চিকিৎসায় ব্যবহৃত ঔষধ কিনে বাড়িতে মজুদ রাখলে যে বিপদ, বিবিসির শাহনাজ পারভীনের প্রতিবেদন থেকে
শুধুমাত্র করোনাভাইরাসের চিকিৎসায় এখনো পর্যন্ত কোন ঔষধ আবিষ্কৃত হয়নি। কোন টিকাও নেই। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির যেসব লক্ষণ প্রকাশিত হয়, তার চিকিৎসায় এখন যেসব ঔষধ ব্যবহৃত হচ্ছে সেগুলোই দেয়া হচ্ছে কোভিড ১৯ রোগীদের।
চিকিৎসকেরা যেসব ঔষধে সুবিধা পাচ্ছেন বলে জানাচ্ছেন সেগুলো প্রচুর পরিমাণে কিনে বাড়িতে মজুদ করে রাখছেন বহু মানুষ। সেই সুযোগে অনেক ঔষধের দাম বেড়ে গেছে। এসব ঔষধ কিনে বাড়িতে মজুদ করার ব্যাপারে নিরুৎসাহিত করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এর নানা ধরনের ঝুঁকি রয়েছে।
যেসব ঔষধের বিক্রি বেড়ে গেছে
ঢাকার কয়েকটি বড় ফার্মেসির সাথে কথা বলে জানা গেল যেসব ঔষধের বিক্রি বেড়েছে তা হল ঠাণ্ডা, হাঁপানি, সাইনোসাইটিস ও অ্যালার্জির ঔষধ। শরীরে নানা ধরনের 'প্যারাসাইট' আক্রমণ প্রতিহত করে এমন ঔষধ। ব্যাকটেরিয়াজনিত প্রদাহ প্রতিরোধ করে এমন অ্যান্টিবায়োটিক।
প্যারাসিটামল, ভিটামিন-সি, জিঙ্কের ঘাটতি পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এমন সম্পূরক ঔষধ। জ্বর, শুষ্ক কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষণ।