সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত
বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের এক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নেতা মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর ছেলে তানভীর শাকিল জয় বিবিসিকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি একটু আগে টেলিফোনে বিবিসির কাদির কল্লোলকে জানিয়েছেন, তার বাবার করোনাভাইরাস পরীক্ষার ফল মাত্রই তাদের হাতে এসেছে। পরীক্ষার ফল পজিটিভ। গত চারদিন ধরে তিনি শারীরিকভাবে দুর্বল বোধ করছিলেন। করোনাভাইরাস ধরা পড়ার পর মোহাম্মদ নাসিমকে এখন ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মোহাম্মদ নাসিম শেখ হাসিনার আগের মেয়াদের দুটি সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।