বাংলাদেশে এক মাসে সংক্রমণ বেড়েছে ৭০ হাজারেরও বেশি

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and পুলক গুপ্ত

  1. ভারত-চীন সেনা-সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২০

    কাশ্মীরের বিতর্কিত লাদাখ অঞ্চলে চীনা সৈন্যদের সাথে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা বলছেন।

    গত ৪৫ বছরে দু দেশের সৈন্যদের মধ্যে এটাই সবচেয়ে গুরুতর সীমান্ত-সংঘর্ষ। তবে সংঘর্ষ এখন থেমে গেছে বলে ভারতীয় বাহিনীর এক বিবৃতিতে বলা হয়।

    ভারত প্রথম তিনজনের মৃত্যুর কথা বললেও মঙ্গলবার বিকেলে কর্মকর্তারা জানান, গুরুতর আহত আরো কয়েকজন সৈন্য পরে মারা গেছেন।

    ভারতীয় সেনাবাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ১৭ জন ভারতীয় সৈন্য প্রচন্ড ঠান্ডার মধ্যে ঘটা ওই সংঘর্ষে গুরুতর আহত হয়, এবং পরে মৃত্যুবরণ করে। আগের তিন জন মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২০।

    স্থানীয় সংবাদ মাধ্যমে ভারতীয় সৈন্যদের 'পিটিয়ে হত্যা করার' কথা বলা হয়েছে, কিন্তু সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেনি।

    দু পক্ষই বলছে, এ সংঘর্ষে কোন গুলি ছোঁড়া হয় নি।

    ভারতের এএনআই বার্তা সংস্থা বলছে, ভারত এমন তথ্য পেয়েছে যে চীনের দিকে ৪৩ জন হতাহত হয়েছে। ভারতের প্রথম বিবৃতিতেও চীনা পক্ষে হতাহত হবার কথা বলা হয়েছিল, তবে চীন এখন পর্যন্ত এরকম কিছু নিশ্চিত করেনি।

    এএন আই বলছে, তাদের কিছু সূত্র জানিয়েছে যে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

    ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করছে, গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এল এ সি) মেনে চলার জন্য গত সপ্তাহে দু পক্ষের যে ঐকমত্য হয়েছিল - চীন তা ভঙ্গ করেছে।

    ভারতীয় বিবৃতিতে বলা হয়, চীনা পক্ষ একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করলে এক সহিংস সংঘাত ঘটে।

    চীনা পক্ষ তাদের দিক থেকে কেউ হতাহত হবার কথা না বললেও ভারতের বিরুদ্ধে সীমান্ত পার হয়ে চীনা অংশে ঢুকে পড়ার অভিযোগ আনে।

    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, "ভারত সোমবার দু‌'‌দফায় সীমান্ত লংঘন করে, উস্কানি দেয় এবং চীনের সৈন্যদের আক্রমণ করে। এর ফলে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে হাতাহাতি হয়।"

    ভারত ও চীনের মধ্যে কয়েক দশক ধরে সীমান্ত-বিরোধ চলছে

    ছবির উৎস, GETTY IMAGES

    ছবির ক্যাপশান, ভারত ও চীনের মধ্যে কয়েক দশক ধরে সীমান্ত-বিরোধ চলছে
  2. করোনা ভাইরাস: টয়লেটের ঢাকনা খোলা রেখে ফ্লাশ করলে সংক্রমণ ছড়াতে পারে

    টয়লেটের ঢাকনা খোলা অবস্থায় ফ্লাশ করলে অতি ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণার ‌‘মেঘ' ৩ ফুট পর্যন্ত ওপরে উঠতে পারে – এবং তাতে করোনাভাইরাসের মতো সংক্রমণ ছড়াতে পারে।

    চীনা বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে, কমোডের ঢাকনা খোলা রেখে ফ্লাশ করলে যে জলকণা ছড়ায় তা এক মিনিটের বেশি সময় বাতাসে ভাসতে পারে এবং শ্বাসের সাথে টয়লেট ব্যবহারকারীর দেহে ঢুকতে পারে।

    কমোডের ঢাকনা বন্ধ করে ফ্লাশ করলে এটা ঠেকানো সম্ভব।

    চীনের ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ে এ গবেষণা চালানো হয় – যা একটি জার্নালে প্রকাশিত হয়েছে।

    বলা হচ্ছে, করোনাভাইরাস সংক্রমিত রোগীর কাশি-হাঁচির সময় বেরিয়ে আসা পানির কণাতেই যে শুথু ভাইরাস থাকে তা নয়, মলের মধ্যেও কিছু ভাইরাস থাকতে পারে।

    তবে সত্যিই এভাবে ভাইরাস ছড়াচ্ছে কিনা তা এখনো স্পষ্ট নয়, এবং এ নিয়ে কিছু গবেষণা এখনো চলছে।

    কমোডের ঢাকনা বন্ধ করে ফ্লাশ করলে সংক্রমণ ঠেকানো সম্ভব।

    ছবির উৎস, GETTY IMAGES

    ছবির ক্যাপশান, কমোডের ঢাকনা বন্ধ করে ফ্লাশ করলে সংক্রমণ ঠেকানো সম্ভব।
  3. করোনা ভাইরাস: কনট্যাক্ট ট্রেসিং এ্যাপের নজরদারিতে উদ্বিগ্ন এ্যামনেস্টি

    মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার জন্য ‘কন্ট্যাক্ট ট্রেসিং’ করতে কুয়েত এবং বাহরাইন যে মোবাইল ফোন এ্যাপ ব্যবহার করছে – তাতে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

    কেউ করোনাভাইরাস সংক্রমিত হলে - সেই ব্যক্তি কোথায় কার কার সংস্পর্শে এসেছেন তা জানার মাধ্যমে সংক্রমণ ছড়ানো রোধের প্রক্রিয়াকেই বলে কনট্যাক্ট ট্রেসিং।

    এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ওই এ্যাপগুলোতে জিপিএস উপাত্তের মাধ্যমে ব্যবহারকারীরা কখন কোথায় যাচ্ছেন তার প্রায়-লাইভ নজরদারি করা হচ্ছে। এই এ্যাপটি বর্তমান আকারে ব্যবহার করা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    এই একই উদ্বেগের কারণে নরওয়ে এ্যাপটির ব্যবহার বন্ধ করে দিয়েছে।

    এ্যামনেস্টির গবেষকরা ১১টি দেশের কনট্যাক্ট ট্রেসিং এ্যাপ পরীক্ষা করে কুয়েত, বাহরাইন এবং নরওয়ের তিনটি এ্যাপকে 'সবচেয়ে উদ্বেগজনক গণ-নজরদারির অস্ত্র' বলে বর্ণনা করেছেন।

    বাহরাইন করোনাভাইরাস

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বাহরাইনের কনট্যাক্ট ট্রেসিং এ্যাপ 'বি এওয়্যার'‌
  4. বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়ালো

    সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বের ১৮৮টি দেশ এবং অঞ্চলের আশি লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।

    কোভিড-১৯এ আক্রান্ত হবার পর মারা গেছেন ৪ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ।

    করোনাভাইরাস
    ছবির ক্যাপশান, করোনাভাইরাসে সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৩৭ হাজারের বেশি
  5. বাংলাদেশে করোনাভাইরাসে মোট মৃত্যু ১২৬২, আক্রান্ত ৯৪,৪৮১

    বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস আক্রান্ত ৫৩ জনের মৃত্যুর মধ্যে দিয়ে দেশটিতে সর্বমোট মৃত্যুর সংখ্যা ১২৬২ জনে উঠেছে।

    স্বাস্থ্য অধিদফতরের সবশেষ সরকারি হিসেবে কোভিড-১৯ ভাইরাসে গত ২৪ ঘন্টায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৩,৮৬২ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪,৪৮১ জন।

    বাংলাদেশে করোনাভাইরাসে একদিনে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত এটাই সর্বোচ্চ।

    বাংলাদেশ করোনাভাইরাস
    ছবির ক্যাপশান, বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এখন ১২৫০ ছাড়িয়েছে
  6. করোনাভাইরাস রোগীদের 'জীবন রক্ষাকারী' ওষুধ পেলেন বিজ্ঞানীরা

    ডেক্সামেথাসোন নামে একটি সস্তা এবং সহজপ্রাপ্য ওষুধ করোনাভাইরাস সংক্রমণের ফলে গুরুতর অসুস্থ রোগীদের জীবন বাঁচাতে পারে – বলছেন বিজ্ঞানীরা।

    যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন,কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এটা এক বড় অগ্রগতি।

    তারা বলছেন, পরীক্ষায় দেখা গেছে যে রোগীরা করোনাভাইরাস সংক্রমণের ফলে ভেন্টিলেটরে আছেন - ডেক্সামেথাসোন তাদের মৃত্যুর ঝুঁকি এক-তৃতীয়াংশ কমিয়ে দেয়।

    আর যাদের অক্সিজেন দেয়া হচ্ছে , তাদের মৃত্যুর ঝুঁকি এক-পঞ্চমাংশ কমাতে পারে এ ওষুধ।

    ডেক্সামেথাসোন একটি স্বল্পমাত্রার স্টেরয়েড-জাতীয় ওষুধ।

    করোনাভাইরাস
    ছবির ক্যাপশান, ডেক্সামেথাসোন কোভিড রোগীর মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয়।
  7. বাংলাদেশে এক মাসে কোভিড-১৯ সংক্রমণ বেড়েছে ৭০ হাজারেরও বেশি

    বাংলাদেশে গত এক মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় বড় রকমের উর্ধ্বগতি দেখা যাচ্ছে।

    সরকারের স্বাস্থ্য অধিদফতরের হিসেব থেকে দেখা যায়, সর্বশেষ মোট মৃত্যুর সংখ্যা ১২৬২ জন ।

    গত প্রায় এক মাসে মৃতের সংখ্যা ৯১৩ জন বেড়েছে।

    সরকারি হিসেবে থেকে দেখা যাচ্ছে, গত এক মাসে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণও ব্যাপকভাবে বেড়েছে।

    সবশেষ হিসেবে আক্রান্তের সংখ্যা ৯৪৪৮১ জন।

    গত প্রায় এক মাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৬০০-রও বেশি বৃদ্ধি পেয়েছে।

    বাংলাদেশ
    ছবির ক্যাপশান, গত এক মাসে বাংলাদেশে কোভিড-১৯এ মৃত্যুর সংখ্যায় বড় উর্ধ্বগতি হয়েছে
    বাংলাদেশ
    ছবির ক্যাপশান, বাংলাদেশে সরকারিভাবে নিশ্চিত কোভিড-১৯ সংক্রমণে উর্ধ্বগতির চিত্র
  8. রেড, ইয়েলো জোন নিয়ে বিভ্রান্তি, রেড জোনে মাঠে থাকবে সেনাবাহিনী, বিবিসি বাংলার ফেসবুক লাইভ দেখুন এখানে

    রেড, ইয়েলো জোন নিয়ে সরকারের বক্তব্য নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। আর রেড জোন এলাকাগুলোতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী- এমন খবরও এসেছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে বিভিন্ন রূপে করোনাভাইরাসের বিবর্তন হয়েছে। এসব নিয়ে বিবিসি বাংলার ফেসবুক লাইভ সঙ্গে থাকুন...

  9. বুধবার আবার শুরু হচ্ছে ইংলিশ প্রেমিয়ার লিগ ফুটবল

    করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ হযে যাওয়া ইংলিশ প্রেমিয়ার লিগ ফুটবল তিন মাস পর আবার শুরু হচ্ছে বুধবার থেকে।

    বুধবারে আছে দুটি খেলা: ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল, আর এ্যাস্টনভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড।

    দর্শকশূন্য স্টেডিয়ামে এসব খেলা হবে। ফুটবল ভক্তদের বাড়িতে বসেই যেহেতু খেলা দেখতে হবে - তাই টিভি কভারেজে কিছু নতুন জিনিস দেখা যাবে এবার।

    টিভি দর্শকরা চাইলে খেলার সাথে কৃত্রিম গ্যালারির দর্শকের শব্দ যোগ করতে পারবেন। তবে খেলোয়াড়রা এমন কোন শব্দ শুনতে পাবেন না।

    খেলার টসের অডিও শোনা যাবে, থাকবে টানেল ক্যামেরা, এবং গোল হলে খেলোয়াড়দের উল্লাস উদযাপনের জন্য মাঠের কিছু ক্যামেরা নির্দিষ্ট করে রাখা হবে।

    খেলার মধ্যেও কিছু পরিবর্তন আসছে। খেলার দুই অর্ধেই মাঝামাঝি সময় ১ মিনিটের একটা ড্রিংকস ব্রেক থাকবে।

    দলগুলো বেঞ্চে ৯ জন বদলি খেলোয়াড় বসিয়ে রাখতে পারবে। ম্যানেজাররা পাঁচজন খেলোয়াড় রদবদল করতে পারবেন।

    ফুটবল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দর্শকশূন্য মাঠে হবে প্রেমিয়ার লিগের খেলা
  10. পাকিস্তানের শহরগুলোয় শুরু হচ্ছে ‘স্মার্ট লকডাউন’

    পাকিস্তানে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে থাকায় দেশটির কর্তৃপক্ষ ২০টি বড় বড় শহরের নির্দিষ্ট কিছু কিছু এলাকা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।

    কর্মকর্তারা বলছেন, যেসব এলাকায় সংক্রমণের হার বেশি – সেই এলাকাগুলোকে দু'সপ্তাহের জন্য সম্পূর্ণ ‘সিল’‌ করে দেয়া হবে। দুই সপ্তাহের মধ্যে সংক্রমণ পরিস্থিতিতে উন্নতি দেখা গেলে তবেই বিধিনিষেধ শিথিল করা হবে।

    পাকিস্তান গত ২৩শে মে ঈদের আগে আগে প্রায় সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল।

    কিন্তু দেশটির স্বাস্থ্যকর্মী ও কিছু বিরোধীদলীয় গ্রূপ এখন বলছে,ওই সিদ্ধান্তের কারণেই সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে।

    পাকিস্তানে গত এক মাসে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা প্রায় চারগুণ বেড়ে গেছে।

    গত ১৫ই মে দেশটিতে কোভিড সংক্রমিতের সংখ্যা ছিল ৩৭ হাজারের কিছু বেশি, আর ঠিক এক মাস পর মঙ্গলবার সেই সংখ্যা ১ লাখ ৪৯ হাজারে উঠে গেছে।

    পাকিস্তান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, পাকিস্তানে এক মাসে করোনাভাইরাস সংক্রমণ চার গুণ বেড়েছে
  11. বেজিংএ নতুন কোভিড সংক্রমণের মাত্রা 'অত্যন্ত তীব্র'

    চীনে নতুন করে যে করোনাভাইরাস বিস্তার শুরু হয়েছে তার মাত্রা "অত্যন্ত তীব্র" – বলেছেন একজন চীনা কর্মকর্তা।

    এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বেজিং এই সংক্রমণ ঠেকাতে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নেবে।

    বেজিংএর শিনফাদিনামে পাইকারি বাজারের পাশপাশের এলাকার বাসিন্দাদের বলা হয়েছে তারা বেজিং ছেড়ে বাইরে যেতে পারবেন না।সব ট্যাক্সিকে শহর এলাকার বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

    শিনফাদি বাজারের ভেতরে গিয়েছিলেন এমন হাজার হাজার লোককেকর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে, এবং তার পর বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে

    চীন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বেজিংএর শিনফাদি পাইকারি বাজার
  12. ব্রেকিং, নতুন যারা মারা গেছেন....

    ১১ থেকে ২০ এর মধ্যে মারা গেছেন ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য মারা গেছেন ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৯ জন মারা গেছেন।

    ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ১৯ জন।

    ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ১০ জন।

    ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ৮ জন। ৮০ বছরের বেশি বয়সী মারা গেছেন ১ জন।

  13. ব্রেকিং, বাংলাদেশে করোনাভাইরাস আপডেট

    ৩৮৬২ জনের মধ্যে নতুন করে কোভিড-১৯ পাওয়া গেছে।

    ৯৪৪৮১ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে এখন পর্যন্ত।

    আরো মারা গেছেন ৫৩ জন।

    মোট মারা গেছেন ১২৬২ জন।

    বাংলাদেশে শনাক্ত ও মৃত্যু এটাই সর্বোচ্চ।

  14. করোনাভাইরাস হটস্পট: দক্ষিণ আমেরিকার পর কি দক্ষিণ এশিয়া?

    করোনাভাইরাস হটস্পট: দক্ষিণ আমেরিকার পর কি দক্ষিণ এশিয়া?

    ছবির উৎস, JOHNS HOPKINS COVID MAP

    ছবির ক্যাপশান, করোনাভাইরাস হটস্পট: দক্ষিণ আমেরিকার পর কি দক্ষিণ এশিয়া?

    আগেই বলা হয়েছে আশি লাখের বেশি মানুষ এখন বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রে ২০ লাখের বেশি রোগী পাওয়া গেছে। মৃতের সংখ্যা ১ লাখ ১৬ হাজারের বেশি দেশটিতে।

    মানচিত্রে এই ভাইরাসের সংক্রমণ অঞ্চল পরিবর্তন হচ্ছে। ইউরোপ একটা সময় এর কেন্দ্র ছিল, কিন্তু এটা পরবর্তীতে আমেরিকায় ধাবিত হয়।

    এখন এর কেন্দ্র লাতিন আমেরিকায়, ব্রাজিল, পেরুর মতো দেশগুলোতে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।

    ব্রাজিলে প্রায় নয় লাখ রোগী পাওয়া গেছে। পেরুতে ২ লাখ ৩২ হাজার রোগী পাওয়া গেছে।

    চিলিতে ১ লাখ ৮০ হাজারের মতো রোগী পাওয়া গেছে।

    যদিও ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনারো বলছেন, মৃত্যুই শেষ গন্তব্য সবার। কার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি করোনাভাইরাসকে হালকাভাবে নিয়েছেন।

    তবে দক্ষিণ আমেরিকার পর ধারণা করা হচ্ছে দক্ষিণ এশিয়াই হবে করোনাভাইরাসের উপকেন্দ্র।

    ভারতে কড়া লকডাউনের পরেও রোগীর সংখ্যা তিন লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

    পাকিস্তানে আবারো লকডাউন দেয়ার কথা চলছে। দেশটির এক মন্ত্রী আশঙ্কা ব্যক্ত করেছেন যে এখানে জুলাইয়ের শেষে ১২ লাখের বেশি রোগী শনাক্ত হতে পারে।

    বাংলাদেশেও এক লাখের দিকে আগাচ্ছে শনাক্তের সংখ্যা।

  15. নিষেধাজ্ঞার বাইরে যা যা থাকবে

    • আইনশৃঙ্খলা, রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা কাজে নিয়োজিত সংস্থা এবং জরুরি পরিষেবা।
    • ত্রাণ বিতরণ।
    • স্বাস্থ্য সেবা।
    • বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি।
    • ফায়ার সার্ভিস।
    • স্থল- নদী-সমুদ্রবন্দর কার্যক্রম।
    • টেলিফোন-ইন্টারনেট ও ডাক সেবা।
    • জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারী।
    • কৃষি পণ্য, শিল্প পণ্য, পরিবহনের যানবাহন।
    • কাঁচাবাজার।
    • ওষুধের দোকান।
    • হাসপাতাল ও জরুরি সেবা এর এর সাথে সংশ্লিষ্ট কর্মী।
  16. দিল্লির স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালে ভর্তি

    দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সাত্যেন্দার জেইনকে হাসপাতালে নেয়া হয়েছে। হঠাৎই তার অক্সিজেন মাত্রা কমে যায় এবং জ্বর আসে।

    এর আগে সোমবার ভারতের হোম মিনিস্টার অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়ালের সাথে একটি বৈঠকে বসেন তিনি। আজ তার কোভিড পরীক্ষা করা হবে।

    কেজরিওয়াল গত সপ্তাহে জ্বর ও গলাব্যথা নিয়ে কোভিড টেস্ট করান এবং নেগেটিভ আসে।

    দিল্লিতে এখন ৪০ হাজারের বেশি রোগী আছে।

  17. ২০২১ সালের অস্কার পিছিয়ে গেল দুই মাস

    করোনাভাইরাস সংক্রমণের কারণে বিশ্বের অন্যতম সিনেমা এওয়ার্ড অনুষ্ঠান অস্কার পিছিয়ে গেল।

    ২০২১ সালের অস্কার আয়োজন হওয়ার কথা ২৮শে ফেব্রুয়ারি।

    এটা পিছিয়ে ২০২১ সালের এপ্রিল মাসে নিয়ে যাওয়া হয়েছে।

    ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মুক্তি পাওয়া ছবি বিবেচনায় নেয়া হবে।

    ২০২১ সালের অস্কার পিছিয়ে গেল দুই মাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ২০২১ সালের অস্কার পিছিয়ে গেল দুই মাস
  18. ব্রেকিং, সারা দেশে রেড জোনে সেনাবাহিনী টহলে থাকবে

    রেড জোনে টহল দেবে সেনাবাহিনী নিশ্চিত করেছে আইএসপিআর।

    ঢাকায় নানা এলাকায় দেখা গেছে সেনাবাহিনী গাড়ি নিয়ে টহল দিয়েছে।

    ঢাকার বাইরেও নানা জায়গায় দেখা গেছে দোকান-পাটে ভিড় নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী।

  19. ঢাকা থেকে দিল্লি ও আহমেদাবাদ যাচ্ছেন ভারতীয় নাগরিকরা

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  20. অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি রাজ্যে চলাচল শুরু

    অস্ট্রেলিয়ায় দেশের মধ্যেই কয়েকটি রাজ্যে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

    দক্ষিণ অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে পশ্চিম অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নর্দার্ন টেরিটোরির সাথে যোগাযোগ চালু করছে।তবে কুইন্সল্যান্ড, সিডনি এবং ভিক্টোরিয়ার সাথে যোগাযোগ এখনো চালু করেনি।

    ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার রাজ্য।