আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইউরোপে করোনাভাইরাসে মৃত্যুর তালিকায় শীর্ষে ব্রিটেন

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

মাসুদ হাসান খান

  1. শেষ হচ্ছে আজকের লাইভ পেজ

    আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

    করোনাভাইরাস নিয়ে নানা ধরনের খবর, বিশ্লেষণ, ভিডিও ইত্যাদি রয়েছে বিবিসি বাংলার ওয়েবসাইটে। এটা দেখতে এখানে ক্লিক করুন।

    এছাড়া বিবিসি বাংলার ফেসবুক পাতাতেও রয়েছে করোনাভাইরাস সম্পর্কিত নানা রকম পোস্ট। ফেসবুকের লিংক এখানে।

  2. বেজি, নেউল নাকি কচ্ছপ? হদিশ নেই কে প্রথম ছড়ালো করোনাভাইরাস

    এ যাবত বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ থেকে জানা যাচ্ছে বুনো বাদুড় থেকে মানুষের শরীরে এই ভাইরাস গেছে আরেকটি কোন প্রাণীর মাধ্যেমে, যেটি ছিল ওই ভাইরাসের "অন্তর্বর্তীকালীন বাসা"।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গবেষণা থেকে আমরা জেনেছি এই ভাইরাসের "প্রাকৃতিক উৎস" কী ছিল, কিন্তু কিছু বিজ্ঞানী বলছেন প্রথম ব্যক্তি ঠিক কীভাবে সংক্রমিত হয়েছিলেন তা হয়ত কখনই জানা যাবে না।

  3. ব্রেকিং, ইউরোপে করোনাভাইরাসে মৃত্যুর তালিকায় শীর্ষে ব্রিটেন

    এতদিন ইউরোপে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে যেসব দেশে তার শীর্ষে ছিল ইতালি।

    কিন্তু সেই অবস্থান এখন বদলে গেছে।

    এখন তালিকের শীর্ষস্থানটি দখল করেছে ব্রিটেন।

    ইতালিতে এপর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৯,৩১৫।

    কিন্তু ব্রিটেনে এখন এই সংখ্যা ২৯,৪২৭।

    অবশ্য ইউরোপের বাইরে বিশ্বে সবচেয়ে বেশি লোক করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

  4. কেন লকডাউন শিথিল করলো সরকার?

    বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির মুখে লকডাউন শিথিল করে গার্মেন্টস কারখানা চালু করার পর শপিংমল পর্যন্ত যে খোলা হচ্ছে, এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

    সংক্রমণের ঝুঁকি বিশ্লেষণ করে নাকি অর্থনৈতিক চাপের কারণে সরকার এমন পদক্ষেপ নিচ্ছে-বিশেষজ্ঞদের অনেকে এই প্রশ্ন তুলেছেন।

    স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন, গার্মেন্টস চালু করা এবং মার্কেট খোলার কারণে সংক্রমণ বাড়তে পারে।

  5. রহস্যময় শিশুরোগের সাথে করোনাভাইরাসের যোগাযোগ নিয়ে সন্দেহ

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের হাসপাতালগুলিতে অন্তত ১৫টি শিশু ভর্তি হয়েছে যাদের উপসর্গের সাথে করোনাভাইরাসের যোগাযোগ রয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা সন্দেহ করছেন।

    শহরের স্বাস্থ্য বিভাগের পাঠানো এক সতর্কবার্তায় জানানো হয়, শিশুগুলোকে গত ১৭ই এপ্রিল থেকে ১লা মে’র মধ্যে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

    এরপর বেশি কিছু শিশুর দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়।

    শিশুদের দেহে যেসব উপসর্গ দেখা গেছে তার সঙ্গে ‘টক্সিক শক্‌ সিন্ড্রোম’ বা ‘কাওয়াসাকি ডিজিজ’-এর মিল রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

    কাওয়াসাকি ডিজিজ-এ আক্রান্ত শিশুদের দেহে উচ্চ তাপমাত্রা ও র‍্যাশ দেখা যায়।

    তাদের হাত-পা ফুলে যায় এবং আঙুল লাল হয়ে যায়। কারো কারো চোখ ওঠার মতো উপসর্গও লক্ষ্য করা যায়।

    ব্রিটেন, ইতালি এবং স্পেনের ডাক্তাররাও কাওয়াসাকি ডিজিজ-এর সাথে করোনাভাইরাসের যোগাযোগ থাকার কথা বলেছেন।

  6. করোনাভাইরাসে তছনছ ব্রিটেনের ক্রীড়াজগত

    ব্রিটেনে বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রধান নির্বাহীরা আজ সংসদীয় এক কমিটির সামনে এক সাক্ষ্যে বলেছেন যে করোনাভাইরাস মহামারিতে তারা বিপুল পরিমাণ লোকসানের শিকার হয়েছেন।

    ইংলিশ ফুটবল লীগের চেয়ারম্যান রিক প্যারি জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে ক্লাবগুলো ২০ কোটি পাউন্ডের লোকসানের শিকার হবে।

    ইংলিশ এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান টম হ্যারিসন বলছেন, তাদের ক্ষতি হবে ৩৮ কোটি পাউন্ড।

    স্পোর্ট ইংল্যান্ডের প্রধান নির্বাহী টিম হলিংসোয়ার্থ বলছেন, কোভিড-১৯ প্রকোপের শিকার ছোট ছোট ক্লাবগুলির জন্য তার কাছে যে তহবিল রয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

  7. মধ্যপ্রাচ্যে ভাইরাস ছড়িয়েছে ইরান?

    ইরানের মাহান এয়ার নামে একটি এয়ারলাইনের ফ্লাইটের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে বিবিসির এক তদন্তে জানা গেছে।

    ওই ফ্লাইটের সাথে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীরও সম্পর্ক আছে বলে তদন্তে জানা গেছে।

  8. ভারতে একদিনে দুশোর মতো মৃত্যু – রহস্যটা কী?

    ভারতে কোভিড মহামারি শুরু হওয়ার পর গত চব্বিশ ঘন্টায় একলাফে প্রায় নতুন চার হাজার করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন – এবং মারাও গেছেন প্রায় দুশোর কাছাকাছি।

    নতুন আক্রান্তের সংখ্যা আর মৃত্যুর হিসেব – দুদিক থেকেই যে কোনও একদিনে ভারতে এটি নতুন রেকর্ড, আর সেই রেকর্ড গত পাঁচ-ছদিন ধরে ক্রমাগতই ভাঙছে।

  9. , ব্রিটেনে বিমান শিল্পে বড় ধাক্কা

    ব্রিটিশ এয়ার ওয়েজে সম্প্রতি লোক ছাঁটাই হয়েছে ২৮%। আর আজ আরেকটি এয়ারলাইন্স ভার্জিন অ্যাটলান্টিক ৩০% অর্থাৎ তিন হাজারেরও বেশি কর্মচারী ছাঁটাই করার ঘোষণা করেছে।

    করোনাভাইরাসের তাণ্ডবে ব্রিটেনের বিমান পরিবাহন শিল্প যে মুখ থুবড়ে পড়ছে এ তারই প্রমাণ।

    ভার্জিন লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে তাদের কার্যক্রমও বন্ধ করে দিয়েছে।

    বিবিসির পরিবহন বিষয়ক সংবাদদাতা টম বারিজ জানাচ্ছেন, তবে এই বিমানবন্দরটিকে যেসব এয়ারলাইন্স ব্যবহার করে তাদের আকারের দিক থেকে ভার্জিনের অবস্থান নবম।

    তিনি লিখেছেন, কিন্তু এখনকার বাস্তবতা হলো লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পরও কম সংখ্যক যাত্রী বিমান ভ্রমণ করবেন, ফ্লাইটের সংখ্যা কমবে এবং টিকেটের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ফলে এই খাতে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক বছর লেগে যাবে বলে তিনি মনে করছেন।

  10. ভারতে মহামারির মুখে বাড়িমুখী শ্রমিকের ঢল

  11. করোনাভাইরাস ইউরোপে এসেছিল অনেক আগেই?

    জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও সতর্ক করছে, বিশ্বের আরও অনেক দেশে করোনাভাইরাস অনেক আগেই হানা দিয়েছে খোঁজ করলে এমন প্রমাণ পাওয়া যাবে।

    ফ্রান্সের একজন ডাক্তার জানিয়েছেন, গত ২৭শে ডিসেম্বর তিনি একজন রোগী দেখেছেন যার করোনাভাইরাসের উপসর্গ ছিল।

    পরে ঐ রোগীর দেহে এই ভাইরাস শনাক্ত হয়।

    এর মানে হলো, আগে যেমনটা মনে করা হয়েছিল তার অন্তত একমাস আগেই ইউরোপে কোভিড-১৯ ছড়িয়ে গিয়েছিল।

    জেনেভায় ডাব্লিউএইচও’র মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমায়ার বলেন, এই খবর তিনি মোটেও অবাক হচ্ছে না।

    এই মহামারির পরিষ্কার চিত্রটি বোঝার জন্য তিনি দেশগুলিকে ২০১৯ সালের শেষ দিকের মেডিকেল তথ্য নতুন করে বিশ্লেষণ করে দেখার আহ্বান জানান।

  12. বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে সবকিছু বন্ধ করে দেয়া বা 'লকডাউন'-এর মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

    কিন্তু দেশের একজন শীর্ষস্থানীয় ভাইরোলজিস্ট প্রফেসর নজরুল ইসলাম বিবিসিকে বলেছেন, সংক্রমণের যে প্যাটার্ন বা গ্রাফ দেখা যাচ্ছে তাতে 'হার্ড ইমিউনিটি' না আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

    প্রফেসর ইসলাম মনে করেন, বাংলাদেশে কার্যকর একটি কঠোর লকডাউন আরোপ করা সম্ভব নয়।

  13. দোকান ও মার্কেট খুললে সংক্রমণ বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

    বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সতর্ক করে দিয়ে বলেছেন যে দোকানপাট ও মার্কেট খুলে দেয়া হলে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়বে

    মঙ্গলবার বিকেলে সচিবালয়ে করোনাভাইরাস সংক্রান্ত টেকনিক্যাল কমিটির একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, "যেহেতু কি-না স্বাভাবিকভাবেই এখন মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকান-পাটের আনাগোনা বাড়ছে, কাজেই সংক্রমণ যে বৃদ্ধি পাবে এটা আমরা ধরেই নিতে পারি।"

  14. করোনাভাইরাস: এক নজরে ইউরোপের চিত্র

    * স্পেনে কয়েক সপ্তাহ ধরে কঠোর লকডাউন চলার পর সরকার ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করছে। তবে সরকার চাইছে সে দেশে বলবত জরুরি অবস্থার মেয়াদ আরো দু’সপ্তাহ বাড়াতে। কিন্তু এতে রাজি নয় বিরোধীদলগুলো।

    * ফ্রান্সে সরকারিভাবে প্রথম করোনাভাইরাস ধরা পড়েছিল ২৪শে জানুয়ারি। কিন্তু প্যারিসের একজন ডাক্তার এখন বলছেন, তার একজন রোগীর মধ্যে গত ডিসেম্বর মাসেই করোনাভাইরাসের লক্ষণ দেখা গিয়েছিল। ঐ রোগী আমিরোশ হামারকে নিউমোনিয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মনে করা হয় করোনাভাইরাস ঐ সময়টায় শুধু চীনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

    * ফিনল্যান্ডে ১লা জুন থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হচ্ছে। ঐ সময়ে আবার চালু হবে ক্যাফে এবং রেস্তোরাঁ। ১৪ই মে থেকে ফিনল্যান্ডের সীমান্তও আংশিকভাবে খুলে দেয়া হবে।

    * জার্মানিতে এক গবেষণায় দেখা যাচ্ছে, সে দেশে ১৮ লক্ষ লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। ইউনিভার্সিটি অফ বন্‌ এই গবেষণাটি চালায়।

  15. করোনাভাইরাস: বাংলাদেশে বাড়লো ব্যাংকের লেনদেনের সময়

    বাংলাদেশে রমজান এবং ঈদকে সামনে রেখে ১০ই মে থেকে ব্যাংকে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক এনিয়ে আজ একটি প্রজ্ঞাপন জারি করেছে।

    এতে বলা হয়েছে, আগামী ১০ই মে রোববার থেকে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে।

    তবে আনুষঙ্গিক অন্যান্য কাজের জন্য বিকেল ৩.৩০ পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে বলে এতে বলা হয়েছে।

  16. যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ‘দিনে ৩০০০ পর্যন্ত হতে পারে’

    মার্কিন যুক্তরাষ্ট্রে জুন মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন ৩০০০ করে মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ট্রাম্প সরকারের এক গোপন প্রতিবেদনকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস পত্রিকা এই খবর দিয়েছে।

    যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন গড় মৃত্যুর সংখ্যা ১,৭৫০।

    ঐ প্রতিবেদন অনুযায়ী, এই সংখ্যা জুন মাসে প্রায় ৭০% বেড়ে যাবে।

    মার্কিন সরকারের ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির হিসেব অনুযায়ী, চলতি মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে প্রতিদিন দুই লক্ষ লোক করোনাভাইরাসে আক্রান্ত হবে।

    এমুহূর্তে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজার।

    করোনাভাইরাসের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ৬৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত হয়েছেন ১১ লক্ষ ৮০ হাজার ৩৩২ জন।

  17. ব্রেকিং, বাংলাদেশে টানা ৮দিন পাঁচশোর ওপর রোগী শনাক্ত

    গত চব্বিশ ঘণ্টায় ৭৮৬ জনের নতুন করে শনাক্ত হয়েছে।

    বাংলাদেশে এখন পর্যন্ত ১০৯২৯জন মানুষের করোনাভাইরাস ধরা পড়েছে।

    বাংলাদেশে নতুন করে মারা গেছেন ১ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ১৮৩ জন।

    ১৯৩জন নতুন করে সুস্থ হয়েছেন, মোট সুস্থ হয়েছেন ১৪০৩ জন।

  18. মাস্ক পরতে বলায় গার্ডকে গুলি করে হত্যা

    যুক্তরাষ্ট্রে এক নারী, তার স্বামী ও সন্তানের ওপর অভিযোগ, তারা একটি দোকানের নিরাপত্তা কর্মীকে গুলি করে মেরে ফেলেছে।

    সেই নিরাপত্তা কর্মী এই পরিবারের মেয়েকে মাস্ক ছাড়া একটি দোকানে ঢুকতে দেয়নি।

    একজনকে গ্র্রেফতার করা হয়েছে।

    তবে মেয়েকে অভিযুক্ত করা হয়নি।

    প্রথমে ওই দম্পতির মেয়ে দোকানে প্রবেশ করতে চাইলে গার্ড তাকে মাস্ক পরে আসতে বলে। এরপর তাকে পেছন দিয়ে গুলি করা হয়।

    ঘটনাটি ঘটেছে মিশিগানে। এই রাজ্যে করোনাভাইরাস বড় পরিসরে আঘাত হেনেছে।

  19. তিন হাজার কোটি ডলার ধার করছে যুক্তরাষ্ট্র

    এর আগে ২০০৮ সালে অর্থনৈতিক মন্দায় ধার করেছিলো দেশটি। কিন্তু এবার তার চেয়ে পাঁচগুণ বেশি অর্থ ধার করছে।

    এই অর্থ ব্যয় করা হবে স্বাস্থ্য খাত ও সরাসরি কিছু খাতে।

    যুক্তরাষ্ট্র সরকার প্রায় ২৫ হাজার কোটি টাকা ঋণে আছে।