ইংলিশ প্রিমিয়ার লিগের ১২০০ ফুটবলারের করোনাভাইরাস পরীক্ষা

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত, সেই সাথে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ চলমান ঘটনার খবর পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ

  1. ইংলিশ প্রিমিয়ার লিগের ১২০০ ফুটবলারের করোনাভাইরাস পরীক্ষা

    football pitch

    ছবির উৎস, Reuters

    ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের আরেক দফায় করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। সর্বশেষ এই দফায় সোম ও মঙ্গলবার এই দুদিনে ১,১৯৭ জনের কাছ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়।

    টটেনহ্যাম হটস্পার ক্লাব বলছে, তাদের একজন পজিটিভ বলে রিপোর্ট এসেছে।

    প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বলছে, এই খেলোয়াড় এখন সাত দিনের জন্য স্বেচ্ছায় বিচ্ছিন্ন হয়ে থাকবেন।

    চিকিৎসা বিষয়ক গোপনীয়তা রক্ষার জন্য তার নাম প্রকাশ করা হয়নি।

    এনিয়ে মোট পাঁচ দফায় ফুটবলারদের ওপর পরীক্ষা চালানো হলো। মোট পরীক্ষার সংখ্যা ৫,০৭৯। তাদের মধ্যে ১৩টি ক্ষেত্রে পজিটিভ পাওয়া গেছে।

    প্রিমিয়ার লিগের খেলোয়াড় ও স্টাফদের এখন সপ্তাহে দুবার পরীক্ষা করা হয়।

    আগামী ১৭ই জুন থেকে দর্শকশূন্য মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা শুরু হওয়ার কথা রয়েছে।

  2. ইসরায়েলের ফুটবল মাঠে জীবাণুনাশক টানেল

    tunnel at stadium

    ছবির উৎস, Reuters

    ইসরায়েলের একটি ফুটবল মাঠে টানেল বসানো হয়েছে যার ভেতর দিয়ে যাওয়ার সময় ফুটবলারদের শরীরে জীবাণুনাশক স্প্রে করা হবে।

    আশা করা হচ্ছে যে এর ফল করোনাভাইরাসের বিস্তার ঠেকানো সম্ভব হবে।

    তেল আভিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে এই টানেলটি বসানো হয়েছে। এই মাঠ যে তিনটি ক্লাবের সেগুলোর সবই ইসরায়েলি প্রিমিয়ার লিগে খেলে থাকে।

    করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার লিগ কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর সম্প্রতি আবার দর্শকশূন্য মাঠে খেলা শুরু হয়েছে।

    খেলোয়াড়রা যখন এই টানেলের ভেতর দিয়ে হেঁটে যাবে তখন আপনা আপনি তাদের শরীরে ইলেকট্রোলইজড পানি স্প্রে করা হবে।

    এই মিশ্রণ জীবাণুনাশক হিসেবে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে ।

  3. বিমানে যাত্রী চলাচল বাড়ছে

    plane

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, করোনাভাইরাসে মারাত্মক ক্ষতি হয়েছে এয়ারলাইন কোম্পানির।

    করোনাভাইরাস লকডাউনের কারণে সারা বিশ্বে বিমান চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন আইএটিএ বলছে, মে মাসে যাত্রী সংখ্যা এপ্রিল মাসের তুলনায় ৩০% বৃদ্ধি পেয়েছে।

    এয়ারলাইনগুলো তাদের অভ্যন্তরীণ টিকেটের মূল্য ২৩% কমিয়ে দিয়েছে যাতে লোকজন পুনরায় ভ্রমণের ব্যাপারে উৎসাহিত হয়।

    আইএটিএর প্রধান অর্থনীতিবিদ ব্রায়ান পিয়ার্স বলেছেন, বর্তমান সঙ্কট সামাল দিতে এয়ারলাইনগুলোর নগদ অর্থ প্রয়োজন এবং তারা কম মূল্যে টিকেট বিক্রি করে যাত্রীদের উৎসাহিত করার চেষ্টা করছে।

    জাতিসংঘের পূর্বাভাস অনুসারে বিশ্বব্যাপী পর্যটকের সংখ্যা এবছর ৭৮% কমে যেতে পারে।

    বেশ কয়েকটি এয়ালাইন তাদের কর্মী ছাটাই করেছে।

    এয়ার কানাডা তাদের কর্মী সংখ্যা অর্ধেক কমানোর এক পরিকল্পনার কথা ঘোষণা করেছে। ব্রিটিশ এয়ারওয়েজ বলছে, তারা ১২,০০০ কর্মী ছাটাই করবে।

  4. বেজি জাতীয় মিঙ্কের দেহেও করোনাভাইরাস

    নেদারল্যান্ডসে বেজি জাতীয় প্রাণী মিঙ্কের খামারেও করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। বলা হচ্ছে, ১২০টি খামারের মধ্যে আটটিতে এর সংক্রমণ ঘটেছে।

    দেশটিতে সাত বছর আগে একটি আইন পাস হয়েছিল যাতে মিঙ্কের খামার নিষিদ্ধ করা হয়েছে এবং ২০২৩ সালে এসব খামার বন্ধ করে দেওয়ার কথা রয়েছে।

    ডাচ সংবাদ মাধ্যমে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে খামারের হাজার হাজার মিঙ্ক মেরে ফেলার পরিকল্পনা করছে ডাচ সরকার।

    সরকারি একটি সূত্র এই খবরের সত্যতা স্বীকার করেছে তবে এর বিস্তারিত কিছু বলেনি।

    খবরে বলা হচ্ছে, অন্তত দুটো ক্ষেত্রে বেজি প্রজাতির এই প্রাণীটি থেকে মানব দেহে করোনাভাইরাসের সংক্রমণের ঘটনা নিশ্চিত করা গেছে।

  5. করোনা ভাইরাস: সারা বিশ্বে কী হচ্ছে

    আমাদের লাইভ পেজে যারা এই মাত্র এসেছেন তাদের জন্যে সংক্ষেপে সারা বিশ্বে করোনাভাইরাস সংক্রান্ত কিছু খবর:

    • ইতালি তার সীমান্ত খুলে দিয়েছে। তুলে নিয়েছে দেশটির এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা। কর্তৃপক্ষ আশা করছে, পর্যটকরা এই গ্রীষ্মে আবার সেদেশে যাওয়া শুরু করবে।
    italy

    ছবির উৎস, Getty Images

    • রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৮,৫৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে ১৭৮ জনের। ফলে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ৪,৩২,২৭৭। যেসব দেশে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে সেই তালিকায় রাশিয়ার অবস্থান এখন তিন নম্বরে।
    • চীন বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কোভিড-১৯ রোগের বিষয়ে তথ্য দিতে বিলম্ব করেছে বলে যে খবর বেরিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা।
    • জার্মানি তার নাগরিকদের ইউরোপ ভ্রমণের ব্যাপারে যে সতকর্তা জারি করেছিল সেটা ১৫ই জুন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।জার্মান পররাষ্ট্রমন্ত্রী ‍বুধবার একথা জানিয়েছেন।
    • দক্ষিণ আফ্রিকার আদালত বলছে, করোনাভাইরাসের কারণে যেসব বিধিনিষেধ জারি করা হয়েছে তার কিছু কিছু অসাংবিধানিক ও অকেজো। মৃত ব্যক্তির শেষকৃত্যের ব্যাপারে যেসব নিয়ম কানুনের কথা বলা হয়েছিল সেটি তার একটি।
  6. মালিক খাবার দিতে না পারায় বাঘ চিড়িয়াখানায়

    TIGER KIRA

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, কিরা বাঘটি এখন চিড়িয়াখানায়।

    উত্তর মেক্সিকোতে একটি বাঘের মালিক তার প্রাণীটিকে ঠিক মতো খাবার দিতে না পারায় বাঘটিকে একটি চিড়িয়াখানায় আশ্রয় দেওয়া হয়েছে।

    চিড়িয়াখানার কর্মকর্তারা বলছেন, এটি একটি বেঙ্গল টাইগার।

    কুলিয়াকান শহরের এই চিড়িয়াখানায় একই সাথে শুশুকের একটি বাচ্চা, একটি অজগর সাপ, ১৪টি সবুজ ম্যাকাউ পাখি এবং ৪৯টি হরিণকে আশ্রয় দেওয়া হয়েছে।

    করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কটের ফলে পশু মালিকরা যাতে তাদের প্রাণীদের পরিত্যাগ না করে সেজন্যে চিড়িয়াখানা, নার্সারি ও অ্যাকুয়ারিয়ামের একটি সমিতি এই উদ্যোগ নিয়েছে।

    মেক্সিকোতে বাড়িতে বন্য প্রাণী রাখা বৈধ। তবে এজন্যে তাকে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং দেখাতে হবে যে তারা তাদের প্রাণীটিকে যথেষ্ঠ পরিমাণে খাবার দিতে সক্ষম।

    গত মাসে জালিসকো শহরে একটি বেঙ্গল টাইগারকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাওয়ার পর কর্তৃপক্ষ ওই বাঘটিকে একটি বাড়ি থেকে জব্দ করেছে।

  7. উত্তর কোরিয়ায় ‘কেউ আক্রান্ত না হলেও’ কঠোর বিধি-নিষেধ

    উত্তর কোরিয়ায় স্কুলের নতুন টার্ম শুরু হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এই শিডিউল স্থগিত হয়ে যায়।

    দু’মাস পর এখন স্কুল খুলে দেওয়া হয়েছে। রাজধানী পিয়ংইয়াং-এ শিক্ষার্থীরা ক্লাস রুমে ফিরে গেছে। তবে তাদের মুখে মাস্ক পরতে হয়েছে।

    সরকারি তথ্য অনুসারে উত্তর কোরিয়ায় একজন ব্যক্তিও এই ভাইরাসে আক্রান্ত হয়নি। তারপরও দেশটিতে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

    বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত এবং হাজার হাজার লোককে আইসোলেশনে অর্থাৎ আর সকলের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

  8. ব্রেকিং, বাংলাদেশে একদিনে মারা গেছেন আরো ৩৭ জন

    বাংলাদেশে মোট মারা গেছেন প্রায় সাড়ে সাতশো মানুষ।নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৯ জন।

    মোট মৃতদের মধ্যে মৃতদের ৭১ শতাংশ পুরুষ, ২৯ শতাংশ নারী।

  9. ব্রেকিং, নমুনা সংগ্রহের আপডেট

    বাংলাদেশে ১৫ হাজার নমুনা সংগ্রহ, সাড়ে ১২ হাজার পরীক্ষা।

    শেষ আপডেট অনুযায়ী ১২ হাজার ৫১০ জন পরীক্ষা করা হয়েছে।

    বাংলাদেশে মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩টি নমুনা।

  10. ব্রেকিং, বাংলাদেশে আবারো আড়াই হাজারের বেশি রোগী শনাক্ত

    ২৬৯৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে।

    এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫৫১৪০।

    নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত ২১.৫৪ শতাংশ।

  11. চট্টগ্রামে এখন নারায়ণগঞ্জের চেয়ে বেশি কোভিড-১৯ রোগী

    বাংলাদেশের প্রথম দিকে হটস্পট ছিল ঢাকা। এরপর সেটা নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের জেলায় ছড়িয়ে পড়ে।

    মুন্সিগঞ্জ, গাজীপুরে সংক্রমণ হয়েছে অনেক কিন্তু সেটা স্থিতিশীল।

    তবে চট্টগ্রাম বিভাগ ও এর জেলাগুলোতে সংক্রমণ দ্রুত বাড়ছে।

    শুধু চট্টগ্রাম শহরেই আড়াই হাজারের মতো কোভিড-১৯ রোগী আছে।

    নারায়ণগঞ্জে আছে ২১৫৩ জন।

    ঢাকায় ১৮ হাজারের বেশি রোগী আছে, তৎসংলগ্ন এলাকা সহ।

    কক্সবাজারে এখন প্রায় আটশো রোগী।

    কুমিল্লায় সংখ্যাটা ১ হাজার ছুঁইছুঁই।

    নোয়াখালীতে প্রায় সাতশো রোগী।

  12. বাংলাদেশে কোন বয়সের রোগী বেশি মারা যাচ্ছে

    বাংলাদেশে ষাটের ওপরে বয়স এমন মারা গেছেন ৩৭ শতাংশ।

    ৫১ থেকে ৬০ বছর বয়সী বেশি মারা গেছেন ৩১ শতাংশ।

    ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ১৭ শতাংশ।

    ১৮ শতাংশ ৪১ থেকে ৫০।

    ১ থেকে ৩০ বছর বয়সী ৫.৫ শতাংশ।

    মৃতদের ৭১ শতাংশ পুরুষ, ২৯ শতাংশ নারী।

    মোট মারা গেছেন ৭০৯ জন।

  13. পাকিস্তানে উপসর্গ ছাড়া পৌনে সাত লাখ রোগী থাকতে পারে

    পাকিস্তানের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা পরামর্শ দিয়েছে পাঞ্জাব প্রদেশে একটা ৩০ দিনের কড়া লকডাউন দিতে।

    সরকারের নমুনা সংগ্রহ বিভাগের একটা জরিপ বলছে লাহোর ও তৎসংলগ্ন এলাকায় ছয় লাখ ৭০ হাজার রোগী আছে যাদের উপসর্গ নেই। লাহোরে ১ কোটি ২০ লাখের মতো মানুষ থাকে।

    যেখানে ২৭ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

    পাকিস্তানের একটি দৈনিক ডন বলছে, লাহোরে এমন কোনো অফিস বা বাড়ি নেই যেখানে করোনাভাইরাস শনাক্ত পাওয়া যায়নি।

    এর আগে সপ্তাহের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, লকডাউন তুলে নেয়ার পক্ষে কথা বলেছেন।

  14. প্রিমিয়ার লিগের ক্লাবগুলো প্রীতি ম্যাচ খেলতে পারবে

    ১৭ই জুন থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ।

    লিগ শুরু হওয়ার আগে একে অপরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার অনুমতি পেয়েছে ক্লাবগুলো

    সোমবার লিভারপুল দুই একাদশে ভাগ হয়ে একটি ম্যাচ খেলে অ্যানফিল্ডে।

    স্টেডিয়াম ও ট্রেনিং গ্রাউন্ডে খেলতে পারবে ম্যাচ।

  15. ভেন্টিলেটরে ৩৬ দিন টিকে ছিলেন যে ব্যক্তি

    কলকাতার একটি হাসপাতালের করোনাভাইরাস রোগীর ব্যাপারে তার স্ত্রীকে বলছিলেন চিকিৎসক শাশ্বতী সিনহা, “তিনি হয়তো বাঁচবেন না। অবস্থা যা দাঁড়িয়েছে তা খুব খারাপ।”

    ১১ই এপ্রিলের রাতের ঘটনা এটি।

    রোগীর নাম নিতাইদাস মুখার্জী। ২ সপ্তাহ আমরি হাসপাতালে কোভিড-১৯ এর সাথে যুদ্ধ করার পর তিনি ভেন্টিলেটরে যান।

    সিনহা বলেন, এটি একটি অভুতপূর্ব ঘটনা।

    নিতাইদাস বেশ করুণ অবস্থায় ছিলেন। স্বাভাবিক অবস্থায় একজন মানুষ ২০ বার নি:শ্বাস নেন মিনিটে, তিনি নিচ্ছিলেন ৫০ বার।

    সেই অবস্থা থেকে তিনি বেঁচে ফেরেন।

    একটা জরিপ অনুযায়ী ভেন্টিলেটরে থাকা রোগীদের তিনভাগের দুই ভাগই মারা যান।

    ভেন্টিলেটরে ৩৬ দিন টিকে ছিলেন যে ব্যক্তি
    ছবির ক্যাপশান, ভেন্টিলেটরে ৩৬ দিন টিকে ছিলেন যে ব্যক্তি
  16. দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক প্রণোদনা দিচ্ছে ২৮০০ কোটি ডলার

    দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক ধাক্কা সামলাতে প্রণোদনা ঘোষণা করেছে।

    করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি।

    দক্ষিণ কোরিয়ার সরকার ১৪ শতাংশ জিডিপির সমান অর্থ প্রণোদনা দিচ্ছে।

    চাকরি রক্ষা, ব্যবসায়িক ঋণ এবং ভ্যাকসিন তৈরির গবেষণায় ব্যবহার করা হবে এই অর্থ।

    ১৯৯৮ সালের এশিয়ান অর্থনৈতিক সংকটের পর প্রথম দক্ষিণ কোরিয়া এমন অবস্থার মুখোমুখি হলো।

    দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক প্রণোদনা দিচ্ছে ২৮০০ কোটি ডলার

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক প্রণোদনা দিচ্ছে ২৮০০ কোটি ডলার
  17. মুম্বাইয়ে কোভিড আতঙ্কের সাথে যুক্ত হচ্ছে সাইক্লোন

    সাইক্লোনের নাম নিসর্গ, এটি এরাবিয়ান সাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে ধেয়ে আসছে।

    মুম্বাই ভারতের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ শহর, ২ কোটি মানুষ থাকে এই শহরে। এটি ভারতের অর্থনৈতিক রাজধানী।

    শুধু মুম্বাইয়েই শনাক্ত হয়েছে ৪০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী।

    ১৪০০ মানুষ মারা গেছেন এই শহরে।

    মুম্বাইয়ে কোভিড আতঙ্কের সাথে যুক্ত হচ্ছে সাইক্লোন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মুম্বাইয়ে কোভিড আতঙ্কের সাথে যুক্ত হচ্ছে সাইক্লোন
  18. করোনাভাইরাসের পর এবারে নিসর্গ ঝড় সামলাতে ব্যস্ত মুম্বাই

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  19. মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি, ঝড় ধেয়ে আসছে আরব সাগর দিয়ে, ভারত থেকে জানােচ্ছেন বিবিসি সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ

    মুম্বাই পুলিশ গত মধ্যরাত থেকেই শহরে ১৪৪ ধারা জারি করে লোকজনকে বাইরে বেরোতে নিষেধ করেছে।

    আরব সাগরের ধারের বিচে বা সৈকতে, প্রমিনেড বা পার্কে যাওয়া কাল দুপুর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।

    নিসর্গ এদিন সকালেই একটি ভয়াবহ সাইক্লোনিক স্টর্ম বা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

    প্রসঙ্গত, 'নিসর্গ' ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে বাংলাদেশ।

    ঠিক দুসপ্তাহ আগেই বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোন আম্পান ভারতের পশ্চিমবঙ্গে সাগরদ্বীপ ঘেঁষে উপকূলে আঘাত হেনেছিল। ওই ঝড়ে রাজ্যের কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগণা জেলা এবং প্রতিবেশী বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

  20. দক্ষিণ কোরিয়া রেমডিসিভিরের অনুমোদন দিয়েছে

    দক্ষিণ কোরিয়া করোনাভাইরাসের ঔষধ রেমডিসিভির আমদানি ও ব্যবহারের অনুমোদন দিয়েছে।

    এই ঔষধ ব্যবহার করে করোনাভাইরাস থেকে দ্রুত নিস্তার লাভ করা যায়।

    যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতে এই ঔষধ ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞানীরা এখনো করোনাভাইরাসের একটি প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    এর আগে রেমডিসিভির ইবোলার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল।

    দক্ষিণ কোরিয়া রেমডিসিভিরের অনুমোদন দিয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দক্ষিণ কোরিয়া রেমডিসিভিরের অনুমোদন দিয়েছে