আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইতালিতে করোনাভাইরাসে মৃতদের আত্মীয়রা মামলা করছেন

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and পুলক গুপ্ত

  1. টোকিও অলিম্পিকস হবে 'সহজ-সরল, অনাড়ম্বর'

    টোকিও ২০২০ অলিম্পিকেরপ্রধান নির্বাহী তোশিরো মুতো বলেছেন, করোনাভাইরাস মহামারির কারণে এই গেমসের অনুষ্ঠানসূচি নতুন করে সাজানো হয়েছে এবং “এটা হবে সহজ-সরল, কোন আড়ম্বর থাকবে না।“

    আগামী মাসে এই অলিম্পিকস শুরু হবার কথা ছিল কিন্তু মহামারির কারণে তা এক বছরের জন্য স্থগিত করা হয়।

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটিরএক বৈঠকের পর তোশিরো মুতো বলেন, তারা এমন ২০০টি ক্ষেত্র চিহ্নিত করেছেন যেখানে আয়োজনে কাটছাঁট করা যাবে, তবে এগুলো এখনো চূড়ান্ত করার পর্যায়েআসেনি।“

  2. ইতালিতে করোনাভাইরাসে মৃতদের আত্মীয়রা মামলা করছেন

    ইতালিতে কর্তৃপক্ষ যেভাবে করোনাভাইরাস মহামারি মোকাবেলা করেছে - তা নিয়ে এক আইনি লড়াই শুরু করেছেন ভাইরাসে মারা যাওয়া কিছু রোগীর আত্মীয়স্বজনরা।

    ইতালির বারগামো শহরে এই মামলা করা হয়েছে – যা করোনাভাইরাসে সবচাইতে গুরুতরভাবে আক্রান্ত হওয়া অঞ্চলগুলোর অন্যতম।

    মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, স্থানীয় কর্তৃপক্ষ তাদেরকে কার্যত পরিত্যাগ করেছিল।

    তারা বলছেন, তারা প্রতিশোধ বা ক্ষতিপূরণ নয় –বরং কর্তৃপক্ষের যেসব ভুল হয়েছে তার বিচার চান।

    ইতালিতে করোনাভাইরাসে ৩৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

  3. ইরানে নতুন করে ভাইরাস সংক্রমণ বেড়ে যাবার ভয় নেই, বলছেন রুহানি

    ইরানে করোনাভাইরাস বিস্তারের ‘দ্বিতীয় ঢেউ’য়ের আশংকা উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

    তিনি বলছেন, সম্প্রতি ইরানে কোভিড-১৯ সংক্রমণ চিহ্নিত করতে পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে বলেই আক্রান্তের সংখ্যা বাড়ছে ।

    বুধবার ইরানে করোনাভাইরাসে ৮১ জন মারা গেছে এবং ২,০১১ জন নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

  4. করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য ঠেকাতে ফেসবুক, গুগল ও টুইটারের প্রতি আহ্বান

    করোনাভাইরাস সম্পর্কিত ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে আরো জোরদার প্রয়াস চালানোর জন্য ফেসবুক, গুগল ও টুইটারের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা।

    ইইউ বলছে, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে এই প্ল্যাটফর্মগুলো কী করছে, এবং ইউরোপের স্বাস্থ্যক্ষেত্রে নেয়া ব্যবস্থাগুলো দুর্বল করার জন্য বিদেশী গোষ্ঠীগুলোর চেষ্টার বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছে, তা প্রতি মাসে একটি রিপোর্ট দিয়ে জানাতে হবে।

    ইউরোপিয়ান ইউনিয়ন এর আগে ভুয়া তথ্য ছড়িয়ে তাদের নাগরিকদের প্রভাবিত করার জন্য বিদেশী শক্তি – বিশেষত: রাশিয়া ও চীনের চেষ্টার বিরুদ্ধে - সতর্কবাণী উচ্চারণ করেছিল।

  5. করোনাভাইরাস নিয়ে হার্ভার্ডের 'আগস্ট তত্ত্ব' হাস্যকর - বলছে চীন

    যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের এক রিপোর্টে “২০১৯ সালের আগস্টেই হয়তো চীনের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল” বলে যে আভাস দেয়া হয়েছে – তাকে ‘অবিশ্বাস্য রকমের হাস্যকর’ বলে অভিহিত করেছে চীন।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে দেয়া রিপোর্ট অনুযায়ী চীনেনতুন করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণের কথা জানানো হয় ৩১শে ডিসেম্বর।

    কিন্তু হার্ভার্ড রিপোর্টে উহান শহরের হাসপাতালগুলোর বাইরে যানবাহনের ভিড়ের কিছু উপগ্রহ চিত্র, এবং অনলাইনে সে সময় যেসব শব্দ অনুসন্ধান করা হয়েছিল – তা তুলে ধরা হয়, এবং আভাস দেয়া হয় যে হয়তো আগস্ট মাসের শেষ দিক থেকে লোকে সংক্রমিত হচ্ছিলেন।

    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, যানবাহনের সংখ্যা থেকে এমন এক সিদ্ধান্তে আসা অবিশ্বাস্য রকমের হাস্যকর।

    রিপোর্ট সম্পর্কে অন্য কিছু বিজ্ঞানীও বলেছেন – হার্ভার্ডের উপাত্ত থেকে এমন সিদ্ধান্তে আসা কঠিন।

  6. হলিউডের ছবি ‌‘গন উইথ দ্য উইন্ড’ স্ট্রিমিং বন্ধ করে দিল এইচবিও ম্যাক্স

    হলিউডে ১৯৩৯ সালে নির্মিত বিখ্যাত ছবি ‘গন উইথ দ্য উইন্ড’ যুক্তরাষ্ট্রে স্ট্রিমিং সার্ভিস থেকে সরিয়ে নেবার দাবি ওঠার পর তা তুলে নিয়েছে এইচবিও ম্যাক্স।

    উনবিংশ শতাব্দীর আমেরিকান গৃহযুদ্ধের পটভূমিতে তৈরি এই ছবিতে যেভাবে দাসপ্রথাকে তুলে ধরা হয়েছে তা অনেকদিন ধরেই কড়া সমালোচনার সম্মুখীন হচ্ছিল। এতে দেখানো হয় যে দাস চরিত্রগুলো তাদের ভাগ্য নিয়ে খুব সন্তুষ্ট এবং দাসপ্রথা উঠে যাবার পরও তারা তাদের মালিকদের প্রতি অনুগত থাকছে।

    এইচবিও ম্যাক্স বলেছে, ওই ছবিটি একটি বিশেষ সময়ের চিত্র এবং বর্ণবৈষম্যমূলক ধারণা তুলে ধরেছে যা 'তখনো সঠিক ছিল না, এখনও নয়।'

    তারা বলেছে, ছবিটি আবার তাদের প্ল্যাটফর্মে ফেরত আসবে, তবে তখন এর সাথে এর ঐতিহাসিক পটভূমি সম্পর্কে একটি আলোচনা জুড়ে দেয়া হবে।

  7. বাংলাদেশি শ্রমিকদের ফেরত পাঠাবেন না: আমিরাতকে ড. মোমেন, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ আল-সায়েঘের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনে আলাপ

    করোনা মহামারির কারণে বাংলাদেশি শ্রমিকদের ফেরত না পাঠাতে সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীআহমেদ আল -সায়েঘের সাথে আজ ফোনে আলাপকালে এ অনুরোধ করেন ড. মোমেন।

    বাংলাদেশি শ্রমিকরা যেন চাকুরিচ্যূত হয়ে দেশে ফেরত না আসে - সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেন তিনি। ড. মোমেন বলেন, কেউ চাকুরিচ্যুত হলেও যেন কমপক্ষে ৬ মাসের সমপরিমাণ ভাতা ও অন্যান্য সুবিধা পায়।

    তিনি সেদেশে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্যও সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করা হয়েছে।

  8. করোনাভাইরাসে আরো দুই রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু, এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন জন রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হলো।

    বাংলাদেশে আরো দু‌জন রোহিঙ্গা শরণার্থী করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, কক্সবাজারের উখিয়ায় দুটি শরণার্থী শিবিরে সোমবার রাতে তাদের মৃত্যু হয়, তবে গণমাধ্যমকে জানানো হয় মঙ্গলবার বিকেলে।

    এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন জন রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হলো।

    গত ৩০শে মে কুতুপালং শিবিরে করোনাভাইরাসে ৭০ বছর বয়স্ক এক ব্যক্তি মারা গিয়েছিলেন।

    কর্মকর্তারা জানাচ্ছেন, বর্তমানে ৩৫ জন রোহিঙ্গা শরণার্থী কোভিড-১৯এ আক্রান্ত হয়েছেন, এবং চারটি আশ্রয় শিবিরের প্রায় ১৫ হাজার বাসিন্দাকে দু’সপ্তাহের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

  9. পাকিস্তান এখন “লকডাউন-মুক্ত” দেশ?, পাকিস্তানে কোভিড-১৯ ভাইরাস যতই ছড়াচ্ছে, ততই সেখানে লকডাউন আরো বেশি শিথিল করা হচ্ছে।

    পাকিস্তানে যখন কোভিড-১৯ ভাইরাসের বিস্তার রেকর্ড পরিমাণ বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে দেশটিতে লকডাউনও ক্রমাগত আরো বেশি শিথিল করা হচ্ছে।

    ইসলামাবাদ থেকে বিবিসির সংবাদদাতা এম ইলিয়াস খান জানাচ্ছেন, সরকার যতই সামাজিক দূরত্ব রক্ষার নিয়ম প্রয়োগ করা হচ্ছে এমন একটা ধারণা দিতে চাইছে - কিন্তু বাস্তবে তার কোন চিহ্ন নেই।

    দোকানপাট, গ্রসারি ইত্যাদিতে গত কিছুদিন মেঝেতে দাগ দেয়া, নিরাপত্তা রক্ষী দিয়ে ক্রেতার সংখ্যা নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ দেখা যাচ্ছিল – সেসব এখন অদৃশ্য হয়ে গেছে।

    পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রী ইয়াসমিন রশিদ এক টিভি চ্যানেলকে বলেছেন, “বিশ্বস্বাস্থ্য সংস্থা যাই বলুক, আমাদেরকে কাজ করতে হবে আমাদের দেশের বাস্তবতা অনুযায়ী।“

    প্রধানমন্ত্রী ইমরান খানও শুরু থেকেই বলছিলেন, পাকিস্তানে যে পরিমাণ দারিদ্র্য তাতে এখানে লকডাউন করা যাবে না।

    সিন্ধ প্রদেশের পিপিপি সরকার কড়া লকডাউন আরোপ করলেও তিন মাস পরে এখন বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে।

    তাই – এম ইলিয়াস খান লিখছেন – করোনাভাইরাস থাকুক আর নাই থাকুক, পাকিস্তান এখন একটি “লকডাউন-মুক্ত” দেশ।

  10. করোনাভাইরাসের প্রতিক্রিয়ায় ব্রিটেনে দাঙ্গার আশঙ্কা, অধ্যাপক ক্লিফোর্ড স্লট সতর্ক করে দিয়েছেন যে করোনাভাইরাসের প্রতিক্রিয়ায় এবছরের গ্রীষ্মকালে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় দাঙ্গা দেখা দিতে পারে।

    ব্রিটেনের একজন বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক ক্লিফোর্ড স্লট সতর্ক করে দিয়েছেন যে করোনাভাইরাসের প্রতিক্রিয়ায় এবছরের গ্রীষ্মকালে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় দাঙ্গা দেখা দিতে পারে।

    অধ্যাপক স্লট বলেন, ব্যাপক চাকরি ছাঁটাই, ক্রমবর্ধমান বেকারত্ব এবং সামাজিক-অথনৈতিক অসাম্য আগামী দিনগুলোতে সংঘাত সৃষ্টি করতে করতে পারে। পরিস্থিতি ২০১১ সালের আগস্টের মতো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

    এমন এক দিনে অধ্যাপক স্লট এ কথা বললেন – যেদিন করোনাভাইরাসের প্রতিক্রিয়ায় ব্রিটেনের অনেকগুলো রেস্তোরাঁ চেইনের মালিক একটি কোম্পানি তাদের ১২৫টি রেস্তোরাঁ বন্ধ করে দেবার পরিকল্পনার কথা ঘোষণা করেছে – যাতে ৩ হাজার লোক চাকরি হারাবে।

    এ ছাড়া একটি কুইজ নামে একটি ফ্যাশন চেইনও নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে।

    করোনাভাইরাস জনিত লকডাউনের কারণে এর আগেই ডেবেনহ্যামস, রোলস রয়েস, ব্রিটিশ এয়ারওয়েজ, ইজিজেট ইত্যাদি বহু বড় বড় কোম্পানি ব্যাপকভাবে চাকরি ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে।

  11. ব্রেকিং, বাংলাদেশে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো

    ৩১৯০ জনের দেহে নতুন করে ধরা পড়েছে করোনাভাইরাস।

    মোট শনাক্ত হয়েছে ৭৪৮৬৫।

    ৫৬৩ সুস্থ হয়েছেন নতুন করে। মোট শনাক্তের ২১.২৪ শতাংশ সুস্থ।

    ৩৭ জন নতুন মারা গেছেন, এনিয়ে মোট মৃতের সংখ্যা ১০১২ জন।

  12. মুম্বাইয়ে উহানের চেয়ে বেশি রোগী শনাক্ত

    ভারতের মুম্বাই শহরে এখন মোট ৫১ হাজার রোগী শনাক্ত হয়েছে।

    যা উহানের চেয়ে বেশি।

    ভারতে মোট সংক্রমণ ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন। ভারতের কিছু রাজ্যে লকডাউন শিথিল করা হয়েছে।

  13. আইফেল টাওয়ার খুলে দেয়া হচ্ছে

    ইউরোপের তো বটেই বিশ্বের অন্যতম বিখ্যাত দর্শনীয় জায়গা প্যারিসের আইফেল টাওয়ার।

    ২৫শে জুন থেকে এটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে।

    প্রায় তিন মাস ধরে বন্ধ আইফেল টাওয়ার।

    ফ্রান্সের ভার্সেই প্রাসাদ খুলেছে ৬ই জুন।

    লুভ জাদুঘর খুলবে জুলাইয়ের শুরুতে।

    ফ্রান্সে ২ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং ৩০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

  14. আর্জেন্টিনায় করোনাভাইরাস সংক্রমণ দিনে এক হাজার ছাড়ালো

    মঙ্গলবারের হিসেব অনুযায়ী ১১৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর্জেন্টিনায়।

    মোট রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৬১ জন।

    মারা গেছেন আরো ২৪ জন। মোট মৃতের সংখ্যা ৭১৭ জন।

    তবে চিলি ও ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনায় সংক্রমণ কম।

  15. ইংল্যান্ডে ১৫ই জুন থেকে চিড়িয়াখানা ও সাফারি খুলছে

    আসছে সোমবার থেকে ইংল্যান্ডে খুলে দেয়া হবে চিড়িয়াখানা, সাফারি পার্ক।

    বরিস জনসন বুধবার এটা ঘোষণা করবেন।

    সামাজিক দূরত্ব মেনেই এসব জায়গা উপভোগ করতে হবে।

    চেস্টার ও লন্ডন জু এই সময়ে বেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ১৫ই জুন থেকে দোকানপাট খুলে দেবে ইংল্যান্ড।

  16. কোভিড-১৯ হওয়ার শুরুতেই মানুষ সবচেয়ে বেশি ছড়ায়: ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশ্লেষণে বলা হয়েছে, সংক্রমিত হওয়ার পরপর মানুষ বেশি ছড়ায় এই ভাইরাস।

    ড. মাইক রায়ান বলেন, নোভেল করোনাভাইরাস যখন শ্বাসতন্ত্রের উপরিভাগে থাকে ঠিক তখন ড্রপলেটের মাধ্যমে সেটা ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে।

    আপনি যদি একটা রেস্টুরেন্টে থাকেন এবং আপনার শরীর সম্পূর্ণ স্বাভাবিক থাকে তখনও আপনি ভাইরাস ছড়াতে পারেন কারণ আপনি জানেন না আপনার মধ্যে ভাইরাসটি আছে কি নেই।

  17. ৯ই জুনের বিবিসি বাংলার ফেসবুক লাইভ

  18. দক্ষিণ কোরিয়ায় ভাইরাস শনাক্ত হচ্ছে

    গেল ২৪ ঘণ্টায় আরো ৫০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

    দক্ষিণ কোরিয়ায় মোট ১২ হাজার রোগী পাওয়া গেছে।

    ১ হাজারের মতো রোগী আছে চলমান।

    ২৭৬ জন মারা গেছেন এখন পর্যন্ত।

  19. পাকিস্তানে লকডাউন প্রয়োজন- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    পাকিস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি চিঠি পাঠিয়েছে।

    যেখানে বলা হয়েছে পাকিস্তানে সংক্রমণ ঠেকাতে লকডাউন ছাড়া উপায় নেই।

    পাকিস্তানে ১ লাখ ১০ হাজারের মতো রোগী পাওয়া গেছে।

    পুরো স্বাস্থ্য ব্যবস্থা ধরে রাখতে এখনই ব্যবস্থা নেয়া প্রয়োজন পাকিস্তানের।

  20. মেলবোর্নে নতুন রোগী পাওয়া গেছে

    যদিও এর আগে জানা গেছিল যে অস্ট্রেলিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী পাওয়া যায়নি।

    তবে ভিক্টোরিয়া স্টেট থেকে জানানো হয়েছে মেলবোর্নে দুইজন সহ মোট চারজন পাওয়া গেছে।

    তবে নিউ সাউথ ওয়েলসে গত দুই সপ্তাহে কোনো রোগী পাওয়া যায়নি।