আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

রাশিয়ায় করোনাভাইরাসে প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মীর মৃত্যু

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মোয়াজ্জেম হোসেন

  1. আর এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের লাইভ পেজ। যারা সারাদিন আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।

  2. হলিউডে আবার ছবি তৈরি কাজ শুরু

    আজকের লাইভ পেজের সমাপ্তি টানার আগে ফিল্মে আগ্রহীদের জন্য একটি সুখবর। হলিউডের বড় বড় স্টুডিওগুলেো বিগ বাজেটের ছবির শ্যুটিং আবার শুরু করছে।

    করোনাভাইরাসে বিনোদন জগতের বড় ক্ষতি হয়েছিল। অনেক বড় বাজেটের ছবির শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছিল, অনেক ছবির মুক্তি স্থগিত রাখা হয়েছিল। যেমন ফাস্ট এন্ড ফিউরিয়াস ৯ বা সর্বশেষ জেমস বন্ড ছবি নো টাইম টু ডাই।

    এখন সোশ্যাল ডিসট্যান্সিং মেনে ছবি তৈরির কাজ আবার শুরু হচ্ছে।

  3. ফ্লাইটে যাত্রীদের পানীয় দেবে না এয়ারলাইন্সগুলো

    করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান পরিবহন খাত। কিছু কিছু এয়ারলাইন্স এখন সীমিতভাবে আবার ফ্লাইট চালু করতে শুরু করেছে। কিন্তু ভাইরাসের বিস্তার ঠেকাতে তাদের নানা ব্যবস্থা নিতে হচ্ছে।

    ফ্লাইটে আর অ্যালকোহল বা অন্য কোন পানীয় পরিবেশন না করার সিদ্ধান্ত নিয়েছে অনেক বড় বড় এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স সিদ্ধান্ত নিয়েছে তারা যাত্রীদের কেবল পানির বোতল দেবে। ভার্জিন আটলান্টিক এবং ভার্জিন অস্ট্রেলিয়া এখন কাউকে অ্যালকোহল পরিবেশন করছে না। কেএলএম, ব্রিটিশ এয়ারওয়েজ এবং ইজিজেটও একই সিদ্ধান্ত নিয়েছে।

  4. পেরুর করোনাভাইরাস সংকটের ছবি

    করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে লাতিন আমেরিকায় এখন পেরুর অবস্থান দুই নম্বরে। সেখানে সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। লিমার ক্যাথেড্রালের দেয়ালে লাগিয়ে রাখা হয়েছে করোনাভাইরাসে মারা যাওয়া মানুষের ছবি। তাদের স্মরণ করছে প্রিয়জনরা।

    পেরুর পর্যটন ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে করোনাভাইরাসে ।

    পেরুর করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা এখন ২ লাখ ৪০ হাজারের বেশি। করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে প্রায় ৭ হাজার মানুষ।

  5. ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা কী কমিয়ে দেখানো হচ্ছে?

    এ সপ্তাহে ভারতের মুম্বাই এবং দিল্লিতে যখন করোনাভাইরাসে মৃত মানুষের সংখ্যা আপডেট করা হয়, তখন সেখানে হঠাৎ করেই সংখ্যাটি বেড়ে গিয়েছিল। মুম্বাইতে ৮৬২ এবং দিল্লিতে ৪৩৭ জনের নাম এই তালিকায় যুক্ত হয়, যাদের আগে হিসেবে ধরা হয়নি।

    বিবিসি দেখতে পেয়েছে, ভারতে কোভিড-১৯ এর লক্ষণ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ যখন হাসপাতালে আনা হচ্ছে, তখনও করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে না। কিন্তু আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী, যারা কোভিড-১৯ এর লক্ষণ নিয়ে মারা যাচ্ছেন, তাদেরকেও হিসেবে ধরতে হবে। কাজেই এটা স্পষ্ট যে ভারতে করোনাভাইরাসে মারা যাওয়া মানুষের প্রকৃত সংখ্যার চেয়ে সরকারের দেয়া হিসেব অনেক কম।

  6. স্যামন মাছ থেকে বেইজিং এ নতুন সংক্রমণ নিয়ে আতংক

    চীনের রাজধানী বেইজিং এ নতুন করে যে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে, সেটির উৎস বলে সন্দেহ করা হচ্ছে নগরীর মাছ-মাংস আর শাক-সব্জির এক পাইকারী বাজারকে।

    চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, শিনফাডি মার্কেটে স্যামন মাছ কাটা হয়েছে যে চপিং বোর্ডে, সেখানে প্রথম এই ভাইরাস পাওয়া যায়। এর ফলে স্যামন মাছ নিয়ে চীনে আতংক ছড়িয়ে পড়েছে।

    সুপারমার্কেটগুলো তাদের তাক থেকে স্যামন মাছ সরিয়ে ফেলেছে। রেস্টুরেন্টে স্যামনের বিক্রি বন্ধ হয়ে গেছে। ইউরোপ থেকে স্যামন মাছের আমদানি বন্ধ হয়ে গেছে।

    তবে চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বলছে, স্যামন মাছে এ্ই ভাইরাস ছিল, এমন সম্ভাবনা তারা দেখছে না।

  7. ব্রিটেনে আরও একশো বিলিয়ন পাউন্ডের আর্থিক প্রণোদনা

    ব্রিটিশ অর্থনীতির জন্য আরও একশো বিলিয়ন পাউন্ডের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে ব্যাংক অব ইংল্যান্ড। আজ ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে এই ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার প্রায় শূন্যের ( ০.১%) কাছেই রেখেছে। সুদের হার এতটা কম রাখার নজির গত কয়েকশো বছরের মধ্যে নেই।

    করোনাভাইরাসের কারণে ব্রিটিশ অর্থনীতি বিরাট সংকটে আছে। কেবল গত এপ্রিল মাসেই ব্রিটিশ অর্থনীতি সংকুচিত হয়েছে প্রায় ২০ শতাংশ। এবার যে মন্দা শুরু হচ্ছে, সেটির নজির সাম্প্রতিক ইতিহাসে নেই বলেই আশংকা করা হচ্ছে।

    এর আগে আরও ২০০ বিলিয়ন পাউন্ডের আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছিল গত মার্চ মাসে।

  8. হাইড্রক্সিক্লোরোকুইনের গবেষণা বন্ধ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    ম্যালেরিয়ার ঔষধ হাইড্রক্সিক্লোরোকুইন করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহার করা যায় কীনা, তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে গবেষণা চালাচ্ছিল, সেটি তারা বন্ধ করে দিয়েছে।

    জাতিসংঘের এই সংস্থা বলছে, সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে যে হাইড্রক্সিক্লোরোকুইন আসলে হাসপাতালে ভর্তি হওয়া কোভিড-১৯ রোগীদের মৃত্যুহার কমায় না।

    করোনাভাইরাসের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে বিতর্ক কম হয়নি। মেডিক্যাল জার্নাল ল্যানসেটে একটি সমীক্ষা প্রকাশ করা হয়েছিল, যাতে দাবি করা হয়, এই ঔষধ বরং কিছু রোগীর ক্ষেত্রে মৃত্যুহার বাড়ায় এবং তাদের হৃদরোগের সমস্যাকে জটিল করে। পরে অবশ্য ল্যানসেট এই সমীক্ষাটি প্রত্যাহার করে নিয়েছিল এই বলে যে এতে অনেক দুর্বলতা আছে।

    ল্যানসেটে ঐ সমীক্ষা প্রকাশিত হওয়ার পর অনেক দেশই করোনাভাইরাসের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ করে দেয়।

  9. রাশিয়ায় করোনাভাইরাসে প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মীর মৃত্যু

    রাশিয়ার স্বাস্থ্য বিষয়ক একটি সংস্থা বলছে, সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৮৯ জন স্বাস্থ্যকর্মী মারা গেছে।

    সর্বশেষ হিসেবে বলা হচ্ছ গত মাসে যেখানে মারা যাওয়া স্বাস্থ্যকর্মীর সংখ্যা ছিল মাত্র ১০১ জন, সেখানে এক লাফে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৯ তে।

    রাশিয়ার স্বাস্থ্য বিষয়ক তদারক সংস্থা রসড্রাভনাডজরের প্রধান আলা সামোইলোভা বলেন, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিতে না পারা এর অন্যতম কারণ।

    সংক্রমণের সংখ্যার দিক থেকে বিশ্বে রাশিয়ার অবস্থান এখন তিন নম্বরে। সেখানে এপর্যন্ত ৫ লাখ ৬১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সরকারিভাবে মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৭৬০ জন বলে উল্লেখ করা হচ্ছে।

  10. লকডাউনের পর বলিউডের প্রথম ছবি সিনেমা হলে দেখানো হচ্ছে না

    আর সব কিছুর মতো করোনাভাইরাস মহামারিতে থমকে গিয়েছিল বলিউডও।লকডাউনের বিধিনিষেধের কারণে সেখানে সিনেমা হলগুলো বন্ধ। নতুন ছবি তৈরির কাজও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। লকডাউনের পর এই প্রথম একটি ছবি মুক্তি পেয়েছে, কিন্তু সেটি সিনেমা হলগুলোতে এখনো দেখানো হচ্ছে না।

    দিল্লির আইনজীবী ইশিকা গুন এবং তার ফ্ল্যাটমেটরা শুক্রবার সন্ধ্যায় একসঙ্গে এই ছবি দেখতে বসেছিলেন। কিন্তু সবকিছু স্বাভাবিক থাকলে তারা হয়তো বাড়ির কাছাকাছি কোন সিনেমা হলে গিয়ে এই ছবিটি দেখতেন।

    এই খবর অবশ্য আগেই জানা গিয়েছিল যে ‌‘গুলাবো সিতাবো’ নামের এই ছবি কেবল অনলাইনে স্ট্রীমিং করা হবে, সিনেমা হলে দেখানো হবে না।

    “শুক্রবার সিনেমা হলে গিয়ে নতুন মুক্তি পাওয়া ছবি দেখার যে মজা, বাসায় বসে দেখে সেই মজা নেই”, বলছিলেন ইশিকা।

  11. ‘ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ’

    ইউরোপীয় ইউনিয়ন তার ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে বলে হুঁশিয়ারি দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

    জার্মানীর পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, করোনাভাইরাস মহামারির ফলে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা থেকে বাঁচতে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য দেশের একসঙ্গে কাজ করা জরুরী।

    তিনি বলেছেন, ইউরোপীয় প্রজেক্ট যে কতটা নাজুক, তা এই মহমারি স্পষ্ট করে দিয়েছে। কাজেই ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য এবং সংহতি এতটা গুরুত্বপূর্ণ এর আগে কখনো ছিল না।

    জার্মানি আগামী পহেলা জুলাই হতে ছয় মাসের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের দায়িত্ব পেতে যাচ্ছে।

  12. ব্রেকিং, বাংলাদেশের কোভিড-১৯ আপডেট

    ৩৮০৩ জন নতুন করে শনাক্ত হয়েছে বাংলাদেশে।

    নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬২৫৯টি।

    ৫ লাখ ৬৭ হাজার টেস্ট করা হয়েছে এ পর্যন্ত।

    ১০২২৯২ জন শনাক্ত হয়েছেন এ পর্যন্ত।

    ৩৮ জন নতুন করে মারা গেছেন, মোট মৃত্যু ১৩৪৩ জন।

  13. বাংলাদেশে প্রায় ৬০ ভাগ কোভিড-১৯ আক্রান্ত রোগী আইসোলেশনে

  14. ডেক্সামেথাসোন কী? কীভাবে আলোচিত এই ওষুধ কোভিড-১৯ রোগ মোকাবেলা করে?

    ডেক্সামেথাসোন নামে প্রদাহনাশক এক ওষুধকে বলা হচ্ছে হাসপাতালে থাকা মারাত্মক অসুস্থ কোভিড-১৯ রোগীদের জন্য দারুণ কার্যকর এক চিকিৎসা।

    ব্রিটেনে পরিচালিত এক ট্রায়ালে দেখা গেছে এই ওষুধটি জীবনরক্ষায় কার্যকর।

    ওষুধটি আসলে কী:

    এটি একটি স্টেরয়েড। শরীরে প্রদাহনাশক হরমোনের উৎপাদন বাড়িয়ে দিয়ে এটি ব্যথা কমাতে সাহায্য করে।

    এটি কীভাবে কাজ করে:

    শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শ্লথ করার মাধ্যমে কাজ করে এই ওষুধ।

    শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, তখন প্রদাহ তৈরি হয়।

    মাঝে মাঝে এই লড়াই তীব্র হয়ে ওঠে এবং তার প্রতিক্রিয়া হিসেবে শরীরের কোষগুলো আক্রমণের শিকার হয়। ফলাফল হিসেবে মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে।

  15. দিল্লিতে টেস্ট করাতে প্রয়োজন হবে ২৪০০ রুপি

  16. হাইড্রোক্সিক্লোরোকুইন গবেষণা থামিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    করোনাভাইরাস সারতে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে গবেষণা থামিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা বলছে এই ওষুধ মৃত্যুর হার কমাতে সাহায্য করে না।

    হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে বিশ্বজুড়ে আগ্রহের কমতি ছিল না। এটা ম্যালেরিয়া, আর্থাট্রাইসের মতো রোগে ব্যবহৃত হয়।

    কোভিড-১৯ থেকে সেরে উঠতে এটা প্রমাণিত ওষুধ নয়।

  17. বেইজিংয়ে আরো ২১ জনে স্থানীয় সংক্রমণ ধরা পড়েছে

    চীনের শহর বেইজিংয়ে আরো ২৮ জন নতুন রোগী পাওয়া গেছে। যাদের মধ্যে ২১ জন স্থানীয়ভাবে সংক্রমিত।

    গত কয়েকদিন ধরেই শহরটিতে সংক্রমণে একটা উচ্চ গতি দেখা যাচ্ছে।

  18. ভারতের আরো আপডেট

    দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জেইনের করোনাভাইরাস ধরা পড়েছে।

    এর আগে তিনি শ্বাস নিতে কষ্ট অনুভব করছিলেন এবং জ্বর ছিল।

    মহারাষ্ট্রের ১ লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন যার অর্ধেকের বেশি মুম্বাই শহরেই।

    ভারতে পৃথিবীর অন্যতম কড়া লকডাউন জারি করা সত্ত্বেও সংক্রমণের তীব্রতা কমাতে পারেনি। বিশ্বে এখন কোভিড আক্রান্ত দেশের তালিকায় চার নম্বরে ভারত।

  19. ভারতে সুস্থ দুই লাখের কাছাকাছি লোক

  20. ব্রেকিং, ভারতে করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়ছে

    যদিও দক্ষিণ আমেরিকার দিকে নজর বেশি, তবু ভারতে বেড়েই চলেছে প্রতিদিন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা।

    ভারতে আরো ১২ হাজার ৮৮১ জন নতুন রোগী পাওয়া গেছে।

    দেশটির স্বাস্থ্য ব্যবস্থা এই বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে।