আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ঢাকার প্রবেশপথে পুলিশের চেকপোস্ট ব্যবস্থা জোরদার

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

পুলক গুপ্ত and রায়হান মাসুদ

  1. আফগানিস্তানে দুই প্রতিদ্বন্দ্বী নেতার ক্ষমতা ভাগাভাগি, আশরাফ গানিই প্রেসিডেন্ট থাকবেন, তালেবানের সাথে আলোচনায় নেতৃত্ব দেবেন আবদুল্লাহ

    আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ গানি এবং তার প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

    এর ফলে দেশটিতে কয়েকমাস ধরে চলতে থাকা রাজনৈতিক অনিশ্চয়তার অবসান হলো।

    এই চুক্তি অনুযায়ী আশরাফ গানিই প্রেসিডেন্ট থাকবেন – তবে দুজনেই সমান সংখ্যক মন্ত্রীপদ কারা পাবেন তা নির্বাচন করতে পারবেন।

    এর ফলে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ক্ষমতার যে ভারসাম্য ছিল তা অক্ষুণ্ণ থাকবে।

    তালেবানের সাথে যদি শান্তি আলোচনা কখনো শুরু হয় তবে তারও নেতৃত্ব দেবেন মি আবদুল্লাহ।

  2. পশ্চিম তীরে 'ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা'র কথা বলছেন নেতানিয়াহু, ফিলিস্তিনিরাএরকম কোন উদ্যোগকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন,পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর ওপর "ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার" সময় এসেছে।

    দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা ও এক বছরে তিনটি নির্বাচনের পর মি. নেতানিয়াহুর লিকুদ পার্টি – বেনি গানৎজের ব্লু এ্যান্ড হোয়াইট পার্টির সাথে ক্ষমতা ভাগাভাগির এক চুক্তি করেছে।

    এই ঐক্য সরকার একমত হয়েছে যে - ইসরায়েল ও ফিলিস্তিনি এলাকাগুলোর জন্য সাম্প্রতিক মার্কিন পরিকল্পনা কার্যকর করা হবে – যার ফলে পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের অঙ্গীভূত হয়ে যাবে।

    ফিলিস্তিনিরাএরকম কোন উদ্যোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

  3. করোনাভাইরাসের ওষুধ ও টিকার গবেষণায় 'ভালো অগ্রগতি হচ্ছে'‌, ব্রিটেনে করোনাভাইরাসে মৃত্যুর দৈনিক সংখ্যা কমেছে

    করোনাভাইরাস মোকাবিলার ৬টি ওষুধ এখন ক্লিনিক্যাল পরীক্ষার পর্যায়ে প্রবেশ করেছে. এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে টিকার পরীক্ষা চালাচ্ছেন, তাতেও ভালো অগ্রগতি হচ্ছে – রোববার একথা জানিয়েছেন ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী।

    টিকা তৈরির গবেষণা দ্রুততর করার জন্য আরো ৮ কোটি ৪০ লক্ষ পাউন্ড বরাদ্দের কথা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা।

    তবে অন্য অনেক গবেষকের কথার প্রতিধ্বনি করে মি. শর্মা এটাও বলেছেন, এমনও হতে পারে যে করোনাভাইরাসের টিকা হয়তো কখনোই আবিষ্কৃত হবে না।

    আজ ব্রিটেনের সরকারি ব্রিফিংএ জানানো হয়, যুক্তরাজ্যে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর দৈনিক সংখ্যা ছিল ১৭০ – যা লকডাউন কার্যকরের পর নিম্নতম।

    যুক্তরাজ্যে কোভিড-১৯ এ এ পর্যন্ত ৩৪,৬৩৬ জন মারা গেছেন যা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা।সবচেয়ে বেশি লোক মারা গিয়েছেন যুক্তরাষ্ট্রে।

  4. ভারতে লকডাউনের মেয়াদ ৩১শে মে পর্যন্ত বাড়ানো হলো, তৃতীয়বারের মতো বাড়লো করোনাভাইরাস ঠেকানোর লকডাউনের সময়সীমা

    ভারতে করোনাভাইরাস বিস্তার ঠেকানোর জন্য যে লকডাউন আরোপ করা হয়েছে তা ৩১শে মে পর্যন্ত বাড়ানো হচ্ছে।

    ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ লকডাউনের মেয়াদ বাড়াতে সরকারকে অনুরোধ করেছিল।

    এর পর কেন্দ্রীয় সরকার তৃতীয়বারের মতো লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতে মার্চের ২৫ তারিখ থেকে লকডাউন চলছে।

    তবে এ সময় কিছু অফিস, দোকানপাট সীমিতভাবে খোলা রাখা যাবে। তবে বিমান চলাচল. মেট্রো রেল, স্কুল-কলেজ, ধর্মীয় স্থান, হোটেল, এবং সামাজিক সমাবেশস্থল ইত্যাদি বন্ধ থাকবে।

    ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯০ হাজারের বেশি লোক, মৃত্যু হয়েছে কমপক্ষে ২,৮৭১ জনের

  5. বাংলাদেশের উপকুলের দিকে এগুচ্ছে ঘুর্ণিঝড় ‌আম্পান‌', এটি "অতি প্রবল" হয়ে ওঠার যথেষ্ট আশঙ্কা রয়েছে, বলছেন আবহাওয়াবিদরা

    বাংলাদেশের উপকূলের দিকে ‘আম্পান‘ নামে একটি প্রবল ঘুর্ণিঝড় এগিয়ে আসছে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন।

    এটি এখনো বাংলাদেশ থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    বাংলাদেশের উপকূলে এটি আঘাত হানার সম্ভাব্য সময় আরো দুদিন পর।

    এখন ঘূর্ণিঝড়টিকে 'প্রবল' হিসেবে বলা হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বিবিসিকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় আম্পান যখন আঘাত হানবে তখন তা "অতি প্রবল" হয়ে ওঠার যথেষ্ট আশঙ্কা রয়েছে।

    তবে বাংলাদেশের কোন কোন জেলার উপর দিয়ে এই ঘূর্ণিঝড়টি বয়ে যেতে পারে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছেনা বলে জানান মি. আহমেদ।

  6. নানা উপায়ে এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছেন বহু লোক, সরকারি বিধিনিষেধ থাকলেও অনেকেই তা উপেক্ষা করছেন

    বাংলাদেশেঈদুল ফিতরের আগের সময়টায় এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ওপর সরকারি বিধিনিষেধ থাকলেও অনেকেই তা উপেক্ষা করছেন বলে বিবিসি খবর পাচ্ছে।

    বাস-ট্রেন না চললেও, বিভিন্ন উপায়ে যানবাহন জোগাড় করে অনেক মানুষই ঢাকা থেকে অন্য জেলায় যাচ্ছেন। এরকম বেশ কয়েকজনের সাথে বিবিসি বাংলার সংবাদদাতার কথা হয়েছে।

    পুলিশ বলছে,তারা এর মধ্যে এরকম বেশ কিছু গাড়ি আটক করছে এবং অনেক মানুষকে ফেরত পাঠাচ্ছে, কিন্তু তবুও এ প্রবণতা পুরোপুরি বন্ধ করা যাচ্ছেনা।

    বাংলাদেশে চলমান সাধারণ ছুটি বাড়ানোর কথা জানিয়ে গত সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে ছুটির মধ্যে এক জেলা থেকে আরেক জেলায় চলাচলের বিষয়টিতে কড়াকড়ি আরোপ করা হবে, এবং “বাসায় থেকে ঈদ করার জন্য” জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছিল।

    কিন্তু এ নিষেধাজ্ঞা সত্বেও ঈদকে সামনে রেখে মানুষের ঘরমুখী যাত্রা কিন্তু থেমে নেই।

    এরকম প্রেক্ষিতে আজ ঢাকা মহানগরে প্রবেশ এবং বের হওয়ার পথগুলোর চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

  7. করোনাভাইরাস থেকে সেরে উঠলেন আরও ৪৬ পুলিশ সদস্য, রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হলেন তারা

    করোনা ভাইরাসের সাথে লড়াই করে জয়ী হলেন আরও ৪৬ পুলিশ সদস্য।

    কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়ে পুলিশ বাহিনীর এই সদস্যরা ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

    চিকিৎসার পর সুস্থ হয়ে রোববার বিকেলে হাসপাতাল ত্যাগ করেন ৪৬ জন।

    সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ৪৬ পুলিশ সদস্যের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। এর পর চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

    সুস্থ হওয়া পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে বিদায় জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

  8. ফেসমাস্ক পরা বাধ্যতামূলক করলো কাতার, কেউ আদেশ না মানলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ফেসমাস্ক পরা বাধ্যতামূলক করেছে কাতার।

    কর্তৃপক্ষ বলেছে, কেউ এ আদেশ অমান্য করলে তার তিন বছর পর্যন্ত জেল হতে পারে, তা ছাড়া কাউকে একাধিকবার মুখ-না-ঢাকা অবস্থায় পাওয়া গেলে তার ৫৫ হাজার মার্কিন ডলার সমমূল্যের জরিমানা হতে পারে।

    মাত্র ৩০ লাখ জনসংখ্যার এই ক্ষুদ্র কিন্তু ধনী দেশটিতে ৩০ হাজারেরও বেশি লোক করোনাভাইরাস পজিটিভ বলে চিহ্নিত হয়েছে।

    সংক্রমণের এই হার পৃথিবীর অন্যতম সর্বোচ্চ।

    কাতারে করোনাভাইরাস সংক্রমণের ফলে স্কুল, মসজিদ ও শপিং মলগুলো বন্ধ রয়েছে।

  9. দু‌'মাস পর স্পেনে কোভিডে মৃত্যুর সংখ্যা ১০০-র নিচে নামলো, রোববার দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল ৮৭

    স্পেনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা গত দুই মাসের মধ্যে এই প্রথম ১০০-র নিচে নেমে এসেছে।

    রোববার দেশটিতে ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল ৮৭, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

    করোনাভাইরাস মহামারি ইউরোপের যে দেশগুলোতে সবচাইতে মারাত্মক আকার নিয়েছিল – তার অন্যতম হচ্ছে স্পেন।

    স্পেনে এ পর্যন্ত কোভিড-১৯ সংক্রমিত হয়ে ২৭,৬৫০ জনের মৃত্যু হয়েছে , আক্রান্ত হয়েছে ২৩১,৩৬০ জন।

  10. ইসরায়েলে চীনা রাষ্ট্রদূতকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তদন্ত চলছে, তবে 'স্বাভাবিক মৃত্যু' বলেই ধারণা পুলিশের

    ইসরায়েলে চীনা রাষ্ট্রদূত দু ওয়েইকে তেল আবিবে তার নিজের এ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে।

    একজন ইসরায়েলি কর্মকর্তা বলছেন, পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে - তবে প্রাথমিক আলামত দেখে মনে হয় মি. ঘুমের মধ্যে মি. দু-র স্বাভাবিক মৃত্যু হয়েছে।

    মি. দু (৫৭) মাত্র তিন মাস আগে ইসরায়েলে রাষ্ট্রদূত নিযুক্ত হয়ে এসেছিলেন। এর আগে তিনি ইউক্রেনে রাষ্ট্রদূত ছিলেন।

    করোনাভাইরাস মহামারির মধ্যে রাষ্ট্রদূত হয়ে ইসরায়েলে আসার পর তাকে দু সপ্তাহ আইসোলেশনে থাকতে হয়েছিল।

  11. মাইকে আজান দেয়া ধর্মীয় রীতির অংশ নয়: ভারতের উত্তর প্রদেশের হাইকোর্টের রায়, আদালত বলছে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন খালি গলায় আজান দিতে পারেন

    ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শীর্ষ আদালত রায় দিয়েছে যে আজান ইসলাম ধর্ম পালনের অঙ্গ হলেও মাইকে আজান দেওয়া ধর্মীয় রীতির অংশ নয়।

    এর আগে উত্তর প্রদেশের সরকার যুক্তি দিয়েছিল যে মাইকে আজান দেওয়া হলে মসজিদে নামাজ পড়তে মানুষ ভীড় করতে পারেন এবং তাতে লকডাউনের বিধি ভঙ্গ করা হবে।বিশেষত দুটি জেলা - গাজিপুর আর ফারুখাবাদের স্থানীয় প্রশাসন এরকম বিধিনিষেধ আরোপ করছিল মৌখিকভাবে।

    তার বিরুদ্ধেই এলাহাবাদ হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন গাজিপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আফজল আনসারি।

    তিনি আর্জি জানান যে আজান বন্ধ করে ধর্মীয় রীতি পালনের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।

    আদালত সেই মামলার রায় দিয়ে বলেছে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন খালি গলায় আজান দিতে পারেন।

    নির্দেশে হাইকোর্ট এটাও বলেছে যে মসজিদে মুয়াজ্জিন যদি মাইক ব্যবহার না করে খালি গলায় আজান দেন এবং মসজিদে না এসে নামাজ পড়ার আহ্বান জানান, তাহলে কেন লকডাউন বিধি ভাঙ্গা হবে, তা আদালতকে বোঝাতে ব্যর্থ হয়েছে সরকারপক্ষ।

  12. ঢাকার প্রবেশপথগুলোয় পুলিশের চেকপোস্ট ব্যবস্থা জোরদার, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঢাকা শহরে ঢুকতে বা শহর থেকে বেরুতে পারবেননা: ডিএমপি

    ‘একান্ত জরুরি প্রয়োজন ছাড়া‌’ কেউ যেন ঢাকা শহরে ঢুকতে বা ঢাকা থেকে বের হতে না পারেন - সে জন্য মহানগরীর প্রবেশ পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ।

    করোনাভাইরাস মহামারি রোধ করতে রোববার (১৭ই মে) থেকেই এ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

    তবে জরুরী সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়:“যথোপযুক্ত কারণ ব্যতীত কোন ব্যক্তি যানবাহন চালনা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।“

  13. ব্রেকিং, বাংলাদেশে ২২ হাজার ছাড়িয়ে গেছে রোগী শনাক্তের সংখ্যা

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১২৭৩ জন কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন।

    বাংলাদেশে মোট কোভিড ১৯ রোগী শনাক্ত হয়েছে ২২২৬৮ জন।

    ২৪ ঘণ্টা ৪২ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে। নতুন করে যোগ হয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ।

    ৮১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

    বাংলাদেশে মোট পরীক্ষা করা হয়েছে ১৭৫৪০৮টি।

    ১৪ জন নতুন করে মারা গেছেন।

    যাদের মধ্যে ১৩জনই পুরুষ ও একজন নারী।

    হাসপাতালে মারা গেছেন ১৩জন ও বাসায় মারা গেছেন একজন।

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১০টি আইসিউ বেড বেড়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে।

    গত ২৪ ঘণ্টায় ২ লাখ ২৭ হাজার ৭৭৩ টি ফোন কল এসেছে স্বাস্থ্য অধিদফতরের কাছে।

    ৫৮লাখ ১২ হাজার৪৭৩টি ফোন কল গ্রহণ করা হয়েছে।

  14. সবচেয়ে কম টেস্ট করিয়ে ব্রাজিল শীর্ষ সংক্রমিত পাঁচ দেশে

    এখনো পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ, টেস্ট, মৃত্যুর সংখ্যার দিক থেকে আমেরিকার ধারে কাছেও নেই কোনো দেশ।

    কিন্তু ব্রাজিল মাত্র সাড়ে সাত লাখের মতো টেস্ট করিয়ে ২ লাখ ৩৩ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত করেছে।

    প্রতি ১০০ জনে প্রায় ৩২ জন রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশটিতে।

    ব্রাজিলের ওপরে আছে যুক্তরাজ্য, রাশিয়া, স্পেন।

  15. বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তদের ৫০ শতাংশের বয়স ২০ থেকে ৪০

    বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯এ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন প্রায় ২১ হাজার রোগী।

    যার মধ্যে ১১ হাজারের মতো রোগী ২০ থেকে ৪০ বছর বয়সী। ২০ বছরের নিচে আছে ১১ শতাংশ।

    ৪০ থেকে ষাট বছর বয়সের মধ্যে আছেন ৩১ শতাংশ রোগী। ষাট বছরের ওপরে আছে আট শতাংশ রোগী।

  16. বাংলাদেশের একটি কোভিড-১৯ পরীক্ষাকেন্দ্রের সামনের চিত্র

  17. উগান্ডার সর্বশেষ আপডেট

  18. ঢাকায় ২৫টি সংক্রমণ অঞ্চল, রাজারবাগকে ছাড়িয়ে যাত্রাবাড়ি

    বাংলাদেশের ঢাকা শহরে যে হারে সংক্রমণ বাড়ছে তা গোটা বাংলাদেশের সাথে তুলনা করলে অনেক বেশি। বাংলাদেশের অনেক বিভাগ মিলিয়েও ঢাকার সমান রোগী নেই।

    বাংলাদেশের ৫৭ শতাংশ রোগী ঢাকায়।

    এর মধ্যে ত্রিশটি এলাকায় সংক্রমণ বেশি:

    কাকরাইল ২৫৪

    যাত্রাবাড়ি ২২৭

    মহাখালি ২২৪

    রাজারবাগ ২০৬

    মোহাম্মদপুর ১৯৮

    মুগদা ১৮৯

    তেজগাঁও ১৪৪

    উত্তরা ১০৬

    মালিবাগ ১০১

    লালবাগ ১১৭

    বাবুবাজার ১১৫

    মগবাজার ৯৮

    ধানমন্ডি ৯৭

    বাড্ডা ৯৩

    বংশাল ৮৪

    খিলগাঁও ৮৪

    গেন্ডারিয়া ৭৫

    চকবাজার ৭০

    শাহবাগ ৭৩

    শ্যামলী ৬৫

    গুলশান ৬৩

    বাসাবো ৬১

    আগারগাঁও ৫৮

    বনানী ৫১

    মিরপুর ১৪- ৪৮

  19. চীনকে সরাসরি উদ্দেশ্য করে ট্রাম্পের ফেসবুক পোস্ট

  20. করোনাভাইরাস ইস্যুতে ট্রাম্পের কড়া সমালোচনা করছেন ওবামা

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারকরা যথাযথ দায়িত্ব পালন করছেন না।

    এনিয়ে দ্বিতীয়বার ওবামা ট্রাম্প প্রশাসনের সমালোচনা করলেন।

    এর আগে এটাকে ভয়াবহ বিপর্যয় বলেছেন তিনি।

    শনিবার একটি কলেজের স্নাতক শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে একটি বক্তব্যে ওবামা কথা প্রসঙ্গে কোভিড-১৯ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার ব্যর্থতার কথা বলেন।

    গেল ২৪ ঘন্টায় ১২০০ এর বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে।

    নব্বই হাজারের দিকে আগাচ্ছে দেশটির মৃতের সংখ্যা।