ভারতে একদিনে প্রায় ১০ হাজার রোগী শনাক্ত

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মোয়াজ্জেম হোসেন

  1. সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত

    বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের এক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নেতা মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর ছেলে তানভীর শাকিল জয় বিবিসিকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি একটু আগে টেলিফোনে বিবিসির কাদির কল্লোলকে জানিয়েছেন, তার বাবার করোনাভাইরাস পরীক্ষার ফল মাত্রই তাদের হাতে এসেছে। পরীক্ষার ফল পজিটিভ। গত চারদিন ধরে তিনি শারীরিকভাবে দুর্বল বোধ করছিলেন। করোনাভাইরাস ধরা পড়ার পর মোহাম্মদ নাসিমকে এখন ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মোহাম্মদ নাসিম শেখ হাসিনার আগের মেয়াদের দুটি সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

    মোহাম্মদ নাসিম
    ছবির ক্যাপশান, মোহাম্মদ নাসিম
  2. পশ্চিমা ব্রান্ডগুলোকে বিজিএমইএ’র হুমকি:

    জাপানের সংবাদপত্র ‌‘নিকেই এশিয়ান রিভিউ‌‌’ খবর দিচ্ছে, যেসব পশ্চিমা ব্রান্ড বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনার অর্ডার দিয়ে পরে সেই পোশাক কেনার অঙ্গীকার রক্ষা করেনি, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে যাচ্ছে বিজিএমইএ। ‌‌পত্রিকাটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ‌‘এডিনাবার্গ উলেন মিলস লিমিটেড’কে এরইমধ্যে কালো তালিকাভুক্ত করার হুমকি দিয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। পীকক, বনমার্শ, অস্টিন রীড থেকে শুরু করে অনেক নামকরা ব্রান্ড রয়েছে এ্ই কোম্পানির। বাংলাদেশের প্রায় তিন ডজন ফ্যাক্টরিতে এরা ৩০ মিলিয়ন ডলারের কাপড় কেনার অর্ডার দিয়ে পরে তারা সেগুলো বাতিল করে দেয়। বিজিএমইএ এডিনবার্গ উলেন মিলস লিমিটেডের মালিক, ধনকুবের ফিলিপ ডে’র কাছে নাকি চিঠি দিয়েছে আগের অর্ডারের বকেয়া পরিশোধের তাগিদ এবং নইলে কালোতালিকাভুক্ত করার হুমকি দিয়ে। নিকেই এশিয়ান রিভিউ’র খবরের লিংক এখানে:

    জাপানের নিকেই রিভিউ‌র খবর: শক্ত অবস্থান নিচ্ছে বিজিএমইএ

    ছবির উৎস, Nikkei Asian Review

    ছবির ক্যাপশান, জাপানের নিকেই রিভিউ‌র খবর: শক্ত অবস্থান নিচ্ছে বিজিএমইএ
  3. ব্রিটেনের রাণী এলিজাবেথকে দেখা গেল প্রাসাদের উদ্যানে ঘোড়ার পিঠে

    করোনাভাইরাস লকডাউন জারি হওয়ার পর থেকে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ তার সব প্র্রকাশ্য কর্মসূচী বাতিল করেছিলেন। কিন্তু এই প্রথম তাকে বাইরে দেখা গেছে লকডাউন জারি হওয়ার পর। রাজপ্রাসাদের তরফ থেকে প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি উইন্ডসর প্রাসাদের উদ্যানে ঘোড়ায় চড়ে ঘুরছেন।

    উইন্ডসর রাজপ্রাসাদের উদ্যানে ঘোড়ার পিঠে রাণী এলিজাবেথ।

    ছবির উৎস, STEVE PARSONS/POOL/AFP via Getty Images

    ছবির ক্যাপশান, উইন্ডসর রাজপ্রাসাদের উদ্যানে ঘোড়ার পিঠে রাণী এলিজাবেথ।
  4. সংক্রমণের ঝুঁকি অনুযায়ী লাল, হলুদ, সবুজ জোনে ভাগ করা হবে বাংলাদেশকে

    লকডাউন শিথিল করার পর গতকাল থেকে বাংলাদেশে অফিস-আদালত খুলে দেয়া হলেও স্থানীয়ভাবে আবার লকডাউন জারি করা হতে পারে। সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঢাকায় সাংবাদিকদের জানিয়েছেন, সংক্রমণ এবং মৃত্যুর হার অনুযায়ী বাংলাদেশকে লাল, হলুদ এবং সবুজ জোনে ভাগ করা হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠকের পর কথা বলছিলেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেসব এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মনে হবে, সেখানে স্থানীয়ভাবে লকডাউন জারি করা হবে। গত শনিবার বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তারা আবার আজ বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন, এখন তারা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখবেন, সংক্রমণের মাত্রা কোথায় কেমন। তার ভিত্তিতে ঠিক করা হবে দেশের কোন এলাকা কোন জোনে পড়বে।

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সরকারের এই সিদ্ধান্তের কথা আজ জানিয়েছেন।

    ছবির উৎস, স্বাস্থ্য মন্ত্রণালয়

    ছবির ক্যাপশান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সরকারের এই সিদ্ধান্তের কথা আজ জানিয়েছেন।
  5. বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ৪০ শহরে কারফিউ

    টানা ছয় রাত ধরে বিক্ষোভে উত্তাল হয়ে আছে যুক্তরাষ্ট্র। পুলিশের হাতে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভ দমনের কোন চেষ্টাই যেন কাজ করছে না। সারারাত ধরে যুক্তরাষ্ট্র থেকে যেসব খবর পাওয়া গেছে:

    ·নিউ ইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়া এবং লস এঞ্জেলেসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

    ·ওয়াশিংটন ডিসি সহ অন্তত ১৫টি রাজ্যে ন্যাশনাল গার্ড নামানো হয়েছে

    ·অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করা হয়েছে

    ·প্রেসিডেন্ট ট্রাম্পকে গত শুক্রবার হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ চলার সময় ভূগর্ভস্থ বাংকারে নেয়া হয়েছিল বলে খবর পাওয়া যাচ্ছে

    ·এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে

    হোয়াইট হাউসের কাছেও চলছে বিক্ষোভ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হোয়াইট হাউসের কাছেও চলছে বিক্ষোভ
  6. ভারতে ট্রেন সার্ভিস চালুর প্রথম দিনেই যাত্রীদের ভিড়

    ভারতে আজ থেকে কিছু ট্রেন সার্ভিস চালু হয়েছে। প্রথম দিনেই কিছু রেল স্টেশনে ব্যাপক ভিড় দেখা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এখন অন্তত ২০০ ট্রেন সার্ভিস চালু হচ্ছে, প্রতিদিন এসব ট্রেনে ভ্রমণ করতে পারবে প্রায় এক লাখ ৪৫ হাজার যাত্রী।

    যাত্রীদের জন্য কিছু গাইডলাইন ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সব যাত্রীকে পরীক্ষা করা হবে, তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং যাদের কনফার্মড টিকেট আছে তারাই কেবল ট্রেনে ভ্রমণ করতে পারবে। কিন্তু প্রথম দিনেই যেরকম ভিড় দেখা গেছে কিছু স্টেশনে, তাতে করে এসব নিয়ম মানা কঠিন হবে বলে মনে হচ্ছে।

    প্রথম দিনেই স্টেশনের বাইরে ট্রেনযাত্রীদের ভিড়।
    ছবির ক্যাপশান, প্রথম দিনেই স্টেশনের বাইরে ট্রেনযাত্রীদের ভিড়।
  7. বৃটেনে দশ সপ্তাহ পর প্রাইমারি স্কুল খুলেছে

    করোনাভাইরাস লকডাউনের কারণে প্রায় দশ সপ্তাহ বন্ধ থাকার পর বৃটেনের কিছু প্রাইমারি স্কুল আজ থেকে খুলেছে। কেবলমাত্র শিশু শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর ক্লাস চালু হয়েছে। তবে প্রথম দিনেই প্রায় অর্ধেক বাবা-মা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাননি বলে খবর পাওয়া যাচ্ছে।

    শিশুদেরকে এই মহামারীর মাঝখানে স্কুলে পাঠানো কতটা নিরাপদ তা নিয়ে ব্রিটেনে ব্যাপক বিতর্ক আছে। তবে সার্বিকভাবে মনে করা হয় যে শিশুদের এই ভাইরাসে অসুস্থ হওয়ার ঝুঁকি একেবারেই কম। এ পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসের যে সংক্রমণ ঘটেছে তাতে দেখা গেছে যে শিশুদের মধ্যে সংক্রমনের হার মাত্র ১ থেকে ৫ শতাংশের মধ্যে। আর মৃত্যুর ঘটনা একেবারেই বিরল।

    প্রথম দিনে কেবল অর্ধেক ছেলে-মেয়ে স্কুলে ফিরেছে

    ছবির উৎস, JOE GIDDENS

    ছবির ক্যাপশান, প্রথম দিনে কেবল অর্ধেক ছেলে-মেয়ে স্কুলে ফিরেছে
  8. কেবল মহাখালীতেই চারশোর বেশি কোভিড-১৯ রোগী, ঢাকায় কোন এলাকায় কতজন সংক্রমিত

    মহাখালী ৪০৮

    মুগদা ৩২৭

    মোহাম্মদপুর ৩১৩

    মিরপুর ৩০০

    কাকরাইল ২৯৯

    উত্তরা ২৮৩

    মগবাজার ২১৯

    রাজারবাগ ২১৪

    তেজগাঁও ২০৫

    ধানমন্ডি ১৯৬

  9. চীন বলছে যুক্তরাষ্ট্রের স্বভাবই ঝগড়াটে

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ খুলেছে যুক্তরাষ্ট্রের ব্যাপারে। চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন করাকে অবিবেচক সিদ্ধান্ত বলছে।

    সেখানে বলা হয়েছে এমন একটা সময়ে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ক্ষতি বয়ে নিয়ে আসবে।

    শুক্রবার ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়ন্ত্রণ করে চীন।”

  10. আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর কোভিড-১৯ পজিটিভ

    আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোর পাশিনিয়ানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    একটি ফেসবুক লাইভে এসে তিনি বলেন, তার কোভিড-১৯ ধরা পড়েছে কিন্তু কোনো উপসর্গ ছিল না। তবে তিনি যারা কাজ করছেন তাদের সাথে সাক্ষাতের আগে একটি টেস্ট করান তখনই তার করোনাভাইরাস ধরা পড়ে।

    গত সপ্তাহে আর্মেনিয়ায় সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখা যায়, শুক্রবারে ধরা পড়ে চারশো রোগী। ৩০ লাখ জনসংখ্যার দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯ হাজার মানুষ মারা গেছেন ১৩১ জন।

    আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোর পাশিনিয়ানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোর পাশিনিয়ানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
  11. উত্তর কোরিয়ায় জুন মাসেই খুলবে স্কুল

    উত্তর কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম বলছে দেশটি জুন মাসের শুরুর দিকেই স্কুল খোলার পরিকল্পনা করছে।

    যদিও প্রাথমিকভাবে এপ্রিলে খোলার পরিকল্পনা ছিল, কিন্তু বারবার দেশটিতে ছুটির মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে।

    দেশটির একটি রাষ্ট্রীয় রেডিও বলছে সংক্রমণ প্রতিরোধক নানা ব্যবস্থা নিয়ে উত্তর কোরিয়ায় নানা ধাপের স্কুল খোলা হবে।

    সব ক্লাসরুমে স্যানিটাইজার ও তাপমাত্রা মাপার যন্ত্র থাকবে।

    উত্তর কোরিয়ায় জুন মাসেই খুলবে স্কুল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, উত্তর কোরিয়ায় জুন মাসেই খুলবে স্কুল
  12. সচিবালয়ে ২৫ শতাংশের বেশি কর্মী থাকবে না

    ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।

    রোস্টার প্রক্রিয়ায় কাজ করবে কর্মকর্তা ও কর্মচারীরা।

    ঝুঁকিপূর্ণ এলাকার কর্মকর্তা কর্মচারীরা বাড়িতে থেকে কাজ করবে।

  13. ব্রেকিং, ৫০ হাজারের কাছাকাছি বাংলাদেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা

    ২৩৮১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

    ১১৪৩৯ জনকে নতুন করে পরীক্ষা করা হয়েছে।

    বাংলাদেশে মোট রোগীর সংখ্যা এখন সাড়ে উনপঞ্চাশ হাজারের বেশি মানুষ।

    প্রতি ১০০ জন পরীক্ষা করে ২০.৮১ শতাংশ রোগী পাওয়া গেছে।

    ৮১৬ জন নতুন করে সুস্থ হয়ে উঠেছেন এবং মোট সুস্থ হয়ে উঠেছেন ১০৫৯৭ জন। শনাক্তের বিপরীতে ২১.৩৯ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠছেন।

    নতুন করে মারা গেছেন ২২ জন। ৬৭২ জন মারা গেছেন এ পর্যন্ত।

    নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী তিনজন।

    ঢাকায় মারা গেছেন ১১ জন।

    হাসপাতালে মারা গেছেন ১৫ জন।

  14. ১০০ বছর বয়সী নারী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠলেন

    ইন্দোনেশিয়ার এক নারী করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন, তার বয়স ১০০ বছর।

    চলতি সপ্তাহে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

    ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ার এক হাসপাতালে ছিলেন তিনি।

    শহরের মেয়র মনে করছেন, এই নারীর সুস্থ হয়ে ওঠার গল্প অন্য বয়স্ক মানুষের মনের জোর বাড়াবে।

    ইন্দোনেশিয়ায় ২৬ হাজারের মতো রোগী শনাক্ত হয়েছে এবং ১৬০০ এর বেশি মানুষ মারা গেছেন।

    ১০০ বছর বয়সী নারী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠলেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ১০০ বছর বয়সী নারী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠলেন
  15. সাধারণ ফ্লু ও করোনাভাইরাসের মধ্যে কী কী পার্থক্য আছে?

  16. ৫০ হাজার শনাক্তের দিকে আগাচ্ছে বাংলাদেশ

    বাংলাদেশে এখন পর্যন্ত ৪৭ হাজার ১৫৩জন মানুষ আক্রান্ত আছেন।

    এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯৭৮১ জন।

    মারা গেছেন ৬৫০ জন।

    বাংলাদেশে এখন পর্যন্ত ৩০৮৯৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    ঢাকায় রোগী শনাক্ত হয়েছে ১৬২৬০ জন।

    চিটাগংয়ে ২২৮৮ জন শনাক্ত হয়েছেন।

    নারায়ণগঞ্জে ২০৫৭ জন শনাক্ত হয়েছেন।

    কুমিল্লায় শনাক্ত হয়েছেন ৭৭১ জন।

  17. মেক্সিকোতে মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই

    আজ থেকে মেক্সিকোতে শিল্প কারখানা চালু করার অনুমতি দেয়া হয়েছে।

    এর মধ্যে আছে বিয়ার তৈরির কারখানা, বাইক ও গাড়ির অংশ প্রস্তুতকারী কারখানা।

    যদিও এখনো সংক্রমণের হার কমেনি দেশটিতে।

    প্রায় ১০ হাজার মানুষ মারা গেছে মেক্সিকোতে। এমন সময়ে কারখানা ও দোকান খোলার সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা।

  18. কিছু কিছু দেশ থেকে জাপানে ভ্রমণ করা যাবে দ্রুতই

    থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকদের জন্য জাপান দ্রুতই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জাপান।

    এই চারটি দেশে সংক্রমণ অনেক কম এবং জাপানের সাথে ভালো ব্যবসায়িক সম্পর্কও আছে।

    তবে জাপান ইউরোপ আমেরিকা সহ মোট ১১১ টি দেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে।

  19. ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মারা গেছেন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ গতকাল রাত সোয়া ৮টার দিকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে মারা যান।

    তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।

    ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান ও তার পরিবারের সদস্যরা করোনাভাইরাস টেস্টে পজিটিভ এসেছেন।

    গোলাম রহমান সাবেক প্রধান তথ্য কমিশনার।

    তার ছেলের ফেসবুক স্ট্যাটাসে দেখা যায় তিনি সুস্থ আছেন এখন পর্যন্ত। কারোই এখনো কোনো ধরণের উপসর্গ দেখা যায়নি।

  20. পৃথিবীর সবচেয়ে দীর্ঘ লকডাউন ভাঙলো ম্যানিলা

    ফিলিপিন্সের ম্যানিলা ৭৬ দিনের লকডাউন আজ তুলে নিয়েছে। এটি উহানের চেয়েও বেশি সময় ধরে লকডাউন ছিল।

    এখন সাধারণ কোয়ারেন্টিন মেনে অফিস, দোকান, কারখানা ও গণপরিবহন চালু করবে।

    তবে জিম, সিনেমা হল, বার ও নাইট ক্লাব এখনো বন্ধ আছে।

    ফিলিপিন্সে ১৮ হাজারের বেশি মানুষ শনাক্ত এবং ৯৫৭ জন মারা গেছেন।

    পৃথিবীর সবচেয়ে দীর্ঘ লকডাউন ভাঙলো ম্যানিলা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ লকডাউন ভাঙলো ম্যানিলা