আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইতালির কাছ থেকে 'ইউরোফাইটার টাইফুন' যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

ইতালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান 'ইউরোফাইটার টাইফুন' কিনতে যাচ্ছে বাংলাদেশ। তফসিল ঘোষণার পর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সব ধরনের 'বেআইনি' সভা-সমাবেশ ও আন্দোলন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার। রাজনৈতিক সরকারের মতো অন্তর্বর্তী সরকারও প্রতিটি আইন তৈরির ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছে টিআইবি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা ঘটেছে:

    • তফসিল ঘোষণার পর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সব ধরনের 'বেআইনি' সভা-সমাবেশ ও আন্দোলন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আহ্বান অগ্রাহ্য করে ওই ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে 'কঠোরভাবে' সেটি নিয়ন্ত্রণ করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।
    • বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ আশপাশের এলাকায় সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
    • ইতালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান 'ইউরোফাইটার টাইফুন' কিনতে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে প্রাথমিক একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
    • জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা 'ইউনেস্কো'র ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি পেয়েছে 'টাঙ্গাইল শাড়ির বুনন শিল্প' ।
    • অনলাইনে 'অপপ্রচার ও সাইবার বুলিংয়ের' অভিযোগ তুলে ডাকসু'র ভিপি সাদিক কায়েম সম্প্রতি বিভিন্ন ব্যক্তি এবং ব্যঙ্গাত্মক পেজের বিরুদ্ধে যে মামলা করেছেন, সেটির মাধ্যমে 'স্বাধীন মত প্রকাশের ওপর আক্রমণ' চালানো হয়েছে বলে মনে করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা 'আর্টিকেল নাইনটিন'। মামলার এমন ঘটনায় 'তীব্র নিন্দা' জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
    • গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও ১২ জন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আগামী ১৪ই ডিসেম্বর আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • বর্তমান বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া তাদের ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য ফেসবুক, এক্স, টিকটক, ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন করেছে। মঙ্গলবার থেকে আইনটি কার্যকর হয়েছে।
    • রাজনৈতিক সরকারের মতো অন্তর্বর্তী সরকারও প্রতিটি আইন তৈরির ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। দেশে "সংস্কারকাজের পথে আমলাতন্ত্র বড় বাধা" বলেও মন্তব্য করেন তিনি।
    • আসন্ন ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
    • চলতি বছর বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা চারশ' ছাড়িয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও মশাবাহিত এই জ্বরে তিনজনের প্রাণ গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
    • বাংলাদেশে অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল অবস্থানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করার পরও ব্যবসায়ীদের দাবি মানতে সম্মত হননি কর্মকর্তারা।
    • ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাততলা বিশিষ্ট একটি অফিস ভবনে আগুন লেগে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।
    • কোনো ধরনের বিবাদে না জড়ানোর অঙ্গীকার করে 'শান্তিচুক্তি' করার ঠিক এক মাসের মাথায় আবারো সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ এবং ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
    • থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকা ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে বেসামরিক এলাকায় গোলাবর্ষণের অভিযোগ করেছে।
    • উত্তর-পূর্ব জাপানে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো। বুধবার নতুন খবর নিয়ে পুনরায় লাইভপাতা চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গে থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. জামায়াত ও বিএনপি আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী

    সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনের লোভ দেখিয়ে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদেরকে জামায়াতে ইসলামী ও বিএনপি কিনতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

    কিন্তু তারা কেউ বিক্রি হননি বলে দাবি করেন তিনি।

    মঙ্গলবার বিকেলে ঢাকায় জাতীয় যুব শক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলে মি. পাটওয়ারী।

    "জামায়াতে ইসলামী ও বিএনপি গণ-অভ্যুত্থানের নেতাদের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল। আমরা বলেছিলাম, নব্বইয়ের ছাত্রনেতারা বিক্রি হয়েছে, চব্বিশের কোনো ছাত্রনেতা ইনশাল্লাহ বিক্রি হবে না," বলেন এনসিপি মুখ্য সমন্বয়ক।

    "আমরা কোনো শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য পলিটিকসে নামি নাই। আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না," যোগ করেন তিনি।

    বিএনপিকে ইঙ্গিত করে এনসিপি'র এই নেতা বলেন, দেশের রাজনীতিতে "চেতনার ব্যবসায়ীরা" নতুন রূপে আবির্ভূত হয়েছে।

    "আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল। এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে। আমরা তাদের উদ্দেশ্য বলবো, বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিকস হয় না," বলেন মি. পাটওয়ারী।

    জামায়াতে ইসলামীকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে-জামায়াত ইসলামী। গণ-অভ্যুত্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।"

    "যদি রাজনীতি করতে চান, সোজা পথে আসুন। তাদের মিষ্টি মিষ্টি কথার আড়ালে কী আছে, সেটা তো আল্লাহ জানে।...পাকিস্তানেও এ ধরনের জামায়াতে ইসলামীর একটি পাখা গজায়ছিল। একটি আসনও তারা পায়নি," বলেন মি. পাটওয়ারী।

  3. ইতালির কাছ থেকে যুদ্ধবিমান 'ইউরোফাইটার টাইফুন' কিনতে যাচ্ছে বাংলাদেশ

    ইতালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান 'ইউরোফাইটার টাইফুন' কিনতে যাচ্ছে বাংলাদেশ।

    এরই অংশ হিসেবে মঙ্গলবার ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে প্রাথমিক একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

    এক বিবৃতিতে একথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

    ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে ক্রয়-বিক্রয় সংক্রান্ত ওই চুক্তিটি সই করা হয়। এসময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সেখানে উপস্থিত ছিলেন।

  4. ব্যঙ্গ ও ভিন্নমতের বিরুদ্ধে মামলা 'স্বাধীন মতপ্রকাশের ওপর আক্রমণ': আর্টিকেল নাইনটিন

    অনলাইনে 'অপপ্রচার ও সাইবার বুলিংয়ের' অভিযোগ তুলে ডাকসু'র ভিপি সাদিক কায়েম সম্প্রতি বিভিন্ন ব্যক্তি এবং ব্যঙ্গাত্মক পেজের বিরুদ্ধে যে মামলা করেছেন, সেটির মাধ্যমে 'স্বাধীন মত প্রকাশের ওপর আক্রমণ' চালানো হয়েছে বলে মনে করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা 'আর্টিকেল নাইনটিন'।

    মামলার এমন ঘটনায় 'তীব্র নিন্দা' জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

    মঙ্গলবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দার কথা জানিয়েছে 'আর্টিকেল নাইনটিন'।

    সেখানে বলা হয়েছে, "অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাংবাদিক, রাজনৈতিক কর্মী, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য বা সমর্থক-যাদের মধ্যে অধিকাংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত। অভিযোগকারী নিজে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সম্পৃক্ত ছাত্র সংগঠনের সদস্য।"

    অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক পেজে ইয়ার্কির বিরুদ্ধে মামলার প্রসঙ্গ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, "ইয়ার্কি একটি প্রতিষ্ঠিত ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম, যা সাংবাদিক ও রাজনৈতিক ব্যঙ্গকার সিমু নাসের পরিচালনা করেন। অভিযোগে উল্লেখিত অন্যান্য প্ল্যাটফর্মও মূলত ব্যঙ্গ, মিম, এবং রাজনৈতিক ভাষ্য প্রকাশ করে। মামলাটি রাজনৈতিক বিষয়বস্তু বা মতামত প্রকাশকারী ফেসবুক পেজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।"

    "আর্টিকেল নাইনটিন গভীর উদ্বেগ প্রকাশ করছে যে এই মামলা ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও স্বাধীনতার দাবি এবং মৌলিক অধিকার সুরক্ষা, নাগরিক পরিসর পুনরুদ্ধার ও ডিজিটাল আইন অপব্যবহার রোধে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক," বিবৃতিতে বলেছে 'আর্টিকেল নাইনটিন'।

    মামলা প্রত্যাহার করার জন্য সাদিক কায়েমের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি।

  5. ইউনেস্কোর স্বীকৃতি পেল 'টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প'

    জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা 'ইউনেস্কো'র ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি পেয়েছে 'টাঙ্গাইল শাড়ির বুনন শিল্প' ।

    মঙ্গলবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কো কনভেনশনের ২০তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের পরররাষ্ট্র মন্ত্রণালয়।

    "এই স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি অসামান্য গৌরবের বিষয়," তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

    তিনি আরও বলেন, "দীর্ঘ দুই শতকের অধিক সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের অনবদ্য শিল্পকর্মের বৈশ্বিক স্বীকৃতি এটি। টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের সকল নারীর নিত্য পরিধেয়, যা এই শাড়ি বুনন শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।"

    এর আগে, ২০২৩ সালে টাঙ্গাইল শাড়িকে নিজেদের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ঘোষণা করেছিল ভারত, যা নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

    'ইউনেস্কো'র এমন স্বীকৃতির ফলে ওই বিতর্কের অবসান ঘটবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।

  6. গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ১৪ই ডিসেম্বর

    গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও ১২ জন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আগামী ১৪ই ডিসেম্বর আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    মঙ্গলবার বাদী-বিবাদী, উভয়পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য ওই দিন ধার্য করেছে আদালত।

    রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ওই মামলায় শেখ হাসিনা এবং সাবেক-বর্তমান মিলিয়ে ১২ জন সেনা কর্মকর্তাকে আসামি করে তাদের বিরুদ্ধে পাঁচটি বিষয়ে অভিযোগ গঠনের আবেদন করেছেন।

    অন্যদিকে, অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

    মামলার ১৩ আসামির মধ্যে তিন সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেফতার রয়েছেন।

    তারা হলেন: ডিজিএফআইয়ের সাবেক পরিচালক (সিটিআইবি) মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী।

  7. ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা প্রথম দেশ অস্ট্রেলিয়া

    বর্তমান বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া তাদের ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য ফেসবুক, এক্স, টিকটক, ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন করেছে।

    মঙ্গলবার থেকে আইনটি কার্যকর হয়েছে।

    শিশু-কিশোরদের সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখার ক্ষেত্রে নেওয়া এই পদক্ষেপ আগামীতে অন্যদেশের জন্য 'অনুসরণীয়' হয়ে থাকবে বলে মনে করছে দেশটির সরকার ।

    যদিও নতুন এই আইনের সমালোচনা করছে প্রযুক্তি কোম্পানিগুলো। কেননা, আইনটি কার্যকর করার দায়িত্ব প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর বর্তাবে।

    এই আইন কার্যকর হওয়ার ফলে এখন থেকে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার রোধ করতে "যুক্তিসঙ্গত পদক্ষেপ" নিতে ব্যর্থ হলে সামাজিক মাধ্যম কোম্পানিকে সাড়ে ৪৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা ৩৩ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

  8. ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা চারশ' ছাড়াল

    চলতি বছর বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা চারশ' ছাড়িয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও মশাবাহিত এই জ্বরে তিনজনের প্রাণ গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    গত ১১ মাসের গত নভেম্বরে সর্বোচ্চ ১০৪ জন ডেঙ্গুতে মারা গেছেন। আর চলতি ডিসেম্বরে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ জন।

    একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ৪২১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৯৮ হাজার ৭০৫ জনে দাঁড়িয়েছে।

  9. তফসিল ঘোষণার পর 'বেআইনি' সমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান সরকারের

    তফসিল ঘোষণার পর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সব ধরনের 'বেআইনি' সভা-সমাবেশ ও আন্দোলন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

    আহ্বান অগ্রাহ্য করে ওই ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে 'কঠোরভাবে' সেটি নিয়ন্ত্রণ করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

    মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে একথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    "তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যেকোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সভা-সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে," বিবৃতিতে বলা হয়েছে।

    একই বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আমরা এখন নির্বাচনমুখী সময়ে আছি। এ কারণে সকলের যা কিছু দাবি-দাওয়া আছে তা নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। আমরা আশা করবো, এ সময়ের মধ্যে কেউ দাবি-দাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবেন না।"

  10. অননুমোদিত হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল বিটিআরসি, ফের আন্দোলনের হুঁশিয়ারী ব্যবসায়ীদের

    বাংলাদেশে অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল অবস্থানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করার পরও ব্যবসায়ীদের দাবি মানতে সম্মত হননি কর্মকর্তারা।

    এ অবস্থায় ফের আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী দিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা। বিদেশ থেকে আগের মতোই পুরনো মোবাইল ফোন আমদানি করার সুযোগ বজায় রাখতে চান তারা।

    "কিন্তু (বিটিআরসি) আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করে নাই, আমাদের দাবি কেউ আমলে নেয় নাই," বৈঠক শেষে সাংবাদিকদের বলেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সহ-সভাপতি শামিম মোল্লা।

    বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ততক্ষণ পর্যন্ত পুরনো হ্যান্ডসেটের ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

    "আপনারা কালকে পর্যন্ত শান্ত থাকেন, তারা আমাদের চোখের পানির দাম তারা দেয় নাই। আগামীকালের মিটিং পর্যন্ত আপনারা শান্ত থাকেন," বলেন মি. মোল্লা।

    অন্যদিকে, সরকার বলছে, দীর্ঘদিন ধরে অননুমোদিত উপায়ে মোবাইল ফোন বাংলাদেশের বাজারে ঢোকাচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

    আগামী ১৬ই ডিসেম্বর এই সিদ্ধান্ত সারাদেশে কার্যকর করার কথা রয়েছে।

  11. জাকার্তায় অফিস ভবনে আগুন লেগে অন্তত ২০ জন নিহত

    ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাততলা বিশিষ্ট একটি অফিস ভবনে আগুন লেগে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এক খবরে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    খবরে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়, যা পরে ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

    অগ্নিকাণ্ডের সময় স্থানীয় একটি টিভি চ্যানেলের ধারণকৃত ফুটেজে দেখা যায়, ফায়ার সার্ভিসের কয়েক ডজন কর্মী ভবনটির ভেতরে আটকে পড়া লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

    বেশ কয়েকটি মরদেহও বের করতে দেখা যায় তাদের। এছাড়া আটকে পড়া ব্যক্তিদের অনেকে বড় মই ব্যবহার করে ভবন থেকে নিচে নামার চেষ্টা করেন।

    বিকেলে জাকার্তা পুলিশের কর্মকর্তা সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ভবনটির ভেতরে তল্লাশি চালানো হচ্ছে।

  12. আইন প্রণয়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারও গোপনীয়তার আশ্রয় নিয়েছে: ইফতেখারুজ্জামান

    রাজনৈতিক সরকারের মতো অন্তর্বর্তী সরকারও প্রতিটি আইন তৈরির ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

    দেশে "সংস্কারকাজের পথে আমলাতন্ত্র বড় বাধা" বলেও মন্তব্য করেন তিনি।

    আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষ্যে মঙ্গলবার ঢাকার ধানমন্ডিতে অবস্থিত টিআইবি কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন টিআইবি) নির্বাহী পরিচালক।

    "যতদিন এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতি দূর না হবে, ততদিন পরিবর্তন আসবে না," বলেন মি. ইফতেখারুজ্জামান।

  13. হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

    বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ আশপাশের এলাকায় সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

    এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোরও আহ্বান জানিয়েছে পুলিশ।

    উল্লেখ্য, গত চৌঠা ডিসেম্বর ডিএমপি একটি গণবিজ্ঞপ্তি জারি করে, ছয়ই ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করেছিল।

  14. তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন সিইসি

    আসন্ন ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

    মঙ্গলবার দুপুর দুইটার দিকে সুপ্রিম কোর্ট কার্যালয়ে গিয়ে মি. উদ্দিন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

    জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সাধারণত রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অবহিত করে থাকেন সিইসি।

    সেই রীতি মেনে মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন সিইসি। আগামীকাল বুধবার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।

    এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

  15. 'শান্তিচুক্তি' ভেঙে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

    কোনো ধরনের বিবাদে না জড়ানোর অঙ্গীকার করে 'শান্তিচুক্তি' করার ঠিক এক মাসের মাথায় আবারো সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ এবং ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

    মঙ্গলবার সকালে থেকে দুপুর পর্যন্ত দু'পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।

    আইডিয়াল কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ থেকে সংঘর্ষের সূত্রপাত বলে সাংবাদিকদের জানিয়েছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব।

    সংঘর্ষ চলাকালে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    উল্লেখ্য যে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়াতে দেখা যায় ঢাকা কলেজ এবং ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের।

    সেজন্য পুলিশের উদ্যোগে বিবাদে না জড়ানোর অঙ্গীকার করে গত নয়ই নভেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মৌখিকভাবে ‘শান্তি চুক্তি’ করেন।

    কিন্তু ওই ঘটনার ঠিক এক মাসের মাথায় তারা আবারও সংঘর্ষে জড়ালো।

  16. জাপানে আবারো ভূমিকম্পের শঙ্কায় এক সপ্তাহ সতর্ক থাকার আহ্বান

    সোমবার রাতে উত্তর-পূর্ব জাপানে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে।

    জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয়সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল সমুদ্রপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে, আওমোরি অঞ্চলের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে।

    ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে তুলে নেওয়া হয়েছে। তবে ৭০ সেন্টিমিটার (২৭ ইঞ্চি) উচ্চতার ঢেউ দেখা গেছে।

    কিছু ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে এবং হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ নেই।

    স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ সতর্ক করেছে যে আগামী কয়েক দিনে আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে। অন্তত এক সপ্তাহ জনগণকে উচ্চ সতর্কতায় থাকার আহ্বান জানানো হয়েছে।

    ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নাগরিকদের উদ্দেশে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, “দৈনন্দিন ভূমিকম্প প্রস্তুতি পুনরায় নিশ্চিত করুন—যেমন আসবাবপত্র ঠিকভাবে স্থির করা এবং কম্পন অনুভব করলে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিন”।

    রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রায় ৯০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    আওমোরি প্রিফেকচারাল সরকার জানিয়েছে, প্রায় দুই ৭০০ বাড়িতে বিদ্যুৎ নেই। পূর্ব জাপান রেলওয়ে উত্তর-পূর্ব উপকূলের কিছু পরিষেবা স্থগিত করেছে।

  17. থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকা ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ

    থাইল্যান্ড ও কাম্বোডিয়া সীমান্তে সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়েছে।

    কাম্বোডিয়ার সরকার জানিয়েছে, তাদের অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং প্রায় ২০ জন আহত হয়েছে।

    থাইল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তিনজন সেনা নিহত হয়েছে, এর মধ্যে একজন গ্রেনেড লঞ্চারের আঘাতে মারা গেছেন।

    দুই দেশই একে অপরের বিরুদ্ধে বেসামরিক এলাকায় গোলাবর্ষণের অভিযোগ করেছে।

    সীমান্তের দুই দিকেই হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছে।

    সোমবার রাত থেকে সংঘর্ষ থাইল্যান্ডের সুরিন, বুরি রাম, সা কাইও এবং ত্রাত প্রদেশ এবং কম্বোডিয়ার বান্তে মিয়ানচে এবং পুরসাত প্রদেশে বিস্তৃত হয়েছে।

    থাই সেনাবাহিনী অভিযোগ করেছে, কাম্বোডিয়া সীমান্ত এলাকায় রকেট লঞ্চার সিস্টেম ও বোমা ফেলতে সক্ষম ড্রোন ব্যবহার করে হামলা করছে। অন্যদিকে কাম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ড নির্বিচারে গুলি চালিয়েছে সীমান্তবর্তী পুরসাত প্রদেশের বেসামরিক এলাকায়।

    জুলাই মাসে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এটাই দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘর্ষ।

    এই যুদ্ধবিরতি মধ্যস্থতা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি হুমকি দিয়েছিলেন- যুদ্ধবিরতিতে রাজি না হলে শুল্ক সংক্রান্ত আলোচনায় অগ্রগতি বন্ধ করে দেবেন। এরপর ট্রাম্প দুই দেশকে তাদের অঙ্গীকার “সম্পূর্ণভাবে সম্মান” করার আহ্বান জানিয়েছেন।

    এদিকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও বিবিসিকে বলেছেন, যুদ্ধবিরতি “কাজ করছে না” এবং তিনি কাম্বোডিয়ার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন।

    তিনি বলেন, থাইল্যান্ডের প্রয়োজন “কাগুজে শান্তি নয়, প্রকৃত শান্তি”।

    সিহাসাক বলেন, কাম্বোডিয়া তাদের আচরণ না বদলালে কূটনীতির সুযোগ খুবই সীমিত, “এখন বল কাম্বোডিয়ার কোর্টে—তাদের দায়িত্ব নিতে হবে, জবাবদিহি করতে হবে, তারপর আমরা এগোতে পারব”।

    দুই দেশেল মধ্যে এই বিরোধ এক শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসছে, যখন ফরাসিরা কম্বোডিয়া দখল করার পর দুই দেশের সীমানা নির্ধারণ করা হয়েছিল।

    ২০০৮ সালে কম্বোডিয়া যখন বিতর্কিত এলাকায় একাদশ শতাব্দীর একটি মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নিবন্ধিত করার চেষ্টা করে, তখন থাইল্যান্ড থেকে তীব্র প্রতিবাদের মুখোমুখি হয়।

    পরবর্তী কয়েক বছর ধরে, এই উত্তেজনা সীমান্তে বিক্ষিপ্ত সংঘর্ষে রূপ নেয়, যার ফলে উভয় পক্ষের সৈন্য নিহত ও আহত হয়।

    এই সপ্তাহের সংঘর্ষের আগে, জুলাই মাসে সীমান্ত সংঘর্ষে একজন কম্বোডিয়ান সৈন্যের মৃত্যুর পর তীব্র লড়াইয়ে ৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে