ইউরোপে করোনাভাইরাসের 'পুনরুত্থানে'‌ বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বিগ্ন

করোনাভাইরাস নিয়ে দিনভর যত তথ্য, বিশ্লেষণ, বিশেষজ্ঞদের অনুমান ও পর্যালোচনা, পরিসংখ্যান সব পাবেন বিবিসি বাংলার এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and পুলক গুপ্ত

  1. ভারতে একদিনেই বজ্রপাতে শতাধিক লোকের মৃত্যু

    ভারতের দুটি রাজ্য বিহার এবং উত্তর প্রদেশে বজ্রপাতে এক দিনেই মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে।

    দুই রাজ্যের সরকার আজ নিশ্চিত করেছে যে বাজ পড়ে বিহারে ৮৩ জন আর উত্তর প্রদেশে ২৪ জন মারা গেছে।

    বিহারের গোপালগঞ্জ জেলাতেই সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়।সেখানে ১৩ জন মারা গেছেন।

    এ ছাড়া আরও ২৩ টি জেলা থেকে মানুষের মৃত্যু আর ক্ষয়ক্ষতির খবর দিয়েছেন বিহারে বিবিসি-র সংবাদদাতারা।

    উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় সব থেকে বেশি মোট ৯ জনের মৃত্যুর খবর দিয়েছেন সেখানকার বিবিসি সংবাদদাতা।

    ভারত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতে বজ্রপাতে প্রতি বছরই বহু লোকের মৃত্যু হয়ে থাকে
  2. ইউরোপে করোনাভাইরাসের 'পুনরুত্থানে'‌ বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বিগ্ন

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপে গত কয়েক মাসের মধ্যে এই প্রথম বারের মত কোভিড-১৯ আক্রান্তের সাপ্তাহিক সংখ্যা বেড়ে গেছে।

    এমন সময় সংস্থাটি এ কথা বললো যখন ইউরোপের দেশে দেশে লকডাউন শিথিল করা হচ্ছে।

    বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স হেনরি ক্লুগে বলছেন, ইউরোপের ১১ টি দেশে সংক্রমণ এমনভাবে বেড়ে গেছে যে ‌‘অত্যন্ত উল্লেখযোগ্যভাবে’ রোগের পুনরুত্থান দেখা যাচ্ছে।

    এই ১১টি দেশের মধ্যে আছে সুইডেন, ইউক্রেন, আলবেনিয়া, আরমেনিয়া, আজারবাইজান, বসনিয়া-হারজেগোভিনা, কাজাখস্তান, কসোভো, কিরগিজস্তান, নর্থ ম্যাসিডোনিয়া ও মলদোভা।

    ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া মিলিয়ে যে অঞ্চল- সেখানে এখনও প্রতি দিন ২০ হাজার নতুন করোনাভাইরাস সংক্রমণ এবং প্রায় ৭০০ মৃত্যু ঘটছে বলে জানা যাচ্ছে।

    করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইউরোপে সংক্রমণ দ্রুত বাড়ছে: হু
  3. আরো একটি মাংস কারখানায় কোভিড সংক্রমণ

    যুক্তরাজ্যের পশ্চিম ইয়র্কশায়ারের একটি মাংসের কারখানার ১৬৫ জন কর্মী করোনাভাইরাস পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন।

    কোবার নামে কারখানাটিতে কত লোক কাজ করতো তা জানানো হয়নি।

    মাংস কারখানায় কোভিড সংক্রমণের ঘটনা এই প্রথম নয়।

    কয়েক দিন আগেই জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফ্যালিয়া অঞ্চলেএকটি কসাইখানার ১৫০০কর্মীর দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

    গত কিছুকালের মধ্যে ইউরোপ,আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন মাংস প্রক্রিয়াজাত করার কারখানা এবং কসাইখানার কর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে।

    করোনাভাইরাস

    ছবির উৎস, TOENNIES

    ছবির ক্যাপশান, গত কিছু দিনে একাধিক দেশের কসাইখানার কর্মীদের মধ্যে কোভিড সংক্রমণ ধরা পড়েছে
  4. ইরানে কোভিডে মৃত্যুর আসল সংখ্যা হয়তো '১০ গুণেরও বেশি'

    ইরানে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে যত লোক মারা গেছে বলে সরকারি হিসেবে বলা হয় – প্রকৃত সংখ্যা তার চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি হতে পারে।

    বিবিসির ফারসি সার্ভিসের এক অনুসন্ধানে এমন তথ্য পাওয়া গেছে।

    ইরানে করোনাভাইরাস সংক্রমণ ছিল মধ্যপ্রাচ্যে সবচাইতে গুরুতর। সেখানে ২১৫,০০০-এরও বেশি আক্রান্ত এবং ১০ হাজারের বেশি লোকের মৃত্যু সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে।

    তবে বিবিসি ফারসি‌'র অনুসন্ধানে দেখা যায়, শীতকালে ইরানে স্বাভাবিকের চেয়ে ৬,৪০০ বেশি মৃত্যু হয়েছে - যা ওই একই সময়ে করোনাভাইরাসে মৃতের সরকারি সংখ্যার চাইতে ৫০০০ বেশি।

    রাজধানী তেহরানে এই একই সময়ে ‘অতিরিক্ত’ মৃত্যুর সংখ্যা ছিল একই সময়কালে সারা দেশে করোনাভাইরাসে মৃত্যুর সরকারি সংখ্যার চেয়েও বেশি

    ইরান করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানে করোনাভাইরাসের প্রকোপ ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে মারাত্মক
  5. ইউরোপে করোনাভাইরাসের 'পুনরুত্থানে'‌ বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বিগ্ন

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপে গত কয়েক মাসের মধ্যে এই প্রথম বারের মত কোভিড-১৯ আক্রান্তের সাপ্তাহিক সংখ্যা বেড়ে গেছে।

    এমন সময় সংস্থাটি এ কথা বললো যখন ইউরোপের দেশে দেশে লকডাউন শিথিল করা হচ্ছে।

    বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স হেনরি ক্লুগে বলছেন, ইউরোপের ১১ টি দেশে সংক্রমণ এমনভাবে বেড়ে গেছে যে ‌‘অত্যন্ত উল্লেখযোগ্যভাবে’ রোগের পুনরুত্থান দেখা যাচ্ছে।

    তিনি ১১টি দেশের নাম উল্লেখ করেন নি।

    ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া মিলিয়েযে অঞ্চল- সেখানে এখনও প্রতি দিন ২০ হাজার নতুন করোনাভাইরাস সংক্রমণ এবং প্রায় ৭০০ মৃত্যু ঘটছে বলে জানা যাচ্ছে।

    করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইউরোপে সংক্রমণ দ্রুত বাড়ছে: হু
  6. করোনাভাইরাসের চিকিৎসায় লবণ পানি? গবেষণা হচ্ছে এডিনবরায়

    করোনাভাইরাসের চিকিৎসায় লবণ-পানি ব্যবহার কতটা কার্যকর তা পরীক্ষা করে দেথতে যাচ্ছেন যুক্তরাজ্যের এডিনবরার একদল গবেষক।

    এর আগে এক গবেষণায় দেখা গিয়েছিল যে লবণ-গোলা পানি সাধারণ সর্দি-জ্বরের লক্ষণ কমাতে পারে। যারা লবণ-পানি দিয়ে গার্গল করেন, এবং নাক পরিষ্কার করেন – তাদের কাশি কম হয়, কফ জমার সমস্যাও হয় কম এবং তারা সেরেও ওঠেন তাড়াতাড়ি।

    এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অনুসন্ধান করে দেখছেন যে এই লবণ-পানি কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সহায়ক হয় কিনা।

    এডিনবরা বিশ্ববিদ্যালয়ের আশার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আজিজ শেখ বলছেন,“আমরা কোভিড-১৯ আক্রান্তদের ওপর লবণ-পানির চিকিৎসা প্রয়োগ করে দেখবো। আমরা আশা করছি যে এটা এই সংক্রমণের বিস্তার এবং তীব্রতা কমাতে কার্যকর হবে।“

    করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, এক গবেষণায় দেখা গেছে সাধারণ সর্দি-জ্বর ঠেকাতে লবণ-পানি কার্যকর
  7. প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা দলের ২ জনের কোভিড সংক্রমণ

    মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের দুজন এজেন্ট – যারা রোববার ওকলাহোমায় প্রেসিডেন্ট ট্রাম্পের জনসভায় ছিলেন –কোভিড-১৯ পজিটিভ বলে ধরা পড়ার পর সংস্থাটির কয়েক ডজন কর্মীকে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

    সিক্রেট সার্ভিস অবশ্য তাদের ঠিক কতজন আইসোলেশনে আছে তা বলে নি।

    ওকলাহোমার টালসা শহরে যখন কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে - সেই সময় সেখfনে নির্বাচনী সভা করায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা হয়।

    সেই সভার আগে তার প্রচার টিমের ৬ জন সদস্য এবং পরে দু‌’জন করোনাভাইরাস পজিটিভ বলে ধরা পড়ে।

    যুক্তরাষ্ট্রের আটটি অংগরাজ্যে এখন করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে । নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেক্টিকাটের কর্তৃপক্ষ বলেছে, ওই আটটি রাজ্য থেকে আগতদের ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।

    ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এক পূর্বাভাসে বলছে, অক্টোবর মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮০ হাজার লোক করোনাভাইরাসে মারা যাবে। তবে যদি ৯৫ ভাগ আমেরিকান মাস্ক পরে তাহলে মৃত্যুর সংখ্যা হবে ১ লাখ ৪৬ হাজার।

    যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই করোনাভাইরাসে ২৩ লাখ লোক আক্রান্ত এবং ১ লাখ ২১ হাজার লোক মারা গিয়েছেন।

    করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ওকলাহোমায় যাবার পর সিক্রেট সার্ভিসের দুজন এজেন্ট কোভিড পজিটিভ হয়েছেন
  8. করোনাভাইরাস থেকে সেরে উঠলেন ১১৪ বছরের বৃদ্ধ

    ইথিওপিয়ায় ১১৪ বছরের এক বৃদ্ধ করোনাভাইরাস আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছেন।

    আদিস আবাবার একটি হাসপাতালের ডাক্তার ইয়ারেদ আগিদিউ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, তারই পরিচালিত সেই হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ওই শতবর্ষী লোকটি।

    মনে করা হয় যে ৮০ বছর বা তার বেশি বয়সের লোকেরা করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।

    কিন্তু ডা. ইয়ারেদ বলছেন, ১১৪ বছরের এই বৃদ্ধ পুরোপুরি সেরে উঠেছেন।

    “তার স্বাস্থ্য এখন ভালো আছে। আমাদের স্বাস্থ্যকর্মীরা দীর্ঘজীবী ও সুস্বাস্থ্যের অধিকারী হোক!”‍ – ফেসবুকে লেখেন তিনি।

    ইথিওপিয়ায় এ পর্যন্ত প্রায় ৫,০০০ লোক কোভিড-১৯এ আক্রান্ত হয়েছেন এবং ৭৫ জন মারা গেছেন।

    অবশ্য কোভিড-১৯ আক্রান্ত হয়েও বেঁচে গেছেন এমন শতবর্ষী ইথিওপিয়ার এই লোকটিই প্রথম নন। ব্রিটেনে অন্তত তিনটি এমন ঘটনার খবর পাওয়া গেছে।

    এর মধ্যে একজন ছিলেন বার্মিংহ্যামের ১০৬ বছরের বৃদ্ধা কনি টিচেন – যাকে মনে করা হয় করোনাভাইরাস থেকে বেঁচে যাওয়া ব্রিটেনের সবচেয়ে বয়স্ক মানুষ।

    ইথিওপিয়া

    ছবির উৎস, Getty

    ছবির ক্যাপশান, ইথিওপিয়ায় ৫,০০০ লোক কোভিড-১৯এ আক্রান্ত হয়েছেন, ৭৫ জন মারা গেছেন।
  9. লকডাউন শিথিল হতেই ইউরোপের কিছু দেশে সংক্রমণ আবার বাড়ছে

    ইউরোপের বেশ কিছু দেশে দেখা যাচ্ছে যে লকডাউন শিথিল হবার পর নতুনকরে কোথাও কোথাও করোনাভাইরাসের বিস্তার ঘটছে।

    উত্তর পূর্ব স্পেনে ফলের খামারগুলোতে যারা পাকা ফল তোলেন – তাদের মধ্যে ভাইরাস সংক্রমণের পর চারটি জেলায় লকডাউন বিধিনিষেধ আবার বলবৎ করা হয়েছে।

    বলকান অঞ্চলের দেশগুলোতে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় – ইউরোপিয়ান ইউনিয়নের নতুনতম সদস্য ক্রোয়েশিয়া ঘোষণা করেছে যে বসনিয়া, কসোভো, নর্থ ম্যাসিডোনিয়া এবং সার্বিয়া থেকে কেউ সেদেশে এলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

    স্পেনের একটি স্ট্রবেরি ফার্মে ফল তোলা হচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, স্পেনের একটি স্ট্রবেরি ফার্মে ফল তোলা হচ্ছে
  10. লকডাউন শিথিলের পর খুলছে ইউরোপের যৌনপল্লীগুলোও

    ইউরোপে করোনাভাইরাস লকডাউন শিথিল হবার পর সেখানকার বিভিন্ন দেশে যৌনপল্লীগুলোও খুলতে শুরু করেছে ।

    গত সোমবার খুলেছে গ্রিসের যৌনপল্লী – তবে সেখানে ‘সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার’ কড়া নিয়ম বেঁধে দেয়া হয়েছে।

    অস্ট্রিয়া ঘোষণা করেছে আগামি ১লা জুলাই সেদেশের যৌনপল্লীগুলো খুলবে।

    করোনাভাইরাস মহামারির কারণে ইউরোপের সেক্স ইন্ডাস্ট্রিতে চরম বিপর্যয় নেমে এসেছে। যৌনকর্মীরা তাদের স্বাস্থ্য এবং জীবিকা – দুটি নিয়েই আতংকের মধ্যে আছেন।

    করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মহামারির কারণে ইউরোপের সেক্স ইন্ডাস্ট্রিতে চরম বিপর্যয় নেমে এসেছে।
  11. যুক্তরাজ্যে আরো একটি করোনাভাইরাসের টিকার পরীক্ষা শুরু

    যুক্তরাজ্যে একটি নতুন করোনাভাইরাসের টিকা স্বেচ্ছাসেবকদের ওপর পরীক্ষা করা শুরু হয়েছে।

    আগামী কয়েক সপ্তাহে প্রায় ৩০০ জনকে এই টিকা দেয়া হবে।

    ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক রবিন শ্যাটক এবং তার সহকর্মীরা এই পরীক্ষার নেতৃত্ব দিচ্ছেন।

    টিকাটি এর আগে প্রাণীর ওপর পরীক্ষা করা হয়েছে ।

    দেখা গেছে, এটি নিরাপদ এবং মানবদেহে কার্যকর রোগ প্রতিরোধী সাড়া সৃষ্টি করতে পারছে।

    এ পর্যায়ের পরীক্ষা শেষ হলে অক্টোবর মাসে ৬ হাজার লোকের ওপর দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে, এবং ইম্পেরিয়াল কলেজ টিম আশা করছে ২০২১ সালের প্রথম দিকে যুক্তরাজ্যে সহ বিভিন্ন দেশে এই টিকা বিতরণ করা যাবে।

    অন্যদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও তাদের একটি টিকার হিউম্যান ট্রায়াল শুরু করেছেন।

    পৃথিবীর নানা দেশে এখন প্রায় ১২০টি টিকা তৈরির কর্মসূচি চলছে, এবং অনেকগুলো টিকা পরীক্ষা করে দেখা হচ্ছে।

    করোনাভাইরাস টিকা

    ছবির উৎস, IMPERIAL COLLEGE

    ছবির ক্যাপশান, বিজ্ঞানীরা বলছেন, এই টিকা নিরাপদ এবং মানবদেহে কার্যকর রোগ প্রতিরোধী সাড়া সৃষ্টি করছে।
  12. ব্রেকিং, বাংলাদেশে কোভিড-১৯ আপডেট, ২৫শে জুন

    ৩৯৪৬ জন শনাক্ত হয়েছেন। ১ লাখ ২৬ হাজার। ৬০৬ জন এ পর্যন্ত মোট শনাক্ত।

    ৫১৪৯৫ জন মোট সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়ে গেছেন ৪০.৬৭%।

    ৩৯ জন মারা গেছেন আরো। ১.২৮% শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার।

    ১৬২১ জন মারা গেছেন এ পর্যন্ত।

  13. এটিও পিক নয় আমেরিকার দুই মহাদেশে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি ডিরেক্টর মাইকেল রায়ান বলছেন আমেরিকার অঞ্চলগুলোতে এখনো সর্বোচ্চ বিপর্যয় ঘটেনি।

    “মধ্য ও দক্ষিণ আমেরিকায় যদিও পরিস্থিতি অনেক কঠিন। অনেক দেশে গত সপ্তাহের চেয়ে ২৫ থেকে ৫০ শতাংশ সংক্রমণ বেড়েছে।”

    খুব জলদি বিশ্বজুড়ে ১ কোটি ছাড়িয়ে যাবে সংক্রমণ।

    প্রথম মাসে ১০ হাজারের মতো রোগী পাওয়া যায়, কিন্তু শেষ মাসে সেটা চল্লিশ লাখ ছাড়িয়ে যেতে পারে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    ব্রাজিলে গত সপ্তাহে ১০ লাখ ছাড়িয়ে গেছে সংক্রমণ।

  14. যা আশঙ্কা ছিল অর্থনৈতিক ক্ষতি তার চেয়ে ঢের বেশি: আইএমএফ

    আইএমএফ বলছে চলতি বছর তো বটেই আগামী বছরেও অর্থনৈতিক ধাক্কা কাটবে না এবং তারা যেটা অনুমান করছিলো তার চেয়ে অনেক বড় ধাক্কা হতে যাচ্ছে এটি।

    ২০২০ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ৫ শতাংশ।

    যুক্তরাজ্যের অর্থনীতি ১০ শতাংশ সংকুচিত হতে পারে চলতি বছর। তবে ২০২১ সালে আংশিক সামলে উঠবে বলে ধারণা অর্থনীতিবিদদের।

  15. ব্রিটেনের বিখ্যাত রয়্যাল মেইল ২ হাজার চাকরি ছাটাই করবে

    করোনাভাইরাসের আরো একটি ধাক্কা চাকরির বাজারে। ব্রিটেনের পোস্টাল সার্ভিস প্রতি পাঁচ জন ম্যানেজারের একজনকে ছাটাই করবে।

    বাজারে যে পরিবর্তন এসেছে তার সাথে মানিয়ে নিতে সংগ্রাম করছে এই কোম্পানি।

    প্রায় ৯৭০০ ম্যানেজার আছে এখন।

    বড় পদেই বেশি লোক ছাটাই হবে।

    ব্রিটেনের বিখ্যাত রয়্যাল মেইল ২ হাজার চাকরি ছাটাই করবে

    ছবির উৎস, Getty Images

  16. ভারতে মুম্বাইকে ছাপিয়ে দিল্লিতে এখন সর্বোচ্চ শনাক্ত

    দিল্লিতে আরো তিন হাজার সাতশোর বেশি রোগী শনাক্ত হওয়ার পর এই শহরটি শনাক্তের সংখ্যার দিক থেকে ছাড়িয়ে গেছে মুম্বাইকে।

    মোট শনাক্তের তিন ভাগের এক ভাগই গত এক দেড় সপ্তাহে পাওয়া গেছে।

  17. মেলবোর্নে ঘরে ঘরে গিয়ে টেস্ট করা হচ্ছে

    অস্ট্রেলিয়ায় সম্প্রতি একটি সংক্রমণে উর্ধ্বগতি দেখা গেছে।

    যদিও বৈশ্বিক মানদন্ডে সংখ্যাটা খুব বড় না।

    তবু কর্তৃপক্ষ সুযোগ নিতে রাজি না।

    প্রায় ১৩০০ কর্মকর্তা মাঠে নেমেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের নানা জায়গায় যেখানে সংক্রমণ পাওয়া গেছে সেখানে ঘরে ঘরে টেস্ট করা হচ্ছে।

    মেলবোর্নে ঘরে ঘরে গিয়ে টেস্ট করা হচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মেলবোর্নে ঘরে ঘরে গিয়ে টেস্ট করা হচ্ছে
  18. যুগে যুগে কখন ও কেন বন্ধ ছিল মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত?

    এবার সৌদি আরবে যে হজ অনুষ্ঠিত হবে তাতে সব মিলে এক হাজারেরও কম মানুষ অংশ নেবার সুযোগ পাবে। সৌদি আরবের সরকার এটি এরই মধ্যে জানিয়েছে। মূলতঃ এবারের হজটি স্রেফ প্রতীকি হতে যাচ্ছে।

    গবেষকরা বলছেন, ইসলামের ইতিহাসে এর আগেও বিভিন্ন নানা কারণে হজ পালনে ব্যাঘাত ঘটেছে। শুধু ব্যাঘাতই নয়, বেশ কয়েকবার হজ অনুষ্ঠিত হয়নি। এর পেছনে নানা কারণ রয়েছে।

    এগুলোর মধ্যে সংঘাত, রাজনীতি এবং মহামারিও ছিল।

    যখন হজ অনুষ্ঠিত হয়নি কিংবা হজ পালনে ব্যাঘাত ঘটেছে - এমন ঘটনাগুলোর দিকে চলুন দৃষ্টি দেয়া যাক।

  19. টিউশনিতে করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত অসংখ্য তরুণ-তরুণী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জ্যোতি বুলবুল বনানীর একটি বাসায় টিউশনি করতেন। এখান থেকেই তার হাতখরচ, পড়াশোনার খরচ উঠে আসে। কিন্তু বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই তার সেই টিউশনি বন্ধ হয়ে যায়।

    ''তিনমাস পড়ানো বন্ধ ছিল। সাধারণ ছুটিতে তো সবকিছুই বন্ধ ছিল, যাতায়াত করাও সম্ভব ছিল না। এখনো বাইরে বের হওয়া, কারো বাসায় যাতায়াত তো ঠিক না।'' তিনি বলছেন।

    এই মাস থেকে তিনি প্রযুক্তি ব্যবহার করে ছাত্রের অনলাইনে টিউশনি করাতে শুরু করেছেন।

    তবে ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এমবিএ-র শিক্ষার্থী নিরোধ পাল ততোটা সুবিধা পাননি।

    ''আমি তিনটা টিউশনি করতাম। কিন্তু করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকেই সেগুলো বন্ধ হয়ে গেছে।''

    ''সব সাবজেক্ট তো অনলাইনে ঠিকমতো পড়ানো যায় না। এখন আমি যে কারো বাসায় যাবো, সেটা আমার জন্যেও রিস্ক, তাদের জন্যও রিস্ক। আগে টিউশনি করেই আমার ঢাকায় থাকার খরচ চলে আসতো। এখন সেজন্য বাড়ি থেকে টাকা আনতে হয়। সব মিলিয়ে একটা মানসিক চাপের মধ্যে আছি।'' বলছেন নিরোধ পাল।

    তার আশঙ্কা করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো তিনি আর টিউশনি করাতে পারবেন না।

  20. আইফেল টাওয়ার আজ থেকে খোলা

    আইফেল টাওয়ার খুলে গেছে কিন্তু উপরে উঠতে পারবেন আগামী সপ্তাহে।

    আজ ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১০ টায় আইফেল টাওয়ার খুলে দেয়া হয়েছে।

    তবে লিফট খোলা হবে পহেলা জুলাই।

    আইফেল টাওয়ার আজ থেকে খোলা

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, আইফেল টাওয়ার আজ থেকে খোলা