মঙ্গলবার সারাদিন যা যা ঘটেছে:
- তফসিল ঘোষণার পর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সব ধরনের 'বেআইনি' সভা-সমাবেশ ও আন্দোলন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আহ্বান অগ্রাহ্য করে ওই ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে 'কঠোরভাবে' সেটি নিয়ন্ত্রণ করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।
- বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ আশপাশের এলাকায় সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
- ইতালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান 'ইউরোফাইটার টাইফুন' কিনতে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে প্রাথমিক একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা 'ইউনেস্কো'র ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি পেয়েছে 'টাঙ্গাইল শাড়ির বুনন শিল্প' ।
- অনলাইনে 'অপপ্রচার ও সাইবার বুলিংয়ের' অভিযোগ তুলে ডাকসু'র ভিপি সাদিক কায়েম সম্প্রতি বিভিন্ন ব্যক্তি এবং ব্যঙ্গাত্মক পেজের বিরুদ্ধে যে মামলা করেছেন, সেটির মাধ্যমে 'স্বাধীন মত প্রকাশের ওপর আক্রমণ' চালানো হয়েছে বলে মনে করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা 'আর্টিকেল নাইনটিন'। মামলার এমন ঘটনায় 'তীব্র নিন্দা' জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
- গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও ১২ জন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আগামী ১৪ই ডিসেম্বর আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
- বর্তমান বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া তাদের ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য ফেসবুক, এক্স, টিকটক, ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন করেছে। মঙ্গলবার থেকে আইনটি কার্যকর হয়েছে।
- রাজনৈতিক সরকারের মতো অন্তর্বর্তী সরকারও প্রতিটি আইন তৈরির ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। দেশে "সংস্কারকাজের পথে আমলাতন্ত্র বড় বাধা" বলেও মন্তব্য করেন তিনি।
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
- চলতি বছর বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা চারশ' ছাড়িয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও মশাবাহিত এই জ্বরে তিনজনের প্রাণ গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
- বাংলাদেশে অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল অবস্থানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করার পরও ব্যবসায়ীদের দাবি মানতে সম্মত হননি কর্মকর্তারা।
- ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাততলা বিশিষ্ট একটি অফিস ভবনে আগুন লেগে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।
- কোনো ধরনের বিবাদে না জড়ানোর অঙ্গীকার করে 'শান্তিচুক্তি' করার ঠিক এক মাসের মাথায় আবারো সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ এবং ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
- থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকা ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে বেসামরিক এলাকায় গোলাবর্ষণের অভিযোগ করেছে।
- উত্তর-পূর্ব জাপানে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো। বুধবার নতুন খবর নিয়ে পুনরায় লাইভপাতা চালু হবে।
ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গে থাকুন।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
















