ার্সে লকডাউন শিথিল করা হচ্ছে
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ধীরে ধীরে লকডাউন শিথিল করা হচ্ছে। করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি সত্ত্বেও অর্থনৈতিক ক্ষতি সামলাতে সেখানে ধাপে ধাপে সব খুলে দেয়া হচ্ছে।
জুলাই মাসের শুরুতে আর্জেন্টিনায় সংক্রমণ বেড়ে যায়। প্রতিদিন তখন তিন হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়ছিল।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ গত সপ্তাহে ধাপে ধাপে লকডাউন শিথিল করার ঘোষণা দেন।
প্রথম ধাপে ঘরের বাইরে গিয়ে খেলাধূলা এবং শরীরচর্চার অনুমতি দেয়া হয়েছে। অত্যাবশকীয় নয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠানও খোলা রাখা যাবে।
'পশ্চিমা দুনিয়ায় ব্রিটেন রাশিয়ার বড় টার্গেট'
ব্রিটেনের ইন্টেলিজেন্স বিষয়ক একটি পার্লামেন্টারি কমিটি বলেছে, ব্রিটেন এখন পশ্চিমা দুনিয়ায় রাশিয়ার সবচেয়ে বড় টার্গেটগুলোর একটি।
ইনটেলিজেন্স এন্ড সিকিউরিটি কমিটির এই রিপোর্ট আজ একটু আগে প্রকাশ করা হয়েছে।
কমিটি তাদের রিপোর্টে বলেছে, ব্রিটেনে ধারাবাহিকভাবে বিভিন্ন সরকার যেভাবে রাশিয়ার ‘অলিগার্কদের’ দুই হাত দিয়ে স্বাগত জানিয়েছে, তার ফলে এখানে রাশিয়ার প্রভাব এক ‘নতুন স্বাভাবিক’ পর্যায়ে পৌঁছেছে।
এই রিপোর্টটির প্রকাশনা বিলম্বিত করায় কমিটি সরকারের সমালোচনা করেছে। রাশিয়ার প্রভাব মোকাবেলায় জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছে কমিটি।
ব্রিটেনে রাশিয়ার ভুয়া তথ্য প্রচার, সাইবার আক্রমণ এবং ব্রিটেনে বসবাসকারী রুশ নাগরিকদের বিষয়ে কমিটি এই তদন্ত চালায়।
তবে এই রিপোর্টের অনেক স্পর্শকাতর অংশ প্রকাশ করা হচ্ছে না।
বিমানযাত্রীদের জন্য করোনাভাইরাস টেস্ট বাধ্যতামূলক করছে চীন
চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমান যাত্রীরা তাদের ফ্লাইট বুক করার পর বিমানে আরোহনের আগে প্রমাণ করতে হবে যে তাদের সাম্প্রতিক করোনাভাইরাস টেস্টের ফল নেগেটিভ এসেছে।
সিভিল এডমিনিস্ট্রেশন অব চায়না সোমবার আরো বলেছে, ফ্লাইটের তারিখের অন্তত ৫দিন আগে যাত্রীদের নিউক্লিক এসিড টেস্ট করতে হবে।
সংশ্লিষ্ট দেশের চীনা দূতাবাসের অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে এই টেস্ট করাতে হবে।
যারা করোনাভাইরাস নেগেটিভ টেস্টের প্রমাণ দেখাতে পারবে না, তাদের বিমানে আরোহন করতে দেয়া হবে না।
চীনে আভ্যন্তরীন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচল আবার শুরু হচ্ছে। তবে চলাচলের ওপর এখনো নানা ধরণের বিধিনিষেধ বহাল থাকছে।
করোনাভাইরাসের মহামারির সূচনা হয়েছিল চীন থেকে। কিন্তু চীনা কর্তৃপক্ষ এই মহামারিকে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছে।
‘অনলাইনে করোনাভাইরাস সম্পর্কে প্রচুর ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে’
ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন এমপি বলেছেন, করোনাভাইরাস মহামারির সময় ব্রিটেনে বিপুল পরিমাণ ভুল তথ্য ছড়ানো হয়েছে, কারণ সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা ছিল না।
হাউস অব কমন্সের ডিজিটাল, সংস্কৃতি,গণমাধ্যম এবং ক্রীড়া বিষয়ক কমিটির চেয়ার জুলিয়ান নাইটস বলেন, কোভিড-১৯ সম্পর্কে অনলাইনে যেসব ভুয়া তথ্য ছড়ানো হয়েছে সেগুলো বাস্তবে অনেক খারাপ পরিণতির জন্য দায়ী। যেমন ফাইভ-জি মোবাইল ফোন নেটওয়ার্কের টাওয়ারে হামলা এবং করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে এমন কথা বিশ্বাস করে নিজের শরীরে ইনজেকশন দিয়ে ব্লিচ ঢোকানো।
তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, করোনাভাইরাসের টিকা খুঁজে পাওয়া গেলেও, সরকার যদি সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণের জন্য আইন তৈরি না করে তাহলে অনলাইনে টিকা বিরোধী প্রচারণা ভবিষ্যতে বিরাট ক্ষতি করবে।
সাধারণ মানুষকে এন-৯৫ মাস্ক পরতে নিষেধ করেছে ভারত সরকার
সব রাজ্যগুলির স্বাস্থ্য সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক (ডি জি এইচ এস) রাজীব গর্গ জানিয়েছেন, নির্দিষ্ট স্বাস্থ্যকর্মী ছাড়া সাধারণ মানুষ যদি এন-৯৫ মাস্ক পরেন, তাতে লাভের থেকে ক্ষতিই বেশি হবে।
করোনা সংক্রমণ শুরু হতেই যে বস্তুটির নাম বহু মানুষ জেনে গিয়েছিলেন, আর যেটি মহার্ঘ্য হওয়া সত্ত্বেও বহু মানুষ কিনে মুখে পড়েছিলেন,সেই এন-৯৫ ব্যবহার করতে কেন সংক্রমণ ছড়িয়ে পড়ার এতদিন পরে নিষেধ করা হচ্ছে?
ডি জি এইচ এস লিখেছেন, "করোনা সংক্রমণ মোকাবিলা করতে যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাল্ভ লাগানো এইসব মাস্ক ব্যবহারের ফলে। এধরণের ভাল্ভযুক্ত মাস্কের মধ্যে দিয়ে করোনা ভাইরাস বাইরে বেরিয়ে আসা রোধ করা যায় না।"
এন-৯৫ মাস্কের অপব্যবহার রুখতে সাধারণ মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দেওয়ারও অনুরোধ করা হয়েছে ডি জি এইচ এসের ওই চিঠিতে।
এন-৯৫ বা স্থানীয়ভাবে এন-৯৫ মাস্ক বলে যেগুলি বিক্রি হচ্ছে, তাতে নিশ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য যে ছোট ভাল্ভ থাকে, সেই ভাল্ভ দিয়েই একজন সংক্রমিতর প্রশ্বাসের সঙ্গে ভাইরাস বাইরে বেরিয়ে আসতে পারে।
ব্রেকিং, বাংলাদেশ কোভিড-১৯ আপডেট, ২১শে জুলাই ২০২০
বাংলাদেশে আরো ১২ হাজার ৮৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫৭ জনের দেহে পাওয়া গেছে করোনাভাইরাস।
২৩.৭০ শতাংশ রোগী পাওয়া গেছে নমুনা পরীক্ষা বিবেচনায়।
২ লাখ ১০ হাজার ৫১০ জনের দেহে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বাংলাদেশে আরো ৪১ জন মারা গেছেন।
২৭০৯ জন মোট মারা গেছেন এখন পর্যন্ত।
১৮৪১ জন নতুন করে সুস্থ হয়ে উঠেছেন।
ভারতে আজও ৩ লাখ ৩৩ হাজার টেস্ট, শনাক্ত ৩৭ হাজার
করোনাভাইরাসের এই রুদ্ধ সময়ে অন্ধ যারা তারা কেমন আছেন, ইতালির এক ফটোগ্রাফার স্টেফানো স্ব্রলি
মাস্ক পরতে বলছেন ট্রাম্প!
ভারতে শুরু হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন পুরোপুরি তৈরি হতে এখনো সময় লাগবে। তার আগে হবে নানা জায়গায় মানবদেহে ট্রায়াল।
ভারতের যেসব গবেষক এই ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ার সাথে জড়িত আছেন তারা দ্রুত লাইসেন্স নিয়ে কাজ করছেন, যাতে ভারতে এটির হিউম্যান ট্রায়াল শুরু করা যায়।
ভারতের সেরাম ইন্সটিটিউট এই ভ্যাকসিন প্রক্রিয়ার সাথে জড়িত এবং তারা যুক্তরাজ্যের সাথে কাজ করছেন। তারা বলছেন, এই ভ্যাকসিনে আশাবাদী হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে।
ভারতের গণমাধ্যমে খবর এসেছে, ভ্যাকসিনের লাইসেন্সিং প্রক্রিয়া শেষ হওয়ার পর ভারত এটি তৈরি করতে পারবে।
ব্রেকিং, ইউরোপে অর্থনীতি সামলাতে বিশাল চুক্তি
কোভিড পরবর্তী সময়ে অর্থনীতি সঠিক পথে ফেরাতে বৈঠক করছিল ইউরোপের নেতারা।
প্রায় চার দিনের আলোচনা শেষ হল আজ।
২৭টি জাতি ঋণ হিসেবে মোট ৭৫০ বিলিয়ন ইউরো অর্থ ব্যবহার করবে অনুদান ও ঋণ হিসেবে।
ব্রাসেলসে আয়োজিত হয়েছে এই বৈঠক।
ব্রেকিং, ইউরোপের অর্থনীতি চাঙ্গা করতে ৭৫০ বিলিয়ন ইউরোর চুক্তি
ডিল- শুধু এইটুকু লিখে পোস্ট করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট চার্লস মাইকেল।