আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বাংলাদেশের সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে 'সরিয়ে দেবার' দাবি

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and পুলক গুপ্ত

  1. করোনাভাইরাস নিয়ে বিরোধীদলের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

    বাংলাদেশে জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি এবং বিএনপির সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    বিরোধী দলের সদস্যদের কেউ কেউ করোনাভাইরাস মোকাবেলায় 'অব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতি এবং সমন্বয়হীনতার' অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেয়ার দাবিও করেন।

    মি. মালেক অবশ্য সব অভিযোগ অস্বীকার করে সংসদে তার বক্তব্যে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ৬৪ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

    কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ১,৮৪৭ জন, আর এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৪৫,৪৮৩।

  2. যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা উদ্বিগ্ন

    যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এখন যে অবস্থা তা 'সংকটের শুরু' মাত্র।

    মঙ্গলবার একদিনেই যুক্তরাষ্ট্রে সংক্রমণের সংখ্যা ৪০ হাজারেরও বেশি বেড়েছে। দক্ষিণ ও পশ্চিমের ১৬টি রাজ্য তাদের লকডাউন শিথিল করা থামিয়ে দিয়েছে।

    জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে ২৬,৮২,৮৯৭ জন করোনাভাইরাস সংক্রমিত বলে নিশ্চিত হয়েছে, মারা গেছে ১২৯,৫৪৪ জন।

    দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসির একজন পরিচালক ড. এ্যান স্কুশাট বলছেন, “এটা শুরু মাত্র, অনেকে বলছে, গ্রীষ্মকাল এসে গেছে, সব ঠিক হয়ে যাবে – কিন্তু আসলে আমরা সংকট কেটে যাওয়া থেকে অনেক দূরে।“

    সিডিসির একজন বিশেষজ্ঞ বলেছেন, যুক্তরাষ্ট্রে এত বেশি ভাইরাস ছড়িয়েছে যে তা নিয়ন্ত্রণ করা কঠিন।

    দেশটির শীর্ষ রোগ বিশেষজ্ঞ এ্যান্টনি ফাউচি বলেছেন, আমেরিকানদের এক বিরাট অংশই ‘এ্যান্টি-সায়েন্স’ অর্থাৎ বিজ্ঞান-বিরোধী।

  3. বাংলাদেশে দোকানপাট খোলা রাখার সময় বাড়লো তিন ঘন্টা

    বাংলাদেশে ১লা জুলাই বুধবার থেকে দোকানপাট, বাজার ও শপিং মল খোলা রাখার সময় তিন ঘন্টা বাড়িয়ে দেয়া হয়েছে।

    করোনাভাইরাস সংক্রমণের কারণে এতদিন দোকান-বাজার-শপিংমল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখা হচ্ছিল। তবে বুধবার থেকে এগুলো সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা রাখা হবে।

    সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

    প্রতিমন্ত্রী অবশ্য বলেছেন, দোকানপাট খোলা রাখার সময় বাড়লেও সবাইকে আগের মতই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

    তবে সরকার অফিস-আদালতের জন্য বর্তমান সীমিত সময়সূচি পরিবর্তন করেনি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩রা আগস্ট পর্যন্ত এখনকার সময়সূচিই বহাল থাকবে।

  4. শনিবার থেকে পুরোনো ঢাকার ওয়ারির কিছু অংশে লকডাউন

    পুরোনো ঢাকার ওয়ারির কোভিড-১৯ সংক্রমণের ‘‌রেড জোন‘ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে শনিবার থেকে লকডাউন কার্যকর হবে।

    বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, রাজধানী ঢাকায় পূর্ব রাজাবাজারের পর ওয়ারির কিছু অংশে এটি হবে দ্বিতীয় “স্থানীয় লকডাউন”।

    ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে টানা ২১ দিন এই লকড ডাউন অবস্থা জারি থাকবে।

    করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের ঘোষিত দু’মাসের সাধারণ ছুটির পর কৌশল বদলে বাংলাদেশের সংক্রমণ-প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে স্থানীয় লকডাউন আরোপ করা হচ্ছে।

  5. পৃথিবীতে কোভিড-১৯এ আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ছাড়ালো

    সারা বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে।

    বিবিসির সংগৃহীত সবশেষ তথ্য অনুযায়ী মোট ১৮৮টি দেশ মিলিয়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ১ কোটি ১ লাখ ৪৩ হাজার ৭৯৪ জন।

    বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ২ হাজার ৫৫০ ছাড়িয়েছে।

    নিউইয়র্ক টাইমসের দেয়া তথ্য অনুযায়ী কোন একটি দেশে কোভিড-১৯এ সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে – মোট আক্রান্ত ২৬,০৪,৯১৫ জন, আর মারা গেছে ১,২৬,১৬১ জন।

    দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল, সেখানে মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে।

  6. 'যতদিন আল্লাহ এ মহামারি থেকে মুক্তি না দেন...'

    আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলামাজিদ তেবুন বলছেন, “যতদিন আল্লাহ আমাদের এই মহামারি থেকে মুক্তি না দেন, ততদিন পর্যন্ত” তার দেশের সীমান্ত বন্ধ থাকবে।

    আলজেরিয়ায় গত ২৪ ঘন্টায় ৩০৫ জনের নতুন করে কোভিড সংক্রমণের খবর জানা গেছে – যা সেদেশে এক নতুন রেকর্ড।

    লকডাউন বিধিনিষেধ তুলে নেবার তিন সপ্তাহ পরই দেশটির বিভিন্ন অংশে ভাইরাস সংক্রমণ আবার ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে।

    এ পর্যন্ত আলজেরিয়ায় ১৩,৫৭১ জন আক্রান্ত হয়েছেন এবং কোভিড-১৯ সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা সেখানে ৯০৫ – যা আফ্রিকা মহাদেশের অন্যতম সর্বোচ্চ।

  7. যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় ১৬ রাজ্যে আবার কড়া বিধিনিষেধ

    যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ এমনভাবে বাড়ছে যে এ পর্যন্ত ১৬টি অঙ্গরাজ্য লকডাউন তুলে নেবার পদক্ষেপ নিয়েও আবার পিছিয়ে এসেছে।

    সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছে আরিজোনা।

    আরিজোনার প্রশাসন এর আগে বিধিনিষেধ শিথিল করে অর্থনৈতিক কর্মকান্ড খুলে দেবার কথা জানালেও, সেখানে মাত্র এক দিনে ৩,৮৫৮ জন করোনাভাইরাস সংক্রমিত হবার পর তারা ‘ইউ-টার্ন’ নিয়েছেন।

    রাজ্যের গভর্নর নতুন আদেশ দিয়েছেন যে জুলাইয়ের ২৭ তারিখ পর্যন্ত সব বার, নাইটক্লাব, জিম, সিনেমা এবং ওয়াটার পার্ক বন্ধ রাখা হবে।

    এর আগে টেক্সাস, ফ্লোরিডা, কানসাস, ওরেগন, ও নিউ জার্সি সহ বেশ কটি রাজ্য কোভিড সংক্রমণ বেড়ে যাবার পর নতুন করে বিধিনিষেধ আরোপ করে।

  8. লাইভ: বাংলাদেশে করোনাভাইরাস টেস্ট নিয়ে যত প্রশ্ন

  9. 'হার্ড ইমিউনিটি‌' একটা কাল্পনিক ধারণা - বলছেন দক্ষিণ কোরিয়া

    দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ‘হার্ড ইমিউনিটি’ অর্থাৎ কোন একটি জনগোষ্ঠীর মধ্যে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধী ক্ষমতা গড়ে ওঠার চিন্তাটা আসলে একটা কাল্পনিক ধারণা।

    কোরিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (কেসিডিসি) উপপরিচালক কুওন জুন-উক বলছেন,দেশীয় এবং আন্তর্জাতিক উপাত্ত বিশ্লেষণ করে তারা এ সিদ্ধান্তে এসেছেন।

    দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ সেদেশে কোভিড সংক্রমণের প্রকৃত হার বের করার জনগণের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে এন্টিবডি টেস্ট করা শুরু করেছে। এতে ৬ হাজার লোকের রক্ত পরীক্ষা করা হবে।

    এ পর্যন্ত ১,৫০০ লোকের রক্ত পরীক্ষা করে কর্মকর্তারা দেখেছেন যে তাদের মধ্যে ০.১ শতাংশ লোকের দেহে কোভিড -১৯এর এন্টিবডি তৈরি হয়েছে। এ থেকে মনে হতে পারে যে দক্ষিণ কোরিয়ায় ৫০ হাজার লোকের করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। কিন্তু বাস্তবে দেশটিতে মাত্র ১২,৮০০ লোক পরীক্ষার মাধ্যমে কোভিড পজিটিভ বলে চিহ্নিত হয়েছে।

    তবে কেসিডিসি এটাও বলেছে যে এগুলো তাদের গবেষণার প্রাথমিক ফল মাত্র, এ পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাচ্ছে না।

  10. যুক্তরাজ্যে মৃত্যুহার স্বাভাবিক হয়ে এসেছে

    ১৯শে জুন যে সপ্তাহ চলছে সেই সপ্তাহে যুক্তরাজ্যে মৃত্যুহার স্বাভাবিক হয়ে এসেছে।

    পুরো দেশজুড়ে ১ হাজার ৬৮১ জন মারা গেছেন, যা গত পাঁচ বছরের গড় মৃত্যুর চেয় আট জন কম।

    এই একই সময়ে কোভিড-১৯ সংক্রান্ত মৃতের সংখ্যা ৮৪৯ জন। যা লকডাউনের প্রথম সপ্তাহের পর সবচেয়ে কম।

  11. ব্রেকিং, বাংলাদেশে এবার ৬৪ জনের মৃত্যু

    বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ৬৪ জন মারা গেছেন, মোট মারা গেছেন ১৮৪৭।

    আরো ১৮৪২৬ টি পরীক্ষা করে ৩৬৮২ জন আক্রান্ত বলে পাওয়া গেছে।

    এপর্যন্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন।

    ৭ লাখ ৬৬ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

  12. ১ জুলাই ভারতে আনলক দ্বিতীয় ধাপ

  13. বিয়ের দুদিন পর বরের মৃত্যু, ৯৫ জনের কোভিড পজিটিভ

    ভারতের বিহারে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। বিয়ে করার ঠিক দুই দিনের মাথায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বর।

    বিয়ের অনুষ্ঠানে আসা আরো ৯৫ জনের পরীক্ষা করার পর তাদের কোভিড-১৯ পজিটিভ এসেছে।

    পাটনা থেকে ৫০ কিলোমিটার দূরে ঘটেছে এই ঘটনা।

    এটাই বিহারে প্রথম বড় আকারে সংক্রমণ একটি ঘটনা থেকে।

    ১২ই মে গ্রামে ফেরেন সেই বর, এরপর করোনাভাইরাসের উপসর্গ দেখা গেলেও তা নিয়ে খুব একটা সতর্ক না হয়ে বিয়ের অনুষ্ঠান চালিয়ে যান।

  14. তাইওয়ান ও আইসল্যান্ডের কোভিড জিরো উদযাপন

  15. ছোট ছোট ব্যবসা হতে পারে আফ্রিকার মহামারি পরবর্তী সঞ্জীবনী

  16. যুদ্ধবিধ্বস্ত আফগান স্বাস্থ্য ব্যবস্থায় করোনাভাইরাস বিপর্যয়

    দশকের পর দশক ধরে যুদ্ধের কারণে আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থায় একটা বিপর্যয় দেখা গিয়েছে।

    অক্সিজেন ও অন্যান্য যা কিছু প্রয়োজন হতে পারে তা নিয়ে একটা সংশয় দেখা দিচ্ছে। কাবুলের এক চিকিৎসক বিবিসিকে বলেন সিলিন্ডার যখন আসে রোগীর আত্মীয়রা রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দেয়।

    আরেক চিকিৎসক বলেন প্রাইভেট হাসপাতালে নিজের পরিবারের লোকদেরই চিকিৎসা দিতে পারেননি।

  17. ভারতে মানবদেহে করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল ঘোষণা

    জুলাই মাসে ভারতে শুরু হবে স্থানীয়ভাবে তৈরি হওয়া একটি ভ্যাকসিনের পরীক্ষা।

    হায়দ্রাবাদের ভারত বায়োটেক নামের একটি ফার্ম থেকে কিছু সংখ্যক মানুষের শরীরে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে।

    এর আগে প্রাণীর শরীরে দিয়ে দেখা গেছে যে এটা নিরাপদ এবং ইম্যুন সিস্টেম এতে সাড়া দেয়।

  18. কোভিড-১৯ এর ভয়াবহতা আসতে এখনো দেরি আছে: হু

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে, মহামারির এখনো বাকি আছে, এমনকি সবচেয়ে ভয়াবহ সময়টাই এখনো আসেনি।

    সংস্থাটির মহাপরিচালক টেদরোস আধানোম ঘেব্রেয়াসুস বলেছেন, বিভিন্ন দেশের সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় তবে সংক্রমণ বাড়বেই।

    ১ কোটি ছাড়িয়ে গেছে সংক্রমণ, ৫ লাখ ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা- এটা আরো দুদিন আগের খবর।

    এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল বার্তা একই, “পরীক্ষা, ট্রেস, আইসোলেট এবং কোয়ারেন্টিন।”

    দক্ষিণ আমেরিকায় এখন বাড়ছে সংক্রমণ, দক্ষিণ এশিয়া ও আফ্রিকাতেও আঘাত হানছে এই ভাইরাস।

  19. পহেলা জুলাই থেকে ইউরোপে যেতে পারবে ১৪ দেশের নাগরিকরা

    অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মরক্কো, দক্ষিণ কোরিয়া- এরা এই তালিকায় আছে।

    ইউরোপিয়ান ইউনিয়ন চীনের কথাও বলেছে যদি চীন একই ভাবে ইউরোপিয়ান ইউনিয়নের যাত্রীদের যেতে দেয় চীনে।

    ইউরোপের ভ্রমণেচ্ছুদের জন্য এখন বাধা নেই, ইউরোপীয়ানরা ইউরোপের মধ্যে ঘুরে বেড়াতে পারবে।

    ৩১শে ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের নাগরিকরাও ইউরোপীয়দের মতোই ঘুরে বেড়াতে পারবে।

    যে ১৪টি দেশ তালিকায় আছে- আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টেনেগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, সার্বিয়া, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া, উরুগুয়ে।

  20. সংক্রমণ বাড়ছে ভারতে, দুটি রাজ্যে আবারো লকডাউন

    ভারতে আরো ১৮ হাজার ৫২২ জন নতুন রোগী পাওয়া গেছে।

    ভারতে এখন ভাইরাস বহন করছেন এমন রোগীর সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২১৫ জন।

    সুস্থ হয়ে গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৮২২ জন।

    মারা গেছেন ১৬ হাজার ৮৯৩ জন।

    মহারাষ্ট্র ও তামিল নাডুতে নতুন করে লকডাউন দেয়া হয়েছে। পুরো দেশেই করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। এর আগে পশ্চিম বঙ্গ, ঝাড়খান্ড, নাগাল্যান্ড ও আসাম আলাদা আলাদা করে লকডাউন দিয়েছে।

    গত এক সপ্তাহে ১ লাখের মতো রোগী পাওয়া গেছে ভারতে।