আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নতুন করে কড়াকড়ি আরোপ করেছে হংকং

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মোয়াজ্জেম হোসেন

  1. এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের লাইভ পেজ। আপনারা www.bbcbangla.com এবং ফেসবুকে বিবিসি বাংলার পেজে গিয়ে করোনাভাইরাস সহ আমাদের অন্যান্য খবর, বিশ্লেষণ, সাক্ষাৎকার এবং ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।

  2. যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিশেষজ্ঞদের দ্বন্দ্ব

    যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের সঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠেছে। এদিকে পুরো দেশজুড়েই সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে মোট সংক্রমণের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়ে গেছে।

    যুক্তরাষ্ট্রে সর্বশেষ যা যা ঘটেছে তার সংক্ষিপ্তসার:

    ·প্রেসিডেন্ট ট্রাম্প একটি পোস্ট রিটুইট করেছেন যাতে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিরুদ্ধে ‘কোভিড-১৯’ এর ব্যাপারে মিথ্যে বলার অভিযোগ করা হয়েছে।

    ·যুক্তরাষ্ট্রে সংক্রামক ব্যাধি বিষয়ে সবচেয়ে বড় বিশেষজ্ঞ ডঃ অ্যান্টনি ফউসির বিরুদ্ধে হোয়াইট হাউস ব্রিফিং দেয়া শুরু করেছে। মার্কিন গণমাধ্যমকে একজন হোয়াইট হাউস কর্মকর্তা বলেছেন, ‘ডঃ ফউসি অনেক বিষয়েই ভুল করেছেন।‘

    ·যুক্তরাষ্ট্রের পশ্চিম এবং দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিতে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়াচ্ছে। এসব রাজ্যের কোন কোনটিতে সবার আগে লকডাউন তুলে নেয়া হয়েছিল।

    ·ফ্লোরিডায় রোববার সংক্রমণ বেড়েছে আরও ১৫ হাজারের বেশি।

    ·আর এর বিপরীতে নিউ ইয়র্কে আগের ২৪ ঘন্টায় নতুন কেউ করোনাভাইরাসে মারা যায়নি। গত মার্চের পর এই প্রথম নিউইয়র্কে করোনাভাইরাসে কোন মৃত্যু ছাড়া একটি দিন গেল।

  3. ‌করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় লাতিন আমেরিকা দ্বিতীয় স্থানে

    করোনাভাইরাসে মৃত্যুর দিক দিয়ে লাতিন আমেরিকা এখন যুক্তরাষ্ট্র এবং কানাডাকেও ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যার হিসেবে এই অঞ্চলটি এখন দ্বিতীয় অবস্থানে।

    এ পর্যন্ত লাতিন আমেরিকায় করোনাভাইরাসে মারা গেছে ১ লাখ ৪৫ হাজার মানুষ। এর অর্ধেকই মারা গেছে ব্রাজিলে।

    একমাত্র ইউরোপেই করোনাভাইরাসে এর চেয়ে বেশি লোক মারা গেছে। ইউরোপে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে দুই লাখ মানুষের।

    এদিকে মেক্সিকোতে মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যার হিসেবে তাদের অবস্থান চার নম্বরে।

  4. নতুন করে কড়াকড়ি আরোপ করেছে হংকং

    হংকং সরকার সেখানে সংক্রমণের হার আবার বেড়ে যাওয়ায় বুধবার থেকে নতুন করে কড়াকড়ি আরোপ করছে।

    হংকং এর প্রধান নির্বাহী ক্যারি ল্যাম জানিয়েছেন, প্রকাশ্য স্থানে চারজনের বেশি মানুষের একসাথে হওয়া নিষিদ্ধ করা হচ্ছে। এর আগে ৫০ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ ছিল।

    সব রেস্টুরেন্টে বিকেল ছটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কেবল বাইরে নিয়ে খাওয়ার জন্য খাবার অর্ডার করা যাবে। আর রেস্টুরেন্টের ভেতরে প্রতি টেবিলে সর্বোচ্চ চারজন পর্যন্ত বসা যাবে। গণ পরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। ব্যায়ামাগার এবং এবং গেমিং সেন্টারগুলো আবার এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে।

    হংকং এ সোমবার নতুন করে ৫২ জনের করোনাভাইরাস ধরা পড়ার পর এই পদক্ষেপ নেয়া হলো। গত জানুয়ারির পর থেকে হংকং কর্তৃপক্ষ ১ হাজার ৫২২ জনের করোনাভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছেন। এর মধ্যে মারা গেছে ৮ জন।

  5. মাস্ক পরা বাধ্যতামূলক করা নিয়ে ব্রিটেনে নানা বিতর্ক

    করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানো রোধ করতে ফেইস মাস্ক পরা উচিৎ কি উচিৎ নয়, এটা নিয়ে নানা দেশে বিতর্কের শেষ নেই। ব্রিটেনেও চলছে এই বিতর্ক। বিশেষ করে যখন ব্রিটেনে এখন লকডাউন শিথিল করে সবকিছু খুলে দেয়া হচ্ছে। এই বিতর্কের পটভূমিতে ব্রিটেনে আজকের কিছু খবর:

    • প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইংল্যান্ডে দোকানের ভেতরে সবার মাস্ক পরা উচিৎ। তবে এটি পরা বাধ্যতামূলক করার জন্য কিছু করতে হবে কীনা, সেটা নিয়ে সরকার আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে।
    • ব্রিটেনের বই বিক্রির বড় চেইন স্টোর ওয়াটারস্টোনসের প্রধান বলেছেন, মাস্ক পরা বাধ্যাতামূলক করা হলে সেটি হবে যুক্তিসঙ্গত একটি পদক্ষেপ। তবে কেউ এটা মানছে কীনা সেটা দেখার দায়িত্ব দোকান কর্মচারিদের ওপর বর্তানো উচিৎ হবে না।
    • ওয়েলসের সরকার বলেছে, ২৭শে জুলাই হতে সেখানে তিন স্তরের মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে।
  6. দুই মার্কিন সেনেটরের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার পাল্টা ব্যবস্থা নিয়ে দুজন সেনেটরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এরা হচ্ছেন রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ এবং মার্কো রুবিও। এরা দুজনেই চীনের কঠোর সমালোচক।

    এর আগে যুক্তরাষ্ট্র চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল শিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে।

    চীনের জারি করা নিষেধাজ্ঞার অর্থ কী, তা এখনো পরিস্কার নয়।

    চীন প্রায় দশ লাখ উইগুর মুসলিমকে আটকে রেখেছে বলে অভিযোগ আছে।

  7. মিলিওনিয়ারদের খোলা চিঠি: ‘আমাদের ওপর বেশি কর বসান‌’

    বিশ্বের ৮০ জনের বেশি মিলিওনিয়ার এক খোলা চিঠিতে সমাজের সবচেয়ে ধনীব্যক্তিদের ওপর আরও বেশি হারে কর বসানোর আহ্বান জানিয়েছেন।করোনাভাইরাস মহামারির পর এখন যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তারা এই আহ্বান জানান।

    চিঠিতে তারা বলেন, ‍“বিশ্বের কোটি কোটি মানুষের মতো আমাদের প্রতিদিন চাকুরি হারানো, গৃহহীন হওয়া কিংবা আমাদের পরিবারের ভরণ-পোষণ কিভাবে হবে সেই চিন্তায় থাকতে হয় না। এই জরুরী সংকটের সময় আমাদের সামনের কাতারে দাঁড়িয়ে লড়তে হচ্ছে না। আমাদের করোনাভাইরাসের শিকার হওয়ার সম্ভাবনাও কম।”

    “কাজেই দয়া করে আমাদের ওপর কর বসান। কর বসান। কর বসান। এটাই সঠিক পথ। এটাই একমাত্র পথ।”

    সাতটি দেশের মোট ৮৩ জন মিলিওনিয়ার এই চিঠিতে সই করেছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন ডিজনির উত্তরাধিকারী টম এবং অ্যাবিগেইল ডিজনি, ওয়্যারহাউস গ্রুপের প্রতিষ্ঠাতা স্টিফেন টিনডাল এবং ‘বেন এন্ড জেরিস’ আইসক্রিমের জেরি গ্রিনফিল্ড।

  8. যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যু

    বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মারা গেছেন।

    দৈনিক যুগান্তর, যমুনা টেলিভিশন এবং যমুনা ফিউচার পার্ক এই গ্রুপের প্রতিষ্ঠান।

    তার মালিকানাধীন পত্রিকা যুগান্তর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

    গত ১৪ জুন নুরুল ইসলামের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিনই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়।

    তিনি ৪১টি শিল্প প্রতিষ্ঠানের মালিক ছিলেন বলে জানা গেছে।

    বিস্তারিত খবর নীচের লিংকে:

  9. করোনাভাইরাস প্রতিরোধের ক্ষমতা টিকে থাকে মাত্র অল্প কয়েক মাস

    একবার করোনাভাইরাসে আক্রান্ত হলে শরীরে এই রোগ প্রতিরোধের যে ক্ষমতা তৈরি হয়, সেটি খুব বেশিদিন টিকে থাকে না বলে দাবি করা হচ্ছে এক নতুন গবেষণায়।

    লন্ডনের কিংস কলেজ এই গবেষণাটি চালিয়ে দেখেছিল কিভাবে আমাদের শরীর প্রাকৃতিকভাবেই এন্টিবডি তৈরির মাধ্যমে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে এবং রোগমুক্ত হওয়ার পর এই প্রতিরোধ ক্ষমতা কতদিন টিকে থাকে।

    যে ৯৬ জনের ওপর গবেষণা চালানো হয় তাদের প্রায় সবার শরীরেই শনাক্ত করার মতো এন্টিবডি পাওয়া গেছে যা করোনাভাইরাসকে ঠেকাতে পারে। কিন্তু গবেষণায় দেখা গেছে তিন মাস পর থেকে শরীরে এই এন্টিবডি কমতে থাকে।

    কিন্তু এভাবে এন্টিবডি কমে যাওয়ার কারণে আবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে কিনা, সেটা এখনো পরিস্কার নয়। অন্যান্য ভাইরাসের ক্ষেত্রেও বিজ্ঞানীরা এরকম স্বলমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা দেখেছেন।

  10. নতুন গবেষণা: কোভিড-১৯ যেভাবে আপনার হৃদযন্ত্রে প্রভাব ফেলে

    কোভিড-১৯ এর নানারকম সম্ভাব্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত প্রভাব নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটি নাকি মস্তিস্কের ওপরও প্রভাব ফেলে।

    কিন্তু এখন গবেষকরা বলছেন, কোভিড-১৯ হয়তো হৃদযন্ত্রের ওপরও প্রভাব ফেলে।

    এডিনবরা বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণায় বলা হচ্ছে, প্রায় অর্ধেক কোভিড-১৯ রোগীর হৃদযন্ত্রে তারা অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন। এদের মধ্যে ১৫ শতাংশের মধ্যে গুরুতর কার্ডিয়াক সমস্যা দেখা গেছে।

    মোট ৬৯টি দেশের ১,২০০ মানুষের ওপর এই গবেষণা চালানো হয়েছিল। তবে কেবলমাত্র সবচেয়ে গুরুতর কোভিড-১৯ রোগীদেরকেই এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

  11. লেবাননে দ্বিতীয় দফা সংক্রমণ ছড়ানোর আশংকা

    লেবাননে গত ২৪ ঘন্টায় ১৬৬ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বলে ধরা পড়েছে। গত ফেব্রুয়ারির পর একদিনে এত মানুষ সংক্রমণের ঘটনা এটাই প্রথম।

    আক্রান্তদের মধ্যে ১৩৩ জনই একটি বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানিতে কর্মরত সিরিয়ান নাগরিক। এই কোম্পানি বর্জ সংগ্রহের জন্য মূলত সিরিয়ান এবং বাংলাদেশি কর্মীদের নিয়োগ করে।

    কোম্পানির কার পার্কটিকে এখন আক্রান্তদের জন্য কোয়ারেনটাইন এলাকায় রূপান্তর করা হয়েছে। আরও শত শত কর্মীকে পরীক্ষা করা হবে।

    লেবাননে করোনাভাইরাসের কারণে জারি করা বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। কিন্তু অনেক মানুষই সামাজিক দূরত্ব বজায় রাখা কিংবা জনসমক্ষে মুখোশ পরার নিয়ম মানছে না। কাজেই লেবাননে দ্বিতীয় আরেকটি সংক্রমণ ছড়ানোর আশংকা তৈরি হয়েছে।

  12. বাংলাদেশে চল্লিশোর্ধ্ব দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন

    বাংলাদেশে ৪১ থেকে ৫০ বছর বয়সী মারা গেছেন ৩৪৭ জন।

    বাংলাদেশে ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন ৭১৪ জন।

    বাংলাদেশে ষাট বা তার বেশি বছর বয়সী বছর বয়সী মারা গেছেন ১০৪২ জন।

  13. ব্রেকিং, ১৩ই জুলাই, বাংলাদেশ করোনাভাইরাস আপডেট

    ১২৪২৩টি নমুনা পরীক্ষা করে বাংলাদেশে শনাক্ত হয়েছে ৩০৯৯ জন নতুন রোগী।

    ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন মোট আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন এ পর্যন্ত।

    ৯৮৩১৭ জন সুস্থ হয়েছেন এখন পর্যন্ত। নতুন করে ৪ হাজার ৭০৩ জন নতুন করে সুস্থ হয়েছেন।

    ২৩৯১ জন মারা গেছেন এখন পর্যন্ত। নতুন করে মারা গেছেন ৩৯ জন।

  14. রোহিঙ্গা ক্যাম্পে কীভাবে সংক্রমণ ঠেকানো সম্ভব হলো?

  15. প্রায় এক কোটি শিশু স্কুলে না ফেরার ঝুঁকিতে

    ব্রিটেনের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বলছে, বিশ্ব জুড়ে প্রায় ৯৭ লাখ শিশু করোনাভাইরাস মহামারির কারণে হয়তো আর কখনোই স্কুলে ফিরে আসবে না।

    সেভ দ্য চিলড্রেন ইউকে বলছে, এই সংকটের যে অর্থনৈতিক প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের ওপর পড়বে, তার ফলে অনেক শিশুকে হয়তো পড়াশোনা বাদ দিয়ে আগেই কাজে ঢুকে যেতে হবে। ছেলেদের তুলনায় মেয়েরাই এ ধরণের পরিস্থিতির শিকার হবে বেশি। অনেককে হয়তো আগেই বিয়ে দিয়ে দেয়া হবে।

    যেসব দেশে এভাবে ছেলে-মেয়েদের পড়াশোনা বাদ দিয়েস্কুল থেকে ঝরে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি, তার মধ্যে আছে পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলো, ইয়েমেন এবং আফগানিস্তান।

  16. অলিম্পিক হবে আগামী বছর- টোকিও গভর্নর

    টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বলেছেন আগামী বছরই হবে অলিম্পিক। করোনাভাইরাস মহামারির সময়ে ক্রীড়া বিশ্ব ঐক্যের একটা প্রতীক হিসেবে বলে বিশ্বাস করেন তিনি।

    জাপানে মহামারি ঠিক ভয়াবহ রূপ নিতে পারেনি।

    ২ হাজারের মতো রোগী পাওয়া গেছে এখন পর্যন্ত।

    চলতি বছরের জুলাই মাসে হওয়ার কথা ছিল অলিম্পিক।

  17. পাকিস্তানের সকল যাত্রীদের নেগেটিভ সনদ নিশ্চিত করতে বলছে কাতার এয়ারওয়েজ

    পাকিস্তান থেকে যারা কাতার এয়ারওয়েজে যাত্রা করবেন তাদের করোনাভাইরাস নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

    আজ থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

    পাকিস্তানে আড়াই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। ৫ হাজার ২৬৬ জন মানুষ মারা গেছেন।

  18. প্যালেস্টাইনের পশ্চিম তীরে কারফিউ জারি

    রাতে ও ছুটির দিনে কারফিউ জারি করা হয়েছে প্যালেস্টাইনের পশ্চিম তীরে।

    রাত আটটা থেকে ভোর ৬ টা পর্যন্ত এটা থাকবে।

    রামাল্লাহ, হেব্রন, বেথেলহেমে লকডাউন থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।

    এখন পর্যন্ত পশ্চিম তীরে ৫৫৭৫ জন আক্রান্ত।

  19. ভারতে পরপর দুদিন ২৮ হাজারের বেশি রোগী শনাক্ত

  20. মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেল মেক্সিকো

    মেক্সিকোতে মোট মৃতের সংখ্যা ৩৫ হাজারের বেশি এখন।

    যা এখন ইতালির চেয়ে বেশি। ইতালি বিশ্বের করোনাভাইরাসের উপকেন্দ্র ছিল একটা সময়।

    মেক্সিকোর প্রেসিডেন্টম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেন, করোনাভাইরাস একটা সময় এই দেশে দুর্বল হয়ে পড়ছিল কিন্তু রক্ষণশীল গণমাধ্যম আবারো এটা নিয়ে তোলপাড় তৈরি করেছে।

    রবিবার ২৭৬ জন নতুন করে মারা গেছেন, ৪৪৮২ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে।