আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

এশিয়ার দেশে দেশে বাড়লো লকডাউনের মেয়াদ

করোনাভাইরাস বিশ্ব মহামারি নিয়ে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ আয়োজন।

সরাসরি কভারেজ

মাসুদ হাসান খান

  1. শেষ হলো আজকের লাইভ পেজ।

    সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

    করোনাভাইরাস নিয়ে আরো খবর আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে।

    এছাড়া আমাদের ফেসবুক পাতা এবং ইউটিউবেও রয়েছে অনেক খবর এবং ভিডিও।

    দেখবেন আশা করি।

  2. করোনাভাইরাস: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ

    বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের ১৫ শতাংশই চিকিৎসক এবং নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী।

    বাংলাদেশ চিকিৎসক ফাউন্ডেশন নামের এই সংগঠনটি বলেছে, এই হারে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হলে করোনাভাইরাসের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে।

    চিকিৎসকরা তাদের সুরক্ষা ব্যবস্থা এবং আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে তাদের উদ্বেগ তুলে ধরছেন।

  3. জীবন রক্ষাকারী মাস্ক যখন ফ্যাশনের অনুষঙ্গ

    তিন সপ্তাহ আগে জার্মানিতে যখন লকডাউন ঘোষণা করা হয় তখন সবার সাথে বন্ধ হয়ে যায় দামী টাই, স্কার্ফ ও সাসপেন্ডার নির্মাতা প্রতিষ্ঠান অরবাখ-এর কার্যক্রম।

    কিন্তু টাই বানানো বন্ধ রেখে তারা শুরু করে করোনাভাইরাস মহামারিতে ব্যবহারের জন্য ফ্যাশনদুরস্ত মাস্ক তৈরি।

    “আর সেটাই আমাদের ব্যবসাকে রক্ষা করেছে”, বলছেন অরবাখের ব্যবস্থাপনা পরিচালক গান-হেনরিক শেপার-স্টুকে।

    তিনি জানান, এখন প্রতিদিন তারা ৭০০ মাস্ক তৈরি করছেন। অর্ডার আসছে বিশ্বের নানা দেশ থেকে।

    অরবাখ কটন এবং সিল্কের তৈরি নানা ধরনের মাস্ক তৈরি করে।

    কালো, ধুসর আর ক্যামোফ্লাজ ডিজাইনের অর্ডারই বেশি।

    কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে একটি টার্টান ডিজাইন যার নাম ম্যাকেঞ্জি।

  4. করোনাভাইরাস: বাংলাদেশে নমুনা পরীক্ষার হার কম কেন?

    বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হবার ৪২ দিন পর দেখা যাচ্ছে, দেশে আক্রান্ত মানুষের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও, এখন পর্যন্ত মাত্র ৩০ হাজারের মত নমুনা পরীক্ষা করা হয়েছে।

    জ্বর, সর্দি-কাশিসহ নানা উপসর্গ নিয়ে সরকারের টেলিফোন হটলাইন নম্বরে এ পর্যন্ত ২৯ লাখের বেশি কল এসেছে।

    এর বাইরে মোবাইল ও ইন্টারনেটে ১৩ লাখ ১১ হাজার মানুষ যোগাযোগ করেছেন।

    কিন্তু তা সত্ত্বেও নমুনা পরীক্ষার হার অত্যন্ত কম। কেন?

  5. করোনাভাইরাস মহামারি: তবুও বয়ে যায় জীবনের স্রোত

    এই বাহনটি সচরাচর মধ্য ঢাকার রাস্তায় দেখা যায় না।

    কিন্তু জীবনের প্রয়োজনে এর চালক বেবিকে পথে নামতে হয়।

    কারণ মহামারির কাছে পরাজিত হতে চায় না জীবন।

    (ছবিটি সোমবার তোলা হয়েছে।)

  6. এশিয়ার নানা দেশে বাড়লো লকডাউনের মেয়াদ

    সিঙ্গাপুর আংশিক লকডাউন ১লা জুন পর্যন্ত বাড়িয়েছে। সরকার এতে ‘সার্কিট ব্রেকার’ বলছে।

    এই পদক্ষেপে স্কুল কলেজ বন্ধ থাকবে এবং প্রায় সবাইকে বাড়ি থেকে কাজ করতে হবে। সামাজিক মেলামেশাও বন্ধ।

    হংকং সামাজিক দূরত্ব বজায় রাখার মেয়াদ ৭ই মে পর্যন্ত বাড়িয়েছে।

    সেখানে মঙ্গলবার নতুন করে চার জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে।

    হংকং-এর প্রধান নির্বাহি ক্যারি ল্যাম বলছেন, “আত্মতুষ্টির সময় এটা নয়। এখন রাশ ঢিলে করা হরে এতদিন যেসব ভাল কাজ করা হয়েছে তার সবই জলে যাবে।"

    দক্ষিণ কোরিয়ার ফুটবল ক্লাবগুলিকে আজ থেকে ঘরের মধ্যে অনুশীলন করার অনুমতি দেয়া হয়েছে।

    এই মহামারির জন্য কে-লিগ ইতোমধ্যেই দু’মাস পিছিয়ে গেছে।

    চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, হারবিন প্রদেশের হাসপাতালে সংক্রমণের খবর পাওয়ার পর দুটি এলাকায় ৪,১০৬ জনকে পরীক্ষা করে দেখা হয়েছে। হারবিন রুশ সীমান্তের কাছে।

  7. ভারতে লকডাউনে তিনদিন ধরে হেঁটে বাড়ির কাছে এসে মারা গেল বালিকা

    ভারতে লকডাউনের মধ্যে তিনদিন ধরে পায়ে হেঁটে চলার পর ছত্তিশগড় রাজ্যের বিজাপুরে ১২ বছর বয়সী একটি মেয়ে মারা গেছে।

    দরিদ্র পরিবারের ওই মেয়েটি পাশের রাজ্য তেলেঙ্গানার একটি মরিচ ক্ষেতে কাজ করত।

    কিন্তু লকডাউন শুরুর পর আর কাজকর্ম না থাকায় সে ১৫০ কিলোমিটার দূরে নিজের গ্রামের দিকে হাঁটতে শুরু করেছিল।

  8. লকডাউন পেরিয়ে ঢাকা ছাড়লেন ব্রিটিশ বাংলাদেশিরা

    আটকে পড়া ব্রিটিশ-বাংলাদেশীদের নিয়ে একটি বিশেষ বিমান ঢাকা ছাড়ার জন্য তৈরি।

    সেই ফ্লাইটে উঠতে ঢাকার শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ লাইন।

    এদের অনেকেই দেশে এসে করোনাভাইরাস লকডাউনে আটকা পড়েছিলেন।

  9. চেন্নাইয়ের পরে এবার দিল্লি থেকেও ঢাকায় ফেরার বিমান

    ভারতে বাংলাদেশ হাইকমিশন বলছে, দিল্লি এবং আশপাশের এলাকায় আটকে পড়া বাংলাদেশিদের ঢাকায় ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

    কলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী এখবর জানিয়েছেন।

    আগামী ২৪শে এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

    বিমানে যারা ঢাকায় ফিরতে ইচ্ছুক, তাদের টিকিট অবশ্য নিজেদের অর্থেই যোগাড় করতে হবে। এছাড়াও তিনি যে 'কোভিড-১৯ মুক্ত' এই সার্টিফিকেটও দিল্লির স্থানীয় হাসপাতাল থেকে যোগাড় করতে হবে।

    দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুমতি লাগবে - তার জন্য আগে থেকেই হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে।

  10. কবে পাওয়া যাবে করোনাভাইরাসের টিকা?

    বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা জেমস গ্যালাহার জানাচ্ছেন, বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন ২০২১ সালের মধ্যভাগের আগে এই টিকা তৈরি হবে না।

    অর্থাৎ করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এই টিকা তৈরি হতে সময় লাগবে ১২ থেকে ১৮ মাস।

    এই টিকা তৈরিতে সারা বিশ্বে এপর্যন্ত গবেষকদের ৮০টি দল কাজ করছেন।

    কোন কোন দল এই টিকা এরই মধ্যে পরীক্ষায় ব্যবহার করতেও শুরু করেছে।

    জেমস গ্যালাহার বলছেন, টিকা তৈরির গবেষণায় সাধারণত কয়েক বছর, এমনকি কয়েক দশকও সময় লেগে যেতে পারে।

    কিন্তু করোনাভাইরাসের টিকা তৈরির কাজ চলছে দ্রুত গতিতে।

    টিকাটি নিরাপদ কিনা, মানব দেহে ব্যবহারের আগে সেটি নিশ্চিত হতে হবে, বলছেন তিনি, কিন্তু তার পরও প্রশ্ন থেকে যাবে এটি ঠিক কতখানি কার্যকর হবে।

  11. মালয়েশিয়ায় খাদ্য সঙ্কটে বাংলাদেশি শ্রমিকরা

    মালয়েশিয়ায় করোনাভাইরাস মোকাবেলায় জারি করা লকডাউনের ফলে প্রায় ৬০,০০০ বাংলাদেশি শ্রমিক খাদ্য সংকটে ভুগছেন।

    কুয়ালালামপুর থেকে একজন মানবাধিকার কর্মী জানিয়েছেন, লকডাউনের পর বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশি শ্রমিকরা খাদ্য সঙ্কটের কথা জানিয়েছেন।

  12. করোনাভাইরাস মহামারিতে তেলের বাজারের বিষ্ময়কর পতন

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ভরাডুবি ঘটছে।

    সোমবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, যাকে যুক্তরাষ্ট্রে তেলের বাজারের মূল্যমান বলে বিবেচনা করা হয়, সেখানে তেলের দাম নেতিবাচক সংখ্যা ছুঁয়েছে।

    আর আজকে ইউরোপ এবং অন্যান্য দেশের জন্য তেলের বাজারের মূল্যমান ব্রেন্ট ক্রুডের দাম গত ১৮ বছরের মধ্যে এই প্রথম ২০ ডলারের নীচে নেমে গেছে।

    করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজার যে কতখানি টালমাটাল হয়ে পড়েছে, এ থেকে তাই বোঝা যাচ্ছে।

    তেলের দাম কমার পেছনে কারণ হলো বিশ্বব্যাপী লকডাউন চলছে।

    কোন যানবাহন চলছে না। কলকারখানাও বন্ধ রয়েছে। ফলে চাহিদাও কমেছে। চাহিদার বিপরীতে সরবরাহ অনেক বেশি।

    তেলের বাজারের ওপর একজন বিশেষজ্ঞ বিবিসিকে বলেছেন, তেলের দাম কিছুদিন কম থাকবে, এটা ধরেই নেয়া হয়েছিল।

    কিন্তু সেটা যে নেতিবাচক হয়ে যাবে, এটা বেশ অবাক করার মতো বলে তিনি মন্তব্য করেন।

  13. নতুন হটস্পট গাজীপুর, জেলা প্রশাসন কী ব্যাখ্যা দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?

  14. করোনাভাইরাস: মহামারি-পরবর্তী বিশ্বে কোন কিছুই কি আগের মতো থাকবে?

    করোনাভাইরাস-পরবর্তী বিশ্ব সম্পর্কে বিশেষজ্ঞ এবং ফিউচারোলজিস্টরা একমত যে পৃথিবী আর আগের মতো নেই। গত কয়েক মাসে যা ঘটেছে, তার প্রভাব হবে সুদূরপ্রসারী।

    এই মহামারির পর পাল্টে যাবে আমাদের কাজ-প্রাত্যহিক জীবন-ভ্রমন-বিনোদন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য-অর্থনীতি-রাষ্ট্র-সমাজ সবকিছু।

  15. মিয়ানমারে গুলিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্মী নিহত

    মিয়ানমারের রাখাইন রাজ্যে গুলিবর্ষণের এক ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা – ডাব্লিউএইচও'র একজন কর্মী নিহত হয়েছে।

    নিহত ব্যক্তি ডাব্লিউএইচও'র একজন গাড়িচালক ছিলেন।

    বিবিসি সংবাদদাতা জনাথান হেড জানাচ্ছেন, জাতিসংঘের নামাঙ্কিত গাড়িটিতে করোনাভাইরাস পরীক্ষার নমুনা বহন করা হচ্ছিল।

    সোমবার রাখাইন থেকে ইয়াংগনে ফেরত আসার পথে গাড়িটির ওপর হামলা চালানো হয়।

    যেখানে এই হামলাটি হয় সেখানে এর আগে বিদ্রোহী আরাকান আর্মির সাথে মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েক দফা লড়াই হয়েছে।

    আরাকান আর্মি রাখাইন প্রদেশে স্বায়ত্তশাসনের জন্য সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে।

  16. বাংলাদেশে মোট ৪২ লাখ বার যোগাযোগের পর ৩০ হাজারের কম পরীক্ষা হয়েছে

    বাংলাদেশের হটলাইন নম্বরগুলো এখন পর্যন্ত মোট টেলিফোন করা হয়েছে ২৯ লাখ ১৩ হাজারের বেশি।

    মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করেছেন আরো ১৩ লাখ ১১ হাজারের বেশি মানুষ।

    তাদের মধ্যে পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার মানুষকে।

    বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রতিদিনই সংবাদ সম্মেলনে বেশি বেশি পরীক্ষা করানোর আহ্বান জানান।

  17. ব্রেকিং, বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষ

  18. বাংলাদেশে পরীক্ষা করা হয়েছে ২৯৫৭৮ জনের

    বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩৩৮২ জন।

  19. ব্রেকিং, তিন হাজার ছাড়ালো বাংলাদেশে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা

    বাংলাদেশে আজও করোনাভাইরাস রোগী শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে চারশো জন। গত ২৪ ঘণ্টায় মোট ৪৩৪ জন শনাক্ত হয়েছেন।

    নতুন করে পরীক্ষা করা হয়েছে ২৯৭৪ জনের নমুনা।

    সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩৩৮২।

    গত ২৪ ঘন্টায় আরো নয় জন মারা গেছেন বাংলাদেশে।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন মৃতের সরকারি সংখ্যা ১১০ জন।

    সর্বশেষ যারা মারা গেছেন তাদের মধ্যে পাঁচজন পুরুষ, মহিলা চারজন।

    সর্বশেষ যারা মারা গেছেন তাদের মধ্যে ষাটোর্ধ্ব তিনজন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ৩, চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্য আছেন ৩ জন।

    এ পর্যন্ত ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

  20. ভারতে চিকিৎসকের লাশ দাফনে লাঠি ও রড দিয়ে বাঁধা

    ভারতে একজন বিখ্যাত চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান। তার নাম ড. সিমন হারকিউলিস।

    রবিবার রাতে চেন্নাইয়ে তার মরদেহ দাফন করতে নিয়ে যাওয়ার পর একদল লোক লাঠি ও রড নিয়ে আক্রমণ করে।

    পুলিশ বলছে, এলাকাবাসী ভেবেছে তার দেহ এখানে দাফন করলে রোগ ছড়াবে।

    এই ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ।

    এরপর সোমবার সকালে চিকিৎসকের একজন কাছের বন্ধু নীরবে তাকে দাফন করে।